স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
চার লক্ষের বেশি মানুষ বুধবার আয়ুষ্মান ভারত ব্লক স্তরীয় স্বাস্থ্য মেলায় যোগ দেন; সারা দেশজুড়ে তৃতীয় দিনে ৪৮৪টি ব্লকে স্বাস্থ্য মেলার আয়োজন
প্রকাশিত:
21 APR 2022 4:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ এপ্রিল, ২০২২
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ১৬-২২ এপ্রিল পর্যন্ত আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও রোগী কল্যাণ কেন্দ্রের চতুর্থ বার্ষিকী উদযাপন করছে। চতুর্থ বার্ষিকীতে সারা দেশজুড়ে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রীরা, সাংসদ ও বিধায়কগণ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য-স্বাস্থ্যসচিব/স্বাস্থ্যসচিব তথা রাজ্য স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও রোগীকল্যাণ কেন্দ্রের চতুর্থ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য মেলায় গিয়ে জনসাধারণকে সচেতন করছেন।
প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রত্যেক জেলায় অন্ততপক্ষে একটি ব্লক মিলিয়ে মোট এক লক্ষের বেশি আয়ুষ্মান ভারত রোগী ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ব্লক স্তরীয় স্বাস্থ্য মেলা আয়োজন করা হচ্ছে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি ব্লকে একদিন করে এই স্বাস্থ্য মেলার আয়োজন করা হচ্ছে।
স্বাস্থ্য মেলার তৃতীয় দিনে সারা দেশে ৪৮৪টি ব্লকে চার লক্ষের বেশি মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও এই স্বাস্থ্য মেলায় ৭১ হাজার স্বাস্থ্য পরিচয়পত্র এবং ১৭ হাজার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার গোল্ডেন কার্ড দেওয়া হয়। এমনকি, মেলায় আগত হাজার হাজার মানুষের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস প্রভৃতি রোগের চিকিৎসা করা হয়।
উল্লেখ করা যেতে পারে, গত ১৬ই এপ্রিল আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও রোগী কল্যাণ কেন্দ্রে একদিনেই ই-সঞ্জিবনী ব্যবস্থার মাধ্যমে রেকর্ড ৩ লক্ষ টেলি-পরামর্শ দেওয়া হয়। বুধবার সারা দেশে এধরণের কেন্দ্রগুলি থেকে ৩৬ হাজারের বেশি টেলি-পরামর্শ দেওয়া হয়েছে।
CG/BD/AS/
(রিলিজ আইডি: 1818921)
ভিজিটরের কাউন্টার : 202