বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ঐতিহ্যগত জ্ঞানের সংরক্ষণ জোরদার করতে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের ঐতিহ্যগত জ্ঞান ডিজিটাল লাইব্রেরিতে (CSIR-TKDL) প্রবেশাধিকার বিষয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত

प्रविष्टि तिथि: 10 JUL 2026 9:32AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ জুলাই, ২০২৬

 

৯ জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্নে তৃতীয় ভারত-অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের সময়, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) এবং আইপি অস্ট্রেলিয়া, CSIR-এর ঐতিহ্যবাহী জ্ঞান ডিজিটাল লাইব্রেরি (CSIR-TKDL)-তে প্রবেশাধিকার সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

 শীর্ষ সম্মেলনের সময়ে দ্বিপাক্ষিক আলোচনার আঠারোটি মূল ফলাফলের মধ্যে টিকেডিএল প্রবেশাধিকার চুক্তিটি অন্যতম। প্রতিরক্ষা ও নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, চলচ্চিত্র নির্মাণ, ঐতিহ্যবাহী জ্ঞান এবং সাংস্কৃতিক সম্পদ প্রত্যর্পণসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

ভারত তার সমৃদ্ধ ঐতিহ্যবাহী জ্ঞানের অপব্যবহার রোধ করার জন্য ঐতিহ্যবাহী জ্ঞান ডিজিটাল লাইব্রেরি (টিকেডিএল)তৈরি করেছে। এই চুক্তির আওতায়, অস্ট্রেলিয়ার পেটেন্ট আইন এবং পরীক্ষা পদ্ধতি অনুসারে পেটেন্ট আবেদন পরীক্ষা করার সময়ে আইপি অস্ট্রেলিয়া, প্রাসঙ্গিক পূর্ববর্তী জ্ঞান শনাক্ত করার জন্য টিকেডিএল (TKDL) ডেটাবেসে প্রবেশাধিকার পাবে। এই চুক্তিটি আরও তথ্যসমৃদ্ধ ও কার্যকর পেটেন্ট পরীক্ষাকে সহজতর করবে এবং ভারতের নথিভুক্ত ঐতিহ্যগত জ্ঞানের উপর পেটেন্ট মঞ্জুর হওয়া রোধ করতে সাহায্য করবে।

ভারত এবং অস্ট্রেলিয়া উভয় দেশেই শতাব্দীর পর শতাব্দী ধরে সমৃদ্ধ দেশীয় জ্ঞান ব্যবস্থা, ঐতিহ্যবাহী প্রথা এবং সাংস্কৃতিক অভিব্যক্তি বিকশিত হয়েছে, এর অপব্যবহারের ঝুঁকিও রয়ে গেছে। এই চুক্তি ঐতিহ্যগত জ্ঞান রক্ষা এবং নথিভুক্ত পূর্ববর্তী জ্ঞানের কার্যকর ব্যবহারের মাধ্যমে মেধাস্বত্ব ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে উভয় দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।

এই চুক্তির বাস্তবায়নের দায়িত্বে থাকবেন আইপি অস্ট্রেলিয়ার পেটেন্ট কমিশনার অ্যান্ড্রু উইলকিনসন, সিএসআইআর-এর মহাপরিচালক এবং ডিএসআইআর-এর সচিব ডঃ এন. কালাইসেলভি এবং সিএসআইআর-টিকেডিএল ইউনিটের বিজ্ঞানী-এইচ ও প্রধান ডঃ বিশ্বজননী জে. সাট্টিগেরি।

ঐতিহ্যবাহী জ্ঞান ডিজিটাল গ্রন্থাগার (CSIR-TKDL) সম্পর্কে

২০০১ সালে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (CSIR) এবং আয়ুষ মন্ত্রকের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই ডিজিটাল গ্রন্থাগার, ঐতিহ্যবাহী জ্ঞানের সুরক্ষার জন্য নিবেদিত বিশ্বের প্রথম ডেটাবেস। ভারতীয় ঐতিহ্যবাহী জ্ঞানে যা আগেই অন্তর্ভুক্ত রয়েছে, তেমন কোন বিষয়ে ভুলবশত পেটেন্ট মঞ্জুর হওয়া রোধ করতে, CSIR-TKDL-এ বর্তমানে আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধ, সোয়া রিগপা এবং যোগের ৫.২ লক্ষেরও বেশি ফর্মুলেশন এবং অনুশীলনের তথ্য রয়েছে। এগুলি বিশ্বব্যাপী পেটেন্ট পরীক্ষকদের ব্যবহারের জন্য—ইংরেজি, জার্মান, ফরাসি, জাপানি এবং স্প্যানিশ— এই পাঁচটি আন্তর্জাতিক ভাষায় অনূদিত হয়েছে। আইপি অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের ফলে, আঠারোটি পেটেন্ট অফিস এখন নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (NDAs)-এর অধীনে এই ডেটাবেসটি ব্যবহার করতে পারে। 


SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2283413) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Malayalam