পরিবেশওঅরণ্যমন্ত্রক
জীববৈচিত্র্য (সংশোধন) আইন, ২০২৩-এর আওতায় নিয়ন্ত্রণমূলক সংস্কারের ফলে আইপিআর ফাইলিংয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে
প্রকাশিত:
01 APR 2026 8:50AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ এপ্রিল, ২০২৬
জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ ভারতের জৈব সম্পদের সঙ্গে সম্পর্কিত মেধা স্বত্ব অধিকারের আবেদনের (আইপিআর) সংখ্যায় এক উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করেছে; যা জীববৈচিত্র্য, গবেষণা, উদ্ভাবন এবং শিল্প উন্নয়নের মধ্যে ক্রমবর্ধমান সংহতিরই প্রতিফলন। 'জীববৈচিত্র্য (সংশোধন) আইন, ২০২৩'-এর সুবাদে এই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এই আইন জৈব সম্পদ এবং এর সঙ্গে যুক্ত প্রথাগত জ্ঞান ব্যবহারের নিয়ন্ত্রণমূলক কাঠামোকে আরও শক্তিশালী ও সুনির্দিষ্ট করেছে।
সংশোধিত আইনের ৭ ধারার আওতায় বলা হয়েছে, ভারতের উৎসজাত জৈব সম্পদের ওপর ভিত্তি করে কোনো মেধা স্বত্ব অধিকার, যার মধ্যে পেটেন্টও অন্তর্ভুক্ত, তার দাবি জানানোর আগে আবেদনকারীদের অবশ্যই NBA-এর কাছ থেকে একটি 'নিবন্ধন সনদ' (CoR) সংগ্রহ করতে হবে। এর ফলে, মেধা স্বত্ব অধিকার সংক্রান্ত সামগ্রিক ব্যবস্থায় স্বচ্ছতা এবং দায়বদ্ধতা বেড়েছে, পাশাপাশি জৈব সম্পদের ব্যবহার যাতে জাতীয় আইন এবং সংরক্ষণ ও ন্যায্য ও সমতাপূর্ণ সুবিধা বণ্টনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তা সুনিশ্চিত হয়েছে।
সংশোধিত এই কাঠামোটি বিভিন্ন কার্যপ্রণালীকে আরও সুবিন্যস্ত করেছে এবং অনুমোদনের জন্য সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করেছে, যার ফলে একটি 'নিবন্ধন-ভিত্তিক ব্যবস্থা'-র দিকে এগনো গেছে। এপ্রিল ২০২৪ থেকে মার্চ ২০২৫ সময়কালে, প্রায় ৮৫৭টি মেধা স্বত্ব অধিকারের আবেদন জমা পড়ে এবং যেসব আবেদন যথাযথ ও ত্রুটিমুক্ত হিসেবে বিবেচিত হয়, সেগুলোর জন্য ৭৯২টি নিবন্ধন সনদ (CoR) ইস্যু করা হয়। পরবর্তী সময়কালে—অর্থাৎ এপ্রিল ২০২৫ থেকে মার্চ ২০২৬-এর মধ্যে—সংশ্লিষ্ট দপ্তরটি ১,০৭৭টি মেধা স্বত্ব অধিকারের আবেদন গ্রহণ করে এবং ৮৮৫টি নিবন্ধন সনদ ইস্যু করে; যা আবেদন জমা পড়ার ক্ষেত্রে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা।
এই আবেদনগুলি জৈব প্রযুক্তি, ঔষধ শিল্প, রসায়ন শিল্প, খাদ্য বিজ্ঞান, জৈব রসায়ন, কৃষি-রসায়ন, পলিমার প্রযুক্তি, অণুজীব বিজ্ঞান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বস্ত্র শিল্প এবং অন্যান্য বিজ্ঞান-ভিত্তিক শিল্পক্ষেত্র থেকে জমা পড়েছে। এটি এই সুবিন্যস্ত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার ব্যাপক গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতারই প্রতিফলন।
জৈব সম্পদের সঙ্গে সম্পর্কিত মেধা স্বত্ব অধিকারের ক্ষেত্রে পূর্ব-নিবন্ধন বাধ্যতামূলক করার এবং অনুমোদনের প্রক্রিয়াগুলোকে সহজতর করার মাধ্যমে, 'জীববৈচিত্র্য (সংশোধন) আইন, ২০২৩' একটি দায়িত্বশীল উদ্ভাবন-বান্ধব পরিবেশ গড়ে তুলছে—এমন একটি পরিবেশ যা বৈজ্ঞানিক অগ্রগতির সঙ্গে সংরক্ষণের অগ্রাধিকারগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখে এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে ন্যায্য ও সমতাপূর্ণ সুবিধা বণ্টন নিশ্চিত করে।
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2247642)
ভিজিটরের কাউন্টার : 5