দক্ষতা বিকাশ ও উদ্যোগ বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএম-সেতু প্রকল্পে বিনিয়োগ বেড়ে ২,১৭১ কোটি টাকা, ৯টি আইটিআই ক্লাস্টারে আধুনিকীকরণের গতি ত্বরান্বিত,দেশজুড়ে শিল্পনির্ভর, আধুনিক ও ভবিষ্যৎ-প্রস্তুত আইটিআই গড়ে তোলার পথে বড় পদক্ষেপ

পি এম সেতু, পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে ৭৩৫ কোটি ৭০ লক্ষ টাকা বিনিয়োগের পরিকল্পনা অনুমোদন

পোস্ট করার দিনক্ষণ: 08 SEP 2026 1:25PM by PIB Agartala

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর, ২০২৬: দেশের শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা আইটিআই'গুলিকে আধুনিক, শিল্পনির্ভর এবং ভবিষ্যৎমুখী করে তুলতে পিএম-সেতু প্রকল্পের বাস্তবায়নে আরও গতি এল। প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআই বা পিএম-সেতু প্রকল্পের পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে রাজস্থান, উত্তরপ্রদেশ ও তেলেঙ্গানার তিনটি আইটিআই ক্লাস্টারের জন্য মোট ৭৩৫ কোটি ৭০ লক্ষ টাকার কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা বা এসআইপি অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের সচিব শ্রীমতী দেবশ্রী মুখার্জি। বৈঠকে ডিরেক্টর জেনারেল অব ট্রেনিং-এর ডিরেক্টর জেনারেল দিলীপ কুমার, অতিরিক্ত সচিব ও ফিনান্সিয়াল অ্যাডভাইজার জি. মধুমিতা দাস, মন্ত্রকের যুগ্ম সচিব মানসী সহায় ঠাকুর, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রবীণ আধিকারিক, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্কের প্রতিনিধি এবং শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই অনুমোদনের ফলে পিএম-সেতু প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট অনুমোদিত বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২,১৭১ কোটি টাকা। দেশের ৯টি আইটিআই ক্লাস্টারে এই বিনিয়োগের মাধ্যমে আধুনিক ও শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার হবে।

তিন রাজ্যে ৭৩৫ কোটি ৭০ লক্ষ টাকার বিনিয়োগ:

পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী,

রাজস্থান:

ভিওয়াড়ি আইটিআই ক্লাস্টারের জন্য ২৪১ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই ক্লাস্টারের হাব হিসেবে থাকবে সরকারি আইটিআই ভিওয়াড়ি। এর আওতায় স্পোক প্রতিষ্ঠান হিসেবে থাকবে সরকারি আইটিআই আলওয়ার, নিমরানা, তিজারা এবং কিষানগড় বাস।

তেলেঙ্গানা:

মেডচাল আইটিআই ক্লাস্টারের জন্য ২৫৪ কোটি ৩০ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। জেন টেকনোলজিস লিমিটেডের জমা দেওয়া কৌশলগত বিনিয়োগ পরিকল্পনাটি এর আগে চতুর্থ জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে কার্যক্রম ও আর্থিক বিষয়ক কিছু ব্যাখ্যার অভাবে স্থগিত রাখা হয়েছিল। পরবর্তীতে কোর্সের কাঠামো, আর্থিক হিসাব, যোগ্যতা, নথিপত্র এবং নির্মাণকাজ সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা পাওয়ার পর কমিটি তা সন্তোষজনক বলে বিবেচনা করে পরিকল্পনাটি অনুমোদন করে। এই ক্লাস্টারের হাব হবে সরকারি আইটিআই মেডচাল। স্পোক প্রতিষ্ঠান হিসেবে থাকবে আলওয়াল, শামিরপেট, কুকুনুরপল্লি ও সিদ্ধিপেটের সরকারি আইটিআই।

উত্তরপ্রদেশ:

মীরাট আইটিআই ক্লাস্টারের জন্য ২৪০ কোটি ৪০ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন নিগম বা এনএসডিসি এই পরিকল্পনা জমা দিয়েছে। সরকারি আইটিআই, সাকেত, মীরাট হবে হাব। স্পোক হিসেবে থাকবে গাজিয়াবাদ, হাপুর, গৌতম বুদ্ধ নগর এবং বাঘপতের সরকারি আইটিআই।

শিল্পের অংশীদারিত্বে আধুনিকীকরণ:

পিএম-সেতুর আওতায় শিল্পনির্ভর হাব-অ্যান্ড-স্পোক ক্লাস্টার মডেল অনুসরণ করে সরকারি আইটিআইগুলির রূপান্তর করা হচ্ছে। অনুমোদিত পরিকল্পনায় পরিকাঠামোর আধুনিকীকরণ, বর্তমান ট্রেডগুলির উন্নয়ন, নতুন দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি কোর্স চালু এবং প্রতিষ্ঠানগুলির পরিচালন ক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজ্য পর্যায়ের স্টিয়ারিং কমিটির মূল্যায়ন ও সুপারিশের পর সংশ্লিষ্ট কৌশলগত বিনিয়োগ পরিকল্পনাগুলি জাতীয় স্টিয়ারিং কমিটির সামনে পেশ করা হয়।

বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এইচ.জি. ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, রাজস্থান সরকার এবং কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের মধ্যে শেয়ারহোল্ডার্স এগ্রিমেন্ট বা এসএইচএ স্বাক্ষরিত হয়। রাজস্থান সরকারের দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোগ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সন্দীপ ভার্মার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে পিএম-সেতুর আওতায় ভিওয়াড়ি আইটিআই ক্লাস্টারে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নমূলক কাজ শুরু হল। এই প্রকল্পের আওতায় এসএইচএ স্বাক্ষরকারী দেশের প্রথম রাজ্য হল রাজস্থান।

পিএম-সেতুর মাধ্যমে উদীয়মান প্রযুক্তি, পরিবর্তিত শিল্পের চাহিদা এবং নতুন কর্মসংস্থানের সুযোগের সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আইটিআইগুলির প্রশিক্ষণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পিএম-সেতু সম্পর্কে:

প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআই (পিএম-সেতু) ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। শিল্পের অংশীদারিত্ব, আধুনিক পরিকাঠামো, উন্নত প্রশিক্ষণ কর্মসূচি এবং কর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের আইটিআই ব্যবস্থাকে রূপান্তর করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

এই প্রকল্পে শিল্পনির্ভর ক্লাস্টারভিত্তিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এর আওতায় একটি হাব আইটিআই-এর সঙ্গে একাধিক স্পোক আইটিআই যুক্ত থাকবে। এর ফলে সমন্বিত বিনিয়োগ, আধুনিকীকরণ এবং শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ প্রদানের সুযোগ তৈরি হবে।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2307856) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Gujarati , Urdu , हिन्दी