অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

১৯৩৭ সালের বিমান বিধির আওতায় বিমান সংস্থাগুলিকে স্বাধীনভাবে যুক্তিসঙ্গত ভাড়া নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে

প্রকাশিত: 02 DEC 2021 2:37PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২  ডিসেম্বর, ২০২১
 
    বিমান ভাড়া সরকার নিয়ন্ত্রণ করেনা। ১৯৩৭ সালের বিমান বিধির আওতায় বিমান সংস্থাগুলিকে স্বাধীনভাবে যুক্তিসঙ্গত ভাড়া নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে। বিমান সংস্থাগুলি বিমান পরিচালনার খরচ, পরিষেবা প্রদান, যুক্তিসঙ্গত মুনাফা এবং প্রাথমিক শুল্ক সহ সমস্ত প্রাসঙ্গিক দিকগুলি বিবেচনা করে থাকে। তবে স্বচ্ছতা বজায় রাখার জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) বিমান সংস্থাগুলির ওয়েবসাইটে ঘোষিত সীমার বাইরে বিমান ভাড়া যাতে না নেয় তা নিশ্চিত করার জন্য নির্দিষ্ট রুটের ভাড়ার ওপর পর্যবেক্ষণ চালিয়ে থাকে। 
 
    কোভিড-১৯এর জেরে নির্ধারিত নিয়ম মেনে গত বছর ২৫ মার্চে অভ্যন্তরীণ বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছিল। পরবর্তীতে ধীরে ধীরে কোভিড বিধি মেনে গত বছর ২৫ মে থেকে পুনরায় অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু করা হয়। তবে এই পরিষেবা চালু করা হলেও বিমান সংস্থাগুলি অতিরিক্ত ভাড়া নিচ্ছেনা। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর অসামরিক বিমান চলাচল মন্ত্রকের জারি করা নির্দেশানুসারে বলা হয়েছে ন্যূনতম এবং সর্বোচ্চ বিমান ভাড়া ১৫ দিনের ব্যবধানে ওঠানামা করতে পারে। 
 
    উল্লেখ্য, ২০১৬ সালে ২১ অক্টোবর অসামরিক বিমান চলাচল মন্ত্রক আঞ্চলিক সংযোগ প্রকল্প- উড়ে দেশ কা আম নাগরিক (উড়ান) এর সূচনা করে। দেশের অব্যবহৃত এবং পরিষেবার অধীনে থাকা বিমান বন্দরগুলিতে বিমান চলাচলের সংযোগ গড়ে তোলার জন্য ও সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে বিমানে ভ্রমণ করতে পারেন তারজন্যই এই উদ্যোগ নেওয়া হয়। এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৯৪৮টি রুটে বিমান চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে ৩৯৫টি রুটে বিমান চলাচল শুরু হয়েছে। এরফলে ৬৩টি বিমান বন্দরের সঙ্গে সংযোগ গড়ে উঠেছে। এছাড়াও দুটি ওয়াটার এয়ারড্রোমস এবং ৬টি হেলিপোর্ট চালু হয়েছে।
 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ডঃ ভি কে সিং।
 
CG/SS/NS

(রিলিজ আইডি: 1777471) ভিজিটরের কাউন্টার : 145
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Tamil