কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
সংসদের প্রশ্ন : মিশন কর্মযোগী ও iGOT ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি
प्रविष्टि तिथि:
05 AUG 2026 2:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ আগস্ট ২০২৬
সিভিল সার্ভিসেস ক্যাপাসিটি বিল্ডিং-এর জাতীয় কর্মসূচি বা 'মিশন কর্মযোগী'-কে ভারত সরকার ২০২০ সালের সেপ্টেম্বর মাসে অনুমোদন দেয়। এর লক্ষ্য ছিল মানবসম্পদ ব্যবস্থাপনাকে 'নিয়ম-ভিত্তিক' কাঠামো থেকে ভূমিকা-ভিত্তিক কাঠামোয় রূপান্তর করা এবং ভারতীয় মূল্যবোধের সঙ্গে যুক্ত থেকেও বিশ্বমানের দৃষ্টিভঙ্গি সম্পন্ন সিভিল সার্ভেন্ট বা সরকারি আধিকারিক গড়ে তোলা। 'মিশন কর্মযোগী'-র আওতায় প্রতিষ্ঠিত 'iGOT কর্মযোগী' প্ল্যাটফর্মটির পরিধি ও বিস্তৃতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রক ও বিভাগ এবং সেইসঙ্গে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত করা হয়েছে। 'মিশন কর্মযোগী'-র সুশৃঙ্খল বাস্তবায়নের লক্ষ্যে 'স্পেশাল পারপাস ভেহিকেল' হিসেবে 'কর্মযোগী ভারত' (কেবি) এবং 'ক্যাপাসিটি বিল্ডিং কমিশন' (সিবিসি) — উভয়ে মিলে ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। বর্তমানে এই প্ল্যাটফর্মে ১.৭০ কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছেন এবং এখানে বিষয়ভিত্তিক, কার্য-সম্পাদন সংক্রান্ত ও আচরণগত দক্ষতার ওপর ৫৬০০-রও বেশি কোর্স উপলব্ধ রয়েছে। ইংরেজি ও হিন্দি সহ ২৩টি ভারতীয় ভাষায় এই কোর্সগুলি পাওয়া যায়। এর ফলে এগুলি ব্যাপকভাবে সহজলভ্য এবং আঞ্চলিক ও ভাষাগত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। iGOT-তে অন্তর্ভুক্ত কোর্সগুলির মধ্যে ১৪৩৩টি কোর্স হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষায় উপলব্ধ। iGOT পোর্টালটি এ পর্যন্ত ১৪.২৯ লক্ষেরও বেশি কোর্স সমাপ্তির শংসাপত্র প্রদান করেছে। এই পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তির ওপর ২১৮টি কোর্স রয়েছে। এগুলি সরকারি আধিকারিকদের প্রয়োজনীয় ডিজিটাল জ্ঞান ও দক্ষতা প্রদানে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। এই কোর্সগুলিতে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অফিসের কর্মদক্ষতা বৃদ্ধি, কৃষি, জনস্বাস্থ্য, এআই নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রগুলিতে এআই-এর ব্যবহারের ওপর আলোকপাত করা হয়েছে। এই কোর্সগুলিতে ৭.৩ কোটিরও বেশি এনরোলমেন্ট (নিবন্ধন) এবং ৩.৩৫ কোটিরও বেশি কোর্স সমাপ্তির বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। ব্যক্তি-কেন্দ্রিক শিক্ষা, দক্ষতা ম্যাপিং এবং কোর্স সুপারিশের ক্ষেত্রে এআই-কে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে 'iGOT এআই টিউটর', 'iGOT এআই সারথি' এবং ' এআই-সিবিপি টুল'-এর মতো বৈশিষ্ট্যগুলি চালু করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সমস্ত কোর্সের জন্য ১১টি প্রধান ভারতীয় ভাষায় সাবটাইটেল এবং ট্রান্সক্রিপ্টও প্রদান করা হচ্ছে। ২০২৫-২৬ প্রতিবেদন বছর থেকে, সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ‘অল ইন্ডিয়া সার্ভিসেস’-এর আধিকারিকদের জন্য প্রতি বছর iGOT-এ নির্ধারিত কোর্সগুলি সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। এই কোর্স সম্পন্ন করার বিষয়টি তাঁদের ‘বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন প্রতিবেদন’-এ নথিভুক্ত করা হয়। এর ফলে দক্ষতা বৃদ্ধির বিষয়টিকে মানবসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করা সম্ভব হচ্ছে। এই পোর্টালটিতে জেলা-ভিত্তিক কোনো তথ্য সংরক্ষণ করা হয় না। তবে, ওড়িশা রাজ্যের আধিকারিক ও কর্মচারীরা তাঁদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে iGOT কর্মযোগী পোর্টালটিকে সক্রিয়ভাবে কাজে লাগাচ্ছেন। এই প্রকল্পটি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য ওড়িশা রাজ্য সরকার, কেবি এবং সিবিসি-র মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে, ওড়িশা সরকারের ৪,৩১,৭২৫ জন আধিকারিক ও কর্মচারীকে এই পোর্টালে যুক্ত করা হয়েছে এবং তাঁরা মোট ৩১,৭২,১৬৭টি কোর্স সম্পন্ন করেছেন। iGOT কর্মযোগী প্ল্যাটফর্মে উপলব্ধ সমস্ত কোর্স কেন্দ্রীয়ভাবে অনলাইনে হোস্ট করা থাকে এবং প্ল্যাটফর্মে যুক্ত সকল সরকারি কর্মচারী যেকোনো স্থান থেকে সমানভাবে এগুলি ব্যবহারের সুযোগ পান।
লোকসভায় আজ একটি প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি; ভূ-বিজ্ঞান এবং প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী, (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) কর্মী, জন-অভিযোগ এবং পেনশন; পরমাণু শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।
SC/PM/DM...
(रिलीज़ आईडी: 2294903)
आगंतुक पटल : 5