প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভার্চ্যুয়াল মাধ্যমে কর্ণাটকের ভেমাগাল-এ এইচ-১২৫ হেলিকপ্টারের যন্ত্রাংশের চূড়ান্ত সংযুক্তিকরণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রকাশিত: 17 FEB 2026 10:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

মুম্বাই থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট শ্রী ইমানুয়েল ম্যাক্রঁ আজ কর্ণাটকের ভেমাগাল-এ এইচ-১২৫ হেলিকপ্টারের যন্ত্রাংশের চূড়ান্ত সংযুক্তিকরণ কেন্দ্রের (ফাইনাল অ্যাসেম্বলি লাইন) উদ্বোধন করেছেন। 

ভেমাগাল-এ উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী শ্রীমতী ক্যাথারিন ভাউট্রিন। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান প্রতিমন্ত্রী শ্রী কে আর নাইডু, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং প্রমুখ।

ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, টাটা অ্যাডভান্সড সিস্টেমস-এর এই কেন্দ্রটি ভারত ও ফ্রান্সের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইলফলক। সি-২৯৫ পরিবহণ বিমান ভারতে তৈরি করার পর এই কেন্দ্রটি টিএএসএল এবং এয়ারবাস হেলিকপ্টার্স-এর একটি উল্লেখযোগ্য উদ্যোগ বলে প্রতিরক্ষা মন্ত্রী মন্তব্য করেন। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন যন্ত্রের নির্মাতা সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়াতেও এই উদ্যোগ সহায়ক হবে বলে প্রতিরক্ষা মন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, ২০১৪-র পর থেকেই ‘মেক ইন ইন্ডিয়া’ এবং আত্মনির্ভর ভারত কর্মসূচি এ দেশের অর্থনৈতিক নীতির অন্যতম ভিত্তি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন সরকার বন্ধুভাবাপন্ন দেশগুলির সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম নির্মাণের মাধ্যমে এই নীতিগুলি রূপায়ণ করে চলেছে। 

শ্রী রাজনাথ সিং বলেন, এইচ-১২৫ কর্মসূচি বাবদ লগ্নির পরিমাণ ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভূত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিভিন্ন ধরনের আবহাওয়াতে কাজ করতে সক্ষম এইচ-১২৫ হেলিকপ্টারের কার্যকারিতা ইতিমধ্যেই প্রমাণিত। 

এক দশকেরও বেশি সময় ধরে ভারত পরিকাঠামো নির্মাণ, মূলধনের সংস্থান এবং উৎপাদন সংযুক্ত উৎসাহদান প্রকল্পের মতো নানা কর্মসূচির মাধ্যমে বাণিজ্য সহায়ক পরিবেশ ও শক্তিশালী স্টার্ট-আপ পরিমণ্ডল গড়ে তোলায় সচেষ্ট বলে প্রতিরক্ষা মন্ত্রী উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারত এমন এক শিল্প বিকাশের পথে এগোতে চায় যা শুধু এই দেশের নয়, অন্য দেশেরও চাহিদা পূরণে সক্ষম। প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধিতে তাঁর মন্ত্রকের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রের অবদান প্রায় এক-চতুর্থাংশে দাঁড়িয়েছে বলে তিনি জানান। এর ফলে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সহায়ক নানা ক্ষেত্র বিকশিত হয়ে উঠছে বলে উল্লেখ করেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি আরও বলেন, বর্তমানে বিদেশের বহু সংস্থা ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে উৎপাদিত পণ্য আমদানি করে থাকে। 

 

SC/SD/DM..


(রিলিজ আইডি: 2230037) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Telugu , Kannada