প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

বিআরও-র 'ব্রহ্মাঙ্ক' প্রকল্পের ১৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

प्रविष्टि तिथि: 29 JUN 2026 2:49PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জুন, ২০২৬

 

বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)-এর 'ব্রহ্মাঙ্ক' প্রকল্পের ১৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল অরুণাচল প্রদেশের রানাঘাটে, এই অঞ্চলে কৌশলগত পরিকাঠামো উন্নয়ন ও যোগাযোগে ১৫ বছরের উৎসর্গীকৃত পরিষেবা প্রদানের অঙ্গ হিসেবে। অরুণাচল প্রদেশের সিয়াং, পূর্ব সিয়াং, পশ্চিম সিয়াং, উজানি সিয়াং এবং শিয়োমি জেলার পাশাপাশি অসমের ধেমাজি জেলার কিছু অংশে কৌশলগত সড়ক পরিকাঠামোর রক্ষণাবেক্ষণের জন্য এই প্রকল্প দায়িত্বপ্রাপ্ত। 

৮১১ কিলোমিটার দীর্ঘ রাস্তা এবং কালভার্ট থেকে শুরু করে বড় বড় ইস্পাত ও আর্চ সেতুসহ প্রায় ৮৬টি সেতুর রক্ষণাবেক্ষণের কাজ হয় এই প্রকল্পে। এই প্রকল্পে বড় কারিগরি সাফল্যের মধ্যে আছে সিয়ম নালার উপর ১০০ মিটার দীর্ঘ ইস্পাতের আর্চ সেতু এবং আলং-ইংকিয়ং রোডে সিমাং নালার উপর ১৬৫ মিটারের পিএসসি সেতু।

২০২৫-২৬ অর্থবছরে, ব্রহ্মাঙ্ক প্রকল্প উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করে, উদ্বোধন হয় ১৩টি সেতুর। সব মিলিয়ে ৩৯০ মিটারের এই সেতুগুলি অবস্থিত সিয়াং এবং সিয়ম উপত্যকায়। এছাড়া ৬১ কিলোমিটার দীর্ঘ রাস্তায় পিচঢালা হয়েছে এনএইচডিএল নির্দিষ্ট মান অনুযায়ী। এই প্রকল্পে তৈরি হয়েছে হেলিপ্যাডও, যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণে এবং কৌশলগত পরিকাঠামো শক্তিশালী করতে। 

১৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অংশ হিসেবে, একাধিক সামাজিক যোগা্যোগ এবং কল্যাণমূলক কর্মসূচি আয়োজিত হয় সদর দপ্তর এবং টাস্ক ফোর্সের শিবিরে। হয় সৈনিক সম্মেলন, বাহিনীর আলাপচারিতা এবং খাওয়া-দাওয়া। 

অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলার রানাঘাটে ২৯ জুন, ২০১১-য় প্রতিষ্ঠার পর এই প্রকল্প পুরোপুরি কার্যকর হয় ২০১১-র ৩ ডিসেম্বর। দুর্গম পাহাড়ি অঞ্চল, ঘন ঘন বৃষ্টিপাত, অপ্রতূল যোগাযোগ ব্যবস্থা এবং সীমিত পরিকাঠামোর মতো প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, এই প্রকল্প সশস্ত্র বাহিনীর জন্য কৌশলগত এবং কার্যকর যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে মুখ্য ভূমিকা নিয়েছে। সেইসঙ্গে, দুর্গম গ্রামগুলিকে এনেছে দেশের মূল স্রোতে। 

 

SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2278954) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil