PIB Backgrounder
অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং: পরবর্তী প্রজন্মের ডিজিটাল উৎপাদনের মাধ্যমে ভারতের ভবিষ্যৎ নির্মাণ
পোস্ট করার দিনক্ষণ:
07 OCT 2026 12:05PM by PIB Agartala
০৭ অক্টোবর, ২০২৬
অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং (AM) বা ৩ডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে ভারত বিশ্বে এক শক্তিশালী প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে। ২০২২ সালে 'ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং' (NSAM) চালুর পর থেকে ১,৫৪,০০০-এর বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ৫৬টি স্টার্ট-আপকে সহায়তা করা হয়েছে। বর্তমানে এই কৌশল 'NSAM 2.0' পর্বে প্রবেশ করছে, যা আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে। ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী এই যন্ত্রপাতির বাজার ১৪৯ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
ইএসটিআইসি-২০২৬ (ESTIC-2026)
বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (CSIR) কর্তৃক ২০২৬ সালের ২৭-২৯ অক্টোবর নতুন দিল্লির ভারত মণ্ডপমে "সৃজনশীল মন, বিজ্ঞানকে ত্বরান্বিতকরণ, প্রযুক্তিকে ক্ষমতায়ন" ভাবাদর্শে 'ESTIC-2026' কনক্লেভ আয়োজিত হবে। এটি বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্য অর্জনে কৌশলগত সহযোগিতা বাড়াবে।
অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি
অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ডিজিটাল ইঞ্জিনিয়ারিং-এর একটি রূপ, যেখানে ডিজিটাল ফাইলের মাধ্যমে স্তরে স্তরে উপাদান যুক্ত করে কোনো বস্তু তৈরি করা হয়।
* *ডিজিটাল নকশা থেকে বস্তুতে রূপান্তরের ধাপসমূহ:*
১. *ভার্চুয়াল ডিজাইন:* CAD ফাইল, ৩ডি স্ক্যানার বা এআই (AI)-এর মাধ্যমে নকশা তৈরি করা হয়।
২. *STL ফাইল:* ত্রিমাত্রিক মডেলকে ত্রিভুজাকার তলের মাধ্যমে প্রকাশ করে মেশিনকে নির্দেশ দেয়।
৩. *স্লাইসিং:* সফটওয়্যারটি ডিজিটাল মডেলটিকে শত শত অনুভূমিক স্তরে বিভক্ত করে।
৪. *প্রিন্টিং ও অ্যাডিটিভ প্রসেস:* মেশিন প্রতিটি স্তরে নিখুঁতভাবে উপাদান যুক্ত করে চূড়ান্ত রূপ দেয়।
৫. *চূড়ান্ত বস্তু:* স্তরগুলি জমাট বেঁধে সম্পূর্ণ ত্রিমাত্রিক বস্তুতে পরিণত হয় এবং পরে প্রসেসিং করে বাজারে পাঠানোর উপযোগী করা হয়।
অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং-এর উপাদানসমূহ
* *থার্মোপ্লাস্টিক:* ABS, PC এবং PLA অত্যন্ত জনপ্রিয়। দ্রবণীয় PVA অস্থায়ী কাঠামো গঠনে ব্যবহৃত হয়।
* *ধাতু:* সোনা ও রূপোর মতো মূল্যবান ধাতু থেকে শুরু করে স্টেইনলেস স্টিল ও টাইটানিয়াম ব্যবহৃত হয়।
* *সেরামিক ও কাচ:* জারকোনিয়া, অ্যালুমিনা এবং গুঁড়ো কাঁচের স্তর ব্যবহার করে নতুন কাঁচ সামগ্রী তৈরি করা হয়।
* *বায়ো মেটেরিয়ালস:* সিলিকন, জিঙ্ক ও স্টেম সেল দিয়ে গঠিত বায়ো-ইঙ্ক ব্যবহার করে রক্তনালী, লিভার ও হৃৎপিণ্ডের মতো মানব অঙ্গের ৩ডি প্রিন্টিং করার বিষয়ে গবেষণা চলছে।
ভারতীয় অর্থনীতির মূল ক্ষেত্রগুলির রূপান্তর
* *মহাকাশ ও অ্যারোস্পেস:* ২০২৪ সালের মে মাসে আইআইটি মাদ্রাজের সাহায্যে স্টার্ট-আপ অগ্নিকুল কসমস ৩ডি প্রিন্টেড সিঙ্গল-পিস সেমি-ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন যুক্ত 'অগ্নিবাণ - SOrTeD' সফলভাবে উৎক্ষেপণ করে।
* *প্রতিরক্ষা:* ভারতীয় সেনাবাহিনী আমেদাবাদে ৩ডি প্রিন্টেড দোতলা আবাসন তৈরি করেছে এবং লাদাখের মতো সীমান্ত এলাকায়-ও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
* *স্বাস্থ্যসেবা:* 'ওস্টিওফোরজ' সিল্ক-ভিত্তিক ইমপ্ল্যান্ট এবং বায়োসেরামিক উপাদান দিয়ে তৈরি ৩ডি-প্রিন্টেড হাড় কৃত্রিমভাবে তৈরি হচ্ছে, যা আমদানি নির্ভরতা কমাচ্ছে।
* *ইলেকট্রনিক্স পণ্য ও নির্মাণ:* আইআইএসসি (IISc) ফোটোনিক ইন্টিগ্রেটেড সার্কিট ব্লক প্রদর্শন করেছে। 'কেলভিন ৬কে প্রোটাইপ' প্রিন্টার ৩০ দিনের কম সময়ে ২,৫০০ বর্গফুটের বাড়ি তৈরি করতে পারে, যার ফলে ৩০% খরচ এবং ৯০% কার্বন নির্গমন কমে।
সরকারি নীতির উদ্যোগ ও এনএসএএম (NSAM)
বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) ২০২২ সালে NSAM কৌশল প্রকাশ করে। এর মূল লক্ষ্য আন্তর্জাতিক বাজারের ৫% দখল করা, জিডিপিতে ১ বিলিয়ন ডলার যোগ করা, ৫০টি দেশীয় প্রযুক্তি ও ৫০০টি নতুন পণ্য বিকাশ করা, ১০০টি নতুন স্টার্ট-আপ তৈরি করা এবং ১ লক্ষ দক্ষ কর্মী গড়ে তোলা। ইসরোর 'অটল টিঙ্কারিং ল্যাব'-এর মাধ্যমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্কুলে ৩ডি প্রিন্টিং শেখানো হচ্ছে।
অগ্রগতি ও এনএসএএম ২.০ (NSAM 2.0)
এখনও পর্যন্ত ১,৫৪,০০০-এর বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ৫৬টি স্টার্ট-আপকে সহায়তা করা হয়েছে এবং ৬৫টি প্রযুক্তি প্রস্তুত করা হয়েছে। 'NSAM 2.0'-এর লক্ষ্য হলো বুদ্ধিবৃত্তিক সম্পদ (IPR) বৃদ্ধি, প্রতিরক্ষা খাতে জোর দেওয়া এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে সস্তা ও উন্নত প্রযুক্তির বাণিজ্যিকীকরণ করা।
ন্যাশনাল অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং সিম্পোজিয়াম (NAMS)
এ বছর ১৩ মার্চ নতুন দিল্লিতে দ্বিতীয় NAMS অনুষ্ঠিত হয়, যে অনুষ্ঠানে নীতি নির্ধারক, বিজ্ঞানী ও শিল্প সংস্থাকে এক ছাদের নিচে এনে আন্তঃমন্ত্রক সমন্বয় বাড়াতে সাহায্য করেছে।
বিকশিত ভারতের দিকে
অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ল্যাব থেকে কারখানা ও হাসপাতালে পৌঁছে যাচ্ছে। এটি দেশীয় উৎপাদন বৃদ্ধি, আমদানি হ্রাস এবং ইন্ডাস্ট্রি ৫.০-এর পথে ভারত ও বিকশিত ভারতের স্বপ্নপূরণে অনুঘটক হিসেবে কাজ করছে।
তথ্যবিবরণী:
NCAM
Atal Innovation Mission
Ministry of Electronics & IT
NIST
Others
Additive Manufacturing in India
*****
PS/AL
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2320246)
ভিজিটরদের কাউন্টার : 2