PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ফুলের উত্তরণ

ভারতের ফুল চাষ অর্থনীতির উত্থান

প্রকাশিত: 23 NOV 2026 1:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ নভেম্বর, ২০২৬

 

ফুলচাষ শিল্পের বিকাশ

ভারত প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ এক দেশ। তুষারাবৃত পর্বত, ঊর্বর সমভূমি, শুষ্ক মরুভূমি থেকে দীর্ঘ উপকূলরেখা, সবই রয়েছে এ দেশে। বিভিন্ন কৃষি-জলবায়ুগত পরিস্থিতি দেশের নানা অঞ্চলে ও বিভিন্ন ঋতুতে বিপুল প্রজাতির ফুল চাষের অনুকূল পরিবেশ গড়ে তুলেছে। ভারতের সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও আবেগের সঙ্গে ফুলের গভীর সম্পর্কও এই শিল্পের বিকাশে সহায়ক হয়েছে।

অর্থনৈতিক ও নান্দনিক সম্ভাবনার কথা বিবেচনা করে সরকার ফুল চাষকে ‘উদীয়মান শিল্প’ হিসেবে চিহ্নিত করেছে। ভারতীয় কৃষিতে এক সময় তুলনামূলকভাবে সীমিত পরিসরের এই ক্ষেত্র বর্তমানে উদ্যানপালনের একটি গতিশীল অংশ হয়ে উঠেছে। ফুল চাষ কৃষকদের আয় বৃদ্ধি, কৃষি রপ্তানি এবং গ্রামীণ উদ্যোগের বিকাশে অবদান রাখছে। একই সঙ্গে আধুনিক চাষ পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহারও ক্রমশ বাড়ছে। বর্তমানে, ফুল চাষের আওতায় বিভিন্ন ধরনের উৎপাদিত সামগ্রী, উৎপাদন ব্যবস্থা এবং মূল্য সংযোজনমূলক পণ্য রয়েছে। ক্রমবর্ধমান চাহিদা, বাজারের প্রসার, নীতিগত সহায়তা এবং প্রযুক্তিগত অগ্রগতি এই শিল্পের বিকাশকে ত্বরান্বিত করছে।

ভারতের ফুলের অর্থনীতির অন্দরমহল

উন্নত মানের ফুল এবং নান্দনিক সৌন্দর্য নিশ্চিত করার লক্ষ্যে ফুল চাষ একটি শিল্প ও বিজ্ঞান। উদ্যানপালনের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হিসেবে এতে ফুল ও শোভাবর্ধক গাছের রোপণ থেকে ফসল সংগ্রহ পর্যন্ত বিভিন্ন পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে। বীজ, কাটিং, বাডিং ও গ্রাফটিং-এর মাধ্যমে চারা উৎপাদনও এর অন্তর্গত। ফুল ও ফুলজাত পণ্যের বিপণনও এই শিল্পের অংশ।

ফুল চাষের উৎপাদিত সামগ্রীর বিভাগ

খোলা ফুল: লম্বা ডাঁটা ছাড়াই ফুল সংগ্রহ ও বাজারজাত করা হয়। সাধারণত ওজন অনুযায়ী বিক্রি হয়। মালা ও গজরা তৈরিতে এগুলি বহুল ব্যবহৃত। গাঁদা ও জুঁই এর উদাহরণ।

বাজারের চাহিদা গড়ে তুলছে যে ফুলগুলি

দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী ভারতে বিভিন্ন ধরনের ফুল চাষ হয়। উল্লেখযোগ্য ফুলগুলি হল:

গোলাপ: কর্ণাটক ও মহারাষ্ট্রে ব্যাপক চাষ হয়। রপ্তানির ক্ষেত্রে এর মূল্য বেশি।

গাঁদা: ধর্মীয় অনুষ্ঠানে বহুল ব্যবহৃত। তামিলনাড়ু ও মধ্যপ্রদেশে ব্যাপক চাষ হয়।

কার্নেশন, চন্দ্রমল্লিকা ও জারবেরা: রপ্তানির জন্য নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করা হয়।

লিলি ও অর্কিড: সিকিম ও মিজোরামের মতো নির্দিষ্ট অঞ্চলে উচ্চমূল্যের ফুল হিসেবে চাষ হয়।

বহিরাগত প্রজাতির ফুলের চাহিদা বেড়েছে। উত্তর-পূর্বাঞ্চলে অর্কিড ও অ্যান্থারিয়াম বাণিজ্যিকভাবে লাভজনক হয়ে উঠেছে। নগর উদ্যান, অনুষ্ঠানস্থলের সাজসজ্জা এবং সুস্থতা শিল্পেও এই ফুলগুলির চাহিদা বাড়ছে।

খোলা মাঠ থেকে নিয়ন্ত্রিত চাষ

ভারতে ফুলের চাষ খোলা মাঠ এবং গ্রীনহাউসের মতো নিয়ন্ত্রিত পরিবেশ, উভয় ব্যবস্থাতেই করা হয়। ফসলের প্রয়োজন অনুযায়ী চাষ পদ্ধতি নির্ধারণ করা হয়। চন্দ্রমল্লিকা, গোলাপ, গেইলার্ডিয়া, লিলি, গাঁদা, অ্যাস্টর এবং রজনীগন্ধার মতো ফুল সাধারণত খোলা মাঠে চাষ করা হয়।

উন্নত মানের ফুলের চাহিদা এবং সারা বছর ফুলের সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তা গ্রীনহাউসের মতো নিয়ন্ত্রিত চাষ ব্যবস্থার প্রসার ঘটিয়েছে। জারবেরা ও কার্নেশনের মতো রপ্তানিমুখী ফুলের ক্ষেত্রে গ্রীনহাউস বিশেষ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তাপমাত্রা, আর্দ্রতা এবং অন্যান্য চাষের পরিবেশ নিয়ন্ত্রণ করা যায়। ফলে ফুলের গুণমান একই থাকে, উৎপাদনশীলতা বাড়ে এবং আন্তর্জাতিক বাজারের নির্ধারিত মান বজায় রাখা সম্ভব হয়।

ফুলের তোড়ার বাইরেও: ফুল চাষের বহুমুখী ব্যবহার

ভারতের দৈনন্দিন জীবনে ফুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংস্কৃতি, সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে ফুল নিবিড়ভাবে জড়িত। প্রচলিত ব্যবহারের পাশাপাশি, ফুল চাষ এখন সুগন্ধী, প্রসাধনী এবং ওষুধ শিল্পেও বিভিন্ন প্রয়োগের মাধ্যমে বিস্তৃত হয়েছে।

দেশে ফুলের প্রধান ব্যবহার:

ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান: জুঁই, গাঁদা ও ক্রসান্দ্রা ফুল পুজো, সামাজিক অনুষ্ঠান এবং ব্যক্তিগত সাজসজ্জায় বহুল ব্যবহৃত হয়।

জীবনযাপন ও সাজসজ্জা: নগরায়ণ এবং মানুষের হাতে খরচ করার মতো আয় বৃদ্ধিতে ফুলের তোড়া উপহার দেওয়া, অনুষ্ঠানস্থল সাজানো এবং আবাসিক ও বাণিজ্যিক স্থান সৌন্দর্যায়নের চাহিদা বেড়েছে।

সুগন্ধী ও প্রসাধনী: জুঁই, ল্যাভেন্ডার ও গোলাপের পাপড়ি সুগন্ধি এবং প্রসাধনী তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

ওষুধ শিল্পে ব্যবহার: ক্যালেন্ডুলা, জবা ও ক্যামোমাইলের মতো ফুল ও উদ্ভিদ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।

রং ও রঞ্জক পদার্থ নিষ্কাশন: গাঁদা ও জবা থেকে প্রাকৃতিক রং এবং রঞ্জক পদার্থ নিষ্কাশন করা হয়।

ভারতের ফুল চাষের অঞ্চলগুলির মানচিত্র

অনুকূল জলবায়ু এবং বাজারের ক্রমবর্ধমান চাহিদার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ফুল চাষের বিস্তার ঘটেছে। ২০২৫-২৬ সালের তৃতীয় অগ্রিম হিসাব অনুযায়ী, ফুল চাষের মোট জমির পরিমাণ ছিল ৪১০ হাজার হেক্টর। ওই সময়ে ৩,৬৫৩ হাজার মেট্রিক টন খোলা ফুল এবং ১,২২৯ হাজার মেট্রিক টন ডাঁটাসহ ফুল উৎপাদিত হয়েছে। ফুলের মোট উৎপাদনের পরিমাণ ছিল ৪,৮৮২ হাজার মেট্রিক টন। এই পরিসংখ্যান ভারতে ফুল চাষের ব্যাপকতা এবং বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরে।

ফুল উৎপাদনে অগ্রণী রাজ্যগুলি

ভারতে ফুল উৎপাদন কয়েকটি প্রধান রাজ্যে কেন্দ্রীভূত। ২০২৫-২৬ সালের তৃতীয় অগ্রিম হিসাব অনুযায়ী, দেশের মোট ফুল উৎপাদনের প্রায় ৩১ শতাংশ এসেছে অন্ধ্রপ্রদেশ থেকে। এর পর রয়েছে তামিলনাড়ু (১৪ শতাংশ), মধ্যপ্রদেশ (১১ শতাংশ), কর্ণাটক (১০ শতাংশ) এবং পশ্চিমবঙ্গ (৮ শতাংশ)। ছত্তিশগড়, গুজরাত, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা ও তেলেঙ্গানাও ফুল উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখে।

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি সম্মিলিতভাবে দেশের মোট ফুল উৎপাদনের প্রায় ৪ শতাংশ উৎপাদন করে। অসম খোলা ফুল ও ডাঁটাসহ ফুল, উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অবদান রাখে। এর পর রয়েছে নাগাল্যান্ড, বিশেষত ডাঁটাসহ ফুল উৎপাদনে। এই বণ্টন দেশের বিভিন্ন অঞ্চলে ফুল চাষের বিস্তারকে তুলে ধরে।

শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের চাষ পদ্ধতি আন্তর্জাতিক ফুলের বাজারে ভারতের ক্রমবর্ধমান উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে।

আন্তর্জাতিক ফুলের বাজারে ভারতের ক্রমবর্ধমান উপস্থিতি

মূল্য সংযোজনমূলক কৃষি রফতানির অংশ হিসেবে ফুল চাষ প্রচলিত ফসল উৎপাদনের বাইরেও অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করে। গত কয়েক বছরে ভারতের ফুল রফতানি ধারাবাহিকভাবে বেড়েছে। এর ফলে, ভারতীয় ফুলজাত পণ্যের আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফুল চাষ ও ফল এবং সবজির বীজ-সহ রপ্তানির পরিমাণ ২০২১-২২ অর্থবর্ষে ২১.৬৭৪ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবর্ষে ২৫.৮২৬ কোটি মার্কিন ডলার হয়েছে। এই বৃদ্ধি ভারতীয় ফুলজাত পণ্যের আন্তর্জাতিক চাহিদা এবং রফতানি প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন।

ভারতের প্রধান আন্তর্জাতিক বাজার

২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের ফুল ও বীজের বিভিন্ন আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য চাহিদা দেখা গিয়েছে। বস্তুত, ৪৫.৯৪ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রধান রফতানি গন্তব্য হয়ে উঠেছে। এর পর রয়েছে আন্তর্জাতিক ফুল বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র নেদারল্যান্ডস, যেখানে রপ্তানির পরিমাণ ৪২.১৮ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে ফুল আমদানির পরিমাণ ছিল ১৬.৫১ মিলিয়ন মার্কিন ডলার। সংযুক্ত আরব আমিরশাহী এবং ইতালি যথাক্রমে ১৬.৩৫ মিলিয়ন ও ৯.৬৯ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। এই পরিসংখ্যান ফুল রপ্তানির প্রচলিত ও নতুন বাজারে ভারতের ক্রমবর্ধমান উপস্থিতি তুলে ধরে।

ফুল রপ্তানির বহুমুখী সম্ভার

আন্তর্জাতিক ডাঁটাসহ ফুলের বাজারে বাণিজ্যিক গুরুত্ব রয়েছে এমন বিভিন্ন ফুলের চাষ ভারতের রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করছে। ভারতের উল্লেখযোগ্য রফতানিযোগ্য ফুলের মধ্যে রয়েছে গোলাপ, কার্নেশন, চন্দ্রমল্লিকা, জারবেরা, গ্ল্যাডিওলাস, জিপসোফিলা, লিয়াট্রিস, নেরিন, অর্কিড, অ্যাকিলিয়া, অ্যান্থারিয়াম, টিউলিপ এবং লিলি। এর ফলে বিশ্বের বিভিন্ন বাজারের চাহিদা ও গুণমানের নির্ধারিত মান অনুযায়ী ফুল সরবরাহ করা সম্ভব হচ্ছে।

এ ছাড়া, ভারতের ফুল রপ্তানিতে একাধিক পণ্য বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগের নিজস্ব আন্তর্জাতিক বাজার রয়েছে।

তাজা ডাঁটাসহ ফুল: প্রধানত ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়।

খোলা ফুল: মূলত উপসাগরীয় অঞ্চলের প্রবাসী ভারতীয়দের বাজারে সরবরাহ করা হয়।

ডাঁটাসহ পাতা: প্রধানত ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়।

শুকনো ফুল: মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, দূরপ্রাচ্য এবং রাশিয়া-সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়।

টবে লাগানো গাছ: সীমিত সংখ্যক দেশে রপ্তানি করা হয়।

এই রফতানি বিভাগগুলির মধ্যে শুকনো ফুল ভারতের মোট ফুল রপ্তানির একটি বড় অংশ। দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং বিস্তৃত বাজারে পৌঁছানো সম্ভব হওয়ায় এর চাহিদা বেশি।

উত্তর-পূর্বাঞ্চল থেকে রপ্তানিতে নতুন সাফল্য

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মিজোরাম থেকে সিঙ্গাপুরে প্রথমবার অ্যান্থারিয়াম ফুল রপ্তানির চালান পাঠানো হয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে ফুল রপ্তানির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই চালানে ৫০টি ঢেউখেলানো কার্ডবোর্ডের বাক্সে ১,০২৪টি অ্যান্থারিয়াম ডাঁটাসহ ফুল পাঠানো হয়। চালানের মোট ওজন ছিল ৭০ কেজি। কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ (এপিডা) এবং মিজোরাম সরকারের উদ্যানপালন দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়। এই উদ্যোগ ওই অঞ্চলের ফুল চাষিদের জন্য নতুন বিদেশি বাজারের সংযোগ এবং বাণিজ্যিক সুযোগের পথ খুলে দিয়েছে।

নীতিগত সহায়তায় বিকাশের পথ

দেশজুড়ে ফুল চাষের প্রসারে সরকার একাধিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে। উৎপাদন, পরিকাঠামো, গবেষণা, দক্ষতা বৃদ্ধি এবং রপ্তানির সুবিধা প্রদান এই উদ্যোগগুলির মূল লক্ষ্য।

সরকারের সহায়তার প্রধান ক্ষেত্রগুলি হল:

নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা: উদ্যানপালনের সমন্বিত উন্নয়ন মিশন (এমআইডিএইচ)-এর অধীনে মূলত জাতীয় উদ্যানপালন মিশন (এনএইচএম), উত্তর-পূর্ব ও হিমালয় রাজ্যগুলির উদ্যানপালন মিশন এবং জাতীয় উদ্যানপালন পর্ষদের মাধ্যমে উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়।

আর্থিক সহায়তা ও ঋণ: জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্ক (নাবার্ড) নিয়ন্ত্রিত পরিবেশে চাষ এবং নির্ভুল কৃষি পদ্ধতি গ্রহণের জন্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। এর ফলে উৎপাদনশীলতা ও গুণমান বৃদ্ধি পায়।

বীজ উৎপাদন ও চারা: ফুলের বীজের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিভিন্ন বীজ সংস্থা ফুল উৎপাদনে অগ্রণী রাজ্যগুলিতে উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছে। এর ফলে, উন্নত মানের চারা পাওয়ার সুযোগ বাড়ছে।

প্রোৎসাহন ও ছাড়: ফুল চাষের রপ্তানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে বীজ, চারা, যন্ত্রপাতি ও বিমান পরিবহণে ছাড় দেওয়া হয়।
 
রপ্তানিতে প্রসার: বাণিজ্য মন্ত্রকের অধীনে মূলত কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ (এপিডা)-এর মাধ্যমে রফতানি সংক্রান্ত সহায়তা প্রদান করা হয়।

প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি: কৃষক ও উদ্যোগপতিদের জন্য সরকার বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। এর ফলে, কৃষকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ছে, আধুনিক পদ্ধতি গ্রহণে উৎসাহ মিলছে এবং ফুল চাষে নতুন উদ্যোগ গড়ে উঠছে।

গবেষণা ও উন্নয়ন: ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (আইসিএআর) এবং বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (সিএসআইআর)-এর অধীন একাধিক প্রতিষ্ঠানে ফুল চাষ নিয়ে গবেষণা হয়। রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলির উদ্যানপালন বিভাগ এবং সর্বভারতীয় সমন্বিত ফুল চাষ উন্নয়ন প্রকল্পের অধীনেও গবেষণা পরিচালিত হয়।

নতুন উদ্ভাবনের চাষ: বৈজ্ঞানিক গবেষণা থেকে উচ্চমূল্যের ফুল উৎপাদন

ফুল চাষ ক্রমশ বাজারমুখী হয়ে উঠছে। গবেষণা ও প্রযুক্তির অগ্রগতির ফলে, উৎপাদনশীলতা, গুণমান এবং পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে।

সিএসআইআর ফুল চাষ মিশন

বিজ্ঞানভিত্তিক উদ্যোগের মাধ্যমে ভারতের ফুল ও সুগন্ধী শিল্পকে শক্তিশালী করতে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (সিএসআইআর) দুটি প্রধান কর্মসূচি গ্রহণ করেছে।

২০২১ সালে শুরু হওয়া সিএসআইআর ফুল চাষ মিশনের লক্ষ্য কৃষকদের আয় বৃদ্ধি, নতুন উদ্যোগকে সহায়তা এবং ফুল চাষ শিল্পে প্রযুক্তিনির্ভর উন্নয়নকে উৎসাহিত করা।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই মিশনের আওতায় ২,২০৮ হেক্টরেরও বেশি জমিতে ফুল চাষ করা হয়।

দেশের ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৯৯টি গুচ্ছে ১৬,২২০ জন উপকৃত হয়েছেন।

সুস্থায়ী বিকাশের পথে ফুল চাষ শিল্প

ভারতের ফুল চাষ শিল্প উদ্যানপালনের সীমিত পরিসর থেকে বেরিয়ে এসে বহুমুখী ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ কৃষি কর্মকাণ্ডে পরিণত হয়েছে। দেশের সমৃদ্ধ কৃষি-জলবায়ুগত বৈচিত্র্য, ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা, শক্তিশালী বাজার সংযোগ এবং রফতানির প্রসারের ওপর এই শিল্পের বিকাশ নির্ভর করছে। ভবিষ্যতে ফুল চাষের ক্ষেত্রে উৎপাদনের পাশাপাশি, মূল্য সংযোজনের উপর আরও গুরুত্ব দিতে হবে। নিয়ন্ত্রিত পরিবেশে চাষ, নির্ভুল প্রযুক্তি, উন্নত মানের চারা, ফসল সংগ্রহের পর ব্যবস্থাপনা এবং গুণমানের মানদণ্ড গ্রহণ উৎপাদনশীলতা ও বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে পারে। ধারাবাহিক নীতিগত সহায়তা, শক্তিশালী প্রতিষ্ঠান এবং উন্নত বাজার সংযোগ ফুল চাষের মাধ্যমে কৃষকদের আয়, গ্রামীণ উদ্যোগ এবং কৃষি ক্ষেত্রে রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে।

প্রচলিত ফুল থেকে বহিরাগত প্রজাতি এবং মূল্য সংযোজনমূলক পণ্য পর্যন্ত এই শিল্পের ক্রমবর্ধমান বিস্তার বিভিন্ন অঞ্চলে বিশেষ ধরনের ফুল চাষ এবং নতুন উদ্যোগের সুযোগও তৈরি করে দিচ্ছে। ভারত যখন আরও বহুমুখী ও প্রযুক্তিনির্ভর কৃষি অর্থনীতির দিকে এগিয়ে চলেছে, তখন ফুল চাষের ভবিষ্যৎ নতুন মূল্য সৃষ্টি এবং জীবিকার প্রসারের সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছে, একটি একটি ফুলের বিকাশের সঙ্গে।

তথ্যসূত্র 

Ministry of Agriculture and Farmers Welfare

https://www.csir.res.in/en/csir-science-stories/indias-exotic-flower-revolution#:~:text=Eustoma's%20success%20proves%20that%20India's,of%20400%20farmer%20clusters%20nationwide.&text=By%20connecting%20Himalayan%20farmers%20with,flowering%20of%20India's%20scientific%20spirit.

https://epubs.icar.org.in/index.php/IndHort/article/view/160122/57269

https://megagriculture.gov.in/PUBLIC/floriculture_default.aspx

https://purulia.gov.in/horticulture/

https://agriwelfare.gov.in/hort-state-level

https://ccsniam.gov.in/img/saraswati_Finalreport.pdf

 

Ministry of Commerce and Industry

https://apeda.gov.in/Floriculture

https://apeda.gov.in/FloricultureAndSeeds

https://agriexchange.apeda.gov.in/

https://www.investindia.gov.in/blogs/indian-floriculture-sunrise-sector

https://www.ibef.org/research/case-study/india-s-floriculture-sector-blooming-with-export-potential-and-rural-prosperity

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113965&reg=3&lang=2

Ministry of Science & Technology

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198763&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266281&reg=48&lang=2 

Ministry of Education

 

https://cbseacademic.nic.in/ecbse/pdfs/Basic%20Horticulture-I%20%28SH%29%20-%20XI.pdf

https://ncert.nic.in/vocational/pdf/kegr101.pdf

PIB Backgrounder

 

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=155126&id=155126&reg=48&lang=2

Click here to see pdf


***
SSS/S Saha......


(রিলিজ আইডি: 2340399) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil