স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
সংক্রামক রোগের বিরুদ্ধে জাতীয় প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ
प्रविष्टि तिथि:
21 JUL 2026 1:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২৬
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিভিন্ন জাতীয় কর্মসূচি ও প্রতিষ্ঠান, যেমন ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ (ভিআরডিএল) নেটওয়ার্ক, জিনোমিক নজরদারি উদ্যোগ এবং জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ রোগজীবাণু দ্রুত শনাক্তকরণে বর্জ্য জল বা নিকাশি জলের ওপর নজরদারি ব্যবস্থার মাধ্যমে নতুন ও বর্তমানে ছড়াতে থাকা সংক্রামক রোগ শনাক্তকরণ ও মোকাবিলার প্রস্তুতি নিয়মিত পর্যালোচনা ও জোরদার করে থাকে।
দেশজুড়ে রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অধীনে ভিআরডিএল নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটিয়ে ১৬৩টি ল্যাবরেটরিতে উন্নীত করা হয়েছে; এর মধ্যে রয়েছে ১১টি আঞ্চলিক ভিআরডিএল, ২৭টি রাজ্য-স্তরের ভিআরডিএল এবং ১২৫টি মেডিক্যাল কলেজ-ভিত্তিক ভিআরডিএল।
জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় ও রাজ্য স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ব্যবস্থা জোরদার করা হয়েছে। এটি করা হয় আইডিএসপি/আইএইচআইপি-এর অধীনে তাৎক্ষণিক নজরদারি ও রিপোর্টিং, নিয়মিত তথ্য আদান-প্রদান এবং সুসংহত প্রাদুর্ভাব মোকাবিলা ব্যবস্থার মাধ্যমে। প্রাদুর্ভাবের সময় মন্ত্রক যৌথ তদন্ত, বিপদ মূল্যায়ন, ল্যাবরেটরিতে নিশ্চিতকরণ এবং প্রয়োজন অনুযায়ী 'ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম'-এর অধীনে বহু-বিভাগীয় বিশেষজ্ঞ দল মোতায়েনের মাধ্যমে কারিগরি সহায়তা প্রদান করে থাকে।
ভবিষ্যতের জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবিলার একটি সামগ্রিক কৌশলের অংশ হিসেবে 'প্রধানমন্ত্রী-আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন' চালু করা হয়েছে। এর লক্ষ্য হল, রোগ শনাক্তকরণ ও ব্যবস্থাপনার জন্য প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা কেন্দ্র বা ব্যবস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন।
SC/MP/DM
(रिलीज़ आईडी: 2287298)
आगंतुक पटल : 8