সংস্কৃতিমন্ত্রক
নতুন দিল্লিতে ১২-১৪ অক্টোবর ব্রিকস থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৬-এর আয়োজন করবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক
প্রকাশিত:
24 SEP 2026 5:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ভারতের ব্রিকস সভাপতিত্বের আওতায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আগামী ১২ থেকে ১৪ অক্টোবর ২০২৬ নতুন দিল্লিতে ব্রিকস থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৬-এর আয়োজন করবে। তিন দিনের এই উৎসবের মূল ভাবনা - “অভিন্ন কাহিনি, অভিন্ন ভবিষ্যৎ”। এই উৎসবে ব্রিকস-এর সদস্য ও অংশীদার মিলিয়ে মোট নয়টি দেশের শতাধিক নাট্যকর্মী, গবেষক, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে সংস্কৃতি মন্ত্রকের সচিব শ্রী বিবেক আগরওয়াল ভারতের ব্রিকস সভাপতিত্বের অধীনে এই উৎসবের গুরুত্ব তুলে ধরে বলেন, বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংস্কৃতি সচিব জানান, ২০২৬ সালের অগাস্টে ব্রিকস সংস্কৃতিমন্ত্রীদের বৈঠকে গৃহীত ভোপাল ঘোষণাপত্রের উপর ভিত্তি করে এই উৎসবের আয়োজন করা হয়েছে। ওই ঘোষণাপত্রে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি, নাগরিকদের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করা এবং শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এই ধরনের সাংস্কৃতিক বিনিময়কে আরও সহজতর করার লক্ষ্যে ভারত একটি স্বেচ্ছাধীন Artist Registry বা শিল্পী নিবন্ধন ব্যবস্থা চালুর প্রস্তাবও দিয়েছে। ব্রিকস দেশগুলির নাট্যকর্মীদের পারস্পরিক মেলামেশা, নাট্যপ্রদর্শন এবং পেশাগত আদানপ্রদানের মধ্য দিয়ে এই উৎসব সেই ভাবনাকেই এগিয়ে নিয়ে যাবে বলে তিনি জানান।
ব্রিকস নেতৃবৃন্দের ঘোষণাপত্রেও এই উৎসবের তাৎপর্য স্বীকৃতি পেয়েছে। ঘোষণাপত্রে ভোপাল ঘোষণাপত্রকে স্বাগত জানানো হয়েছে এবং সাংস্কৃতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং নাগরিকদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের উল্লেখ করা হয়েছে।
এই উৎসবে ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, রাশিয়া, ভিয়েতনাম, ইরান, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান এবং ইথিওপিয়া—এই নয়টি দেশ অংশগ্রহণ করছে। ভারত দুটি নাট্যপ্রযোজনা মঞ্চস্থ করবে। অংশগ্রহণকারী অন্য দেশগুলি তাদের নিজস্ব ভাষা, নাট্য ঐতিহ্য এবং সমকালীন সৃজনশীলতার বৈচিত্র্যকে তুলে ধরে বিভিন্ন নাট্য প্রযোজনা পরিবেশন করবে। রাশিয়ার প্রতিনিধিত্ব করবে দুটি নাট্যদল।
১২ অক্টোবর ২০২৬, ন্যাশনাল স্কুল অব ড্রামায় উৎসবের উদ্বোধন হবে। ন্যাশনাল স্কুল অব ড্রামা, অভিমঞ্চ অডিটোরিয়াম ও সম্মুখ অডিটোরিয়াম, কামানি অডিটোরিয়াম, এলটিজি অডিটোরিয়াম এবং মেঘদূত থিয়েটারসহ নতুন দিল্লির একাধিক বিশিষ্ট নাট্যমঞ্চে উৎসবের নাটকগুলি উপস্থাপিত হবে।
এই উৎসবে ধ্রুপদী, সমকালীন এবং পরীক্ষামূলক—বিভিন্ন ধারার নাটক স্থান পাবে। এর পাশাপাশি পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং নাট্যদলের সদস্যদের নিয়ে বিভিন্ন কর্মশালা ও আলোচনার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিল্পভাবনা, অভিনয়-ঐতিহ্য, অভিনয় পদ্ধতি, মঞ্চসজ্জা ও মঞ্চপ্রযুক্তি এবং কারিগরি নকশা নিয়ে পারস্পরিক মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।
সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অব ড্রামা (NSD) এই উৎসবের নোডাল বা সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে।
ব্রিকস থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৬-এর লক্ষ্য হল একটি অভিন্ন শিল্পমঞ্চে শিল্পী, নাট্যকর্মী এবং দর্শকদের একত্রিত করে ব্রিকস দেশগুলির মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা এবং নাগরিকদের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করা।
ব্রিকস থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৬-এর সূচি
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/sep/doc_9982_20260924_17424501.pdf
SC/SD/SG
(রিলিজ আইডি: 2314755)
ভিজিটরের কাউন্টার : 15