সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি পশ্চিমবঙ্গের জন্য ৭৫,০০০ কোটি টাকা ব্যয়ে জাতীয় মহাসড়ক প্রকল্পের ঘোষণা করেছেন

প্রকাশিত: 26 NOV 2026 6:10PM by PIB Kolkata

দিল্লি, ২৬ নভেম্বর,২০২৬

 

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি আজ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে ৮,৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে ২২টি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেন এবং সেগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের পূর্তমন্ত্রী শ্রী অজয় কুমার পোদ্দার, প্রতিমন্ত্রী শ্রী নাদিয়ার চন্দ্র বাউড়ি, সংসদ সদস্য, বিধানসভার সদস্য এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক , জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের পদস্থ আধিকারিকরা।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গড়করি পশ্চিমবঙ্গের জন্য প্রায় ৭৫,০০০ কোটি টাকা ব্যয়ে সড়ক পরিকাঠামো উন্নয়নের একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেন। এই প্রকল্পগুলির আওতায় রয়েছে উচ্চগতির করিডর, এক্সপ্রেসওয়ে, সেতু নির্মাণ, সড়ক সম্প্রসারণ এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন।

 

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পরিকাঠামোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, শিল্পের বিকাশ, বাণিজ্য, কৃষির উন্নয়ন এবং পর্যটনের প্রসারে উন্নত ও দক্ষ সড়ক যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। এর ফলে বিনিয়োগের পথ সুগম হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং বাজার, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবায় সাধারণ মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত হয়।

 

মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে প্রায় ৪০,০০০ কোটি টাকা ব্যয়ে জাতীয় মহাসড়ক সংক্রান্ত প্রকল্পের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের কাজ বর্তমানে চলছে। প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সময়মতো জমি অধিগ্রহণ এবং প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।

 

*জাতির উদ্দেশে উৎসর্গীকৃত দুটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক প্রকল্প*

দুটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করে সেগুলি জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়।

- জাতীয় মহাসড়ক-১৯-এর *পালসিট–ডানকুনি অংশ*: ৬৩.৮৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কপথটি ছয় লেনে উন্নীত করা হয়েছে। এর ফলে হাওড়া, হুগলি ও বর্ধমানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। পণ্য পরিবহণ দ্রুততর হবে এবং কলকাতা–দুর্গাপুর শিল্প করিডর বরাবর বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে।

- *ফারাক্কায় গঙ্গার ওপর চার লেনের সেতু*: ৫২১.২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু এবং এর সংযোগকারী সড়কগুলি মুর্শিদাবাদ ও মালদার মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। এর ফলে গঙ্গা পারাপারে যাতায়াতের সময় কমবে এবং উত্তরবঙ্গের দিকে যাতায়াত আরও দ্রুত ও সুগম হবে।

 

 *২০টি জাতীয় মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়*।

সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় জাতীয় *মহাসড়ক-১২ এবং জাতীয় মহাসড়ক-১৯-এর ওপর ৫৭টি যানবাহন আন্ডারপাস এবং হালকা যানবাহন আন্ডারপাস নির্মাণ করা হবে*। এর ফলে যান চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে। জাতীয় মহাসড়ক-১১৬বি-র রামনগর বাইপাস শহরের অভ্যন্তরে যানজট কমাতে সাহায্য করবে। পাশাপাশি, সড়ক সম্প্রসারণ ও বাইপাস নির্মাণের কাজ যাতায়াতের সময় এবং জ্বালানির খরচ কমাবে।

সেতুবন্ধন প্রকল্পের আওতায় নরঘাটে এবং দ্বারকেশ্বর নদীর ওপর দুটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের কাজ আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। এই প্রকল্পগুলির ফলে দীঘা, মন্দারমণি, তাজপুর ও বকখালির মতো পর্যটনকেন্দ্রগুলিতে যাতায়াত আরও সহজ হবে। এর ফলে পর্যটন এবং মৎস্য-সম্পর্কিত কর্মকাণ্ডের প্রসার ঘটবে। এছাড়া গোয়াই নদীর চেকপোস্ট সংলগ্ন ঝাড়খণ্ড সীমান্তের দিকে উন্নত যোগাযোগ ব্যবস্থা আন্তঃরাজ্য পণ্য পরিবহণকেও আরও সহজতর করবে।

সম্মিলিতভাবে এই প্রকল্পগুলি কলকাতা, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা এবং দুর্গাপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে।

 

 

*ঘোষিত গুরুত্বপূর্ণ মহাসড়ক ও এক্সপ্রেসওয়ে প্রকল্প*

শ্রী গড়করি ঘোষিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে রয়েছে:

- *কলকাতা রিং রোড*: আনুমানিক ১৪,০০০ কোটি টাকা ব্যয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড নির্মাণ করা হবে। এই রিং রোড কলকাতার সঙ্গে হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাকে যুক্ত করবে। পাশাপাশি, কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে। এর ফলে দূরপাল্লার যানবাহনের জন্য বিকল্প পথ তৈরি হবে এবং কলকাতার যানজট কমাতে সাহায্য করবে।

- *ডানকুনি–কোলাঘাট আট লেনের করিডর*: আনুমানিক ২০,০০০ কোটি টাকা ব্যয়ে ৫৮ কিলোমিটার দীর্ঘ আট লেনের মহাসড়ক নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা থেকে খড়্গপুর, বালেশ্বর এবং ভুবনেশ্বরগামী যানবাহনের যাতায়াতের সময় প্রায় দেড় ঘণ্টা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, হলদিয়া বন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে।

 

*মোরগ্রাম–কিশনগঞ্জ উচ্চগতির করিডর*: আনুমানিক ১২,০০০ কোটি টাকা ব্যয়ে ২৪৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের করিডর নির্মাণ করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৯১ কিলোমিটার অংশ নির্মাণে ব্যয় হবে ৪,৫০০ কোটি টাকা। এই প্রকল্প জাতীয় মহাসড়ক-১২ এবং জাতীয় মহাসড়ক-২৭-এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করবে এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে যাতায়াতের সুবিধা বাড়াবে।

- *বারাসত–পেট্রাপোল মহাসড়ক*: আনুমানিক ৮,০০০ কোটি টাকা ব্যয়ে ৭৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের মহাসড়ক নির্মাণ করা হবে। এর ফলে বারাসত, বসিরহাট ও বনগাঁর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং বাংলাদেশের সঙ্গে আন্তঃসীমান্ত যোগাযোগ আরও শক্তিশালী হবে।

 *বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে*: আনুমানিক ১,০০০ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের উড়ালপথ নির্মাণ করা হবে। এর ফলে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং উত্তর কলকাতা ও জাতীয় মহাসড়ক-১৯-এর মধ্যবর্তী অংশে যানবাহনের চাপ কমবে।

 

*জেলাগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সেতু নির্মাণ ও সড়ক সম্প্রসারণ*

জেলাগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও পর্যটনকেন্দ্রগুলিতে যাতায়াতের সুবিধা বাড়াতে মন্ত্রী আরও কয়েকটি প্রকল্পের কথা ঘোষণা করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে:

* বীরভূম জেলায় ময়ূরাক্ষী নদীর ওপর আনুমানিক ১,০০০ কোটি টাকা ব্যয়ে চার লেনের সেতু নির্মাণ।

* ৮৭৫ কোটি টাকা ব্যয়ে রামপুরহাট থেকে সিঞ্চুরা পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের সড়ক নির্মাণ।

* ৭৫০ কোটি টাকা ব্যয়ে মালদা ও দুর্গাপুরের মধ্যে জাতীয় মহাসড়ক-১৩১এ-র ৩৪ কিলোমিটার অংশের উন্নয়ন।

* ৩৭৫ কোটি টাকা ব্যয়ে জলপাইগুড়ি জেলার মালবাজার, গুরজান, ঝোরা, মাল এবং নেওড়ায় সেতু ও চার লেনের সড়ক নির্মাণ।

* ৩০০ কোটি টাকা ব্যয়ে দামোদর নদীর ওপর ৬ কিলোমিটার দীর্ঘ চার লেনের সেতু নির্মাণ।

* দার্জিলিং জেলায় ২৭০ কোটি টাকা ব্যয়ে মহানন্দা নদীর ওপর সেতু নির্মাণ।

* ১,৫০০ কোটি টাকা ব্যয়ে তেলিপাড়া–জুমুয়ার এবং বীরপাড়া–ফালাকাটা এলাকার মধ্যে ৪৭.৫৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণ।

* ৩,০০০ কোটি টাকা ব্যয়ে গাজোল থেকে হিলি পর্যন্ত জাতীয় মহাসড়ক-৫১২-এর ১০৬.৬১ কিলোমিটার অংশের সম্প্রসারণ।

* ১,০০০ কোটি টাকা ব্যয়ে জোকা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত জাতীয় মহাসড়ক-১১৭ (নতুন জাতীয় মহাসড়ক-১২)-এর ৩১.২৪ কিলোমিটার অংশের সম্প্রসারণ।

* ২,৭০০ কোটি টাকা ব্যয়ে নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত জাতীয় মহাসড়ক-১১৬বি-র ৮৯ কিলোমিটার অংশের সম্প্রসারণ।

* আনুমানিক ৫০০ কোটি টাকা ব্যয়ে নামখানা থেকে জাতীয় মহাসড়ক-১২ পর্যন্ত ৫৪ কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্প। এর ফলে ডায়মন্ড হারবার ও নামখানার মধ্যে যানজট কমবে এবং চিহ্নিত দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলির উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে।

 

*সড়ক নিরাপত্তা ও আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ়করণ*

শ্রী গড়করি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চিহ্নিত ৫৯টি দুর্ঘটনাপ্রবণ স্থানের (ব্ল্যাক স্পট) উন্নয়নমূলক কাজের কথাও ঘোষণা করেন। এই প্রকল্পগুলির জন্য আনুমানিক ৫,১০০ কোটি টাকা ব্যয় করা হবে। চিহ্নিত স্থানগুলির মধ্যে মালদায় ২৫টি, নদিয়ায় ২০টি, জলপাইগুড়িতে ৯টি এবং পশ্চিম বর্ধমানে ৫টি স্থান রয়েছে। যান চলাচল আরও সুগম করা এবং দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে দুর্ঘটনা রোধের লক্ষ্যে যানবাহন আন্ডারপাস (VUP), হালকা যানবাহন আন্ডারপাস (LVUP) এবং সার্ভিস রোড নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী ৩৮,০০০ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত ৫৭০ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের গোরক্ষপুর–শিলিগুড়ি গ্রিনফিল্ড মহাসড়কের কথা উল্লেখ করেন। পাশাপাশি, প্রস্তাবিত শিলিগুড়ি–গুয়াহাটি উচ্চগতির করিডরের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (DPR) তৈরির কাজ সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।এছাড়াও, তিনি খড়্গপুর–বর্ধমান–মোরগ্রাম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, বারাণসী–কলকাতা গ্রিনফিল্ড মহাসড়ক এবং প্রস্তাবিত রক্সৌল–হলদিয়া করিডরের কথাও তুলে ধরেন। এই প্রকল্পগুলি বিহার, ঝাড়খণ্ড এবং হলদিয়া বন্দর-সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।

শ্রী গড়করি জোর দিয়ে বলেন, পরিকল্পিত মহাসড়ক নেটওয়ার্কের ফলে পণ্য পরিবহণ আরও সহজ হবে, শিল্প ও কৃষি কেন্দ্রগুলিতে যাতায়াতের সুবিধা বাড়বে, পর্যটনের প্রসার ঘটবে এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

 

গত ছয় মাসে প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের স্বার্থে সময়মতো জমি অধিগ্রহণ, জবরদখল উচ্ছেদ এবং প্রয়োজনীয় ছাড়পত্রের ব্যবস্থা করার ক্ষেত্রে সহযোগিতার জন্য শ্রী নীতিন গড়করি রাজ্য সরকারের প্রশংসা করেন। ভবিষ্যতের প্রকল্পগুলির ক্ষেত্রেও রাজ্য সরকারের কাছ থেকে একই রকম ধারাবাহিক সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

এই উদ্যোগগুলি পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলি, বন্দর, বিমানবন্দর, শিল্পকেন্দ্র এবং আন্তর্জাতিক সীমান্তের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। এর ফলে বাণিজ্য, আঞ্চলিক উন্নয়ন এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা আরও প্রসারিত হবে।

 

SC.....


(রিলিজ আইডি: 2342365) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil