রাজ্যসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

রাজ্যসভার ২৭১তম অধিবেশনের সমাপ্তি উপলক্ষে রাজ্যসভার মাননীয় চেয়ারম্যানের সমাপনী ভাষণের বয়ান

प्रविष्टि तिथि: 13 AUG 2026 2:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ অগাস্ট, ২০২৬ 

 

চেয়ারম্যান: মাননীয় সদস্যবৃন্দ,
রাজ্যসভার ২৭১তম অধিবেশন সমাপ্তির পথে। গভীর উদ্বেগের সঙ্গে আমি এই অধিবেশনের কার্যপ্রণালী আপনাদের সামনে তুলে ধরছি। অত্যন্ত দুঃখের বিষয় যে, এই অধিবেশনে লাগাতার বিশৃঙ্খলা ও ঘন ঘন বাধাদানের ফলে সভার স্বাভাবিক কাজকর্ম বারবার ব্যাহত হয়েছে। কাজের সময় নষ্ট হওয়ায় জাতীয় গুরুত্বের বিভিন্ন বিষয় নিয়ে অর্থবহ আলোচনা ও বিতর্কের সুযোগ থেকেও সভা বঞ্চিত হয়েছে।
এতসব বাধা-বিপত্তি সত্ত্বেও, ১২টি বিল বিবেচনা করে পাস বা ফেরত পাঠানোর মাধ্যমে সভা তার মূল আইনগত দায়িত্ব পালন করেছে। তবে আমরা যদি সকলে মিলে সভার কাজে অংশগ্রহণ করে আমাদের মূল্যবান মতামত প্রদান করতাম এবং অর্থবহ আলোচনায় শামিল হতাম, তবে পরিস্থিতি নিশ্চিতভাবেই ভিন্ন হতো।
সভা মাত্র ৩৭ ঘণ্টা ৪৯ মিনিট কাজ করেছে, এর উৎপাদনশীলতার হার ছিল ৩৯.১৭ শতাংশ। আমাদের সামনে ২৮৫টি তারকাচিহ্নিত প্রশ্ন, ৩৮০টি 'জিরো আওয়ার' প্রস্তাব এবং ৩৮০টি বিশেষ উল্লেখ উত্থাপনের সুযোগ ছিল। কিন্তু দুঃখজনকভাবে, মাত্র ১৬টি প্রশ্ন, ৫২টি 'জিরো আওয়ার' প্রস্তাব এবং ৯৩টি বিশেষ উল্লেখ নিয়ে আলোচনা করা সম্ভব হয়েছে। আলোচনার সুযোগ উন্মুক্ত থাকা সত্ত্বেও, আমরা যাদের প্রতিনিধিত্ব করি তাদের কণ্ঠস্বর তুলে ধরার জন্য প্রাপ্ত সুযোগগুলির পূর্ণ সদ্ব্যবহার করিনি।

মাননীয় সদস্যবৃন্দ,
'প্রবীণদের কক্ষ' হিসেবে, যুক্তিপূর্ণ বিতর্ক, ভিন্ন মতের মর্যাদাপূর্ণ পরিসর এবং চিন্তাশীল আইন প্রণয়নের প্রক্রিয়া সমুন্নত রাখার ক্ষেত্রে এই মহান কক্ষের এক অনন্য দায়িত্ব রয়েছে। ক্রমাগত বিশৃঙ্খলা শেষ পর্যন্ত জনগণের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করে না। তাই সংসদীয় আচরণের সর্বোচ্চ মান বজায় রাখতে এবং এই প্রতিষ্ঠানের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করতে আমাদের সচেষ্ট হতে হবে।
এই অধিবেশনের একটি উল্লেখযোগ্য দিক ছিল, নবনির্বাচিত ও মনোনীত সদস্যদের জন্য আয়োজিত পরিচিতিমূলক কর্মসূচি। দুই দিনের এই কর্মসূচিতে সংসদীয় রীতিনীতি, কার্যপ্রণালী এবং সদস্যদের কাছ থেকে প্রত্যাশিত আচরণের মানদণ্ড সম্পর্কে মূল্যবান ধারণা প্রদান করা হয়েছে। প্রশিক্ষক হিসাবে শ্রী হরিবংশ, প্রবীণ মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব এবং অভিজ্ঞ সাংসদ শ্রী ঘনশ্যাম তিওয়ারি, শ্রী প্রমোদ তিওয়ারি, শ্রী অরুণ সিং, ড. সস্মিত পাত্র, শ্রী সুজিত কুমার ও ডঃ জন তাঁদের মূল্যবান সংসদীয় অভিজ্ঞতা ও ব্যবহারিক অন্তর্দৃষ্টি দিয়ে এই কর্মসূচিকে সমৃদ্ধ করেছেন। আমি বিশেষভাবে আনন্দিত যে, অধিবেশন চলাকালীন ব্যস্ত সময়সূচি এবং নিজেদের রাজ্যের প্রতি দায়িত্ব পালনের মাঝেও ৩৫ জন সদস্য এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এর সুফল গ্রহণ করতে সক্ষম হয়েছেন। আমি আশা করি, আমাদের নতুন সদস্যরা এখান থেকে অর্জিত শিক্ষা কাজে লাগাবেন এবং সদনের কার্যক্রমে অর্থপূর্ণ অবদান রাখবেন।
এই অধিবেশনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো মাননীয় সদস্যদের মধ্যে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার। ‘বাণী সেতু’র মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ভাষা অনুবাদের সুবিধা চালু করা হয়েছে। এর ফলে সদস্যরা প্রথমবারের মতো নিজেদের পছন্দের ভাষায় অধিবেশনের কার্যক্রম শোনার সুযোগ পেয়েছেন—এমনকি যখন কোনো ভাষণ আঞ্চলিক ভাষায় দেওয়া হয়েছে, তখনও। আমি আনন্দিত যে সদস্যরা এই সুবিধাটি গ্রহণ করেছেন। এছাড়া, দ্রুত ও নিরাপদ উপায়ে হাজিরা প্রদান এবং অন্যান্য সংসদীয় কাজকর্ম পরিচালনার জন্য সদস্যরা ‘সদস্য সেতু’ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন, যা সদনের কার্যক্রমকে আরও সহজগম্য ও দক্ষ করে তুলেছে। এই প্রযুক্তিগত উদ্যোগগুলির ক্রমবিকাশ অব্যাহত থাকবে; এই সুবিধাগুলোকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে মাননীয় সদস্যদের মূল্যবান মতামত ও পরামর্শকে আমি স্বাগত জানাচ্ছি।
 আমি মাননীয় ডেপুটি চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারপার্সন প্যানেলের সদস্যদের প্রতি এই সভার কার্যক্রম পরিচালনায় তাঁদের সহায়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমি এই অধিবেশনের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার জন্য মহাসচিব এবং তাঁর আধিকারিক ও কর্মীদের অক্লান্ত প্রচেষ্টাকেও স্বীকার করছি। এই কার্যক্রমের সংবাদ পরিবেশন এবং জনগণকে অবহিত করার জন্য আমি প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানাই।
পরিশেষে, আমি সকল মাননীয় সদস্যকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আগামী অধিবেশনের আগে যেসব উৎসব পড়বে, সেগুলির জন্যও আমার শুভকামনা রইল।
আমি আশা করি, যখন আমরা আবার মিলিত হব, তখন আমরা এই মহান সভার মর্যাদা সমুন্নত রাখতে এবং আমাদের গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য অনুসারে সংসদীয় দায়িত্ব পালনে এক নতুন সংকল্প নিয়ে মিলিত হব, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতন্ত্র সর্বদাই শক্তিশালী হবে।

ধন্যবাদ।
এখন, জাতীয় সঙ্গীত।
(জাতীয় সঙ্গীত "বন্দে মাতরম" বাজানো হবে)

চেয়ারম্যান: সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হ’ল।

 


SC/SD/SB


(रिलीज़ आईडी: 2299039) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati