প্রকাশিত:
10 AUG 2026 4:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ অগাস্ট, ২০২৬
ভারতের জৈব প্রযুক্তি পরিমণ্ডলে বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান, প্রযুক্তি, ভূ-বিজ্ঞান (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) প্রধানমন্ত্রীর দপ্তর, জন-অভিযোগ, পেনশন, আণবিক শক্তি এবং মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। জৈব প্রযুক্তি এবং জীব বিজ্ঞান ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি ও পণ্যের প্রসার ঘটানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের দেশজ জৈব প্রযুক্তি সক্ষমতা, শিল্প ও বিনিয়োগকারীদের মধ্যে যৌথ সমন্বয়কে আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন তিনি, যাতে গবেষণা ও উন্নয়নের দ্রুত প্রসার ঘটে। সেইসঙ্গে, অনেক দ্রুতগতিতে বাণিজ্যিকীকরণের পথও প্রশস্ত হয়।
নতুন দিল্লিতে বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্টেন্স কাউন্সিল (বিআইআরএসি) – এর পদস্থ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে বিনিয়োগ সম্প্রসারণ এবং ভারতের জৈব প্রযুক্তি পরিমণ্ডলের শিল্পের অংশগ্রহণ এবং বাজারের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ভারত সরকারের ১ লক্ষ কোটি টাকা গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন তহবিলের মূল দেখভালের দায়িত্বে রয়েছে – বিআইআরএসি – আরডিআইএফ। ডীপ-টেক উদ্ভাবন, বিকশিত ভারত ২০৪৭ – এর লক্ষ্য পূরণে উচ্চ প্রভাবশালী দেশজ নির্মাণ এগিয়ে নিয়ে যাওয়াই এর লক্ষ্য। ২০২৫ – এর ৩ নভেম্বর প্রধানমন্ত্রী আরডিআই ফান্ডের সূচনা করেন। বিআইআরএসি-র সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এই তহবিলের সুষ্ঠু রূপায়ণের দায়িত্বভার পালন করে থাকে।
স্টার্টআপ থেকে শুরু করে বিভিন্ন শিল্প, যোগ্য প্রযুক্তি ক্ষেত্রগুলি তাদের মোট প্রকল্প ব্যয়ের ৫০ শতাংশ অর্থাৎ ৫ কোটি থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এই তহবিল মারফৎ পায়। কোনোরকম জামিন ছাড়া দীর্ঘমেয়াদী ঋণ এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে।
এই বৈঠকে বিআইআরএসি-র পক্ষ থেকে বিআইআরএসি স্টার্টআপ ইনভেস্টার কানেক্ট নামে একটি মঞ্চ গড়ে তোলার আহ্বান জানানো হয়। জৈব প্রযুক্তি ক্ষেত্রের বিনিয়োগ লক্ষ্যে এটিকে একটি মঞ্চ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয় যা স্টার্টআপ ও বিনিয়োগকারীদের মধ্যে সমন্বয় গড়ে তুলবে। সেইসঙ্গে, কৌশলগত সহযোগিতার বিন্যাস ঘটাবে। উদ্ভাবনী প্রযুক্তির বাণিজ্যিকীকরণের পথও এর মধ্য দিয়ে প্রশস্ত হবে।
SC/AB/SB