বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

চ্যাপেল হিলে আয়োজিত জি-২০ উদ্ভাবন বিষয়ক মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদের

প্রকাশিত: 07 SEP 2026 5:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ 

 

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিলে ১-২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত জি-২০ উদ্ভাবন বিষয়ক মন্ত্রীদের বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি এবং বাণিজ্য ও শিল্প বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী অজিত কুমার;বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার বিভাগের শীর্ষ আধিকারিকরা; এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা।


মন্ত্রী পর্যায়ের বৈঠকের শেষে, জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা ‘উদ্ভাবন বিষয়ক মন্ত্রী পর্যায়ের বিবৃতি’ প্রকাশ করেন। এতে স্বীকার করা হয় যে, “উদীয়মান বিভিন্ন প্রযুক্তির মধ্যে সমৃদ্ধি অর্জনের পথ উন্মুক্ত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মানুষের জন্য সুযোগ সম্প্রসারণের সক্ষমতা রয়েছে।”

এই বিবৃতিতে ছয়টি মূল স্তম্ভের ওপর সাধারণ ঐকমত্য তুলে ধরা হয়েছে: উদ্ভাবন-বান্ধব নীতি কাঠামো; সুযোগ ও সমৃদ্ধির ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার; দক্ষ কারিগরি জনশক্তি গড়ে তোলা; কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য মেধাসম্পদ বিষয়ক নীতি; মানদণ্ড নির্ধারণে এআই-এর ভূমিকা এবং এআই-এর জন্য মানদণ্ড প্রণয়ন; এবং শিল্পক্ষেত্রে উদ্ভাবন ও সরবরাহ শৃঙ্খলে বিনিয়োগ।


এই বৈঠকের অন্যান্য ফলাফলের মধ্যে রয়েছে ‘এআই সমৃদ্ধি বিষয়ক লক্ষ্যমাত্রা’ এবং ‘এআই সমৃদ্ধি বিষয়ক চুক্তি’, যা জি-২০ দেশগুলির মধ্যে কারিগরি জনশক্তি উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্বের সুযোগ সম্প্রসারিত করবে।
জি-২০ মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি, মাননীয় প্রতিমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন।

ফ্রান্সের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী অ্যান লে হেনানফের সঙ্গে বৈঠকে, উভয় পক্ষ এআই এবং ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করে। প্রযুক্তি-চালিত উদ্ভাবন জোরদার করতে এবং একটি নির্ভরযোগ্য ডিজিটাল ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত ও ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ। 


যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায়, সেমিকন্ডাক্টর, এআই এবং ডেটা সেন্টারের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। বৈঠকে মাননীয় প্রতিমন্ত্রী আইএসএম২.০-তে আরও মার্কিন বিনিয়োগের সম্ভাবনাকে উৎসাহিত করেন এবং এআই প্রযুক্তি অংশীদারিত্ব জোরদার করার ও এআই-এর সুরক্ষার জন্য একটি যৌথ ব্যবস্থার প্রস্তাব দেন।


জি-২০ সংক্রান্ত কার্যক্রমের পর মাননীয় প্রতিমন্ত্রী ডিউক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি প্রযুক্তি, গবেষণা, প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান ও স্বাস্থ্য পরিষেবা সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন নেতৃত্ব ও সদস্যদের সাথে আলোচনা করেন। এই সফরের অংশ হিসেবে তিনি 'প্র্যাট স্কুল অফ ইঞ্জিনিয়ারিং'-এর রোবোটিক্স ল্যাবরেটরিও পরিদর্শন করেন। সেখানে তিনি রোবোটিক্স, বায়োমেডিক্যাল সিমুলেশন, এআই-চালিত সেন্সিং, বায়োমেডিক্যাল ডেটা এবং মেশিন লার্নিংয়ের মতো ক্ষেত্রগুলির সমন্বয়ে কাজ করা শীর্ষস্তরের গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করেন। 


SC/MP/SB


(রিলিজ আইডি: 2307805) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil , Telugu