রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

নাগপুর এইমস-এর সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: 15 APR 2026 1:18PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৫ এপ্রিল, ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ মহারাষ্ট্রে নাগপুর এইমস-এর সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতি বলেন চিকিৎসা পরিষেবাকে শুধুমাত্র একটি পেশাদার ক্ষেত্র হিসেবে বিবেচনা করলে হবে না, বরং মানব জাতির সেবায় সংবেদনশীলভাবে দায়িত্বপালন করতে হবে। একজন চিকিৎসক রোগ নিরাময়ের পাশাপাশি আক্রান্তের মনে আশার সঞ্চার করেন। চিকিৎসকের পরামর্শ রোগীকে যেমন মানসিক শক্তি জোগায়, একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও ভরসা পান। চিকিৎসকরা প্রায়সই নানা চ্যালেঞ্জের মোকাবিলা করেন, কিন্তু সেই সময়ে তাঁদের সংবেদনশীলভাবে রোগী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গেও আচরণ করতে হবে। রোগী এবং তার পরিবারের সদস্যদের চিকিৎসকদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। চিকিৎসক এবং রোগীর মধ্যে এভাবেই আস্থা বজায় থাকবে।  

রাষ্ট্রপতি বলেছেন, নাগরিকদের সুস্বাস্থ্য বজায় থাকলেই দেশের উন্নয়ন এবং ব্যক্তি জীবনে মানবকল্যাণ নিশ্চিত হবে। নাগরিকদের সুস্বাস্থ্য নিস্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার গত এক দশক ধরে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে তাঁরা দেশ গড়ার কাজে নিজেদের সমস্ত ক্ষমতা কাজে লাগাতে পারবেন। 

রাষ্ট্রপতি বলেছেন, দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন এইমস গড়ে তোলার ফলে দেশজুড়ে উন্নত চিকিৎসা পরিষেবা যেমন নিশ্চিত হয়েছে পাশাপাশি ডাক্তারি পড়ার ক্ষেত্রে সুযোগও বেড়েছে। গত কয়েক বছরে নাগপুর এইমস ডাক্তারি শিক্ষা, গবেষণা, উন্নত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি ভরসাযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। 

শ্রীমতী মুর্মু বলেছেন, চিকিৎসকদের সারা জীবন সেবা করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। যেকোনও ক্ষেত্রে উন্নয়নের মূল ভিত হল অনুসন্ধিৎসু মানসিকতা। চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন সমস্যার নতুন নতুন পন্থা পদ্ধতিতে সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে চিকিৎসকরা মানব জাতির সেবা করতে পারেন। প্রযুক্তির ক্রমশ বিকাশ হওয়া সত্ত্বেও রোগীদের সেবা করার মানসিকতা বজায় রাখতে হবে। রাষ্ট্রপতি বলেন, যাঁরা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরা মানব জাতির সেবা করার এক দুলর্ভ সুযোগ পেয়েছেন। তাদের সংবেদনশীল হয়ে গর্বের সঙ্গে নিজ দায়িত্ব পালন করতে হবে। যাঁরা আজ ডিগ্রি পেলেন তাঁরা ভবিষ্যতের ব্যক্তিজীবনে সাফল্য অর্জন করবেন বলে রাষ্ট্রপতি আশা ব্যক্ত করেছেন। স্বাধীনতার শততম বর্ষে বিকশিত ভারত গড়ার যে লক্ষ্য ধার্য করা হয়েছে, তা নিশ্চিত ভাবেই অর্জিত হবে। 

রাষ্ট্রপতির মূল ভাষণটি পড়তে এই লিঙ্কটি ক্লিক করুন-

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/apr/doc2026415847701.pdf

 

SC/CB/SG


(রিলিজ আইডি: 2252306) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati