নারীওশিশুবিকাশমন্ত্রক
পশ্চিমবঙ্গে মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের প্রকল্পগুলির পর্যালোচনা বৈঠকে কলকাতায় সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী
পশ্চিমবঙ্গের প্রত্যেক যোগ্য মহিলা ও শিশু যাতে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুফল পান, তা নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর
পর্যালোচনা থেকে পদক্ষেপ, পদক্ষেপ থেকে ফলাফল এবং ফলাফল থেকে পরিবর্তন নিশ্চিত করতে হবে: শ্রীমতী অন্নপূর্ণা দেবী
প্রকাশিত:
20 AUG 2026 8:10PM by PIB Kolkata
কলকাতা, ২০ আগস্ট, ২০২৬
কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী আজ পশ্চিমবঙ্গে বাস্তবায়িত মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা বৈঠকে কলকাতায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রীমতী মালতী রাভা রায় এবং ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব শ্রী অনিল মালিকও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেন, প্রধানমন্ত্রীর মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন এবং বিকশিত ভারত-এর স্বপ্ন বাস্তবায়নের জন্য সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। তিনি বলেন, পর্যালোচনা থেকে পদক্ষেপ, পদক্ষেপ থেকে ফলাফল এবং ফলাফল থেকে পরিবর্তন নিশ্চিত করতে হবে। তিনি প্রকল্পগুলির মাঠ পর্যায়ে সময়বদ্ধ বাস্তবায়ন, স্বচ্ছতা এবং প্রকল্পগুলির তাৎক্ষণিক পর্যবেক্ষণের ওপর জোর দেন, যাতে নির্ধারিত সুবিধাভোগীদের কাছে প্রকল্পগুলির সুফল পৌঁছে দেওয়া যায়।
কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সরকারের আধিকারিকদের অংশগ্রহণের জন্য তাঁদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, আরও ভালো সমন্বয় ও সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এই প্রকল্পগুলির সম্পূর্ণ সুফল রাজ্যের মহিলা ও শিশুদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে।
বৈঠকে পশ্চিমবঙ্গে মিশন শক্তি, মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ ২.০ এবং মিশন বাৎসল্য-এর অধীনে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পোষণ ট্র্যাকার, PMMVY পোর্টাল প্রভৃতি ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার নিয়েও আলোচনা হয়।
মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সংসদ সদস্যদের পরামর্শদাতা কমিটির বৈঠক আগামীকাল কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর এবং সংসদ সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন।
*********
SSS/RP/Kol/20.8.26….
(রিলিজ আইডি: 2302303)
ভিজিটরের কাউন্টার : 44