পর্যটনমন্ত্রক
azadi ka amrit mahotsav

আদিবাসী হোম-স্টে মালিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির সূচনা করল আইটিডিসি এবং আদিবাসী বিষয়ক মন্ত্রক

প্রকাশিত: 17 MAR 2026 11:39AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৬

 

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (আইটিডিসি), আদিবাসী বিষয়ক মন্ত্রকের সহযোগিতায় নতুন দিল্লির হোটেল সম্রাট-এ আদিবাসী হোম-স্টে মালিকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মসূচির সূচনা করেছে। 

গোষ্ঠী-ভিত্তিক পর্যটনের প্রসার এবং দেশজুড়ে আদিবাসী হোম-স্টে মালিকদের আতিথেয়তা সংক্রান্ত পেশাদারী দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরিষেবার মানোন্নয়ন, পর্যটকদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং আদিবাসী গোষ্ঠীর সুস্থিত জীবিকার ব্যবস্থা করা এই কর্মসূচির লক্ষ্য। অরুণাচল প্রদেশ, সিকিম ও গুজরাটের ৪০ জন প্রথম দফায় এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। 

অনুষ্ঠানে আদিবাসী বিষয়ক মন্ত্রকের সচিব শ্রীমতী রঞ্জনা চোপড়া, অতিরিক্ত সচিব মণীশ ঠাকুর, আইটিডিসি-র ম্যানেজিং ডিরেক্টর মুগ্ধা সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আদিবাসী হোম-স্টে – পরিচালন ও উন্নয়ন বিধিনিয়ম, ২০২৬-এর আনুষ্ঠানিক প্রকাশ হয়। এই বিধিনিয়মে দেশজুড়ে আদিবাসী হোম-স্টেগুলির উন্নয়ন ও পেশাদার পরিচালনার সুসংবদ্ধ কাঠামো রয়েছে। হিন্দি, গুজরাটি সহ বিভিন্ন ভাষায় এটি প্রকাশ করা হয়েছে। 

আদিবাসী বিষয়ক মন্ত্রকের সচিব শ্রীমতী রঞ্জনা চোপড়া বলেন, ভারতীয় পর্যটকদের মানসিকতা বদলাচ্ছে। এখনকার পর্যটকরা এমন জায়গা খুঁজছেন যা নির্জন, দূষণমুক্ত এবং প্রকৃতির কাছাকাছি। ভারতের মতো দেশে যেখানে হোটেলের সংখ্যা যথেষ্টই কম, সেখানে হোম-স্টেগুলি পর্যটকদের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এর মাধ্যমে আদিবাসী পরিবারগুলিও জীবিকার সুস্থিত উপায় খুঁজে পেতে পারে। হোম-স্টে মালিকরা যদি আতিথেয়তা শিল্পের মৌলিক নীতিগুলির সঙ্গে পরিচিত হয়ে যান, তাহলে এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিগুলির চেহারা বদলে দিতে পারে। আইটিডিসি-র ৬০ বছর পূর্তিতে আদিবাসী বিষয়ক মন্ত্রকের সঙ্গে অংশীদারিত্বে এই উদ্যোগ এক উল্লেখযোগ্য মাইলফলক। যে ছোট্ট বীজ আজ এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বপন করা হচ্ছে, তা একদিন সুস্থিত শক্তিশালী মডেলে রূপান্তরিত হবে। এর থেকে অনুপ্রাণিত হয়ে আরও অনেক গোষ্ঠী পর্যটন-ভিত্তিক জীবিকা বেছে নেবেন।

আইটিডিসি-র ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতী মুগ্ধা সিনহা বলেন, প্রধানমন্ত্রীর দেশে ১ লক্ষ হোম-স্টে গড়ে তোলার যে ভাবনা ছিল, তার থেকে প্রাণিত হয়ে ভারতে হোম-স্টে আন্দোলন জোরদার হয়ে উঠেছে। প্রাথমিকভাবে এই কর্মসূচির লক্ষ্য ১,৫০০ জন অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ দেওয়া। তাঁরা আবার অন্যদের প্রশিক্ষণ দিয়ে প্রতিটি রাজ্যে প্রশিক্ষিত হোম-স্টে মালিকদের একটি শ্রেণী গড়ে তুলবেন। পর্যটন মন্ত্রক ও আদিবাসী বিষয়ক মন্ত্রক সম্মিলিতভাবে এমন এক কাঠামো তৈরি করছে যা দেশে সুস্থিত পর্যটনের প্রসার ঘটাবে এবং আদিবাসীদের নতুন জীবিকার সন্ধান দেবে। 


SC/SD/DM


(রিলিজ আইডি: 2241224) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Telugu