PIB Backgrounder
azadi ka amrit mahotsav

নকশালমুক্ত ভারত

সমন্বিত কৌশল গ্রহণে বামপন্থী চরমপন্থার অবসান

প্রকাশিত: 24 NOV 2026 11:38AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ নভেম্বর, ২০২৬

 

শান্তি ও নিরাপত্তার নতুন যুগ

প্রায় ছয় দশক ধরে ভারত বামপন্থী চরমপন্থার (LWE) সমস্যার মোকাবিলা করেছে। এটি শুধু দূরের কোনও সমস্যা ছিল না। দেশের লক্ষ লক্ষ জনজাতি সম্প্রদায়ের পরিবারের কাছে এই সমস্যা ছিল প্রতিদিনের বাস্তবতা। বহু গ্রাম রাস্তা, স্কুল এবং উন্নয়নের সুযোগ থেকে বিচ্ছিন্ন ছিল। হিংসা ছিল নিত্যদিনের ঘটনা। অনিশ্চয়তার মধ্যেই কাটত মানুষের জীবন।

এবছর ৩১ মার্চ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হয়। দেশ কার্যত নকশালমুক্ত হয়। ২০১৪ সালের মে মাসে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় রেড করিডর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। এর আগে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ঘটনার মোকাবিলা করা হতো। সমস্যার মূল কারণ দূর করার বদলে তার তাৎক্ষণিক প্রভাব সামলানোর ওপরই বেশি গুরুত্ব দেওয়া হতো। পরে এই সমস্যা সমাধানে আরও সুসংহত ও সমন্বিত কৌশল গ্রহণ করা হয়।

গত ১২ বছরে তিনটি পরস্পর-সম্পর্কিত পদক্ষেপের মাধ্যমে এই পরিবর্তন এসেছে। প্রথমত, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়িয়ে, আত্মসমর্পণ ও পুনর্বাসনের ব্যবস্থা করে এবং স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সরকারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা হয়েছে। দ্বিতীয়ত, সড়ক ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে এবং আয়ের স্থায়ী সুযোগ তৈরি করা হয়েছে। তৃতীয়ত, মানুষের মর্যাদা রক্ষা, সকলের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া, জনজাতি সম্প্রদায়ের সংস্কৃতির স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এই তিনটি পদক্ষেপ একে অপরকে শক্তিশালী করেছে। নিরাপত্তা উন্নয়নের পথ খুলেছে। উন্নয়ন মানুষের আস্থা বাড়িয়েছে। মানুষের আস্থা সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার কাজকে আরও সহজ করেছে। এগুলি আলাদা কোনও পদক্ষেপ নয়, বরং উন্নয়নের পরস্পর-নির্ভর একটি ধারাবাহিক প্রক্রিয়া।

সরকারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা

দুর্বল ও প্রত্যন্ত এলাকায় সরকারের উপস্থিতি বাড়িয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা সংস্থা ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে। এর ফলে স্থানীয় মানুষের সমস্যা দ্রুত সমাধানের সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও সরকারি ব্যবস্থার মধ্যে যে দূরত্ব ছিল, তা কমানোর চেষ্টা করা হয়েছে।

২০১৪ সালের আগে হিংসার সর্বোচ্চ পর্যায়

১৯৬৭ সালে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি আন্দোলনের মধ্য দিয়ে বামপন্থী চরমপন্থার সূচনা হয়। মাওবাদী আদর্শ ও সশস্ত্র বিপ্লবের ধারণা থেকেই এই আন্দোলনের বিস্তার ঘটে। এর মূল বিশ্বাস ছিল, বন্দুকের নল থেকেই ক্ষমতার জন্ম হয়। নকশালপন্থীদের প্রায় ৯২ শতাংশ অস্ত্রই সরাসরি পুলিশ অস্ত্রাগার থেকে লুট করা হয়েছিল। ২০০৪ সালে একাধিক চরমপন্থী সংগঠন মিলে সিপিআই (মাওবাদী) গঠন করে। এর ফলে, এই সংগঠন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়টি ছিল বামপন্থী চরমপন্থার ইতিহাসে অন্যতম হিংসাত্মক দশক। ২০১০ সালে হিংসার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। ওই বছর ১,৯৩৬টি হিংসাত্মক ঘটনা ঘটে এবং ৭২০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। পুরো দশকে ১৭,৫৪২টি হিংসার ঘটনা ঘটে। মৃত্যু হয় ১,৯১৩ জন নিরাপত্তাকর্মী এবং ৫,০১৯ জন সাধারণ নাগরিকের।

তখন কোনও সুসংহত জাতীয় নীতি ছিল না। রাজ্য সরকারগুলি নিজেদের মতো করে কাজ করত। ২০০৯ সালে তৎকালীন সরকারও প্রকাশ্যে স্বীকার করেছিল, নকশালবাদ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভৌগোলিক বিস্তারের দিক থেকে এই সমস্যা কাশ্মীর ও উত্তর-পূর্ব ভারতের সমস্যাকেও ছাড়িয়ে গিয়েছিল।

নীতিতে পরিবর্তন : বিচ্ছিন্ন পদক্ষেপ থেকে সমন্বিত কৌশল

২০১৫ সালে বামপন্থী চরমপন্থা মোকাবিলায় জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা অনুমোদনের মধ্য দিয়ে প্রথম বড় পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে আগের বিচ্ছিন্ন ও তাৎক্ষণিক পদক্ষেপের বদলে একটি সুসংহত সরকারি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দিয়ে রাজ্যগুলির নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করা হয়। প্রত্যন্ত এলাকায় নিরাপত্তার ঘাটতি দূর করা এবং রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন, বিশেষ প্রশিক্ষণ এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যয় প্রকল্প (SRE), বিশেষ পরিকাঠামো প্রকল্প (SIS) ও বিশেষ কেন্দ্রীয় সহায়তা (SCA) প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ করা হয়। নিরাপত্তার পাশাপাশি, সমস্যার সামাজিক ও অর্থনৈতিক কারণগুলিও মোকাবিলা করা হয়।

২০১৭ সালে বিশেষ কেন্দ্রীয় সহায়তা প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৪,৩১৮.৫২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বিশেষ পরিকাঠামো প্রকল্পের (SIS) আওতায় আগে বামপন্থী চরমপন্থায় প্রভাবিত রাজ্যগুলিতে মোট ১,৭৬১ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। বিশেষ বাহিনী, বিশেষ গোয়েন্দা শাখা, জেলা পুলিশকে শক্তিশালী করা এবং সুরক্ষিত পুলিশ থানা নির্মাণে এই অর্থ ব্যবহার করা হচ্ছে।

২০১৪-১৫ সাল থেকে নিরাপত্তা সংক্রান্ত ব্যয় প্রকল্পের (SRE) আওতায় ৩,৮৭৭.৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর কাজের প্রয়োজন, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, আত্মসমর্পণকারী বামপন্থী চরমপন্থীদের পুনর্বাসন এবং শহিদ নিরাপত্তাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবারের আর্থিক সহায়তায় এই অর্থ ব্যবহার করা হয়েছে।

প্রথমবারের মতো বামপন্থী চরমপন্থা মোকাবিলায় চার দফার সমন্বিত কৌশল গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, দ্রুত উন্নয়ন, মানুষের অধিকার ও প্রাপ্য সুযোগ নিশ্চিত করা এবং জনমত গড়ে তোলা। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কেন্দ্রীয়ভাবে সমন্বিত ব্যবস্থার মাধ্যমে এই নীতি কার্যকর করা হয়।

সুনির্দিষ্ট পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে নকশালবাদের ভয় ও হিংসা থেকে দেশকে মুক্ত করার লক্ষ্য পূরণ হয়েছে। ২০২৪ সালের ২৪ আগস্ট ভারত সরকার ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে নকশালমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করে। জোরদার নিরাপত্তা অভিযান, উন্নত সমন্বয়, পরিকাঠামোর বিস্তার এবং দ্রুত উন্নয়নমূলক কাজের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই এই লক্ষ্য পূরণ হয়।

নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা

পরিকাঠামোর উন্নয়ন, বিশেষ বাহিনী গঠন এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়িয়ে নকশালপ্রভাবিত এলাকায় নিরাপত্তার ঘাটতি দূর করার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে, রেড করিডরে সরকারি উপস্থিতি, যাতায়াত, গোয়েন্দা তথ্যের আদানপ্রদান এবং চরমপন্থা মোকাবিলার ক্ষমতা বেড়েছে।

২০১৪ সালের আগে মাত্র ১৬৯টি নিরাপত্তা শিবির ছিল। পরে নতুন করে ৬৬৮টি নিরাপত্তা শিবির তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ৬১৫টি সুরক্ষিত পুলিশ থানা (FPS) গড়ে তোলা হয়েছে। এর ফলে, প্রত্যন্ত বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর নিয়মিত উপস্থিতি ও নজরদারি বেড়েছে।

দুর্গম এলাকায় দ্রুত নিরাপত্তা বাহিনী পৌঁছে দেওয়া, আহতদের সরিয়ে আনা এবং নজরদারির জন্য ৬৮টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীকে ৪০০টি বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী গাড়ি দেওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা ও কল্যাণের জন্য পাঁচটি হাসপাতালও তৈরি করা হয়েছে।

বিশেষ বাহিনীর সমন্বয় : কোবরা, ডিআরজি, এসটিএফ ও গ্রেহাউন্ডস

কোবরা (Commando Battalion for Resolute Action), সিআরপিএফ, জেলা রিজার্ভ গার্ড (DRG) এবং ঝাড়খণ্ড জাগুয়ার, ছত্তিশগড় পুলিশের বিভিন্ন ইউনিট ও অন্ধ্রপ্রদেশের গ্রেহাউন্ডসের মতো বিশেষ বাহিনীকে নিয়ে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

ডিআরজি, এসটিএফ, সিআরপিএফ ও কোবরার যৌথ প্রশিক্ষণের মাধ্যমে একটি সমন্বিত বাহিনী তৈরি হয়েছে। এর ফলে, বিভিন্ন বাহিনীর মধ্যে একসঙ্গে কাজ করার ক্ষমতা বেড়েছে এবং স্পষ্ট নেতৃত্বের অধীনে অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে।

প্রযুক্তি : অভিযানে বড় পরিবর্তন

২০১৪ সালের পর কেন্দ্রীয় সরকার আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহারের মাধ্যমে নকশালবিরোধী অভিযানে পরিবর্তন এনেছে। চালকবিহীন আকাশযান (UAV), ড্রোন, উপগ্রহের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে সরাসরি নজরদারি ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে।

এ ছাড়া, আধুনিক অবস্থান নির্ণয় ব্যবস্থা, ফোনের কলের তথ্য বিশ্লেষণ, মোবাইলের তথ্য বিশ্লেষণ এবং সামাজিক মাধ্যমের ওপর নজরদারি শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক প্রযুক্তির সাহায্যে চরমপন্থীদের গতিবিধি ও যোগাযোগের ধরন বিশ্লেষণ করে অভিযানের কার্যকারিতা বাড়িয়েছে।

গুরুত্বপূর্ণ অভিযান : খোঁজ, লক্ষ্য নির্ধারণ ও নিষ্ক্রিয় করা

সরকারের ‘Trace, Target, Neutralise’ বা ‘খোঁজ, লক্ষ্য নির্ধারণ ও নিষ্ক্রিয় করা’ কৌশল উল্লেখযোগ্য সাফল্য এনেছে। ধারাবাহিক নিরাপত্তা অভিযান এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া পদক্ষেপের মাধ্যমে তিন দশকেরও বেশি সময় ধরে বামপন্থী চরমপন্থীদের প্রভাবাধীন এলাকাগুলিতে সরকারি নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয়েছে।

অপারেশন ব্ল্যাক ফরেস্ট, অপারেশন অক্টোপাস, অপারেশন ডাবল বুল, অপারেশন থান্ডারস্টর্ম, অপারেশন ভীমবন্ধ এবং অপারেশন চক্রবন্ধার মতো একাধিক সমন্বিত অভিযানে বিভিন্ন এলাকায় মাওবাদী সংগঠনগুলি দুর্বল হয়েছে।

এর মধ্যে অপারেশন ব্ল্যাক ফরেস্ট ছিল একটি বড় সাফল্য। এই অভিযানে মাওবাদীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ভেঙে দেওয়া হয়। ৩০ জনেরও বেশি মাওবাদী নিহত হন। এর পর গ্রেপ্তার ও আত্মসমর্পণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

অপারেশন ডাবল বুলের ফলে গুমলা, লোহারদাগা ও লাতেহার জেলা নকশালমুক্ত হয়। এই অভিযানগুলির মাধ্যমে দীর্ঘদিন ধরে চরমপন্থায় প্রভাবিত এলাকায় সরকারি উপস্থিতি ফিরেছে। চরমপন্থীদের প্রভাব কমেছে এবং নিরাপত্তা, প্রশাসন ও উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিবেশ তৈরি হয়েছে।

সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য (PBM) ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের (CCM) সকলকে নিষ্ক্রিয় করা হয়েছে। ২০১৪ সাল থেকে মোট ৪১ জন পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সদস্য নিষ্ক্রিয় হয়েছেন।

চরমপন্থীদের আর্থিক ও সাংগঠনিক নেটওয়ার্ক ভেঙে দেওয়া

কেন্দ্রীয় সরকার একাধিক সংস্থাকে যুক্ত করে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। শুধু সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে নয়, তাঁদের সাহায্যকারী গোটা ব্যবস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন সরকারি দপ্তরকে একসঙ্গে কাজ করতে বলা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে।

নকশালপন্থীদের আর্থিক নেটওয়ার্ক ভেঙে দিতে জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) অধীনে একটি বিশেষ শাখা গঠন করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত NIA ৪০ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। রাজ্য সংস্থাগুলি আরও ৪০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

এবছর জুন পর্যন্ত NIA-র হাতে বামপন্থী চরমপন্থা সংক্রান্ত মোট মামলার সংখ্যা ১১২। এর মধ্যে ১০০টি মামলায় চার্জশিট জমা দেওয়া হয়েছে।

আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ

সরকারের কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি, আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের বার্তা স্পষ্ট : “যাঁরা অস্ত্র ছেড়ে দিয়ে মূল স্রোতে ফিরবেন, তাঁদের স্বাগত জানানো হবে।”

আত্মসমর্পণকারী উচ্চপদস্থ সদস্যদের এককালীন ৫ লক্ষ টাকা এবং অন্যদের ২.৫ লক্ষ টাকা দেওয়া হয়। পাশাপাশি, ৩৬ মাস ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হয়। আত্মসমর্পণের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা দেওয়া হয়। দলবদ্ধভাবে আত্মসমর্পণ করলে এই অর্থ দ্বিগুণ করা হয়। অস্ত্র জমা দিলে অতিরিক্ত আর্থিক সহায়তাও দেওয়া হয়।

পুনর্বাসন নীতির ফলে, আত্মসমর্পণের সংখ্যা ক্রমশ বেড়েছে। এবছর নভেম্বর মাস পর্যন্ত প্রায় ৮,৫২৬ জন নকশালপন্থী অস্ত্র ছেড়েছেন। নাগরিক সমাজের সদস্য, সাংবাদিক, স্থানীয় নেতা এবং জনপ্রতিনিধিরাও এই উদ্যোগে সাহায্য করেছেন। পুনর্বাসন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ানো এবং চরমপন্থায় যুক্ত ব্যক্তিদের মূল স্রোতে ফিরিয়ে আনতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

নিরাপত্তা অভিযান ও পুনর্বাসনের এই সমন্বিত কৌশলের সাফল্য সাম্প্রতিক ঘটনাগুলিতেও দেখা গেছে। এবছর ২৮ জুলাই ‘নয়ি দিশা, নয়ি পহেল’ নকশালবিরোধী অভিযানের আওতায় কোলহান ও লাতেহার অঞ্চলের ১৬ জন সক্রিয় মাওবাদী রাঁচিতে আত্মসমর্পণ করেন। তাঁদের মধ্যে একজন আঞ্চলিক কমান্ডার, তিনজন জোনাল কমান্ডার, তিনজন সাব-জোনাল কমান্ডার, ছয়জন এরিয়া কমান্ডার এবং তিনজন সাধারণ সদস্য ছিলেন। তাঁরা ১১টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ৩৮টি ম্যাগাজিন এবং ১,৫৬২ রাউন্ড গুলি জমা দেন।

এ ছাড়া, এবছর ২৯ জুলাই বিজাপুর পুলিশের কাছে আরও আটজন মাওবাদী আত্মসমর্পণ করেন। তাঁদের মাথার মোট পুরস্কারমূল্য ছিল ৪৯ লক্ষ টাকা। একই দিনে ধানবাদ-গিরিডি সীমান্ত থেকে ১ কোটি টাকা পুরস্কার ঘোষিত এক শীর্ষ মাওবাদী নেতা তথা পলিটব্যুরো সদস্যকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত এক আঞ্চলিক কমিটির সদস্য, একজন মাওবাদী সদস্য এবং দু'জন গ্রামবাসীকেও আটক করা হয়।

এই সাফল্য শুধু আইনশৃঙ্খলা ফিরিয়ে আনেনি, দীর্ঘমেয়াদী উন্নয়নের পথও তৈরি করেছে। প্রতিটি সুরক্ষিত পুলিশ থানা, প্রতিটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শিবির এবং প্রতিটি আত্মসমর্পণ সরকারি ব্যবস্থাকে আরও প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে আদিবাসী এলাকায় রাস্তা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ব্যাঙ্ক এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা পৌঁছনোর সুযোগ তৈরি হয়েছে। এই স্থিতিশীলতা ও আস্থাই পরিকাঠামোর উন্নয়নের ভিত্তি তৈরি করেছে।

নতুন ভবিষ্যৎ গড়ে তোলা : পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা

নকশালবাদের অবসানের লক্ষ্য শুধু নকশালপন্থীদের নির্মূল করা ছিল না। বড় শহরে যে সুযোগ-সুবিধা রয়েছে, প্রত্যন্ত এলাকার দরিদ্র আদিবাসী পরিবারগুলির কাছেও তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য। এর ফলে, তাঁদের সন্তানরাও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।

এই পর্যায়ে প্রত্যন্ত এলাকায় পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং সরকারি পরিষেবার বিস্তারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে জরুরি পরিষেবা, সড়ক ও ডিজিটাল যোগাযোগের সুযোগ বেড়েছে। দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত এলাকাগুলি দেশের মূল উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে।

সড়ক যোগাযোগ

নকশালপ্রভাবিত এলাকায় সড়ক যোগাযোগ বাড়াতে দুটি বিশেষ প্রকল্পের আওতায় মোট ১৫,১৮৯ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। প্রকল্প দুটি হল রোড রিকোয়ারমেন্ট প্ল্যান (RRP) এবং রোড কানেক্টিভিটি প্রজেক্ট ফর LWE অ্যাফেক্টেড এরিয়াস (RCPLWEA)।

আগে মাওবাদীদের হুমকি ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে নকশালপ্রভাবিত এলাকায় একাধিক পরিকাঠামো প্রকল্পের কাজ আটকে ছিল। ঠিকাদাররাও অনেক ক্ষেত্রে এই কাজের দরপত্রে অংশ নিতে চাইতেন না। এই এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তা ও সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনকে (BRO)।

ডিজিটাল ও মোবাইল যোগাযোগ

আধুনিক সমাজের উন্নয়নে টেলিযোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত আদিবাসী এলাকায় এর গুরুত্ব আরও বেশি। মোবাইল যোগাযোগের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পাওয়া সহজ হয়। ডিজিটাল ব্যবধান কমে এবং মানুষের আয়ের নতুন সুযোগ তৈরি হয়।

এই বিষয়টি মাথায় রেখে ৯,৫৬১টি মোবাইল টাওয়ার চালু করা হয়েছে। বামপন্থী চরমপন্থায় সবচেয়ে বেশি প্রভাবিত এলাকাগুলিতে এখন ৯৬ শতাংশ গ্রামে মোবাইল যোগাযোগের সুযোগ রয়েছে। মোট ৪৬,৫৯২টি গ্রামের মধ্যে ৪৪,৭২৮টি গ্রামে এই পরিষেবা পৌঁছেছে। এর ফলে শিক্ষা, অনলাইন সরকারি পরিষেবা এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে।

রেল যোগাযোগ

আগে বামপন্থী চরমপন্থায় প্রভাবিত এলাকাগুলির অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার বিস্তারে রেল পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

দল্লি রাজহরা থেকে রাওঘাট পর্যন্ত ৯৫ কিলোমিটার রেলপথের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। রাওঘাট-জগদলপুরের ১৪০ কিলোমিটার রেলপথ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া, দান্তেওয়াড়া থেকে মণুগুরু পর্যন্ত ১৫৩ কিলোমিটার রেলপথ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

কিরন্দুল-জগদলপুরের ১৫০ কিলোমিটার রেলপথের দুটি লাইন করার কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জগদলপুর-কামালুর এবং বাচেলি-কিরন্দুলের মোট ১৩০ কিলোমিটার অংশে রেল চলাচল শুরু হয়েছে। প্রকল্পের কাজ প্রায় শেষের পথে।

আর্থিক অন্তর্ভুক্তি

বিগত ১২ বছরে বামপন্থী চরমপন্থায় প্রভাবিত জেলাগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা আরও বিস্তৃত করেছে কেন্দ্রীয় সরকার। ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১,৮০৪টি নতুন ব্যাঙ্কের শাখা খোলা হয়েছে। প্রসঙ্গত, ১,৩২১টি এটিএম বসানো হয়েছে। ৭৪,৭২০ জন ব্যাঙ্কিং প্রতিনিধি নিয়োগ করা হয়েছে এবং ৬,০২৫টি ডাকঘর তৈরি করা হয়েছে।

মানুষের প্রয়োজন অনুযায়ী সরকারি পরিষেবা

আদিবাসী এলাকায় সরকারি প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করেছে সরকার। তাই সব জায়গায় একই নিয়ম অনুসরণের বদলে স্থানীয় প্রয়োজন অনুযায়ী উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রত্যন্ত আদিবাসী এলাকায় আধার পরিষেবা পৌঁছে দিতে UIDAI এবং ডাক বিভাগের সহযোগিতায় বিশেষ অভিযান চালানো হয়েছে। ছত্তিশগড়ের বস্তার বিভাগে এলাকার ভৌগোলিক অবস্থান ও দুর্গমতা বিবেচনা করে সমীক্ষা চালিয়ে ২৯৪টি ডাকঘর খোলা হয়েছে।

দুর্বল ইন্টারনেট যোগাযোগ ও ব্যাঙ্কিং পরিষেবার কারণে বামপন্থী চরমপন্থায় প্রভাবিত কয়েকটি এলাকায় আগে চালু থাকা বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G-RAM G প্রকল্পের আওতায় নগদে মজুরি দেওয়া এবং অফলাইনে হাজিরা নথিভুক্ত করার অনুমতি দেওয়া হয়েছিল।

স্বচ্ছ ভারত মিশনের আওতায় ব্যাঙ্কিং পরিষেবা নেই বা দুর্বল এমন এলাকায় গ্রাম স্যানিটেশন কমিটির মাধ্যমে শৌচাগার নির্মাণের অর্থ দেওয়া হয়েছে। প্রত্যন্ত গ্রামে আধিকারিকদের আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করে দেওয়ার জন্য অফলাইন অ্যাপও চালু করা হয়েছে।

এই উদ্যোগগুলি দেখায়, স্থানীয় পরিস্থিতি অনুযায়ী সরকারি ব্যবস্থা গ্রহণ করলে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া সহজ হয়।

স্বাস্থ্য পরিষেবা

ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে দুর্গম অবস্থান এবং বামপন্থী চরমপন্থার কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া কঠিন ছিল। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার (PMSSY) আওতায় জগদলপুরের সরকারি মেডিক্যাল কলেজে ২৪০ শয্যার একটি সুপার স্পেশালিটি হাসপাতাল অনুমোদন করা হয়।

হাসপাতালটি এখন চালু রয়েছে। এবছর ১৮ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর উদ্বোধন করেন। এ ছাড়া, নিরাপত্তাকর্মীদের জন্য তৈরি ১১টি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ফিল্ড হাসপাতাল স্থানীয় আদিবাসীদের চিকিৎসার জন্যও খুলে দেওয়া হয়েছে।

শিক্ষা ও দক্ষতা উন্নয়ন

গত ১২ বছরে ভারত সরকার ২৫৯টি একলব্য মডেল আবাসিক স্কুল (EMRS) অনুমোদন করেছে। এর মধ্যে ১৭৯টি স্কুলে পঠনপাঠন শুরু হয়েছে। এ ছাড়া, এই এলাকাগুলিতে ৪৭টি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান (ITI) এবং ৪৯টি দক্ষতা উন্নয়ন কেন্দ্র (SDC) গড়ে তোলা হয়েছে। এই খাতে প্রায় ৮০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

এর ফলে, জনজাতি সম্প্রদায়ের তরুণদের শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। মোট ৯০ হাজারেরও বেশি যুবক-যুবতী ও মহিলাকে দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ট্রাইবাল ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের (TYEP) আওতায় আগে বামপন্থী চরমপন্থায় প্রভাবিত এলাকার জনজাতি সম্প্রদায়ের তরুণদের দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয়। এর উদ্দেশ্য জাতীয় সংহতি, সাংস্কৃতিক পরিচিতি এবং উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা বাড়ানো। ২০১৪ সাল থেকে এই কর্মসূচিতে মোট ৩৭,৬৫৫ জন আদিবাসী তরুণ অংশ নিয়েছেন।

জনকল্যাণমূলক কর্মসূচি

জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে তাদের কাজের এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের জন্য আর্থিক সহায়তা দেয়। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য শিবির, ক্রীড়া প্রতিযোগিতা এবং স্থানীয় মানুষের মধ্যে জরুরি সামগ্রী বিতরণ।

২০১৪ সাল থেকে এই কর্মসূচির আওতায় ২২১.৮৮ কোটি টাকা দেওয়া হয়েছে। এর ফলে, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় মানুষের মধ্যে আস্থা বেড়েছে এবং দূরত্ব কমেছে।

গ্রামকে যুক্ত করা রাস্তা, যোগাযোগের সুযোগ তৈরি করা মোবাইল টাওয়ার, আর্থিক লেনদেনের সুযোগ বাড়ানো ব্যাঙ্ক এবং আদিবাসী তরুণদের সামনে নতুন পথ খুলে দেওয়া স্কুল, এই পরিকাঠামোগুলি সরাসরি মানুষের জীবনযাত্রার উন্নতিতে সাহায্য করেছে। এর ফলে, জনকল্যাণ, মানুষের মর্যাদা এবং আদিবাসী সংস্কৃতির বিকাশের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হয়েছে।

সামগ্রিকভাবে, এই এলাকাগুলিতে পরিকাঠামোর উন্নয়ন আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সুযোগ বাড়িয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফলে, সুস্থায়ী ও সকলের অংশগ্রহণমূলক উন্নয়নের পথ তৈরি হয়েছে।

মানুষের কল্যাণ ও মর্যাদা

এই কৌশলের শেষ ধাপে মানুষের মর্যাদা বজায় রেখে সকলের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে জরুরি পরিষেবা পৌঁছে দেওয়া এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই এর লক্ষ্য।

আদিবাসীদের জীবিকা ও জীবনযাত্রার উন্নয়ন

আদিবাসীদের কল্যাণে ধারাবাহিক উদ্যোগ বামপন্থী চরমপন্থার প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। উন্নয়নের সুযোগ বাড়ানো, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং আদিবাসী মানুষের সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থার সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি, প্রত্যন্ত আদিবাসী এলাকায় শিক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য, বাসস্থান এবং জীবিকার সুযোগ বাড়ানো হয়েছে।

আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের জন্য দক্ষতা উন্নয়ন, জীবিকার সহায়তা, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি এবং স্বনির্ভর হওয়ার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। যে গ্রামগুলি নকশাল প্রভাবমুক্ত হয়েছে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত পঞ্চায়েত গঠন করেছে, সেই গ্রামগুলিকে উন্নয়নের জন্য বিশেষ অনুদান দেওয়া হয়েছে। আত্মসমর্পণকারীদের সন্তানদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে, পরিবারগুলির ভবিষ্যৎ আরও সুরক্ষিত করার সুযোগ তৈরি হয়েছে।

একাধিক বিশেষ উদ্যোগ এই পরিবর্তনকে আরও গতি দিয়েছে। জাতীয় নীতি ও কর্মপরিকল্পনার মাধ্যমে নিরাপত্তা, উন্নয়ন, মানুষের অধিকার রক্ষা এবং জনমত গড়ে তোলার কাজ একসঙ্গে করা হয়েছে। বনাধিকার আইনের আওতায় মোট ২১,২৬,২৭৩টি স্বত্বপত্র বিলি করা হয়েছে। বিশেষ কেন্দ্রীয় সহায়তার মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবিত জেলাগুলিতে জরুরি পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে আকাঙ্ক্ষী জেলা কর্মসূচির মাধ্যমে একাধিক সরকারি প্রকল্পকে একসঙ্গে যুক্ত করা হয়েছে।

শিক্ষাকে এই পরিবর্তনের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গড়ে তোলা হয়েছে। একলব্য মডেল আবাসিক স্কুলের (EMRS) মাধ্যমে তফসিলি জনজাতির পড়ুয়াদের উন্নত আবাসিক শিক্ষার সুযোগ বাড়ানো হয়েছে। এর মধ্যে বামপন্থী চরমপন্থায় প্রভাবিত এলাকার পড়ুয়ারাও রয়েছে।

PM-JANMAN প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর (PVTG) জন্য বাসস্থান, নিরাপদ পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং জরুরি যোগাযোগ ব্যবস্থার উন্নতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত জনগোষ্ঠীগুলিকে দেশের মূল উন্নয়নের ধারায় যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান শুরু হওয়ার ফলে আদিবাসী গ্রামগুলির পরিকাঠামোগত ঘাটতি দূর করার কাজ আরও জোরদার হয়েছে।

বিভিন্ন মন্ত্রকের সমন্বিত উদ্যোগে এই কর্মসূচির লক্ষ্য হল মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, আয়ের সুযোগ বাড়ানো এবং দেশের উন্নয়নে আদিবাসী জনগোষ্ঠীর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা।

বিশেষ প্রতিবেদন : নকশালবাদ থেকে উন্নয়নের পথে ছত্তিশগড়

দীর্ঘ কয়েক দশক ধরে ছত্তিশগড়ের বস্তার দেশের অন্যতম নকশালপ্রভাবিত অঞ্চল ছিল। যোগাযোগ ব্যবস্থার অভাব, প্রশাসনের দুর্বল উপস্থিতি এবং দুর্গম ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে চরমপন্থী সংগঠনগুলি সেখানে নিজেদের প্রভাব বিস্তার করেছিল। গত ১২ বছরে নিরাপত্তা, উন্নয়ন এবং আদিবাসীদের অংশগ্রহণের সমন্বিত কৌশলে এই অঞ্চলের পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

২০১৭ সালে বস্তারিয়া ব্যাটালিয়ন গঠন ছিল এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ব্যাটালিয়নে মোট ১,১৪৩ জনকে নিয়োগ করা হয়। তাঁদের মধ্যে প্রায় ৪০০ জন ছিলেন বিজাপুর, সুকমা ও দান্তেওয়াড়ার স্থানীয় যুবক। স্থানীয় যুবকদের অংশগ্রহণে গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে। নিরাপত্তা বাহিনী ও আদিবাসী মানুষের মধ্যে আস্থা বেড়েছে। সরকারি ব্যবস্থার প্রতিও মানুষের বিশ্বাস ফিরেছে।

এক দশকের পরিবর্তনের ফল

২০১৪ সালে বামপন্থী চরমপন্থায় প্রভাবিত জেলার সংখ্যা ছিল ১২৬।  এবছর মার্চ-এপ্রিল নাগাদ সেই সংখ্যা শূন্যে নেমে এসেছে। সবচেয়ে বেশি প্রভাবিত জেলার সংখ্যাও ৩৫ থেকে শূন্য হয়েছে। এর ফলে দেশের নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে।

হিংসার বিভিন্ন পরিসংখ্যানেও এই পরিবর্তন স্পষ্ট। ২০১০ সাল ছিল নকশাল হিংসার অন্যতম ভয়াবহ বছর। ওই বছর নকশাল সংক্রান্ত ১,৯৩৬টি ঘটনা ঘটে এবং ১,০০৫ জনের মৃত্যু হয়।

এরপর ধারাবাহিক নিরাপত্তা অভিযান, উন্নয়নমূলক উদ্যোগ এবং প্রশাসনিক ব্যবস্থার উন্নতির ফলে বামপন্থী চরমপন্থী সংগঠনগুলি ক্রমশ দুর্বল হয়েছে। ২০১৪ সালে নকশাল হিংসার ঘটনা ছিল ৮৭০টি। এবছর ২৯ জুলাই পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩৩টিতে। একই সময়ে মৃত্যুর সংখ্যা ৩১০ থেকে কমে ১২ হয়েছে।
হিংসার ঘটনা ধারাবাহিকভাবে কমে আসায় চরমপন্থী সংগঠনগুলির কার্যক্ষমতা দুর্বল হয়েছে। প্রভাবিত এলাকায় নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং সরকারি পরিষেবার উন্নতি হয়েছে। মানুষের আস্থাও ফিরেছে। একসময় যেখানে নিয়মিত হিংসার ঘটনা ঘটত, সেখানে এখন শান্তি ও জননিরাপত্তার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

সাফল্য ধরে রাখা : ২০২৬ সালের জুনের পর গুরুত্বপূর্ণ পদক্ষেপ

দেশ বামপন্থী চরমপন্থামুক্ত হওয়ার পর সরকার নিরাপত্তার সাফল্য ধরে রাখা এবং উন্নয়নের কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছে। এবছর জুন মাসের পর আগে চরমপন্থায় প্রভাবিত এলাকাগুলিতে শান্তি ও উন্নয়ন বজায় রাখতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিরাপত্তা শিবিরকে সমন্বিত উন্নয়ন কেন্দ্রে রূপান্তর : সেবা ডেরা কেন্দ্র

বামপন্থী চরমপন্থামুক্ত এলাকায় এক-তৃতীয়াংশ নিরাপত্তা শিবিরকে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য ‘সেবা ডেরা কেন্দ্র’-এ রূপান্তর করা হচ্ছে। এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি, মানুষের প্রয়োজন অনুযায়ী সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারি প্রকল্পের সুবিধা কতটা পৌঁছেছে, তার সমীক্ষা

এবছর আগস্টে সংসদে জানানো হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দক্ষিণ ছত্তিশগড়ের আগে বামপন্থী চরমপন্থায় প্রভাবিত সাতটি জেলায় একটি সমীক্ষা চালিয়েছে। একটি স্বাধীন সংস্থার মাধ্যমে এই সমীক্ষায় সরকারি কল্যাণমূলক প্রকল্প, উন্নয়নমূলক উদ্যোগ এবং জীবিকার সুযোগ কতটা মানুষের কাছে পৌঁছেছে, তা খতিয়ে দেখা হয়েছে।

সমীক্ষায় শিক্ষার হার, স্বাস্থ্য পরিষেবা এবং প্রাথমিক স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও মাধ্যমিক স্বাস্থ্যকেন্দ্রের মতো জরুরি পরিষেবার তথ্য সংগ্রহ করা হয়েছে। এই সমীক্ষার তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য সরকার উন্নয়নের ঘাটতি দূর করা এবং জীবিকার সুযোগ বাড়ানোর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
নকশাল হিংসায় ক্ষতিগ্রস্তদের সহায়তা
এবছর ১৫ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম বিতরণের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর আওতায় এই উদ্যোগের সুবিধা পেয়েছেন নকশাল হিংসায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও।

নকশালমুক্ত ভারতে প্রথম দীপাবলি

এ বছর ৮ নভেম্বর প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের বস্তারের করণপুরে কোবরা অপারেশনস বেসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেন। তিনি বলেন, দেশের প্রতিটি জেলা নকশালমুক্ত হওয়ার পর এটাই প্রথম দীপাবলি। তিনি আরও জানান, গত এক বছরে কর্তব্যরত অবস্থায় কোনও সিআরপিএফ জওয়ান প্রাণ হারাননি। ৪৭ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটেছে।

ভারতের নিরাপত্তা ও উন্নয়নের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়

নকশালমুক্ত ভারত গড়ে তোলা স্বাধীনতার পর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য। দৃঢ় নেতৃত্ব, ধারাবাহিকভাবে নীতি কার্যকর করা এবং নিরাপত্তা, উন্নয়ন ও পুনর্বাসনের সমন্বিত কৌশল এই সাফল্য এনে দিয়েছে।
গত এক দশকে বামপন্থী চরমপন্থা মোকাবিলায় ভারতের কৌশলে বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে হিংসার ঘটনা ঘটার পর তার মোকাবিলা করা হতো, এখন সেখানে আগাম পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে চরমপন্থার অবসানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আগামী দিনে এই সাফল্য ধরে রাখা, চরমপন্থার পুনরুত্থান রোধ করা, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন সম্পূর্ণ করা এবং নিরাপত্তার পাশাপাশি, উন্নয়ন, কার্যকর প্রশাসন ও মানুষের অধিকার নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।

নকশালমুক্ত ভারত শুধু একটি সশস্ত্র আন্দোলনের অবসান নয়। দেশের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের কাছে শান্তি, অন্তর্ভুক্তি ও উন্নয়নের নতুন অধ্যায়ের-ও সূচনা।

তথ্যসূত্র

Prime Minister’s Office

Ministry of Home Affairs

Parliament of India

Prasar Bharati

Press Information Bureau (Research Unit)

Social Media

Click here to see PDF


*****
SSS/AS.......


(রিলিজ আইডি: 2341346) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil