শিল্পওবাণিজ্যমন্ত্রক
বিশ্ব বাণিজ্যের পরিসরে মহিলাদের নেতৃত্বাধীন উদ্যোগের সুযোগ বাড়াতে ব্রিকস অংশীদারদের সঙ্গে কাজ করবে ভারত: কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল
প্রকাশিত:
09 SEP 2026 10:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব বাণিজ্যের পরিসরে মহিলাদের এবং তাঁদের নেতৃত্বাধীন উদ্যোগের সুযোগ বাড়ানোয় প্রয়াসী হতে ব্রিকস দেশগুলির প্রতি আবেদন রেখেছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। এক্ষেত্রে ঋণের সহজলভ্যতা, বাজার এবং সহজে অনুমেয় বাণিজ্য বিধি প্রাথমিক শর্ত বলে তিনি উল্লেখ করেছেন। নতুন দিল্লিতে ব্রিকস ডব্লুবিএ মহিলাদের নেতৃত্বাধীন বিকাশ সংক্রান্ত সম্মেলনে মুখ্য অতিথির ভাষণে তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য পরিসরে প্রবেশের ক্ষেত্রে প্রধান তিনটি চ্যালেঞ্জ হল ঋণের লভ্যতা, ক্রেতাদের সঙ্গে সংযোগ এবং মুক্ত বাণিজ্য ও সুযোগের পরিসরের সহায়ক সহজে অনুমেয় বাণিজ্য বিধি।
উদ্যোগপতিদের এইসব চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত যেসব অভিজ্ঞতা অর্জন করেছে, তা ভাগ করে নিতে নতুন দিল্লি আগ্রহী বলে বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন। শিক্ষা, দক্ষতায়ন, জীবনযাপনের মানোন্নয়নের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে ভারত বিশেষ গুরুত্ব দিয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, ১২ বছর আগেও, বেশিরভাগ মহিলার, বিশেষত গ্রামের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ছিল না। নিজের নামে কোনও সম্পত্তি না থাকায় তাঁদের কাছে ঋণ পাওয়া ছিল দূর অস্ত। সেজন্যই মহিলাদের নামে বাড়ি তৈরি হয়েছে, প্রায় ৩০ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে তাঁদের জন্য, তাঁদের জামিনমুক্ত ঋণ দেওয়া হচ্ছে- যার সুবাদে আগেকার ঋণ সংক্রান্ত রেকর্ড না দেখিয়েও নিজের ব্যবসা চালু করতে পারছেন তাঁরা।
ভারতের ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে বর্তমানে ১০ কোটি মহিলা অন্তর্ভুক্ত রয়েছেন বলে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান। ১ লক্ষ টাকার বেশি উপার্জনকারী মহিলার সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে এবং এঁরা ‘লাখপতি দিদি’ হয়ে উঠেছেন বলে পরিসংখ্যান পেশ করেন তিনি।
ভারতে যে ৫৬ কোটি ক্ষুদ্র ব্যবসায়ী সরকারের পক্ষ থেকে ঋণ পেয়েছেন, তাঁদের ৬৮ শতাংশই মহিলা- বলেছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। স্বনির্ভর মহিলারা দেশের বিকাশের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি বলে তিনি মনে করিয়ে দেন।
ভারতের কর্মীগোষ্ঠীতে মহিলাদের অনুপাত এক দশক আগে ছিল ১৯ শতাংশ, এখন তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ কিংবা তারও বেশি- এই তথ্য পেশ করে শ্রী পীযূষ গোয়েল বলেন, এই দেশের সরকার মহিলাদের বিকাশ শুধু নয়, মহিলাদের নেতৃত্বে বিকাশের পথে হাঁটতে চায়।
আন্তর্জাতিক পরিসরে ক্ষু্দ্র ব্যবসায়ীদের বিপণনের কাজ সহজ করতে জয়পুরের বৈঠকে ব্রিকস দেশগুলি একটি মঞ্চ তৈরি করায় সহমত হয়েছে বলে শিল্প ও বাণিজ্য মন্ত্রী উল্লেখ করেছেন। মহিলা উদ্যোগপতিদের আরও বেশি করে আন্তর্জাতিক বাজারে সক্রিয় করে তুলতে বিশেষ পদক্ষেপ জরুরি বলে মনে করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী।
আন্তর্জাতিক পরিসরে সহজ বাণিজ্য বিধির প্রয়োজনীয়তা প্রসঙ্গে শিল্প মন্ত্রী ব্রিকস সদস্য দেশগুলির উদ্যোগে এমন একটি মঞ্চ তৈরির কথা বলেছেন যেখানে বৈদ্যুতিন পন্থায় বাণিজ্য সংক্রান্ত নথি, ই-চালান, ই-বিলিং প্রভৃতি পরিষেবা সহজে পাওয়া যাবে।
বর্তমান অস্থির বিশ্বে ব্রিকস দেশগুলির বোঝাপড়া আরও জোরদার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শ্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, পরিষেবা ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে লেনদেনের পরিমাণ প্রায় ১০ ট্রিলিয়ন ডলার হলেও এক্ষেত্রে ব্রিকস সদস্য দেশগুলির মধ্যে এ সংক্রান্ত লেনদেন অনেক কম। পরিষেবা ক্ষেত্রে মহিলারা বিশেষ ভূমিকা নিতে পারেন বলে তিনি মনে করেন।
ভারতের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির বিষয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাঁর বক্তব্যে উদাহরণ সহ নানান পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, দিল্লি থেকে প্রায় ২,৫০০ কিলোমিটার দূরে থাকা একজন মহিলা উদ্যোগপতি এখন প্রধানমন্ত্রী দপ্তরে কিংবা বাণিজ্য মন্ত্রকে কোনওকিছু সরবরাহ করতে পারেন অনায়াসে। এক জেলা, এক পণ্য কর্মসূচির প্রসঙ্গ উঠে আসে তাঁর বক্তব্যে। ভারতের তাজা ফল এখন আন্তর্জাতিক পরিসরে জনপ্রিয় হয়ে উঠেছে এবং তার সরবরাহে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন বলে তিনি জানান।
সরকারের বিভিন্ন উদ্যোগের সুবাদে বর্তমান অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের বিকাশ হার ৭.৮ শতাংশে পৌঁছেছে এবং তা সারা বিশ্বে সর্বোচ্চ- একথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানের ৪ ট্রিলিয়ন ডলার থেকে স্বাধীনতার শতবর্ষের সময়, অর্থাৎ ২০৪৭ নাগাদ ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হয়ে উঠতে চায় ভারত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে শ্রী গোয়েল বলেন, ‘মহিলাদের উন্নতি হলে বিশ্ব সমৃদ্ধ হয়’। সেই লক্ষ্যে দ্রুত এগোনো হচ্ছে বলে তিনি আশ্বাস দেন।
SC/AC/NS
(রিলিজ আইডি: 2308634)
ভিজিটরের কাউন্টার : 2