কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

দরিদ্রদের উন্নয়ন, গ্রামোন্নয়ন এবং ‘লাখপতি দিদি’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক নতুন মডেল তৈরি করেছি আমরা: শিবরাজ সিং চৌহান

প্রকাশিত: 17 MAR 2026 9:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৬ 

 

কৃষি, কৃষক কল্যাণ, গ্রামোন্নয়ন এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার রাজ্যসভায় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পের অবদান ব্যাখ্যা করেন। মহাত্মা গান্ধীর পরম্পরাকে ধরে এমজিএনআরইজিএ থেকে শুরু করে বিকশিত ভারত - জি রাম জি, পিএম আবাস, আয়ুষ্মান ভারত, বিনামূল্যে রেশন, লাখপতি দিদি এবং গ্রামোন্নয়ন প্রকল্পগুলি দেশের অগ্রগতির চালিকাশক্তি হয়ে উঠেছে। তিনি বলেন, দেশবাসীর চিন্তা, আবেগ এবং যৌথ চেতনার সঙ্গে মহাত্মা গান্ধী অঙ্গাঙ্গীভাবে জড়িত। 
বিকশিত ভারত - জি রাম জি, এমজিএনআরইজিএ-র আধুনিক সংস্করণ বলে ব্যাখ্যা করে শ্রী শিবরাজ সিং চৌহান বলেন, কৃষক ও শ্রমিক উভয়কেই ১০০ দিনের পরিবর্তে কাজের বিধিবদ্ধ নিশ্চয়তা ১২৫ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। সেইসঙ্গে, উন্নত মজুরি, কাজ না থাকলে তারও অনুদান, মজুরি দিতে দেরী হলে সুদ প্রদানের আইনি নিশ্চয়তার সংস্থানও রাখা হয়েছে। তিনি বলেন, বিকশিত ভারত – জি রাম জি প্রকল্পে এ পর্যন্ত সর্ববৃহৎ ৯৫,৬৯২ কোটি টাকার কেন্দ্রের বাজেট সংস্থান রাখা হয়েছে। তহবিলের সংস্থান নিয়ে বিরোধীদের অভিযোগের উত্তরে তিনি বলেন, ঝাড়খন্ড, কেরল, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, মিজোরাম, তামিলনাডু সহ প্রায় সব রাজ্যই তাদের বাজেটে এই প্রকল্পের জন্য সংস্থান রেখেছে। কংগ্রেস শাসিত বা অন্য দলের পরিচালিত রাজ্যগুলির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। 
বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ‘দিল্লিতে আপনারা প্রতিবাদ করতে পারেন, কিন্তু যে রাজ্যে আপনারা সরকার চালান, সেই রাজ্যগুলিও এই প্রকল্পে অনুমোদন দিয়েছে’। সারা দেশজুড়ে এই চিত্র পরিলক্ষিত হচ্ছে। 
দরিদ্র, গ্রাম এবং লাখপতি দিদি-কেন্দ্রিক নতুন মডেল প্রসঙ্গে শ্রী চৌহান বলেন, দরিদ্র-বান্ধব একগুচ্ছ প্রকল্প সরকার রূপায়িত করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোটি কোটি পাকা বাড়ি নির্মিত হয়েছে। ১১ কোটিরও বেশি শৌচালয় নির্মাণ করা হয়েছে। উজ্জ্বলা যোজনায় কোটি কোটি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। হর ঘর জল প্রকল্পে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন। আয়ুষ্মান ভারত যোজনায় ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুযোগ পাচ্ছেন। এছাড়াও, জন ঔষধি কেন্দ্রগুলিতে সাশ্রয়ী দামে ওষুধ, ৮০ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন। ৫২ কোটিরও বেশি মুদ্রাঋণ প্রদান করা হয়েছে। এছাড়াও, স্কিল ইন্ডিয়া, অটল পেনশন যোজনা, পিএম গরীব কল্যাণ, কিষাণ সম্মান নিধি রূপায়িত হয়েছে। তিনি বলেন, প্রান্তিক মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের দায়বদ্ধতা।
নারী ক্ষমতায়ন প্রসঙ্গে শ্রী চৌহান বলেন, আজ কোটি কোটি নারী লাখপতি দিদির মতো উদ্যোগ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এগিয়ে যাচ্ছে। ব্যাঙ্কিং সংযোগ, উদ্যোগ এবং ড্রোন দিদি, কৃষি সখী, ব্যাঙ্ক সখী এবং পশু সখীর মতো মডেলের মাধ্যমে মহিলারা আর্থিক বা সামাজিকভাবে এগিয়ে যাচ্ছেন। ৬ কোটি লাখপতি দিদি তৈরির লক্ষ্যমাত্রা সরকারের সামনে রয়েছে বলে তিনি জানান।
পশ্চিমবঙ্গ’কে এমজিএনআরইজিএ-র তহবিল প্রদান বন্ধ রাখা নিয়ে রাজ্যের প্রতি বৈষম্যের অভিযোগে শ্রী চৌহান বলেন, এটা সম্পূর্ণ আইনি ও প্রশাসনিক দায়বদ্ধতা মেনে করা হয়েছে। এর পেছনে কোনও রাজনীতি নেই। তিনি বলেন, সোস্যাল অডিট ও অন্যান্য নানা ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি ধরা পড়েছে। ভুয়ো জব কার্ড, আর্থিক কারচুপির এক বিরাট চিত্র ধরা পড়েছে। প্রবীণ নাগরিকদের শ্রমিক হিসেবে দেখিয়ে অন্য আরও মানুষের নাম নথিভুক্ত করে কোনও কাজ ছাড়াই এমজিএনআরইজিএ-র তহবিল থেকে টাকা তোলা হয়েছে। প্রায় ১১ লক্ষ দুর্নীতি এতে ধরা পড়েছে। কেন্দ্রের তরপ থেকে বারংবার সংশোধন করা সত্ত্বেও কোনও রকম সংশোধন করা হয়নি। এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশকেও উপেক্ষা করা হয়েছে। এই কারণবশতই, পশ্চিমবঙ্গকে ঘটনাচক্রে এমজিএনআরইজিএ-র তহবিল প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, পিএম আবাস এবং কৃষি সংক্রান্ত অন্যান্য ক্ষেত্রে পশ্চিমবঙ্গে তহবিল প্রদান চালু রয়েছে। 
বৈশ্বিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস বা তেল সঙ্কটই হোক বা রাশিয়া – ইউক্রেন সংঘর্ষ, বিশ্বের প্রধান শক্তিগুলি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের স্বার্থকে সর্বদা অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, সমৃদ্ধ, আত্মনির্ভর, শক্তিশালী, উন্নত ভারত (বিকশিত ভারত) থেমে থাকবে না। শ্রী মোদীর নেতৃত্ব দেশকে উন্নয়নের নতুন শিখরে পৌঁছে দেবে। 

 


SC/AB/SB…


(রিলিজ আইডি: 2241649) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati