প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন বিষয়ক দাপ্তরিক শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 19 NOV 2026 9:09PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সুষমা স্বরাজ ভবনে ‘সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন’ দপ্তরের শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে পৌরোহিত্য করেছেন । 

 

এই সম্মেলনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা যোগ দেন। এখানে সামাজিক অন্তর্ভুক্তি শক্তিশালী করা, ভিন্ন ভাবে সক্ষমদের ক্ষমতায়ন, মাদকাসক্তি প্রতিরোধ এবং জনসাধারণের অংশগ্রহণের ক্ষেত্রে উদ্ভাবনী নানা পন্থা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।   

 

প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সম্মেলনের আলোচিত বিষয় ও নানা পরিকল্পনাগুলি কেন্দ্র ও রাজ্যগুলির অভিন্ন লক্ষ্যের প্রতিফলন ঘটিয়েছে। প্রতিযোগিতামূলক ও সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভাবনায় এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করতে হবে। এ ক্ষেত্রে রাজ্যগুলি একে অন্যের অভিজ্ঞতা ও উদ্ভাবন থেকে শিক্ষালাভ করবে।

 

শ্রী মোদী জন সাধারণের অংশগ্রহণের উপর গুরুত্ব দিয়ে বলেন, শিশুদের বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দ্রুত শনাক্ত করার প্রয়োজনীয়তা সম্পর্কে অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। এ কাজে সামাজিক অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, দ্বিধা, সামাজিক কলঙ্কের ভয় এবং সচেতনতার অভাবের কারণে অনেক সময় অভিভাবকরা তাঁদের সন্তানদের সমস্যাগুলি বুঝতে পারেন না, ফলে সময়মতো তারা সহায়তা নিতে আসেন না। সামাজিক স্তরে অভিভাবকদের এই দ্বিধা কাটাতে সাহায্য করতে হবে , ফলে দ্রুত পদক্ষেপ গ্রহণ আরও ফলপ্রসু হবে। তিনি সচেতনতা বৃদ্ধির জন্য নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনের ওপর জোর দেন। এ ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সহজে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া, তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করার জন্য ‘রাজ্যগুলি স্টার্ট-আপ’ প্রতিযোগিতার আয়োজন করতে পারে। এর মাধ্যমে তারা ব্যয় সাশ্রয়ী মূল্যে সহায়ক সরঞ্জাম তৈরি বা প্রযুক্তি উদ্ভাবন করতে পারবে। এর ফলে চলাফেরার ক্ষেত্রে সুবিধা হবে এবং খেলাধুলা ও দৈনন্দিন কর্মকাণ্ডে অংশগ্রহণ সহজ হবে। 

 

‘নেশা মুক্ত ভারত অভিযান’ -এর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন , গতানুগতিক বা প্রতীকী কর্মকাণ্ডের মধ্যে মাদকাসক্তি মোকাবিলার উদ্যোগকে সীমাবদ্ধ রাখলে চলবে না। তিনি তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং সামাজিক অংশগ্রহণের পরিসর বৃদ্ধির লক্ষ্যে স্কুলগুলিতে প্রবন্ধ রচনা, বিতর্ক, বক্তৃতা প্রতিযোগিতা সহ নানা কর্মসূচী আয়োজনের পরামর্শ দেন। পাশাপাশি যারা সফলভাবে আসক্তি কাটিয়ে উঠেছেন, তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরার ওপরও তিনি জোর দেন।  

 

শ্রী মোদী ‘নেশা মুক্ত ভারত’ গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি নাগরিকের উদ্যোগী হবার উপর গুরুত্ব দেন। বিভিন্ন সম্প্রদায়, আধ্যাত্মিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি মন্ত্রকগুলিকে আরও সক্রিয়ভাবে এ কাজে অংশগ্রহণ করতে হবে। যখন নাগরিকরা নিজেরাই এই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী হয়ে উঠবেন, তখনই আচরণগত ক্ষেত্রে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা সম্ভব হবে। কেন্দ্র ও রাজ্যগুলি অভিন্ন এক জাতীয় উদ্যোগের অংশীদার। শীর্ষ সম্মেলনে যে সম্মিলিত অঙ্গীকার গৃহীত হয়েছে, প্রতিযোগিতামূলক ও সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভাবনায় তাকে বাস্তবায়িত করতে হবে। তবেই অন্তর্ভুক্তিমূলক ও ক্ষমতায়িত উন্নত বা ‘বিকশিত ভারত’ গড়ে তোলা সম্ভব হবে। 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2338962) ভিজিটরের কাউন্টার : 6