অর্থমন্ত্রক
গ্রামীণ ব্যাঙ্কগুলির নিট লাভ বেড়ে রেকর্ড ১০,১৭৬ কোটি টাকা হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ১৩.৫ লক্ষ কোটি টাকার বেশি
প্রকাশিত:
25 AUG 2026 5:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ অগাস্ট ২০২৬
নতুন দিল্লিতে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির কাজকর্ম খতিয়ে দেখতে আজ আর্থিক পরিষেবা দপ্তরের সচিবের পৌরোহিত্যে বৈঠক হল। উপস্থিত ছিলেন নার্বাডের চেয়ারম্যান ২৮টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারপার্সন, আর্থিক পরিষেবা দপ্তরের আধিকারিকরা। এছাড়াও ছিলেন বিভিন্ন স্পনসর ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক এবং স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা।
২০২৫-২৬ অর্থবর্ষে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির কাজকর্ম সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আর্থিক পরিষেবা দপ্তরের সচিব। বর্তমানে ২৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০০ জেলায় ২৮টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের শাখার সংখ্যা ২২,২৭৩।
২০২৫-২৬ অর্থবর্ষে ২৮টি গ্রামীণ আঞ্চলিক ব্যাঙ্ক বা আরআরবি-র বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ১৩.৫ লক্ষ কোটি টাকা ছাপিয়ে গেছে- যা বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের লেনদেনের তুলনায় বেশি। এই অর্থবর্ষে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির নিট লাভ বেড়ে হয়েছে ১০,১৭৬ কোটি টাকা-যা সর্বকালীন রেকর্ড। ২০২৪-২৫-এ আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির নিট লাভের পরিমাণ ছিল ৬,৮২০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে গ্রামীণ ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদের অনুপাতও কমেছে রেকর্ড পরিমাণ। ২৮টি ব্যাঙ্কের মোট অনুৎপাদক সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ৫.৩ শতাংশে। নেট অনুৎপাদক সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ২.১ শতাংশে।
অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে ঋণদানের বিষয়েও নির্ধারিত লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে এই ব্যাঙ্কগুলি। ২০২৫-২৬ অর্থবর্ষে ৫৪.৯৮ লক্ষেরও বেশি নতুন প্রধানমন্ত্রী জন ধন যোজনা অ্যাকাউন্ট খুলেছে এই ব্যাঙ্কগুলিতে। ঋণ আমানত অনুপাতের ক্ষেত্রেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। ২০২৫-২৬ অর্থবর্ষে তা দাঁড়িয়েছে ৭৫.২ শতাংশে– যা এ যাবৎ সর্বোচ্চ।
আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিতে আধুনিক ও ডিজিটাল প্রযুক্তি আরও প্রয়োগের ওপর জোর দেওয়া হয় বৈঠকে। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলেও ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বলা হয় সেখানে।
SC/AC/NS
(রিলিজ আইডি: 2303448)
ভিজিটরের কাউন্টার : 7