কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

‘ইন্ডিয়া মাইনিং: গ্লোবাল কানেক্ট’ - এর জন্য ১৯টি দেশের কূটনৈতিক মিশনগুলিকে একত্রিত করছে ‘ইন্ডিয়া মাইনিং উইক ২০২৬’

প্রকাশিত: 30 SEP 2026 2:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 

 

ভারতের খনি ও খনিজ ক্ষেত্রের বৃহত্তম সম্মেলন ও প্রদর্শনী ‘ইন্ডিয়া মাইনিং উইক ২০২৬’-এর অংশ হিসেবে ‘ইন্ডিয়া মাইনিং: গ্লোবাল কানেক্ট’ শীর্ষক একটি আন্তর্জাতিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। ভারতের খনি ও খনিজ ক্ষেত্রে আন্তর্জাতিক অংশগ্রহণ ও সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনার লক্ষ্যে ১৯টি দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের এই সভায় একত্রিত করা হয়।
ভারতের কয়লা মন্ত্রক ও খনি মন্ত্রক খনি শিল্পের সহযোগিতায় এই মতবিনিময় সভার আয়োজন করে। উল্লেখ্য, ‘ইন্ডিয়া মাইনিং উইক ২০২৬’ আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর ২০২৬ তারিখে নতুন দিল্লির যশোভূমিতে অনুষ্ঠিত হবে।
কয়লা ও খনি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী সতীশ চন্দ্র দুবে এবং কয়লা মন্ত্র্কের অতিরিক্ত সচিব শ্রীমতি রুপিন্দর ব্রার এই সভার আয়োজন ও সঞ্চালনা করেন। এতে অংশগ্রহণকারী কূটনৈতিক মিশনের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং খনি ও খনিজ ক্ষেত্রের সংশ্লিষ্ট অংশীদাতরা ‘ইন্ডিয়া মাইনিং উইক ২০২৬’-এ বিভিন্ন দেশের অংশগ্রহণের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।

কয়লা ও খনি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী সতীশ চন্দ্র দুবে ‘ইন্ডিয়া মাইনিং উইক ২০২৬’-এ বিশ্বব্যাপী খনি সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান। তিনি সহযোগী দেশগুলিকে তাদের শীর্ষস্থানীয় খনি কোম্পানি, বড় বিনিয়োগকারী এবং বিশিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়টি সহজতর করার অনুরোধ জানান। তিনি জোর দিয়ে বলেন যে, এ ধরনের সংযোগ উভয় পক্ষের জন্যই লাভজনক হবে এবং খনি ও খনিজ ক্ষেত্রে সহযোগিতার সুযোগ আরও সুদৃঢ় করবে।
তিনি ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। এর মধ্যে সহযোগী দেশগুলির খনি বিষয়ক মন্ত্রী, শীর্ষস্থানীয় বিনিয়োগকারী এবং শিল্প ক্ষেত্রের প্রতিনিধিদের অংশগ্রহণ অন্তর্ভুক্ত। তিনি সকল বিশিষ্ট ব্যক্তি ও অংশীদারকে ১৫ নভেম্বর নতুনদিল্লির যশোভূমিতে অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়া মাইনিং উইক ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।
‘ইন্ডিয়া মাইনিং: গ্লোবাল কানেক্ট’ সভায় বক্তব্য রাখার সময় কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রীমতি রুপিন্দর ব্রার ভারতের চিরায়ত আদর্শ ‘বসুধৈব কুটুম্বকম’-এর (বিশ্ব এক পরিবার) কথা উল্লেখ করেন। তিনি অংশীদারিত্ব ও সহযোগিতার সেই মনোভাবের ওপর আলোকপাত করেন। এটি আন্তর্জাতিক খনি ক্ষেত্রের ভবিষ্যৎ’কে নতুন রূপ দিতে পারে। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারতের যাত্রায় দেশটির উন্নয়ন ও আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে খনি ও খনিজ ক্ষেত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২০২৬ সালের নভেম্বরে আয়োজিত ‘ইন্ডিয়া মাইনিং উইক ২০২৬’-এর প্রেক্ষাপটে তিনি বিশ্বব্যাপী খনি ক্ষেত্রের সংশ্লিষ্টদের একত্রিত হতে, ধারণা ও দক্ষতা বিনিময় করতে এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ অন্বেষণ করতে আহ্বান জানান। মিস ব্রার জোর দিয়ে বলেন যে, আরও উদ্ভাবনী, টেকসই এবং বিশ্বব্যাপী সংযুক্ত খনি ক্ষেত্র গড়ে তোলার লক্ষ্যে ভারত সারা বিশ্বের অংশীদারদের কাছ থেকে নতুন ধারণা, অভিজ্ঞতা ও সহযোগিতা প্রত্যাশা করে।
এই মতবিনিময় সভায় মালাউই, শ্রীলঙ্কা, মোজাম্বিক, আলজেরিয়া, যুক্তরাষ্ট্র, চিলি, ভুটান, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, রাশিয়া, ইরাক, মরক্কো, ভেনেজুয়েলা, স্পেন, পোল্যান্ড, মঙ্গোলিয়া, জাম্বিয়া, ফ্রান্স, ঘানা এবং ইউএস চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় বিভিন্ন দেশের প্রতিনিধিদল, সরকারি ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিদল, বক্তা, কারিগরি বিশেষজ্ঞ, খনি ও খনিজ কোম্পানি, প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান, যন্ত্রপাতি প্রস্তুতকারক, বিনিয়োগকারী, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্প সংগঠনের অংশগ্রহণের সম্ভাব্য বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।
এই আয়োজনের মাধ্যমে ‘ইন্ডিয়া মাইনিং উইক ২০২৬’-এর কর্মসূচি ও এর পরিধি সম্পর্কে অবহিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ, খনিজ অনুসন্ধান, খনি প্রযুক্তি, ভারী খনি যন্ত্রপাতি, উদ্ভাবন, বিনিয়োগ, বাণিজ্য এবং সম্পদ উন্নয়নের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মিশনগুলিকে তাদের নিজ নিজ দেশের সংশ্লিষ্ট কোম্পানি, সরকারি সংস্থা, প্রতিষ্ঠান এবং শিল্প সংগঠনগুলির অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ খনিজ, সম্পদের নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং দেশীয় উৎপাদনের ওপর ভারতের মনোযোগ বৃদ্ধির সঙ্গে খনি ক্ষেত্রের সামগ্রিক মূল্য-শৃঙ্খলে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি ক্রমশ আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে। ‘ইন্ডিয়া মাইনিং উইক ২০২৬’ বিভিন্ন দেশ ও কোম্পানির জন্য তাদের সক্ষমতা তুলে ধরার, ব্যবসায়িক সুযোগ অন্বেষণ করার এবং ভারতের নীতিনির্ধারক, খনি কোম্পানি, বিনিয়োগকারী ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের একটি উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তিন দিনব্যাপী ‘ইন্ডিয়া মাইনিং উইক ২০২৬’ - এ ২৫,০০০-এরও বেশি শিল্প-পেশাজীবী ও নীতিনির্ধারক, ৫০০-এর বেশি প্রদর্শক ও প্রযুক্তি সরবরাহকারী, ২০০ -এর বেশি বক্তা ও শিল্প-বিশেষজ্ঞ, ১,০০০-এর বেশি সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধি এবং ৩০০-এর বেশি খনি ও খনিজ কোম্পানি একত্রিত হবে। এতে ৫০টিরও বেশি দেশের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
এই আয়োজনে থাকছে উচ্চ-পর্যায়ের সম্মেলন, আন্তর্জাতিক প্রদর্শনী, কারিগরি সেশন, নেতৃত্ব-বিষয়ক আলোচনা, বি-টু-বি বৈঠক, প্রযুক্তি প্রদর্শন এবং নতুন পণ্যের উন্মোচন। পাশাপাশি এতে কয়লা, ধাতু, গুরুত্বপূর্ণ খনিজ, খনিজ অনুসন্ধান, খনি প্রযুক্তি, অটোমেশন, খনি নিরাপত্তা, টেকসই উন্নয়ন, খনিজ প্রক্রিয়াজাতকরণ এবং সম্পদের দক্ষ ব্যবহারের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে।
‘ইন্ডিয়া মাইনিং: গ্লোবাল কানেক্ট’ শীর্ষক এই মতবিনিময় কর্মসূচিটি ‘ইন্ডিয়া মাইনিং উইক ২০২৬’-এর প্রস্তুতিমূলক আন্তর্জাতিক প্রচার অভিযানের একটি অংশ। আগামী নভেম্বরে আয়োজিত এই সম্মেলনের আগে বিভিন্ন দেশের সরকার, খনি কোম্পানি, প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী এবং শিল্প-সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে আরও আলোচনার পরিকল্পনা রয়েছে।
‘ইন্ডিয়া মাইনিং উইক ২০২৬’ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে ভিজিট করুন:
https://www.indiaminingweek.org/

 

 

SC/PM/SB


(রিলিজ আইডি: 2317130) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Telugu