কৃষিমন্ত্রক

নতুন কৃষি আইনে বিচার বিভাগীয় হস্তক্ষেপ

প্রকাশিত: 19 MAR 2021 4:58PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ১৯  মার্চ, ২০২১

        নতুন কৃষি আইন- ২০২০র কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন আইন এবং কৃষি পণ্যের দাম নিশ্চিতকরণে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ণ চুক্তি আইনের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষি সহ সকলের স্বার্থ রক্ষা করা হবে। এর জন্য স্থানীয় মহকুমা স্তরে দ্রুত স্বল্প ব্যয়ে বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় আইনী সংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এরফলে ব্যবসায়ীদের থেকে কোনো সমস্যা হলে তার সুরাহা সহজেই করা সম্ভব। কনসিলিয়েশন বোর্ডের মাধ্যমে কৃষকরা ৩০ দিনের মধ্যে তাদের বিবাদের নিষ্পত্তি করতে পারবেন। বিবাদের নিষ্পত্তি না হলে মহকুমায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানাতে পারবেন। মহকুমা স্তরে এবং জেলা শাসকের দপ্তরে ভূমি রাজস্ব সংক্রান্ত বিভিন্ন কাজ এবং ফসল ও জমি সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি এক্সিকিউটিভ অফিসাররা করবেন। এই কারণে তাদের কৃষি ও জমি সংক্রান্ত বিবাদের নিষ্পত্তির অভিজ্ঞতা সহ আইনী ধারণাও থাকতে হবে।

        সরকারের মূল্য নীতির মূল উদ্দেশ্য হল কৃষকরা যাতে ফসলের ভালো দাম পান। এর জন্য ন্যূনতম সহায়ক মূল্যে সরকার তাদের থেকে ফসল সংগ্রহ করে। কৃষি আইনগুলির সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্যের নীতির কোনো যোগসূত্র নেই। তবে কৃষকরা চাইলে ন্যূনতম সহায়ক মূল্যে সরকারি সংস্থাগুলিকে অথবা কৃষিপণ্য উৎপাদন বাজার কমিটিকে কিংবা চুক্তি চাষের মাধ্যমে খোলা বাজারে তাদের ফসল বিক্রি করতে পারবে। এক্ষেত্রে কৃষকের যেখানে ফসল বিক্রি করলে লাভ হবে তারা সেই সুবিধাই নেবেন। নতুন কৃষি আইনে ব্যবসায়ী, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সংস্থা, রপ্তানীকারক, কৃষিপণ্য উৎপাদন সংগঠন, কৃষি সমবায় সমিতি ইত্যাদি প্রতিষ্ঠানগুলি সরাসরি কৃষকদের থেকে ফসল কিনতে পারবেন। এর ফলে কৃষকরা ফসলের আরও বেশি দাম পাবেন এবং তাদের আয় বাড়বে।   

        ২০২০র কৃষিপণ্যের দাম নিশ্চিতকরণ কৃষক সুরক্ষা ও ক্ষমতায়ণ আইন কৃষকদের চুক্তি চাষের ক্ষেত্রে লাভজনক দামে ফসল বিক্রি করার সুরক্ষার ব্যবস্থা করেছে। এক্ষেত্রে বাজারে ন্যূনতম সহায়ক মূল্যের ওপর ভিত্তি করে দাম নির্ধারিত হবে। এর ফলে ন্যূনতম নিশ্চিত মূল্যের থেকে বেশি দাম যাতে কৃষকরা পান চুক্তিতে সেটির ব্যবস্থা করা হবে।

        রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।  

***

 

 

CG/CB /NS


(রিলিজ আইডি: 1706174) ভিজিটরের কাউন্টার : 150
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Punjabi