প্রকাশিত:
19 NOV 2026 3:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৬
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বৈদ্যুতিন পণ্য রপ্তানি ৪৪ শতাংশ বেড়ে ৩১.৯৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। রপ্তানির বৃহত্তম অংশ হিসেবে স্মার্টফোনের অবস্থান বজায় রয়েছে। এই সময়ে স্মার্টফোন রপ্তানি ৩৫.৮ শতাংশ বেড়ে ১৮.১৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে, স্মার্টফোন-বহির্ভূত বৈদ্যুতিন পণ্যের রপ্তানি আরও দ্রুত, ৫৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩.৭৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ভারতের মোট বৈদ্যুতিন পণ্য রপ্তানিতে এই পণ্যগুলির অংশ বেড়ে হয়েছে ৪৩.২ শতাংশ। উল্লেখযোগ্য পণ্যগুলির মধ্যে রয়েছে প্রিন্টেড সার্কিট বোর্ড, নেটওয়ার্ক ট্রান্সমিশন সরঞ্জাম, মেমরি ইন্টিগ্রেটেড সার্কিট এবং স্টোরেজ ডিভাইস। সিঙ্গাপুর, চিন, হংকং ও মালেশিয়ার মতো বাজারে এই পণ্যগুলির রপ্তানি বৃদ্ধির মধ্য দিয়ে ভারতের বৈদ্যুতিন পণ্যের রপ্তানি তালিকার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান উপস্থিতির চিত্র স্পষ্ট হয়েছে।
বৈদ্যুতিন পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বৈদ্যুতিন পণ্য রপ্তানির গতি অব্যাহত রয়েছে। এই সময়ে রপ্তানি ২২.২০ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৩১.৯৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃদ্ধির হার ৪৪ শতাংশ। ভারতের বৈদ্যুতিন পণ্য রপ্তানির বৃহত্তম অংশ হিসেবে স্মার্টফোনের অবস্থান বজায় থাকলেও এই সময়ে স্মার্টফোন-বহির্ভূত পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে দ্রুত বেড়েছে। এর ফলে, যন্ত্রাংশ, সার্কিট বোর্ড, যোগাযোগ সরঞ্জাম, মেমরি পণ্য এবং স্টোরেজ ডিভাইস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের বৈদ্যুতিন পণ্য রপ্তানির ভিত্তি আরও বিস্তৃত হয়েছে।
রপ্তানির বৈচিত্র্য বৃদ্ধিতে স্মার্টফোন-বহির্ভূত বৈদ্যুতিন পণ্যের ভূমিকা
স্মার্টফোন-বহির্ভূত বৈদ্যুতিন পণ্যের রপ্তানিতে বিশেষ উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গিয়েছে। এই ক্ষেত্রে রপ্তানি ৮.৮১ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ১৩.৭৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃদ্ধির হার ৫৬.৫ শতাংশ। ফলে ভারতের মোট বৈদ্যুতিন পণ্য রপ্তানিতে এই পণ্যগুলির অংশ ৩৯.৭ শতাংশ থেকে বেড়ে ৪৩.২ শতাংশ হয়েছে। এর মাধ্যমে ভারতের বৈদ্যুতিন পণ্য রপ্তানির ক্রমবর্ধমান বৈচিত্র্য প্রতিফলিত হয়েছে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধির ফলে এই সম্প্রসারণ সম্ভব হয়েছে।
যন্ত্রাংশ ও আনুষঙ্গিক সামগ্রী: সংযুক্ত প্রিন্টেড সার্কিট বোর্ড
এই পণ্যের রপ্তানি ৬৩.৩ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২.১০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃদ্ধির হার ৩,২১৯ শতাংশ। সিঙ্গাপুর ছিল প্রধান রপ্তানি গন্তব্য। সেখানে রপ্তানির পরিমাণ ছিল ১.৮৭ বিলিয়ন মার্কিন ডলার। এরপর রয়েছে চিন, যেখানে রপ্তানির পরিমাণ ১১১.৫ মিলিয়ন মার্কিন ডলার।
উপাদান সংযুক্ত বা পূর্ণাঙ্গ প্রিন্টেড সার্কিট বোর্ড
এই পণ্যের রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রপ্তানির পরিমাণ ২১৩.৭ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৮৬৪.১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃদ্ধির হার ৩০৪ শতাংশ। ৭৮৯.২ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি নিয়ে চিন ছিল প্রধান বাজার। হংকং-এ রপ্তানিও ৫.৯ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২৫.৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
নেটওয়ার্ক ট্রান্সমিশন ও রাউটিং সরঞ্জাম
এই পণ্যের রপ্তানি প্রায় দ্বিগুণ বেড়ে ৭৩২.৯ মিলিয়ন মার্কিন ডলার থেকে ১.৪৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃদ্ধির হার ৯৮ শতাংশ। হংকং-এ রপ্তানি ২৬৪.৭ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৮৫৭.৭ মিলিয়ন মার্কিন ডলার হওয়ায় এই অগ্রগতি সম্ভব হয়েছে। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসও গুরুত্বপূর্ণ বাজার ছিল। এই দুই দেশে রপ্তানির পরিমাণ যথাক্রমে ১৩০.৯ মিলিয়ন এবং ১২৪.৪ মিলিয়ন মার্কিন ডলার।
মেমরি ইন্টিগ্রেটেড সার্কিট
এই পণ্যের রপ্তানিতে অত্যন্ত দ্রুত বৃদ্ধি দেখা গিয়েছে। রপ্তানির পরিমাণ মাত্র ২৩.১ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৫৬২.৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃদ্ধির হার ২,৩৩৩ শতাংশ। ৩৯০.৮ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি নিয়ে মালয়েশিয়া ছিল বৃহত্তম গন্তব্য। এরপর রয়েছে সিঙ্গাপুর, যেখানে রপ্তানির পরিমাণ ১০২.৪ মিলিয়ন মার্কিন ডলার এবং হংকং, যেখানে তা ২৫.২ মিলিয়ন মার্কিন ডলার।
সলিড-স্টেট নন-ভোলাটাইল স্টোরেজ ডিভাইস
এই পণ্যের রপ্তানি ১৪.৬ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২৬০.৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃদ্ধির হার ১,৬৮০ শতাংশ। ১০৮.৬ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি নিয়ে চিন এই বৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে। এরপর রয়েছে সিঙ্গাপুর, যেখানে রপ্তানির পরিমাণ ৭৬.৮ মিলিয়ন মার্কিন ডলার। হংকং-এ তা ২২.৩ মিলিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ২০.৭ মিলিয়ন মার্কিন ডলার।
স্মার্টফোন রপ্তানিতে বৃদ্ধি
২০২৫-২৬ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়ে ভারতের স্মার্টফোন রপ্তানির পরিমাণ ছিল ১৩.৩৮ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৬-২৭ অর্থবর্ষের একই সময়ে তা বেড়ে ১৮.১৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃদ্ধির হার ৩৫.৮ শতাংশ।
ভারতের বৈদ্যুতিন পণ্য রপ্তানির সিংহভাগ এখনও স্মার্টফোনের দখলে। তবে, মোট রপ্তানিতে স্মার্টফোনের অংশ ৬০.৩ শতাংশ থেকে কমে ৫৬.৮ শতাংশ হয়েছে। বৈদ্যুতিন পণ্য রপ্তানির অন্যান্য ক্ষেত্রে আরও দ্রুত বৃদ্ধির ফলে এই পরিবর্তন ঘটেছে।
আন্তর্জাতিক বৈদ্যুতিন বাণিজ্যে ভারতের অবস্থান মজবুত করা
সমস্ত প্রবণতা একত্রে বিবেচনা করলে দেখা যায়, ভারতের বৈদ্যুতিন পণ্য রপ্তানির পরিসর আরও বিস্তৃত ও বৈচিত্র্যময় হচ্ছে। স্মার্টফোন ১৮.১৭ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির মাধ্যমে শক্তিশালী ভিত্তি জোগাচ্ছে। অন্যদিকে স্মার্টফোন-বহির্ভূত বৈদ্যুতিন পণ্যের রপ্তানি আরও দ্রুত বাড়ছে এবং সামগ্রিক বৈদ্যুতিন পণ্য রপ্তানিতে তাদের অবদানও বৃদ্ধি পাচ্ছে।
প্রিন্টেড সার্কিট বোর্ড, যোগাযোগ সরঞ্জাম, মেমরি এবং সলিড-স্টেট স্টোরেজ ডিভাইসের রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। পাশাপাশি সিঙ্গাপুর, চিন, হংকং ও মালেশিয়ার মতো বাজারে রপ্তানির প্রসার ভারতের বৈদ্যুতিন পণ্য রপ্তানির অগ্রগতিতে স্মার্টফোন-বহির্ভূত পণ্যের ক্রমবর্ধমান অবদান তুলে ধরেছে।
তথ্যসূত্র
Ministry of Commerce and Industry
Click here to see pdf
***
SSS/S Saha