বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
আঞ্চলিক মুক্ত ডিজিটাল স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৫-এর দ্বিতীয় দিনে অংশগ্রহণকারী দেশগুলি বিভিন্ন ব্যবস্থার মধ্যে সমন্বয় সম্বলিত একটি স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেছে
প্রকাশিত:
21 NOV 2025 1:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ নভেম্বর, ২০২৫
নতুন দিল্লিতে আঞ্চলিক মুক্ত ডিজিটাল স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৫-এর দ্বিতীয় দিনে দক্ষিণ-পূর্ব এশিয়ার অংশগ্রহণকারী দেশগুলি স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছে। আলোচনায় জাতীয় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাপনা ছাড়াও স্বাস্থ্য ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তিমোর-লিস্টে এবং ভারত স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যার সমাধানে নানাধরনের উদ্ভাবনমূলক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছে।
ভারত স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল ব্যবস্থাপনা প্রয়োগে তার সাফল্য তুলে ধরে। এক্ষেত্রে এইচএমআইএস, কেয়ার এক্সপার্ট এবং কেয়ার ৩.০ নিয়ে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কা জানিয়েছে, তাদের নজরদারি ব্যবস্থায় বৈদ্যুতিন পদ্ধতিতে স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড সংরক্ষিত রাখা হচ্ছে। বাংলাদেশ, ভুটান, নেপাল ও মালদ্বীপ স্থানীয় চাহিদা অনুসারে একটি মুক্ত ও ডিজিটাল পরিকাঠামোকে কিভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা করেছে। থাইল্যান্ড বিভিন্ন অসুখের নজরদারি চালানোর ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থাপনার প্রয়োগ সম্পর্কে তাদের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে। একটি অবাধ জাতীয় ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তিমোর-লিস্টে তার পরিকল্পনার কথা জানিয়েছে।
সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র ‘স্মার্ট’ গাইডলাইন অনুসরণ করা, ডিজিটাল অ্যাডাপটেশন কিট, এইচএল৭ –এর মতো ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় প্রযুক্তি এককভাবে সর্বজনীন একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে না। আস্থা ও প্রশাসনিক উদ্যোগ এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে বলে সম্মেলনে আলোচিত হয়েছে। শুধুমাত্র প্রযুক্তির উপর নির্ভর না করে প্রাণবন্ত একটি দায়বদ্ধ প্রশাসনের মাধ্যমে সুস্থায়ী ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের প্রয়োজন বলে অংশগ্রহণকারীরা মতপ্রকাশ করেছেন, যেখানে নাগরিকদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হবে।
SC/CB/SKD
(রিলিজ আইডি: 2192728)
ভিজিটরের কাউন্টার : 24