ভারী শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারি বৈদ্যুতিন শিল্প ক্ষেত্রে উৎপাদিত সামগ্রীর রপ্তানি বৃদ্ধি

প্রকাশিত: 29 MAR 2022 12:46PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৯ মার্চ, ২০২২
 
ভারত থেকে ভারি বৈদ্যুতিন যন্ত্রপাতি ও অন্যান্য সাজসরঞ্জামের রপ্তানি গত তিন বছরে লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে। মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ২০১৯-২০-তে রপ্তানির পরিমাণ ছিল ৬০ হাজার ৬৯৮ কোটি টাকা, যা ২০২০-২১-এ বেড়ে ৬৩ হাজার ৭৩০ কোটি টাকা হয়েছে। 
 
উৎপাদন সংগঠনের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী ভারত থেকে যে সমস্ত ভারি বৈদ্যুতিন সামগ্রী রপ্তানি হয়েছে, তারমধ্যে রয়েছে টার্বাইন, জেনারেটর, রোটেটিং মেশিন, ট্রান্সফর্মার, স্যুইচ গিয়ার, কন্ট্রোল গিয়ার প্রভৃতি। মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত তিন বছরে দেশে উৎপাদিত মূলধনী পণ্য সামগ্রীর রপ্তানি হ্রাস পেয়েছে। অবশ্য, চলতি অর্থবর্ষের এপ্রিল - জানুয়ারি পর্যন্ত সময়ে রপ্তানি গতবছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশের বেশি বেড়েছে। দেশেই উৎপাদিত যে সমস্ত মূলধনী সামগ্রী রপ্তানি হয়েছে, তারমধ্যে রয়েছে - আনবিক রিয়েক্টর, শিল্প সংস্থায় ব্যবহৃত বয়লার ও তার যন্ত্রাংশ, বৈদ্যুতিন যন্ত্র ও যন্ত্রাংশ, বিভিন্ন ধরণের পাম্প, এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর ও তার যন্ত্রাংশ, ওয়াটার হিটার ও কম্পেসর প্রভৃতি। দেশে উৎপাদিত মূলধনী পণ্য সামগ্রীর রপ্তানি বাড়াতে মন্ত্রক দুটি কর্মসূচি শুরু করেছে। বিশ্বে ভারতকে উৎপাদনের অন্যতম গন্তব্য হিসেবে গড়ে তুলতেই মন্ত্রকের এই প্রয়াস। 
 
উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় মন্ত্রিসভা গত বছরের ১৫ সেপ্টেম্বর মোটরগাড়ি ও তার যন্ত্রাংশ উৎপাদনের জন্য ২৫ হাজার ৯৩৮ কোটি টাকার উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা (পিএলআই) কর্মসূচি চালু করার প্রস্তাব অনুমোদন করে। আগামী ৫ বছরে এই কর্মসূচির মাধ্যমে মোটরগাড়ি ও তার যন্ত্রাংশ নির্মাণ শিল্পে ৪২ হাজার ৫০০ কোটি টাকার বেশি নতুন বিনিয়োগ আসবে বলে মনে করা হচ্ছে। এর ফলে, মোটরগাড়ি ও তার যন্ত্রাংশ শিল্পে বর্ধিত উৎপাদন পরিমাণ দাঁড়াবে ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার বেশি। পক্ষান্তরে এই দুই ক্ষেত্রে সাড়ে সাত লক্ষের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।  
 
মন্ত্রক ব্যাটারি স্টোরেজের জন্য জাতীয় স্তরে অ্যাডভান্স কেমেস্টি সেল কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিতেও উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কার্যকর হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত বছরের ১২ মে অ্যাডভান্স কেমেস্টি সেল ব্যাটারি স্টোরেজের জন্য উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচিটি অনুমোদন করে। এরপর, গতবছরের ৯ জুন থেকে উৎসাহ ভাতা কর্মসূচিটি কার্যকর হয়েছে। ভারতে গিগাস্কেল অ্যাডভান্স কেমেস্টি সেল ব্যাটারি উৎপাদনের জন্য উৎসাহ ভাতা কর্মসূচির সুযোগ মিলছে। 
 
ভারি শিল্প মন্ত্রক ২০১৪ থেকে ভারতীয় মূলধনী পণ্য ক্ষেত্রে প্রযুক্তিগত মানোন্নয়ন এবং উৎপাদনগত পরিকাঠামোর প্রসারে উৎসাহিত করতে একটি কর্মসূচি রূপায়ন করে আসছে। এই কর্মসূচি রূপায়নের উদ্দেশ্য হল, দেশে মূলধনী পণ্য ক্ষেত্রের উৎপাদন বাড়িয়ে দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানি বৃদ্ধি করা। লোকসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান ভারি শিল্প প্রতিমন্ত্রী শ্রী কৃষাণ পাল গুর্জর।
 
 
CG/BD/AS/

(রিলিজ আইডি: 1811085) ভিজিটরের কাউন্টার : 223
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Tamil