শিল্পওবাণিজ্যমন্ত্রক
আসিয়ান-ভারত পণ্য বাণিজ্য চুক্তির (এআইটিআইজিএ) যৌথ কমিটির বৈঠক
প্রকাশিত:
09 OCT 2026 12:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ অক্টোবর, ২০২৬
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত আসিয়ান সচিবালয়ে ৬ থেকে ৯ অক্টোবর ২০২৬ ‘আসিয়ান-ভারত পণ্য বাণিজ্য চুক্তি’ (এআইটিআইজিএ)-র অগ্রগতি ও পর্যালোচনার লক্ষ্যে ১৫তম এআইটিআইজিএ যৌথ কমিটি এবং সংশ্লিষ্ট সাব-কমিটিগুলির বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি হাইব্রিড পদ্ধতিতে পরিচালিত হয়। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব শ্রী নীতিন কুমার যাদব এবং মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উপ-মহাসচিব (বাণিজ্য) শ্রীমতি মাস্তুরা আহমেদ মুস্তাফা যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ আসিয়ানভুক্ত দেশগুলির প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করেন।
১৫তম এআইটিআইজিএ যৌথ কমিটির বৈঠকের পাশাপাশি এর আওতাধীন আটটি সাব-কমিটির মধ্যে তিনটি সাব-কমিটিও হাইব্রিড পদ্ধতিতে বৈঠক করে। এগুলি হ’ল - আইনি ও প্রাতিষ্ঠানিক বিষয় সংক্রান্ত সাব-কমিটি, বাজার প্রবেশাধিকারের ক্ষেত্রে জাতীয় আচরণ বিষয়ক সাব-কমিটি এবং উৎপত্তিস্থল সংক্রান্ত বিধি বিষয়ক সাব-কমিটি। এই বৈঠকগুলি উভয় পক্ষের মধ্যে সহযোগিতা জোরদার, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে।
ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত এই বৈঠকে ভারত ও আসিয়ান একটি ভারসাম্যপূর্ণ, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী চুক্তির বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। উভয় পক্ষই অমীমাংসিত নীতিগত বিষয়গুলির সমাধান, অর্থনৈতিক একীকরণ গভীরতর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারকারী পারস্পরিক লাভজনক কাঠামো হিসেবে চুক্তিটিকে আধুনিকীকরণের বিষয়ে তাদের অভিন্ন অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করে।
সাব-কমিটিগুলির অর্জিত অগ্রগতি পর্যালোচনা এবং আলোচনা সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশ প্রদানের জন্য এআইটিআইজিএ যৌথ কমিটির পরবর্তী বৈঠকটি ২০২৭ সালের জানুয়ারি মাসে ভারতে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
SC/MP/SB
(রিলিজ আইডি: 2321435)
ভিজিটরের কাউন্টার : 3