সংস্কৃতিমন্ত্রক
১০৯টি স্মারক সামগ্রীর নিলামে পশ্চিমবঙ্গের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও শৈল্পিক ঐতিহ্যের প্রতিফলন
প্রকাশিত:
30 SEP 2026 5:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর স্মারক সামগ্রী ই-নিলাম ২০২৬-এর অষ্টম কিস্তিতে পশ্চিমবঙ্গ বিশেষভাবে স্থান পেয়েছে।এই সংগ্রহে রয়েছে ১০৯টি স্মারক সামগ্রী যা রাজ্যের শিল্প, সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য এবং পরম্পরার বিস্তৃত বৈচিত্র্য তুলে ধরে । এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী হস্তশিল্প, ভক্তিমূলক শিল্পকর্ম, ঐতিহ্যবাহী স্থানের প্রতিকৃতি, লোকশিল্পের বিভিন্ন রূপ এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে সম্পর্কিত স্মারক সামগ্রী।
প্রধানমন্ত্রীর স্মারক সামগ্রীর অষ্টম ই-নিলাম ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে চলবে। বিস্তারিত তথ্য, অংশগ্রহণ এবং সম্পূর্ণ তালিকার জন্য প্রধানমন্ত্রীর স্মারক সামগ্রীর সরকারি ই-নিলাম পোর্টাল pmmementos.gov.in-এ লগ ইন করা যেতে পারে।
পশ্চিমবঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখযোগ্য স্মারক সামগ্রীর মধ্যে রয়েছে:
বাবা লোকনাথের মূর্তি । আধ্যাত্মিক জ্ঞান, যোগ ও ভক্তি সম্পর্কে তাঁর শিক্ষার জন্য শ্রদ্ধেয় এই বিশিষ্ট ভারতীয় আধ্যাত্মিক নেতা ও সাধকের একটি মূর্তি সিরামিকের তৈরি, অন্যটি অন্য কোনো উপাদানে নির্মিত।
আরও একটি স্মারকে শোলার কাজের মাধ্যমে দেবী দুর্গার মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। এতে পশ্চিমবঙ্গের ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একটি ঐতিহ্যবাহী উপকরণ ভারতীয় শোলা, ব্যবহার করা হয়েছে।
পশ্চিমবঙ্গের স্বতন্ত্র ঐতিহ্যের প্রতীক হিসেবে একটি স্মারকে বেতের তৈরি কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। হাতে বোনা এই স্মারকটিতে সূক্ষ্ম বুননশৈলী ও বেতের প্রাকৃতিক গঠন বিশেষভাবে লক্ষণীয়। গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এই শিল্পকর্মে পরিবেশবান্ধব ও টেঁকসই হস্তশিল্পের পরিচয় প্রতিফলিত হয়েছে।
একটি স্মারকে হাতে খোদাই করা একজোড়া কাঠের বাঁকুড়ার ঘোড়া রয়েছে, যা পশ্চিমবঙ্গের লোকশিল্পের ঐতিহ্যকে তুলে ধরে। পঞ্চমুড়ার শিল্পশৈলীর বৈশিষ্ট্য অনুসরণ করে নির্মিত এই ভাস্কর্যগুলিতে লম্বাটে গলা, খাড়া কান এবং জ্যামিতিক আকার বিশেষভাবে লক্ষণীয়।
সংগ্রহে হাতে তৈরি শোলার একটি শিল্পকর্মও রয়েছে, যাতে মা কালীর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এই শিল্পকর্মে দেবীর মুখমণ্ডল, তৃতীয় নয়ন এবং বহুস্তরবিশিষ্ট মুকুট রয়েছে। এর অলংকারধর্মী উপাদানগুলি হাতির দাঁতের মতো শুভ্র শোলা দিয়ে খোদাই করা হয়েছে। বাংলার ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত শোলা একটি ঐতিহ্যবাহী উপকরণ।
হাতে আঁকা একটি ক্যানভাসে বিষ্ণুপুরের ঐতিহাসিক রাসমঞ্চের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এতে রাসমঞ্চের স্বতন্ত্র পিরামিড-আকৃতির টেরাকোটা স্থাপত্য এবং খিলানযুক্ত গ্যালারিগুলি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চিত্রকর্মটিতে শিল্পী নিবেদিতা নেমার স্বাক্ষরও রয়েছে।
পশ্চিমবঙ্গের এই সংগ্রহে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ এবং সত্যজিৎ রায়ের সঙ্গে সম্পর্কিত স্মারকও রয়েছে। পাশাপাশি মদনমোহন মন্দির, জল্পেশ মন্দির, তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালনার ঐতিহ্যবাহী মন্দিরসমূহ, বাঁকুড়ার লোকঐতিহ্য এবং দুর্গাপুজোর কারুশিল্পের বিভিন্ন নিদর্শনও এতে স্থান পেয়েছে।
সব মিলিয়ে, ১০৯টি স্মারকের এই সংগ্রহে পশ্চিমবঙ্গের ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্য, লোকশিল্প ও কারুশিল্প, স্থাপত্যের ঐতিহ্য, সাহিত্য ও শিল্পকলার উত্তরাধিকার এবং সমকালীন স্মারকশিল্প—এই সমস্ত দিকের এক বিস্তৃত চিত্র ফুটে উঠেছে।
SC.....
(রিলিজ আইডি: 2317392)
ভিজিটরের কাউন্টার : 3