PIB Backgrounder
জাতীয় হস্তচালিত তাঁত দিবস ২০২৬
তাঁতশিল্পের ঐতিহ্য, নবীন সম্ভাবনার উন্মুক্ত দিগন্ত
प्रविष्टि तिथि:
06 AUG 2026 1:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ আগস্ট, ২০২৬
প্রতি বছর ৭ আগস্ট জাতীয় হস্তচালিত তাঁত দিবস পালন করা হয়। দেশের ৩৫.২২ লক্ষ তাঁতশিল্পী ও সংশ্লিষ্ট কর্মীর অবদানকে এই দিন স্বীকৃতি দেওয়া হয়। তাঁদের মধ্যে ৭২ শতাংশেরও বেশি মহিলা। ঐতিহ্য বজায় রেখেই নকশা, ডিজিটাল মাধ্যম ও আন্তর্জাতিক বাজারে ভারতীয় হস্তচালিত তাঁত নতুন পরিচিতি পাচ্ছে। সরকারি সহায়তা, পুরস্কার, বাজার সম্প্রসারণ এবং পণ্যের স্বকীয়তা রক্ষার উদ্যোগ এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।
ভারতের হস্তচালিত তাঁত শিল্পের ইতিহাস সিন্ধু সভ্যতা পর্যন্ত বিস্তৃত। ঋগ্বেদ, রামায়ণ, মহাভারত এবং কৌটিল্যের রচনায় ভারতীয় সুতি ও রেশম বস্ত্রের উৎকর্ষের উল্লেখ রয়েছে।
প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাঁত বোনার ঐতিহ্য সংরক্ষিত ও বিকশিত হয়েছে। ২০১৫ সালে জাতীয় হস্তচালিত তাঁত দিবস চালু হওয়ার পর এই ঐতিহ্য জাতীয় স্তরে নতুন স্বীকৃতি পেয়েছে।
হস্তচালিত তাঁত শিল্প আজও দক্ষ কারিগরের হাতে এবং পারিবারিক উদ্যোগের উপর নির্ভরশীল। প্রতিটি বস্ত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁতশিল্পী, অঞ্চল ও ঐতিহ্য। একই সঙ্গে নকশার নতুন ভাবনা, ডিজিটাল মাধ্যম এবং দেশ-বিদেশের প্রদর্শনীর মাধ্যমে ভারতীয় হস্ততাঁত নতুন ক্রেতাদের কাছে পৌঁছচ্ছে। এর ফলে এই শিল্পের পরিচিতি আরও বাড়ছে।
ভারতের হস্তচালিত তাঁত শিল্পের কারিগর
২০১৯-২০ সালের চতুর্থ সর্বভারতীয় হস্ততাঁত গণনা অনুযায়ী, দেশে প্রায় ৩১.৪৫ লক্ষ হস্ততাঁত-নির্ভর পরিবার রয়েছে। হস্তচালিত তাঁত শিল্পে কর্মরত তাঁতশিল্পী ও সংশ্লিষ্ট কর্মীর সংখ্যা ৩৫.২২ লক্ষ। তাঁদের মধ্যে ৮.৪৮ লক্ষ কর্মী সুতো প্রস্তুত, রং করা, ওয়ার্পিং, ক্যালেন্ডারিং-সহ তাঁতের আগে ও পরে বিভিন্ন কাজে যুক্ত। এই শিল্প গ্রামীণ জীবিকা ও অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।
মহিলাদের নেতৃত্বে হস্ততাঁত শিল্প
হস্তচালিত তাঁত শিল্পে কর্মরতদের ৭২ শতাংশেরও বেশি, অর্থাৎ ২৫.৪৬ লক্ষ, নারী।
বহু সম্প্রদায়ের জীবিকার ভিত্তি
এই শিল্পে ৪.৮৪ লক্ষ তফসিলি জাতি, ৬.২৮ লক্ষ তফসিলি জনজাতি এবং ১২.৬৭ লক্ষ অন্যান্য অনগ্রসর শ্রেণীর কর্মী যুক্ত।
গণনা অনুযায়ী, দেশে ২৮.২০ লক্ষ হস্ততাঁত রয়েছে। এর মধ্যে ২৫.৩০ লক্ষ গ্রামীণ এলাকায় এবং ২.৯০ লক্ষ শহরাঞ্চলে। অর্থাৎ, দেশের প্রায় ৯০ শতাংশ হস্ততাঁত গ্রামীণ এলাকায় অবস্থিত।
তাঁতশিল্পীদের জন্য সরকারি সহায়তা ব্যবস্থা
জাতীয় হস্ততাঁত উন্নয়ন কর্মসূচি এবং কাঁচামাল সরবরাহ প্রকল্প হস্ততাঁত শিল্পে সরকারি সহায়তার প্রধান ভিত্তি।
২০২১-২২ থেকে ২০২৫-২৬ সময়কালে NHDP চালু ছিল। তাঁতশিল্পীদের প্রয়োজন অনুযায়ী হস্ততাঁত শিল্পের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
সরকারি হস্ততাঁত সংস্থা, জাতীয় ও রাজ্য হস্ততাঁত নিগম, তাঁত সমবায় সমিতি, ফেডারেশন, হস্ততাঁত উৎপাদক সংস্থা এবং অংশগ্রহণকারী ব্যাঙ্কের মাধ্যমে এই কর্মসূচি কার্যকর করা হয়।
ক্ষুদ্র ক্লাস্টার উন্নয়ন কর্মসূচি
SCDP-র আওতায় প্রতিটি ক্ষুদ্র হস্ততাঁত ক্লাস্টারের উন্নয়নে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। উন্নত তাঁত, আলোর ব্যবস্থা, কর্মশালা, নকশা উন্নয়ন, পণ্য উন্নয়ন এবং বিপণনে এই সহায়তা কাজে লাগে।
২০২১-২২ থেকে ২০২৬-২৭ সালের জুন পর্যন্ত এই কর্মসূচির আওতায় ৩৫৭টি ক্লাস্টার অনুমোদিত হয়েছে।
এ ছাড়া, ২০২৫-২৬ অর্থবর্ষে কর্মশালা, তাঁত ও আনুষঙ্গিক সামগ্রী এবং ইলেকট্রনিক জ্যাকোয়ার্ড-সহ বিভিন্ন উদ্যোগের জন্য ৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
হস্ততাঁত বিপণন সহায়তা (HMA)
হস্ততাঁত বিপণন সহায়তা কর্মসূচির মাধ্যমে তাঁতশিল্পী ও হস্ততাঁত সংস্থাগুলিকে সরাসরি পণ্য বিক্রির সুযোগ দেওয়া হয়। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রচার, আরবান হাট গড়ে তোলা এবং বিপণনে সহায়তা এই কর্মসূচির অন্তর্ভুক্ত।
২০২১-২২ থেকে ২০২৬-২৭ সালের জুন পর্যন্ত জেলা, রাজ্য ও জাতীয় স্তরে হস্ততাঁত পণ্যের বিপণনের জন্য ৯৬০টিরও বেশি প্রদর্শনী, হস্ততাঁত মেলা, কারুশিল্প মেলা এবং অন্যান্য বিপণন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় সন্ত কবীর হস্ততাঁত পুরস্কার এবং জাতীয় হস্ততাঁত পুরস্কার প্রদান করা হয়। জাতীয় হস্ততাঁত দিবস ২০২৫-এ ২০২৪ সালের পুরস্কার প্রদান করা হয়েছে। মোট ২৪ জন পুরস্কৃত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ জন সন্ত কবীর হস্ততাঁত পুরস্কার এবং ১৯ জন জাতীয় হস্ততাঁত পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপকদের মধ্যে ৬ জন নারী এবং এক জন দিব্যাঙ্গ তাঁতশিল্পী রয়েছেন।
রেয়াতি ঋণ / তাঁতশিল্পী মুদ্রা প্রকল্প
এই প্রকল্পের মাধ্যমে তাঁতশিল্পীদের তিন বছরের জন্য ৬% সুদে ঋণ দেওয়া হয়। এর পাশাপাশি সরকার সর্বোচ্চ ৭% সুদে ভর্তুকি, মার্জিন মানি সহায়তা এবং ঋণের গ্যারান্টি ফি বহন করে। হস্ততাঁত তাঁতশিল্পী মুদ্রা পোর্টালের মাধ্যমে আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হয়।
২০২১-২২ থেকে ২০২৬-২৭ সালের জুন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ঋণ অনুমোদিত হয়েছে। ঋণের মোট পরিমাণ ২৮০ কোটিরও বেশি টাকা।
২০২৬-২৭ অর্থবর্ষে এখন পর্যন্ত ৯৬৭টি ঋণ অনুমোদিত হয়েছে। ঋণের মোট পরিমাণ ৭.৪৫ কোটি টাকা।
হস্ততাঁত তাঁতশিল্পীদের সামাজিক সুরক্ষা
তাঁতশিল্পী ও সংশ্লিষ্ট কর্মীদের সামাজিক সুরক্ষার পাশাপাশি, তাঁদের সন্তানদের উচ্চশিক্ষার জন্যও সরকারি সহায়তা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা : ১৮ থেকে ৫০ বছর বয়সি তাঁতশিল্পী ও কর্মীদের জন্য বার্ষিক নবীকরণযোগ্য জীবন বিমা। যে কোনও কারণে মৃত্যু হলে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা : ১৮ থেকে ৭০ বছর বয়সি তাঁতশিল্পী ও কর্মীদের জন্য বার্ষিক নবীকরণযোগ্য দুর্ঘটনা বিমা। দুর্ঘটনাজনিত মৃত্যু বা সম্পূর্ণ স্থায়ী অক্ষমতায় ২ লক্ষ টাকা এবং আংশিক স্থায়ী অক্ষমতায় ১ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়।
বৃত্তি : স্বীকৃত বস্ত্র প্রযুক্তি ডিপ্লোমা, স্নাতক বা স্নাতকোত্তর পাঠক্রমে অধ্যয়নরত একজন তাঁতশিল্পীর দু'জন সন্তান বছরে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন। ২০২৬ সালের জুন পর্যন্ত ৫৩১টি আবেদন অনুমোদিত হয়েছে।
মেগা ক্লাস্টার উন্নয়ন কর্মসূচি
এই কর্মসূচির আওতায় প্রতিটি মেগা হস্ততাঁত ক্লাস্টারে কমপক্ষে ১০ হাজারটি তাঁত থাকে। প্রতিটি ক্লাস্টারের জন্য পাঁচ বছরে সর্বোচ্চ ৩০ কোটি টাকা পর্যন্ত কেন্দ্রীয় সহায়তা দেওয়া হয়।
এ পর্যন্ত আটটি মেগা ক্লাস্টারের কাজ সম্পূর্ণ হয়েছে এবং চারটি ক্লাস্টারের কাজ চলছে।
এই কর্মসূচির আওতায় ৩৭০.৭২ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এতে ১,৬২,৬৮২ জন তাঁতশিল্পী উপকৃত হয়েছেন।
প্রয়োজনভিত্তিক বিশেষ পরিকাঠামোমূলক প্রকল্প
এই কর্মসূচির আওতায় পণ্য উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, গুণগত মানোন্নয়ন, মূল্য সংযোজন এবং বিপণনের জন্য সর্বোচ্চ ১২ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়।
এ পর্যন্ত ছয়টি কারুশিল্প হস্ততাঁত গ্রাম চালু হয়েছে। ৩টির কাজ চলছে।
কাঁচামাল সরবরাহ সংক্রান্ত প্রকল্প
এই প্রকল্পের মাধ্যমে সব ধরনের সুতো পরিবহণের খরচ ফেরত দেওয়া হয়। নির্ধারিত সীমার মধ্যে নির্দিষ্ট ধরনের সুতোর উপর ১৫% মূল্য ভর্তুকিও দেওয়া হয়।
হস্তচালিত তাঁত ও ঐতিহ্যবাহী কারুশিল্পে জিএসটি-তে ছাড়
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে হস্তচালিত তাঁত শিল্পের জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।
মোট ৩৬টি হস্তশিল্প পণ্যে জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।
সুতির হস্তচালিত তাঁতের গালিচা ও হাতে বোনা কার্পেটের উপরও ৫% জিএসটি ধার্য হয়েছে।
গৃহস্থালি ও শিল্পে ব্যবহৃত সেলাই মেশিনের জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। এতে দর্জি শিল্পের খরচ কমবে এবং দেশীয় উৎপাদন উৎসাহ পাবে।
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ : হস্তচালিত তাঁত শিল্পে নতুন উদ্যোগ
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ বস্ত্র ক্ষেত্রের উন্নয়নে একাধিক উদ্যোগ ঘোষণা করা হয়েছে।
জাতীয় তন্তু প্রকল্প প্রাকৃতিক, কৃত্রিম এবং নতুন প্রজন্মের তন্তুর উৎপাদন বাড়িয়ে কাঁচামালের ভিত্তি শক্তিশালী করবে।
টেক্সটাইল বা বস্ত্রশিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান প্রকল্পে ঐতিহ্যবাহী ক্লাস্টারের আধুনিকীকরণ, যন্ত্রপাতি, প্রযুক্তি উন্নয়ন এবং পরীক্ষাগার ও শংসাপত্র কেন্দ্র গড়ে তোলায় সহায়তা দেওয়া হবে।
জাতীয় হস্ততাঁত ও হস্তশিল্প কর্মসূচি বর্তমান প্রকল্পগুলিকে একত্রিত করে আরও কার্যকর সহায়তা দেবে।
মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগে খাদি, হস্ততাঁত ও হস্তশিল্পের উন্নয়নের পাশাপাশি, তাঁতশিল্পী, গ্রামীণ শিল্প, গ্রামীণ যুবসমাজ এবং এক জেলা এক পণ্য উদ্যোগ উপকৃত হবে। ব্র্যান্ড গড়ে তোলা, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, উৎপাদন পদ্ধতি ও গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগে জোর দেওয়া হবে।
নকশা ও উদ্ভাবনের মাধ্যমে হস্ততাঁতের নতুন পরিচয়
ভারতের হস্তচালিত তাঁত শিল্প আঞ্চলিক তন্তু, নকশা, বুনন কৌশল এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আছে। সরকারি সহায়তায় এই ঐতিহ্য এখন নতুন নকশা, আধুনিক উপস্থাপনা এবং আরও বিস্তৃত সাংস্কৃতিক মঞ্চের মাধ্যমে দেশ-বিদেশে পৌঁছে যাচ্ছে।
নকশার পরিসর আরও বিস্তৃত
‘উইভ দ্য ফিউচার ৪.০ : আপসাইক্লিং সংস্করণ’ ২০২৬ সালের ১২ থেকে ১৭ জুলাই নয়াদিল্লির দিল্লি হাটে অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীতে ১০০টিরও বেশি ব্র্যান্ড, কারুশিল্পী, পুনর্ব্যবহার সংস্থা এবং উদ্ভাবক অংশ নেন। আপসাইক্লিং, মেরামত, সুস্থায়ী উৎপাদন এবং দায়িত্বশীল ব্যবহারে উৎসাহ দেওয়া হয়।
জাতীয় হস্তচালিত তাঁত দিবস ২০২৬ উপলক্ষে বস্ত্র মন্ত্রক ‘হস্ততাঁত হ্যাকাথন ২০২৬ - উইভিং ইনোভেশন’ শুরু করেছে। শিক্ষার্থী, তাঁতশিল্পী, কারুশিল্পী, গবেষক, স্টার্ট-আপ এবং পেশাদারদের জন্য এই উদ্যোগ। নকশা, সুস্থায়িত্ব, ডিজিটাল প্রযুক্তি, বাজার সম্প্রসারণ, ব্র্যান্ড গড়ে তোলা, উৎপাদনশীলতা এবং উদ্যোগ গড়ে তোলার মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
ফ্যাশন প্রদর্শনী, বস্ত্র প্রদর্শনী, চলচ্চিত্র এবং যৌথ নকশা উদ্যোগের মাধ্যমে ভারতের আঞ্চলিক হস্তচালিত তাঁত এখন আরও বিস্তৃত সাংস্কৃতিক ও সৃজনশীল পরিসরে পৌঁছে যাচ্ছে। এর ফলে, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ভারতীয় হস্ততাঁতের পরিচিতি আরও বাড়ছে।
বাজার সম্প্রসারণ ও ক্রেতার আস্থা আরও মজবুত
দেশ-বিদেশে ভারতীয় হস্তচালিত তাঁত পণ্যের চাহিদা বাড়ছে। ২০২৫-২৬ অর্থবর্ষে হস্ততাঁত পণ্যের রপ্তানির পরিমাণ ছিল ১,৩৩০.৯৬ কোটি টাকা। সংযুক্ত আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন ছিল প্রধান রপ্তানি গন্তব্য।
সরকার হ্যান্ডলুম মার্ক, ইন্ডিয়া হ্যান্ডলুম ব্র্যান্ড, ভৌগোলিক নির্দেশক (GI) এবং আইনি সুরক্ষার মাধ্যমে আসল হস্ততাঁত পণ্যের পরিচয় ও গুণগত মান নিশ্চিত করছে। ডিজিটাল মাধ্যমেও বাজার সম্প্রসারণ হচ্ছে। বস্তুত, ১.৫০ লক্ষেরও বেশি তাঁতশিল্পী ও হস্ততাঁত সংস্থা GeM-এ যুক্ত হয়েছেন। ইন্ডিয়াহ্যান্ডমেড মঞ্চে ২০২৩-২৪ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৪,১৮৬ জন তাঁতশিল্পী ও কারুশিল্পী যুক্ত হয়েছেন।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ২৯,৪০২টি হ্যান্ডলুম মার্ক নিবন্ধন এবং ৮১৫টি বিক্রয়কেন্দ্র এই চিহ্নযুক্ত পণ্য বিক্রি করেছে। ইন্ডিয়া হ্যান্ডলুম ব্র্যান্ডে ১৮৪টি বিভাগে ২,৩০৫টি নিবন্ধন হয়েছে। ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১০৬টি হস্ততাঁত পণ্য, ছয়টি পণ্যের লোগো এবং ২২৭টি হস্তশিল্প পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে।
হ্যান্ডলুম (সংরক্ষণ) আইন, ১৯৮৫-এর মাধ্যমে ১১টি নির্দিষ্ট বস্ত্রপণ্য শুধু হস্ততাঁতে উৎপাদনের জন্য সংরক্ষিত। এই আইন কার্যকর রাখতে বিদ্যুৎচালিত তাঁত ইউনিটে নিয়মিত নজরদারি চালানো হয়।
হস্তচালিত তাঁতের ভবিষ্যৎ
জাতীয় হস্তচালিত তাঁত দিবস ২০২৬ শুধু ঐতিহ্যের উদ্যাপন নয়, ভবিষ্যতের সম্ভাবনারও প্রতীক। ভারতীয় হস্তচালিত তাঁত আঞ্চলিক পরিচয়, দক্ষতা ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের উদ্ভাবনের সঙ্গে যুক্ত করছে। দেশের তাঁতশিল্প আজ বিশ্বমঞ্চে ভারতের সাংস্কৃতিক পরিচয়ের এক শক্তিশালী বাহক।
তথ্যসূত্র
Ministry of Textiles:
https://handlooms.nic.in/assets/img/Statistics/3736.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2153746®=48&lang=2
https://sansad.in/getFile/annex/265/AS135_suGmAI.pdf?source=pqars
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148300®=48&lang=2
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU4300_zg5b8v.pdf?source=pqals
https://handlooms.nic.in/assets/img/Statistics/Background_note_on_handloom_sector.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146379&lang=2®=48
https://www.texmin.gov.in/static/uploads/2026/05/5c48e80d2180ca3194b9e9b01340696d.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290320®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286966&lang=1®=1
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU5220_ml9Xxl.pdf?source=pqals
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253525®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103763®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194154®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283412®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2152924®=48&lang=2
https://sansad.in/getFile/annex/270/AU2558_zikFcF.pdf?source=pqars
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2152551&lang=2®=48
https://handlooms.nic.in/assets/img/Final%20Revised%20%20Guidelines%20NHDP%2012.04.2023.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163905®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1812498®=48&lang=2
Ministry of Finance:
https://www.indiabudget.gov.in/doc/eb/sbe98.pdf
Ministry of Commerce & Industry:
https://ipindia.gov.in/gi-introduction
Ministry of MSME:
https://www.coek.in/events
Office of the Principal Scientific Adviser to the Government of India:
https://www.psa.gov.in/livelihood/10117
Handloom Export Promotion Council (HEPC):
https://www.hepcindia.com/img/HS%20Code%20Wise%20Handloom%20Data%20from%202009-10%20to%202025-26.pdf
https://www.hepcindia.com/top_20_countries
PIB Archives:
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=154978®=48&lang=2
Others:
https://www.esquireindia.co.in/style/just-landed/fdci-khadi-samant-chauhan-shows-at-moscow-fashion-week
Click to see pdf
****
SSS/AS
(रिलीज़ आईडी: 2295657)
आगंतुक पटल : 5