গ্রাম উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনায় মণিপুরে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সফর

পোস্ট করার দিনক্ষণ: 11 SEP 2026 1:32PM by PIB Agartala

নয়াদিল্লী, ১১ সেপ্টেম্বর, ২০২৬: ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা ৮ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দু’দিনের এরিয়া অফিসার সফরে মণিপুরে যান। বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুর জেলায় চলমান বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং অগ্রগতি খতিয়ে দেখতেই এই সফর। মণিপুরে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের প্রকল্পগুলির জন্য কেন্দ্রীয় সরকারের নিযুক্ত স্টেট নোডাল এরিয়া অফিসার তথা গ্রামীণ উন্নয়ন মন্ত্রক-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল শ্রী আলতাফ হুসেন হাজি-এর নেতৃত্বে এই সফর হয়। তাঁর সঙ্গে ছিলেন গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের, নয়াদিল্লির ডেপুটি ডিরেক্টর শ্রী রাজেশ কুমার।

সফরকালে আধিকারিকরা বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি), উপভোক্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা প্রকল্পগুলির বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি, প্রকল্পগুলির পরিধি আরও বাড়ানো এবং আরও বেশি সংখ্যক উপভোক্তার কাছে প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার উপায় নিয়েও আলোচনা করেন।

জেলা প্রশাসনগুলিকে সাধারণ মানুষের সুবিধা ও সার্বিক কল্যাণের স্বার্থে চলমান গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন আরও ত্বরান্বিত ও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়। গ্রামীণ জনগোষ্ঠী যাতে বিভিন্ন সরকারি প্রকল্প এবং তার সুবিধা সম্পর্কে আরও ভালোভাবে অবহিত হতে পারে, সে জন্য তৃণমূল স্তরে সচেতনতা কর্মসূচি আয়োজনের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন আধিকারিকরা।

লক্ষ্য পূরণে কার্যকরভাবে এগিয়ে যাওয়া এবং উপভোক্তাদের সর্বাধিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি প্রকল্প ও দফতরের মধ্যে আরও বেশি সমন্বয়ের ওপরও জোর দেওয়া হয়। আলোচনাকালে স্টেট নোডাল অফিসার শ্রী আলতাফ হুসেন হাজি উপভোক্তাদের বিভিন্ন অভিযোগ শোনেন। এর মধ্যে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা–গ্রামীণ-এর আওতায় কিস্তির টাকা পেতে দেরি এবং ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম -এর অধীনে পেনশন পেতে বিলম্বের মতো অভিযোগ। সংশ্লিষ্ট জেলা আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দ্রুত সমস্যাগুলি সমাধানের নির্দেশ দেন তিনি।

সফররত আধিকারিকরা লক্ষ্য করেন, দীনদয়াল অন্ত্যোদয় যোজনা–ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন -এর আওতায় থাকা স্বনির্ভর গোষ্ঠীগুলি অত্যন্ত ভালোভাবে কাজ করছে। স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের মধ্যে উৎসাহ ও নিষ্ঠা লক্ষ্য করা যায়। দ্রুত ‘লাখপতি দিদি’ হওয়ার লক্ষ্যে তাঁরা দৃঢ়ভাবে কাজ করে চলেছেন।

সফরের শেষ পর্যায়ে শ্রী আলতাফ হুসেন হাজি মণিপুর সরকারের গ্রামীণ উন্নয়ন দফতরের সচিব শ্রী সুমন্ত সিংহের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়নে অর্জিত সাফল্যের পাশাপাশি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্যে গ্রামীণ উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন আরও শক্তিশালী করা এবং ছোটখাটো সমস্যাগুলির দ্রুত সমাধানের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

*****

PS/SG


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2309143) ভিজিটরদের কাউন্টার : 7
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Tamil