কয়লা মন্ত্রক
azadi ka amrit mahotsav

ওড়িশায় ভারতের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে ‘কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 19 JUN 2026 12:50PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৬

 

জ্বালানি নিরাপত্তা জোরদার, আমদানি-নির্ভরতা কমানো এবং শিল্পক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এক বড় পদক্ষেপ হিসেবে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুদা জেলার লাখানপুরে ২৫,০১৬ কোটি টাকা ব্যয়ের একটি কয়লা গ্যাসীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জ্বালানি নিরাপত্তা জোরদার করা, গুরুত্বপূর্ণ কাঁচামালের আমদানি-নির্ভরতা কমানো, দেশীয় কয়লা সম্পদের মূল্য সংযোজন এবং ডাউনস্ট্রিম বা পরবর্তী পর্যায়ের শিল্পগুলির বিকাশে সহায়তা করার ক্ষেত্রে ভারতের কৌশলের একটি প্রধান স্তম্ভ হিসেবে কয়লা গ্যাসীকরণ উঠে আসছে। এই প্রক্রিয়ায় কয়লাকে সিন্থেসিস গ্যাসে (সিনগ্যাস) রূপান্তরিত করা হয়; যা মিথানল, ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, সিন্থেটিক প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য রাসায়নিক কাঁচামালের মতো বিভিন্ন ধরনের মূল্য-সংযোজিত পণ্য উৎপাদনের কাজে ব্যবহার করা যেতে পারে।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশ এবং 'কোল ইন্ডিয়া লিমিটেড' বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী কোম্পানি। ভারতের কাছে বিশ্বের পঞ্চম বৃহত্তম কয়লার মজুতভাণ্ডার রয়েছে, যার পরিমাণ ৪০০ বিলিয়ন টনেরও বেশি। কয়লা গ্যাসীকরণের মাধ্যমে এই সম্পদের সঠিক ব্যবহারের ফলে দেশের শিল্প পরিকাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ কাঁচামাল ও রাসায়নিকের আমদানি-নির্ভরতা কমানো সম্ভব হতে পারে।

কয়লা গ্যাসীকরণের এই রূপান্তরমূলক সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে, ভারত সরকার সারা দেশে সারফেস কোল এবং লিগনাইট গ্যাসীকরণ প্রকল্পগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে মোট ৪৬,০০০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের বিভিন্ন উৎসাহদান প্রকল্প অনুমোদন করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো সারা দেশে কয়লা গ্যাসীকরণ প্রকল্প স্থাপন ত্বরান্বিত করা, কৌশলগত শিল্প ও রাসায়নিক পণ্য উৎপাদনের জন্য দেশীয় কয়লার ব্যবহারকে উৎসাহিত করা এবং প্রাকৃতিক গ্যাস, মিথানল, অ্যামোনিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা কমানো।

বর্তমানে ভারত প্রতি বছর প্রায় ২.৭ লক্ষ কোটি টাকার চূড়ান্ত ও মধ্যবর্তী রাসায়নিক পণ্য আমদানি করে। কয়লা গ্যাসীকরণ এই আমদানি কমানোর এবং উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার এক বড় সুযোগ করে দেয়; পাশাপাশি এটি শিল্পের বিকাশ ও অর্থনৈতিক স্বনির্ভরতাকে সহায়তা করার পাশাপাশি দেশীয় উৎপাদন সক্ষমতাকেও শক্তিশালী করে।

কয়লা গ্যাসীকরণকে উৎসাহিত করার এই উদ্যোগটি ২.৫ থেকে ৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগকে উৎসাহ দেবে এবং কয়লা-সমৃদ্ধ অঞ্চলগুলিতে ২৫টি প্রকল্পের মাধ্যমে প্রায় ৫০,০০০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। লাখানপুর প্রকল্পটি ভারতের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে 'কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট' উৎপাদন কেন্দ্র হিসেবে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে 'ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড' (বিসিজিসিএল)। এটি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (ভেল) এবং কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)-এর একটি যৌথ উদ্যোগ। ভেল-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'কোল গ্যাসিফিকেশন' বা কয়লা গ্যাসীকরণ পদ্ধতি ব্যবহার করে এই কেন্দ্রে প্রতিদিন ২,০০০ টন অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন করা হবে।

গত এপ্রিলে বিসিজিসিএল এবং সিআইএল-এর সহযোগী সংস্থা 'মহানদী কোলফিল্ডস লিমিটেড' (এমসিএল)-এর মধ্যে জমি ইজারা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এমসিএল-এর মালিকানাধীন প্রায় ৩৫০ একর জমির ওপর এই প্রকল্পটি গড়ে উঠবে; এটি প্রয়োজনীয় সব অনুমোদন লাভ করেছে এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানের পরই এর কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কয়লা মন্ত্রক এ ধরনের প্রকল্পের জন্য কয়লা-সমৃদ্ধ এলাকার জমি ব্যবহারের অনুমতি দিয়েছে এবং তাদের উৎসাহদান প্রকল্পের আওতায় ১,৩৫০ কোটি টাকার সহায়তা প্রদান করছে।

এই প্রকল্পটি ভবিষ্যতে কয়লা গ্যাসীকরণ উদ্যোগগুলোর জন্য আদর্শ হিসেবে কাজ করবে এবং ভারতকে একটি স্বনির্ভর উৎপাদন ও শিল্প-শক্তিধর দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উল্লেখযোগ্য অবদান রাখবে। পরিবেশ-বান্ধব কয়লা প্রযুক্তির প্রসার ঘটানো, দেশীয় সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা এবং 'আত্মনির্ভর ভারত'-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এক শক্তিশালী ও স্থিতিস্থাপক শিল্প-পরিমণ্ডল গড়ে তোলার যে অঙ্গীকার সরকার গ্রহণ করেছে, লাখানপুর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন তার এক উজ্জ্বল নিদর্শন।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2275303) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Tamil , Telugu