বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
১৭ সেপ্টেম্বর পঞ্চম সেমিকন ইন্ডিয়া, ২০২৬-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
14 SEP 2026 12:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
প্রথম সারির সেমি-কন্ডাক্টর এবং বৈদ্যুতিন সম্মেলন ও প্রদর্শনী সেমিকন ইন্ডিয়া, ২০২৬-এর পঞ্চম পর্ব নতুন দিল্লির যশোভূমি-তে ১৭-১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনদিনের এই সম্মেলনে ভারতের ক্রমবর্ধমান সেমি-কন্ডাক্টর এবং বৈদ্যুতিন পরিমণ্ডলকে তুলে ধরা হবে।
ইন্ডিয়া সেমি-কন্ডাক্টর মিশন, কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং এসইএমআই মিলিতভাবে এই সম্মেলনের আয়োজন করছে। এসইএমআই হল সেমি-কন্ডাক্টর এবং বৈদ্যুতিন নকশা ও নির্মাণক্ষেত্রে বৈশ্বিক শিল্প সংস্থা। সেমিকন ইন্ডিয়া ২০২৬-এ বৈশ্বিক সেমি-কন্ডাক্টর এবং বৈদ্যুতিন সংস্থা, শিল্প নেতৃত্ব, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, শিক্ষামহল, স্টার্ট-আপ এবং ছাত্রছাত্রীদেরকে এক মঞ্চে হাজির করা হবে। সেখানে তাদের মধ্যে মতবিনিময়, অংশীদারিত্ব গড়ে তোলা এবং ভারতের সেমি-কন্ডাক্টর এবং বৈদ্যুতিন পরিমণ্ডলের ভবিষ্যৎ নকশা নিয়ে আলোচনা হবে।
এবারের সেমিকন ইন্ডিয়া, ২০২৬-এর থিম হল – ‘সিলিকন টু সিস্টেমস : বিল্ডিং দ্য ইকো-সিস্টেম’। ভারতের সেমি-কন্ডাক্টর যাত্রাপথে এই সেমিকন ইন্ডিয়া ২০২৬ এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্ব সেমি-কন্ডাক্টর মূল্যশৃঙ্খলে ভারতকে গুরুত্বপূর্ণ জায়গা করে দিতে তা নির্ণায়ক হয়ে দেখা দিতে পারে।
যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া, ২০২৬-এ তিনদিন ধরে ৬০০-রও বেশি প্রদর্শনকারী অংশ নেবে। এর মধ্যে থাকবে ৩০০ আন্তর্জাতিক সংস্থা। ছ’টি দেশের প্যাভিলিয়ন এবং ১২টি রাজ্যস্তরের প্যাভিলিয়নে স্টার্ট-আপ এবং স্টুডেন্ট হ্যাকাথনকে তুলে ধরা হবে। ৪০টির মতো স্টার্ট-আপ এই প্যাভিলিয়নে জায়গা পাবে। সেইসঙ্গে, একটি প্যাভেলিয়নে মহিলাদের একটি ফোরাম এবং মহিলা শ্রমশক্তিকে রাখা হবে।
মহিলাদের ক্ষমতায়ন এবং তাঁদের নেতৃত্ব ছ’টি দেশের গোলটেবিল বৈঠকে জায়গা পাবে। সেমিকন ইন্ডিয়া অনুষ্ঠানের অধীন সরকার ১২টি সেমি-কন্ডাক্টরকে অনুমোদন দিয়েছে। দেশের সেমি-কন্ডাক্টর পরিমণ্ডলে বৃহদায়তন এবং স্থিতিস্থাপক ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পগুলির উদ্দেশ্য। এই ১২টি প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্পই সেমিকন ১.০-তে অনুমোদন পায়। তারা ইতিমধ্যেই বাণিজ্যিক উৎপাদন শুরু করে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সেমিকন ২.০-র অনুমোদন দিয়েছে। ভারতের সেমি-কন্ডাক্টর পরিমণ্ডলকে আরও এগিয়ে নিয়ে যেতে ছ’টি মূল ভিত্তিকে লক্ষ্য হিসেবে রাখা হচ্ছে।
সরকার সেমি-কন্ডাক্টর গবেষণা, উদ্ভাবন এবং নকশায় সহায়তা যোগাচ্ছে।
সেমিকন ইন্ডিয়া, ২০২৬-এ দর্শকদের নিবন্ধীকরণের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন -
https://portal.semiconindia.org/register
SC/AB/DM
(রিলিজ আইডি: 2310064)
ভিজিটরের কাউন্টার : 3