গ্রাম উন্নয়ন মন্ত্রক
২০২৬-২৭ অর্থবছরে ২৬,০০০ কিলোমিটারেরও বেশি গ্রামীণ সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা; রাজ্যগুলোর সাথে কাজের অগ্রগতির পর্যালোচনা করল কেন্দ্র
प्रविष्टि तिथि:
18 JUN 2026 10:34AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৮ জুন, ২০২৬: ২০২৬-২৭ অর্থবছরে ভারত সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা (পিএমজিএসওয়াই) এবং অন্যান্য গ্রামীণ যোগাযোগ উদ্যোগের আওতায় ২৬,৪৭৪ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করার জন্য ১৮,৯০৭ কোটি বরাদ্দ করেছে।

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তথা পিএমজিএসওয়াই এবং 'বামপন্থী উগ্রবাদ-কবলিত এলাকার জন্য সড়ক সংযোগ প্রকল্প আরসিপিএলডাব্লিউইএ-এর আওতায় রাজ্যভিত্তিক ভৌত ও আর্থিক অগ্রগতি পর্যালোচনা করে দেখার জন্য কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে বিস্তারিত আলোচনা করে৷ ভারত সরকারের গ্রামোন্নয়ন বিভাগের সচিব শ্রী রোহিত কানসাল এই সভায় সভাপতিত্ব করেছেন৷

অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, রাজস্থান এবং তেলেঙ্গানা রাজ্যগুলোর অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং রাজ্য গ্রামীণ সড়ক উন্নয়ন সংস্থার (এসআরআরডিএ) চিফ এক্সিকিউটিভ অফিসারের মতো ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পর্যালোচনা সভায় অংশ নিয়েছিলেন৷
'লাস্ট-মাইল কানেক্টিভিটি' বা প্রান্তিক পর্যায়ে সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব আরোপ
বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য রাজ্যভিত্তিক লক্ষ্যমাত্রা এবং প্রকল্পগুলির বাস্তবায়নের বর্তমান অবস্থা সম্পর্কে ব্যাপক পর্যালোচনা করেছেন গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব। এই সময়ের মধ্যে দেশের যেসব এলাকায় এখনও সড়ক সংযোগ পৌঁছায়নি, সেই এলাকাগুলিতে গ্রামীণ সংযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ করার (স্যাচুরেশন) ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে৷
রাজ্যগুলোকে পিএমজিএসওয়াই-১ এবং পিএম-জনমন প্রকল্পের আওতায় সংযোগহীন অবশিষ্ট বসতিগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷ বিশেষ করে 'বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী' (পিভিটিজি)-র গ্রামগুলোর দিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে। সব ঋতুতে চলাচলের উপযোগী সড়ক সংযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রকের সচিব রাজ্যগুলোকে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরির কাজ ত্বরান্বিত করতে, বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করতে এবং ঝুলে থাকা সংযোগ প্রকল্পগুলোর কাজ সময়মতো সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছেন৷

বৈঠকে আরসিপিএলডাব্লিউইএ -এর আওতায় নির্মিয়মান সড়কগুলির অগ্রগতির বিষয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। বামপন্থী উগ্রবাদ-কবলিত জেলাগুলিতে সড়ক পরিকাঠামোর কৌশলগত গুরুত্বের কথা বিবেচনা করে, সচিব সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন যেন তারা বাস্তবায়নকারী সংস্থাগুলির সাথে নিবিড় সমন্বয় বজায় রাখেন এবং অনুমোদিত সমস্ত কাজ সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়টিকে নিশ্চিত করেন।
অংশগ্রহণকারী রাজ্যগুলির পক্ষ থেকে এই মর্মে বেশ কিছু সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পেশ করা হয়েছে এবং রাজ্য সরকারগুলির তরফে গ্রামোন্নয়ন মন্ত্রককে আশ্বস্ত করা হয়েছে যে, সমস্ত অসমাপ্ত কাজ ও বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করা হবে।
গুণমান ও ডিজিটাল শাসনব্যবস্থাকে জোরদার করা
এই পর্যালোচনা বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল গ্রামীণ সড়ক পরিকাঠামোর গুণমান এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করা। সচিব জোর দিয়ে বলেছেন যে, সুস্থায়ী ও নির্ভরযোগ্য গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য গুণমানের মানদণ্ড কঠোরভাবে মেনে চলা এবং কার্যকর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা থাকা অত্যন্ত অপরিহার্য।

রাজ্যগুলোকে মাঠপর্যায়ে পরিদর্শন জোরদার করতে, গুণমান তদারকি ব্যবস্থাকে উন্নত করতে এবং প্রকল্প বাস্তবায়নের গোটা সময়জুড়ে কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে 'ই-মার্গ' (পিএমজিএসওয়াই-এর আওতায় গ্রামীণ সড়কের ইলেকট্রনিক রক্ষণাবেক্ষণ) প্ল্যাটফর্মটিকে সর্বস্তরে ব্যবহার করার ওপরও জোর দেওয়া হয়েছে৷ এই প্ল্যাটফর্মের মাধ্যমে রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সঠিক সময় বা তাৎক্ষণিক তদারকি, কর্মদক্ষতা মূল্যায়ন এবং অর্থপ্রদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করা সম্ভব। এই প্ল্যাটফর্মের ব্যাপক ব্যবহারের ফলে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ভবিষ্যৎ কর্মপন্থা
পর্যালোচনা সভার শেষে সচিব বাস্তবায়ন সংক্রান্ত সমস্ত জটিলতা নিরসন, জমি অধিগ্রহণ ও বন বিভাগের ছাড়পত্র সংক্রান্ত প্রস্তাবগুলোর প্রক্রিয়া দ্রুততর করা, প্রকল্পের নির্ধারিত মাইলফলকগুলো সময়মতো পূরণ করা এবং রাজ্য সরকার, ন্যাশনাল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সি (এনআরআইডিএ) ও গ্রামোন্নয়ন মন্ত্রকের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে রাজ্যগুলোর জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন৷
রাজ্যগুলোর পক্ষ থেকে এই সমস্ত প্রকল্প বাস্তবায়নের গতিকে ত্বরান্বিত করা, পরিকাঠামোর গুণমান উন্নত করা এবং সারা দেশের প্রতিটি যোগ্য বসতিতে সব ঋতুতে চলাচলের উপযোগী সড়ক যোগাযোগের সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়ে তাদের প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেছে৷
*****
PS/DM/KMD
(रिलीज़ आईडी: 2274570)
आगंतुक पटल : 5