দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
আঞ্চলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের জন্য কলকাতায় ‘কৌশল মন্থন’ সম্মেলন আয়োজন করল কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরীর আহ্বান, আইটিআইগুলিকে শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলে সুস্থায়ী কর্মজীবনের সঙ্গে যুক্ত করতে হবে
PM-SETU কেন্দ্রিক বিকেন্দ্রীভূত পরিকল্পনা, শিল্পের অংশীদারিত্ব এবং কর্মশক্তির গতিশীলতা নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা
प्रविष्टि तिथि:
17 AUG 2026 7:02PM by PIB Kolkata
কলকাতা, ১৭ আগস্ট, ২০২৬
কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রক (MSDE) আজ কলকাতায় আঞ্চলিক দক্ষতা উন্নয়ন মন্ত্রীদের জন্য ‘কৌশল মন্থন' সম্মেলন আয়োজন করে। সম্মেলনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও জোরদার করা এবং শিল্পের সঙ্গে সংযুক্ত, ফলাফলভিত্তিক দক্ষতা উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলাই ছিল সম্মেলনের মূল লক্ষ্য।
সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রের দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী।
সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়; গুজরাট সরকারের শ্রম, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান দফতরের মন্ত্রী শ্রী কুনভারজিভাই মোহনভাই বাভালিয়া; ছত্তিশগড় সরকারের দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান এবং তফসিলি জাতি উন্নয়ন দফতরের মন্ত্রী গুরু খুশবন্ত সাহেব; মধ্যপ্রদেশ সরকারের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. গোতম তেতওয়াল; ওড়িশা সরকারের শিল্প, দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী সম্পদ চন্দ্র স্বাঁই এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ড. হরেকৃষ্ণ বেহরা। গোয়া, ঝাড়খণ্ড এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী জয়ন্ত চৌধুরী বলেন, “ভারতের তরুণদের মধ্যে অসাধারণ উচ্চাকাঙ্ক্ষা, অভিযোজন ক্ষমতা এবং সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে ভবিষ্যতের উপযোগী, শিল্পক্ষেত্রে মূল্যায়িত দক্ষতা এবং বাস্তব সুযোগের সঙ্গে যুক্ত করা আমাদের দায়িত্ব। PM-SETU আমাদের সামনে আইটিআইগুলিকে উৎকর্ষ, উদ্ভাবন এবং আকাঙ্ক্ষার প্রাণবন্ত কেন্দ্রে পরিণত করার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্য পূরণে কেন্দ্র, রাজ্য, শিল্প এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির মধ্যে শক্তিশালী সমন্বয় প্রয়োজন। শিক্ষার্থীকে কেন্দ্র করে নীতি, পরিকাঠামো এবং বিনিয়োগকে একই লক্ষ্যে পরিচালিত করতে হবে। এই উদ্যোগের সাফল্য শেষ পর্যন্ত আমরা যে কর্মজীবন, উদ্যোগ এবং উন্নতির সুযোগ তৈরি করতে পারছি, তার মধ্যেই প্রতিফলিত হবে।”
মন্ত্রী আর-ও বলেন, প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআই (PM-SETU) প্রকল্পকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক সংস্কার হিসাবে বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি রাজ্যগুলিকে PM-SETU ক্লাস্টারগুলিকে অগ্রাধিকারপ্রাপ্ত অর্থনৈতিক মূল্যশৃঙ্খল, শিল্প করিডর, MSME–র ঘনত্ব, উদীয়মান প্রযুক্তি এবং আসন্ন বিনিয়োগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পরামর্শ দেন। একইসঙ্গে তিনি বলেন, স্পোক আইটিআইগুলিকে হাবের গবেষণাগার, মাস্টার ট্রেনার, কর্মজীবন পরিষেবা এবং নিয়োগকর্তাদের নেটওয়ার্কের নির্ভরযোগ্য সুযোগ দিতে হবে।
ভবিষ্যৎ উপযোগী দক্ষতার প্রসঙ্গে শ্রী চৌধুরী জানান, এবছর ১৬ জুলাই পর্যন্ত SOAR (Skilling for AI Readiness) কর্মসূচিতে ২.১০ লক্ষেরও বেশি শিক্ষার্থী নাম নথিভুক্ত করেছেন। তাঁর অভিমত, জেলার স্কুল, আইটিআই এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শিক্ষা পৌঁছে দিতে হবে। এর ফলে, তরুণরা শুধু AI ব্যবহার করতেই নয়, এর প্রয়োগ, অভিযোজন এবং নতুন কিছু তৈরির ক্ষেত্রেও সক্ষম হয়ে উঠবেন।
অংশগ্রহণকারী মন্ত্রীরা তাঁদের রাজ্যের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আইটিআইয়ের রূপান্তর, জেলা-ভিত্তিক পরিকল্পনা, শিল্পের অংশগ্রহণ, বৃত্তিমূলক ও মূলধারার শিক্ষার সংযুক্তিকরণ, কর্মসংস্থানযোগ্যতা, উদ্যোগ, অন্তর্ভুক্তি এবং কর্মশক্তির গতিশীলতা নিয়ে আলোচনা করেন। তাঁরা রাজ্যের অর্থনৈতিক অগ্রাধিকারের সঙ্গে দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তার কথা-ও উল্লেখ করেন। একইসঙ্গে পাঠ্যক্রম, মূল্যায়ন, শংসাপত্র এবং ফলাফলের ক্ষেত্রে অভিন্ন জাতীয় মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রের মধ্যে সংযোগ তৈরিতে শিক্ষানবিশ প্রশিক্ষণকেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়।
উদ্বোধনী বক্তব্যে MSDE–এর সচিব শ্রীমতী দেবশ্রী মুখার্জি কেন্দ্র ও রাজ্যের জন্য একটি অভিন্ন বাস্তবায়ন কাঠামো গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, রাজ্য দক্ষতা নীতি, জেলা দক্ষতা উন্নয়ন পরিকল্পনা এবং রাজ্য দক্ষতা উন্নয়ন পরিকল্পনাই প্রকল্পের লক্ষ্যমাত্রা, পরিকাঠামোয় বিনিয়োগ, প্রশিক্ষক নিয়োগ এবং নিয়োগকর্তাদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তি হওয়া উচিত।
২০২৪–২৫ সালে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জেলা দক্ষতা উন্নয়ন পরিকল্পনা এবং রাজ্য দক্ষতা উন্নয়ন পরিকল্পনা জমা দেয়। সম্মেলনে জেলা ও কর্মক্ষেত্রভিত্তিক চাহিদা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, প্রশিক্ষকের প্রাপ্যতা এবং স্থানীয় অর্থনৈতিক চালিকাশক্তির ভিত্তিতে এই পরিকল্পনাগুলিকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। এর পাশাপাশি, কার্যকর জেলা দক্ষতা কমিটি এবং স্পষ্ট দায়িত্ব ও পরিমাপযোগ্য ফলাফল-সহ বার্ষিক কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
DGT-র মহানির্দেশক, শ্রী দিলীপ কুমার বলেন, “PM-SETU–র আওতায় আইটিআইগুলির রূপান্তর শুধুমাত্র পরিকাঠামোর উন্নয়ন নয়। এটি এমন শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলার অঙ্গীকার, যা তরুণদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় সজ্জিত করবে, কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি করবে এবং ভারতকে আন্তর্জাতিক প্রতিভার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত করার যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে।”
MSDE–র যুগ্মসচিব শ্রীমতী মানসী সহায় ঠাকুর PM-SETU নিয়ে একটি উপস্থাপনা দেখান। সেখানে ক্লাস্টার চিহ্নিতকরণ, অ্যাঙ্কর ইন্ডাস্ট্রি পার্টনারদের অন্তর্ভুক্তি, রাজ্য বাস্তবায়ন পরিকল্পনা তৈরি এবং কার্যকর পরিচালন ও নজরদারি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে রাজ্যগুলির ভূমিকা তুলে ধরা হয়।
সম্মেলনে মধ্যপ্রদেশের ৬০০ জন অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC) তরুণের জন্য একটি অভিনব আন্তর্জাতিক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সূচনাও হয়। মধ্যপ্রদেশ সরকার অনুমোদিত এই কর্মসূচি MSDE–এর অধীনে NSDC বাস্তবায়ন করবে। জাপান ও জার্মানিতে উচ্চ-চাহিদাসম্পন্ন ক্ষেত্রগুলিতে, যেমন পরিচর্যা, আতিথেয়তা, নির্মাণ এবং উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগের জন্য অংশগ্রহণকারীদের বিদেশি ভাষা এবং সংশ্লিষ্ট দেশে কাজের উপযোগী প্রশিক্ষণ দেওয়া হবে। NSDC International Limited, যা NSDC–এর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা, এই প্রশিক্ষণ প্রদান করবে।
এই ধরনের প্রথম উদ্যোগে তিনটি উপাদান নিয়ে একটি মিশ্র অর্থায়ন মডেল কার্যকর হবে। এর মধ্যে থাকবে ভোক্তার অংশগ্রহণ, সোশ্যাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সংগৃহীত অনুদান এবং মধ্যপ্রদেশ সরকারের ফলাফলভিত্তিক অর্থায়ন। এই মডেল বিশেষ ধরণের প্রশিক্ষণকে পরিমাপযোগ্য ফলাফল এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করবে। বৃহৎ পরিসরে দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মশক্তির গতিশীলতার জন্য এটি অনুসরণযোগ্য একটি মডেল হিসাবে কাজ করতে পারে।
কর্মসূচি বাস্তবায়নের জন্য NSDC–এর CEO শ্রী অরুণ কুমার পিল্লাই এবং মধ্যপ্রদেশ সরকারের অনগ্রসর শ্রেণী ও সংখ্যালঘু কল্যাণ দফতরের অতিরিক্ত অধিকর্তা শ্রী সপন জৈন–এর মধ্যে একটি সমঝোতাপত্র বিনিময় হয়। উপস্থিত ছিলেন শ্রী জয়ন্ত চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট অতিথি।
সম্মেলনে আন্তর্জাতিক কর্মশক্তির গতিশীলতার জন্য একটি অভিন্ন কাঠামো নিয়েও আলোচনা হয়। এর মধ্যে কর্মশক্তি চিহ্নিতকরণ, প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা, মূল্যায়ন, নৈতিক নিয়োগ এবং কর্মসংস্থানের পরবর্তী সহায়তার বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। পরিচর্যাকারী কর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানকে তাৎক্ষণিক সম্ভাবনাময় ক্ষেত্র হিসাবে চিহ্নিত করা হয়। এর জন্য সংশ্লিষ্ট দেশের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, অভিন্ন মানদণ্ড, সাংস্কৃতিক প্রস্তুতি এবং কর্মীদের সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এর আগে MSDE–র অর্থনৈতিক উপদেষ্টা শ্রীমতী অর্চনা মায়ারাম মন্ত্রকের গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোগের বৃহত্তর পরিসর সম্পর্কে একটি উপস্থাপনা করেন। এর মধ্যে স্কিল ইন্ডিয়া, উদ্যোগ উন্নয়ন এবং NCVET–এর নিয়ন্ত্রক ও গুণমান নিশ্চিতকরণ কাঠামো অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী পর্যায়ে অংশগ্রহণকারী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান সচিব এবং সচিবরা তাঁদের সাফল্য, অগ্রাধিকার এবং বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর কেন্দ্র ও রাজ্যের সমন্বয় নিয়ে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
‘কৌশল মন্থন’ সম্মেলনের সমাপ্তিতে কেন্দ্র ও রাজ্যের সমন্বয় আরও শক্তিশালী করা, এক রাজ্যের অভিজ্ঞতা অন্য রাজ্যের সঙ্গে ভাগ করে নেওয়া এবং নির্দিষ্ট কিছু বাস্তবায়ন লক্ষ্যমাত্রা ও শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনার বিষয়ে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। MSDE, DGT, NSDC, NCVET এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা দিয়ে রাজ্যগুলিকে সহযোগিতা করার বিষয়টি পুনর্ব্যক্ত করে।
সম্মেলনে MSDE–র শ্রীমতী হেনা উসমান এবং শ্রীমতী মণীষা সেনশর্মা, সিনিয়র ইকনমিক অ্যাডভাইজার, কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক এবং সহযোগী প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


*******
SSS/SS/KOL/17.8.26
(रिलीज़ आईडी: 2300688)
आगंतुक पटल : 4