প্রতিরক্ষামন্ত্রক
লাদাখে ৬,০০০ মিটারের বেশি উচ্চতার ২০টি শৃঙ্গ, যেগুলি আগে কেউ আরোহণ করেন নি, সেগুলি ২৩ দিনে জয় করার ঐতিহাসিক অভিযানের পর, প্রতিরক্ষামন্ত্রী পর্বতারোহী দলটিকে স্বাগত জানালেন
প্রকাশিত:
25 SEP 2026 1:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ ‘ফার্স্ট অ্যাসেন্ট মাউন্টেনিয়ারিং এক্সপেডিশন’ বা প্রথমবার আরোহণ অভিযানের সমাপ্তি পর্বের সূচনা করেন। অভিযাত্রী এই দলটি লাদাখে মাত্র ২৩ দিনে ৬,০০০ মিটারের বেশি উচ্চতার ২০টি এমন শৃঙ্গ জয় করে ইতিহাস সৃষ্টি করেছে, যেগুলিতে এর আগে কেউ কখনও আরোহণ করেননি। লাদাখ রেঞ্জের চামসার-লুংসার, গিয়ামা নালা এবং চোকুলা অঞ্চলে অবস্থিত এই ২০টি শৃঙ্গে প্রথমবার আনুষ্ঠানিকভাবে কোন দল আরোহণ করলেন। কর্নেল রণবীর সিং জামওয়ালের নেতৃত্বে দিরাং-এর ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস’ (নিমাস)-এর অত্যন্ত দক্ষ পর্বতারোহীর ২০ জনের একটি দল এই অভিযানটি সম্পন্ন করে।
অভিযাত্রী দলের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময়, প্রতিরক্ষামন্ত্রী এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জনের জন্য পর্বতারোহীদের সাহস ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। তিনি এই অভিযানকে অ্যাডভেঞ্চার স্পোর্টসে ভারতের পর্বতারোহীদের দক্ষতা এবং নেতৃত্বদানের নিদর্শন হিসেবে অভিহিত করেন।
পর্বতারোহীদের অনুপ্রেরণার উৎস হিসেবে বর্ণনা করে শ্রী সিং বলেন, তাঁদের এই সফল আরোহণ সারা দেশের তরুণ পর্বতারোহীদের নতুন নতুন অভিযানে অংশ নিতে উৎসাহিত করবে এবং দেশ তাঁদের জন্য গর্ব অনুভব করবে।
পুরো অভিযানটি অসাধারণ পরিকল্পনা, কারিগরি দক্ষতা, দলের সদস্যদের সহনশক্তি ও দলীয় সমন্বয়ের এক অনন্য নিদর্শন। এর মধ্য দিয়ে সুউচ্চ পর্বতশৃঙ্গ আরোহণের ক্ষেত্রে দেশের ক্ষমতাকে তুলে ধরেছে এবং আন্তর্জাতিক মঞ্চে পর্বতশৃঙ্গ আরোহণের ক্ষেত্রে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। দুর্গম ও সুউচ্চ স্থানে রোমাঞ্চকর অভিযানের মানসিকতাকে উৎসাহিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের পর্বতারোহীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এই অভিযানের আয়োজন করা হয়।
প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং এবং মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও নতুন দিল্লির কর্তব্য ভবন-২-এ এই বিশেষ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2314933)
ভিজিটরের কাউন্টার : 3