প্রতিরক্ষা মন্ত্রক
সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ রাশিয়া সফরে রওনা হয়েছেন
পোস্ট করার দিনক্ষণ:
16 SEP 2026 10:23AM by PIB Agartala
নতুন দিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া সফরে রওনা হয়েছেন।
সফরকালে সেনাপ্রধান আনুষ্ঠানিক গার্ড অফ অনার গ্রহণ করবেন এবং মস্কোর ‘Tomb of the Unknown Soldier’ –এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি রাশিয়ার স্থলবাহিনীর সর্বাধিনায়ক কর্নেল জেনারেল আন্দ্রেই নিকোলায়েভিচ মর্দভিচেভের সাথে পেশাদার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
সেনাপ্রধান মস্কোর জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন করবেন এবং প্রতিরক্ষা শিল্প ও ক্রয় সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষা উপমন্ত্রী জনাব ভাসিলি সের্গেইভিচ ওসমাকভসহ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের পদস্থ কর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সমসাময়িক সামরিক উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির পন্থাপদ্ধতি নিয়ে দৃষ্টিভঙ্গি বিনিময় হবে।
জেনারেল ধীরাজ শেঠ সেন্ট পিটার্সবার্গেও যাবেন, সেখানে তিনি মিখাইলভস্কায়া মিলিটারি আর্টিলারি একাডেমি পরিদর্শন করবেন এবং এর কর্তা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন।
এই সফর সুস্থিত সামরিক কূটনীতি এবং দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক যোগাযোগের প্রতি উভয় দেশের গুরুত্ব প্রদানকে তুলে ধরছে। আশা করা হচ্ছে, এই মতবিনিময় সামরিক সহযোগিতাকে আরও গভীর করবে এবং ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2310947)
ভিজিটরদের কাউন্টার : 3