প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

দিল্লিতে FICCI-র বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক সম্মেলনের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

পোস্ট করার দিনক্ষণ: 19 NOV 2026 1:44PM by PIB Agartala

দিল্লী, ১৯ নভেম্বর ২০২৬

 

নমস্কার। FICCI-র সভাপতি অনন্ত গোয়েঙ্কা জি, FICCI-র সদস্যবৃন্দ, শিল্পক্ষেত্রের নেতৃবৃন্দ, উদ্ভাবক, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।

এর আগে FICCI-র বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আমার বহুবার হয়েছে। কিন্তু আজকের সুযোগটি একটু বিশেষ। FICCI ১০০ বছর পূর্ণ করছে। একটি প্রতিষ্ঠানের ১০০ বছর ধরে সচেতন ও সক্রিয় থাকা, পরিবর্তিত সময়ের সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের অর্থনৈতিক যাত্রায় সক্রিয় ভূমিকা পালন করে চলা—এ এক অত্যন্ত বড় অর্জন। এই উপলক্ষে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা।

 

বন্ধুগণ,

গত ১০০ বছরে ভারতের অর্থনীতি বহু পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছে। আমরা লাইসেন্স-কোটা রাজ দেখেছি, রাষ্ট্রায়ত্তকরণের ব্যর্থ প্রয়াসও দেখেছি এবং একবিংশ শতাব্দীতে এমন সময়ও এসেছে, যখন ভারতের অর্থনীতিকে ‘ফ্র্যাজাইল ফাইভ’ এর অন্তর্ভুক্ত করা হয়েছিল।

কিন্তু গত ১২ বছরে দেশবাসী, আপনারা সকলে অনেক পরিশ্রম করেছেন। আমাদের যুবক, কৃষক, শ্রমিক ভাই-বোনেরা এবং শিল্পজগতের আপনারা সকলেই এই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছেন। আজ ভারত দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে এবং একই সঙ্গে দারিদ্র্যমুক্তির গতিও অভূতপূর্ব।

 

বন্ধুগণ,

বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্ট আমাদের সকলকে গর্বিত করেছে। এই রিপোর্টে বলা হয়েছে, মাত্র ১২-১৩ বছরে ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যকে পরাজিত করেছেন।

 

বন্ধুগণ,

সত্তরের দশকে যখন দেশে ‘গরিবি হটাও’ স্লোগান দেওয়া হয়েছিল, তখন দেশের জনসংখ্যা ছিল প্রায় ৫০ কোটি। তখনও দারিদ্র্য দূর করা সম্ভব ছিল। কিন্তু FICCI-ও সাক্ষী যে, তখন নীতির ঘাটতি ছিল এবং দুর্ভাগ্যবশত সদিচ্ছারও অভাব ছিল। আমি এর বিস্তারিত আলোচনায় যাব না।

 

কিন্তু বন্ধুগণ,

FICCI এ কথারও সাক্ষী যে, যখন সঠিক নীতি নিয়ে কাজ হয়েছে, সরকার সদিচ্ছা নিয়ে এগিয়েছে, তখন মাত্র ১২-১৩ বছরে ৫০ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। আর এটাই প্রমাণ করে যে, ভারত আজ যে ভাবে এগিয়ে চলেছে, যে পথে চলেছে, তা সঠিক, যথাযথ এবং সেই পথে দেশের সাফল্য নিশ্চিত।

বন্ধুগণ,

আজ ভারত বিশ্বের দ্রুততম বিকাশমান বৃহৎ অর্থনীতি। বড় বড় সংস্থাগুলির অনুমান, ভারত প্রায় ৭% বৃদ্ধির হার নিয়ে এগিয়ে চলবে।অক্টোবর মাসে আরও একটি পরিসংখ্যান সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। সে মাসে ভারতের পণ্য রপ্তানি প্রায় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি ভারতের সর্বকালের সর্বোচ্চ মাসিক পণ্য রপ্তানি। আমি তো আপনাদের প্রশংসা করছি! আপনারা ঘুমিয়ে পড়েছেন! ভারতের এই ধরনের সাফল্যের কারণেই মুডিজ রেটিংস, এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস, ফিচ রেটিংস, বিশ্বব্যাঙ্ক, এশীয় উন্নয়ন ব্যাঙ্ক—সব ধরনের সংস্থা আমাদের বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করছে।

 

বন্ধুগণ,

হাজার হাজার বছর আগে আমাদের শাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে—‘উদ্ধরেত্ আত্মনা আত্মানম্ ন আত্মানম্ অবসাদয়েত্’। অর্থাৎ, আমাদের নিজেদেরই নিজের উন্নতি করতে হবে, নিজেদের ক্ষমতা চিনতে হবে, নিজেদের দুর্বলতা থেকে শিক্ষা নিতে হবে এবং ধারাবাহিকভাবে আরও ভালো হওয়ার চেষ্টা করতে হবে। পরবর্তী বড় অগ্রগতির সূচনা হয় সৎ আত্মসমীক্ষার মধ্য দিয়ে। এগিয়ে যাওয়ার জন্য সময়ে সময়ে আত্মসমীক্ষা করা জরুরি। আর এই কথা শুধু ব্যক্তি নয়, শিল্প এবং দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। FICCI তার ১০০ বছরের যাত্রায় দেশের শিল্পক্ষেত্রকে বহু সাফল্য অর্জন করতে দেখেছে। এখন সময় এসেছে, আগামী ২০ বছরে ভারতীয় শিল্প কী কী অর্জন করতে পারে, তা নির্ধারণ করার। বিকশিত ভারত গড়ার যাত্রায়, আত্মনির্ভর ভারত গড়ার যাত্রায় আপনারা কীভাবে নিজেদের অবদান আরও বাড়াতে পারেন?

হতে পারে, আপনারা যে ব্যবসায় ইতিমধ্যেই যুক্ত রয়েছেন, যে ক্ষেত্রগুলি আগে থেকেই প্রতিষ্ঠিত, সেখানে কাজ করা অনেক সহজ এবং স্বল্পমেয়াদে লাভও পাওয়া যায়। কিন্তু শিল্পক্ষেত্রকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যে চাহিদা তৈরি হবে, তার জন্যও প্রস্তুত হতে হবে। আর আমাদের এমন ক্ষমতা গড়ে তুলতে হবে, যা দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার দায়িত্ব পালনে সহায়ক হবে। তাই আগামী ২০ বছরের প্রতিটি দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্তে ‘ইন্ডিয়া ফার্স্ট’—এই নীতিকে ভিত্তি করার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। এতে দেশ আত্মনির্ভর হবে এবং আপনাদের ব্যবসা বৃদ্ধির জন্যও নতুন সুযোগ তৈরি হবে।

 

বন্ধুগণ,

এইমাত্র আপনাদের যে তথ্যচিত্রটি দেখানো হল, সেটি দেখে আমাদের মাথা উঁচু করা উচিত, নাকি মাথা নিচু করা উচিত—তা আপনারাই ঠিক করুন। আমি জানি, এখন আপনারা হাততালি দেবেন না। আপনারা ভেবে দেখুন, ১০০ বছর হয়ে গেল, অথচ ১৯৩০ সালে গান্ধীজি আপনাদের কাছে এসে একই কথা বলে গিয়েছিলেন। এত বছর পরেও আমাকে সেই একই কথা বলতে হচ্ছে—এটা কি আপনাদের সাফল্য, নাকি ব্যর্থতা? আমার কথা না হয় শুনবেন না, কিন্তু গান্ধীজির কথা তো শুনুন! তিনিও স্বদেশির কথা বলে গিয়েছিলেন, আত্মনির্ভর ভারতের কথাও বলে গিয়েছিলেন। আর আপনারা ১০০ বছর পূর্ণ করেছেন, অথচ বিষয়টি সেই একই জায়গায় রয়ে গিয়েছে, বন্ধুগণ! তাই আমি বলছি, আপনারা যে তথ্যচিত্রটি তৈরি করেছেন, আমার এই দুটি বক্তব্যের সঙ্গে সেটিকে যুক্ত করে প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিন।

 

বন্ধুগণ,

আমি আপনাদের ওষুধ শিল্পের উদাহরণ দিচ্ছি। এখানে উপস্থিত সকলেই জানেন, ভারতকে বিশ্বের ‘ফার্মেসি’ বলা হয়। তা সত্ত্বেও ভারত প্রতি বছর কোটি কোটি ডলারের API, Bulk Drugs এবং Drug Intermediates আমদানি করে। এমন অনেক পণ্য রয়েছে, যেগুলির জন্য আমরা আজও আমদানির উপর নির্ভরশীল। আমাদের ওষুধ শিল্পকে বুঝতে হবে, কোন কোন উপাদান আমরা ভারতেই উৎপাদন করতে পারি। কোন কোন ক্ষেত্রে নতুন প্রযুক্তি এবং বৃহৎ উৎপাদন কেন্দ্র গড়ে তুলে বিনিয়োগ করলে আমরা অন্য দেশগুলির প্রতিযোগী হয়ে উঠতে পারব? তৈরি ওষুধের ক্ষেত্রে আমাদের শক্তিশালী অবস্থান রয়েছে। এবার আমাদের ওষুধের উপাদান উৎপাদনক্ষম হয়ে উঠতে হবে।

 

বন্ধুগণ,

লোহা ও ইস্পাত শিল্পেও একই ধরনের চ্যালেঞ্জ রয়েছে। ভারত কয়েক হাজার কোটি টাকার লৌহ আকরিক রপ্তানি করে। অথচ আমরা তৈরি ইস্পাত আমদানিও করি। আমাদের শিল্পকে ভাবতে হবে, আমরা কোন কোন গ্রেডের ইস্পাত আমদানি করছি, যাতে সেগুলি উৎপাদনের প্রযুক্তি আমরা নিজেরাই তৈরি করতে পারি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও একই । ভারতের কাছে বক্সাইটের বিশাল মজুত রয়েছে। তা সত্ত্বেও আমরা বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম অ্যালয় এবং অন্যান্য পণ্য আমদানি করি। এই পণ্যগুলি উৎপাদনের ক্ষমতাও আমাদের দেশে গড়ে তুলতে হবে। খনিজ সম্পদের মূল্য সংযোজন শৃঙ্খলে আমাদের দক্ষতা অর্জন করতে হবে, যাতে ভারতে আরও বেশি মূল্য সংযোজন সম্ভব হয়। আপনারাই বলুন, এমন দেশ কেমন, আর আমার শিল্পজগতের সহযোগীরা কেমন—যে দেশ গম রপ্তানি করে, অথচ রুটি আমদানি করে! নিজেদের কাছে এই প্রশ্ন করুন।

 

বন্ধুগণ,

আমি আপনাদের আরও একটি পরিসংখ্যান দিচ্ছি। ভারত এত বড় দেশ হওয়া সত্ত্বেও বিশ্ব কৃষি রপ্তানিতে আমাদের অংশীদারি মাত্র ২-২.৫%। আমাদের কর্পোরেট জগৎ কৃষিক্ষেত্রে বিনিয়োগ করতে ভয় পায়, এই ক্ষেত্র থেকে দূরে সরে থাকে।

 

বন্ধুগণ,

আমাদের একসঙ্গে এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে। এটিকে মূল্য সংযোজন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটি বড় সুযোগ হিসেবে দেখতে হবে। গত ১২ বছরে কৃষি-খাদ্য রপ্তানিতে প্রক্রিয়াজাত খাদ্যের অংশ ১৩% থেকে বেড়ে ২০%-এরও বেশি হয়েছে। আজ শিল্পক্ষেত্রের সকলকে একত্রিত হয়ে একটি ভবিষ্যৎ কৌশল এবং পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করতে হবে—আমরা কী উৎপাদন করছি এবং বিশ্বের চাহিদা কী? আমি আপনাদের কাছে আবেদন জানাব, আমাদের শিল্প সংস্থাগুলি ভারতের কৃষিক্ষেত্রে বিনিয়োগ বাড়ান। নির্দিষ্ট বিদেশি বাজারকে লক্ষ্য করে নির্ভরযোগ্য সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থা গড়ে তুলুন এবং সেই বাজারগুলিতে যে পণ্যগুলির চাহিদা রয়েছে, সেগুলি তৈরি করুন। যাতে বিশ্বের বাজারে ভারতের পণ্য আমাদের পরিচিতি ও মর্যাদা বৃদ্ধি করতে পারে।

 

বন্ধুগণ,

এই সমস্ত সম্ভাবনার মতো দৈনন্দিন ব্যবহারের ইঞ্জিনিয়ারিং পণ্যগুলির ক্ষেত্রেও ভারতের সামনে বিরাট সুযোগ রয়েছে। বিশ্বের হ্যান্ড এবং পাওয়ার টুলস রপ্তানিতে ভারতের অংশীদারিত্ব এখনও যথেষ্ট কম। এই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে আমাদের উপস্থিতি বাড়াতে পারি। আমাদের বড় সংস্থাগুলি ছোট সংস্থাগুলিকেও গুণমান ও উৎপাদনের দিক থেকে উন্নততর উৎপাদন ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করতে পারে। একইভাবে যন্ত্রপাতি উৎপাদনও এমন একটি ক্ষেত্র, যেখানে আমাদের জন্য প্রচুর সম্ভাবনা অপেক্ষা করছে। অনেক কিছু করা সম্ভব। আমরা একসঙ্গে এমন যন্ত্র তৈরি করতে পারি, উন্নয়নশীল দেশ এবং বিশেষ করে দক্ষিণী বিশ্বের যেগুলির প্রয়োজন রয়েছে। আমাদের শিল্প প্যাকেজিং সরঞ্জাম, সেচ ব্যবস্থা এবং কারখানা-সম্পর্কিত যন্ত্রপাতির বাজার অনুসন্ধান করতে পারে। এই ক্ষেত্রগুলিতে আমরা কী কী করতে পারি, তা খতিয়ে দেখতে পারে।

 

বন্ধুগণ,

কোনও দেশ তার কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, শিল্প সংস্থা, সম্পদ সৃষ্টিকারী এবং করদাতাদের সম্মান জানিয়েই এগিয়ে যায়। সকাল-সন্ধ্যা তাঁদের গালিগালাজ করে কোনও দেশ এগিয়ে যেতে পারে না। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন, হয়তো পঙ্কজ ভাই-এর মতো কেউ কেউ জানেন যে গুজরাটে একবার আয়কর বিভাগের একটি বড় সম্মেলন হয়েছিল। তখন আমি সদ্য মুখ্যমন্ত্রী হয়েছি। তেমন কিছু বুঝতাম না, জ্ঞান, অভিজ্ঞতা কিছুই ছিল না। কিন্তু সেখানে আমি একটি ভাষণ দিয়েছিলাম। সম্ভবত ২০০১-০২ সালের কথা, প্রায় ২৫ বছর আগে। আয়কর বিভাগের সমস্ত বড় বড় কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। আমি তাঁদের বলেছিলাম, আপনারা প্রত্যেককে চোর বলে মনে করা বন্ধ করবেন কবে? এ কেমন পদ্ধতি? আপনারাও তো দেশের জন্য কাজ করেন। শুধু আমরাই কি দেশের দায়িত্ব নিয়ে বসে আছি? আপনারাও কাজ করেন, প্রত্যেক দেশবাসীও কাজ করেন। প্রত্যেকের সম্মান পাওয়া উচিত।

 

শিল্পক্ষেত্রের কথা বলতে গেলে, গত কয়েক বছরে সরকারের বিশেষ গুরুত্ব ছিল ‘Ease of Doing Business’-এর উপর। দেখুন, ২০১৪ সালে বেসিক কর্পোরেট করের হার ছিল ৩০%। আমরা তা কমিয়ে ২২% করেছি। আজ ভারতে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হয় না। আমি জানি, আপনারা হাততালি দেবেন না, আমি ভালোভাবেই জানি। কারণ আপনাদের চাহিদা এত বেশি যে, যতই দেওয়া হোক, আপনাদের পেট ভরে না। আমি তো ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করের ছাড় দিয়েছি। আপনারা কি আপনাদের কর্মীদের বেতন বাড়িয়েছেন? কর্মীর সংখ্যা বাড়িয়েছেন? না! ‘মোদীজি, আপনি করে দিন, আমরা দেখে নেব।’ এভাবেই কি চলবে?

 

কিন্তু বন্ধুগণ,

আয়করে এত বড় ছাড় দেওয়ার সাহস আমরা দেখিয়েছি। এর ফলে মানুষের ক্রয়ক্ষমতা অনেক বেড়েছে। আমরা আয়কর রিটার্ন এবং রিফান্ডের ব্যবস্থা সহজ করেছি, যাতে করদাতাদের অর্থ অকারণে আটকে না থাকে। এখন এক সপ্তাহের মধ্যেই রিফান্ড চলে আসে। আসে কি আসে না? তাহলে হাততালি দিন! কারণ আমি বুঝতে পারছি না, আমরা যে কাজগুলি করছি, সেগুলি আপনাদের কাজে লাগছে, নাকি শুধু এমনিই করছি! GST সংস্কারের ফলে দেশের বহু পণ্যের উপর কর কমেছে। এর ফলে চাহিদাও বেড়েছে এবং আমাদের শিল্প ও ব্যবসায়িক সংস্থাগুলি সরাসরি উপকৃত হচ্ছে।

 

বন্ধুগণ,

গত কয়েক বছরে বিশ্বের বহু দেশের সঙ্গে ভারত বাণিজ্য চুক্তি করেছে। কখনও FICCI-র সদস্যরা ভেবেছেন কি? বিশ্বের বড় বড় অর্থনীতির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হলে তার অর্থ, আপনাদের জন্য নতুন দরজা খুলে গিয়েছে। সেই সুযোগ কাজে লাগানোর জন্য আপনারা কোনও পরিকল্পনা করেছেন কি?

 

আমি সত্যিই বলছি,

বন্ধুগণ,

এর চেয়ে বড় ঐতিহাসিক সুযোগ আর হতে পারে না। আর আমার এই সমস্ত পরিশ্রমের সুফল আপনারা যদি গ্রহণ না করেন, তাহলে কে করবে, আমাকে বলুন! আমি তো আপনাদের জন্যই করছি এবং আপনাদের মাধ্যমে দেশের জন্য এই কাজ হচ্ছে। আপনারা একটি অত্যন্ত বড় মাধ্যম। নিজেদের শক্তিকে জানুন। আমাদের ১৪০ কোটি দেশবাসীর নিজস্ব বাজার রয়েছে। আর কখনও কখনও মনে হয়, এটাই আপনাদের সমস্যা। কারণ আপনারা জানেন, যা-ই তৈরি করুন না কেন, তা বিক্রি হবেই। কিছু না কিছু লোক কিনে নেবেন। বড় শহরের মানুষ না কিনলে ছোট শহরের মানুষ কিনবেন, ছোট শহরের মানুষ না কিনলে বড় গ্রামের মানুষ কিনবেন, না হলে অন্য কোনও গ্রামের মানুষ কিনবেন। আমার পণ্য তো বিক্রি হবেই! এখন বলুন, আমার প্রজন্ম এভাবেই কাজ চালিয়ে নিয়েছে, কিন্তু পরবর্তী প্রজন্মও কি এভাবেই চলবে? এটা হতে পারে না। সময় বদলে গিয়েছে। আপনাদের পণ্যের গুণমান উন্নত করতে হবে। ১৪০ কোটি দেশবাসীকে নিশ্চিত বাজার হিসেবে ধরে নেবেন না। এই ভাবনা থেকে বেরিয়ে আসুন। কখনও কখনও এই বিষয়গুলি বলতে আমার লজ্জা হয়, ক্ষমা করবেন বন্ধুগণ, আজ আপনাদের সঙ্গে খোলাখুলি কথা বলছি। দেখুন, দুই ধরনের মানুষ রয়েছেন। জানি না, এখানে তাঁদের কোনও গোষ্ঠী আছে কি না। একদল হলেন নির্মাতা, অর্থাৎ বিল্ডার ও প্রপার্টি ডেভেলপার। তাঁরা কী করেন? কোনও পরিকল্পনা তৈরি করেন, ধরুন একটি বড় টাওয়ার তৈরি করলেন। সেটি তৈরি হয়ে গেলে ক্রেতারা আসেন, কিন্তু একটি-দুটি ফ্ল্যাট নিজের কাছে রেখে দেন। তারপর কাউকে বলেন, ‘এটি আমি নিজের জন্য তৈরি করেছি, আমার ছেলের জন্য তৈরি করেছি।’ এরপর বলেন, ‘তবুও যদি আপনার পছন্দ হয়, তাহলে নিতে পারেন।’ তখন ক্রেতার মনে হয়, এটি নিশ্চয়ই ভালো মানের হবে। হ্যাঁ, এটি একটি পদ্ধতি—‘এটি আমার নিজের জন্য তৈরি, আপনি কিনতে পারেন।’

আর অন্য একটি গোষ্ঠী, যাঁরা এখানে বেশি সংখ্যায় থাকবেন, তাঁরা বলেন, ‘কোনও ক্রেতা? আরে, নিন না! এটি এক্সপোর্ট কোয়ালিটি!’ আপনারা দেশের মানুষকে কী মনে করেন? তাঁরা কি ভালো মানের পণ্য পাওয়ার অধিকারী নন? আজও তাঁদের বলতে হয়, ‘এটি এক্সপোর্ট কোয়ালিটি।’ তখন তাঁরাও ভাবেন, হ্যাঁ, বিদেশিদের জন্য তৈরি হলে নিশ্চয়ই ভালো হবে। এই মানসিকতা বদলাতে হবে। আমার দেশের মানুষও উন্নত মানের পণ্য পাওয়ার অধিকারী। গোপাল, আপনি একটু ভালো করে সবাইকে বুঝিয়ে দেবেন। তবে এখন প্রয়োজন, অন্য দেশগুলিতে যে সুযোগ তৈরি হচ্ছে, সেগুলিরও পূর্ণ সদ্ব্যবহার করা। আজ দেশ যখন ‘রিফর্ম এক্সপ্রেসে’ এগিয়ে চলেছে, তখন সরকারও এই পথে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে প্রস্তুত।

 

আর বন্ধুগণ,

আজ আমি খোলামনে একটি কথা বলতে চাই। আমি এখানে আনুষ্ঠানিকতা রক্ষার জন্য আসিনি। আন্তরিকভাবেই আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আপনাদের সম্মান করি বলেই এসেছি। কিন্তু পূর্ববর্তী সরকারগুলির সঙ্গে আপনাদের অভিজ্ঞতা এতটাই তিক্ত যে, তার মাশুল আমাকে দিতে হচ্ছে। এটি পুরনো সরকার নয়। এটি আপনাদের বন্ধু সরকার। এই সরকার বন্ধুত্ব রক্ষা করতে জানে। আর এখন আপনারা যদি আমার সত্যিকারের বন্ধু হন, তাহলে আপনাদের একটি কাজ করতে হবে। করবেন? করবেন না? করবেন? কোনও সংকোচ বা দ্বিধা ছাড়াই, কী কী সংস্কার এখনও প্রয়োজন, তা খোলাখুলিভাবে লিখে আমাকে পাঠান। আমি বারবার আপনাদের বলব, নির্দ্বিধায় আপনাদের পরামর্শ লিখে পাঠান। হতে পারে, আপনাদের ১০০টি পরামর্শের মধ্যে মাত্র দুটিতে আমি হাত দিতে পারব—সেটি আমার সীমাবদ্ধতা। কিন্তু আপনারা নিজেদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা রাখবেন না। সরকারের দরজা যেমন, সরকারের মনও তেমনই সম্পূর্ণ খোলা।

 

আমি আবারও বলছি, আমাদের অভ্যন্তরীণ বাজার যেন আমাদের স্বাচ্ছন্দ্যের ক্ষেত্র হয়ে না ওঠে। ‘এত লোক আছে, পণ্য বিক্রি হয়ে যাবে’—এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন, বন্ধুগণ। এই বাজার আমাদের এমন আত্মবিশ্বাস জোগাক, যার সাহায্যে আমরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারি। আমাদের মানসিকতায় এই আত্মবিশ্বাস তৈরি করতে হবে। আর সেই কারণেই বিশ্বের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের চাহিদা বোঝার জন্য আপনারা বিনিয়োগ করুন, দল পাঠান, সমীক্ষা করুন—কোন বাজারে কী প্রয়োজন, কীভাবে পণ্য পাঠানো হবে, কীভাবে ব্যবহারকারীদের উপযোগী পণ্য তৈরি করা যায়, তাঁদের পছন্দের রং কী, সেই রঙে পণ্য কীভাবে তৈরি করা যায়—এসব বুঝতে হবে। তা না হলে আমরা জানি, বিশ্বে কীভাবে বাজার দখল করা হয়। এখন নিশ্চয়তা নেই যে গণেশের মূর্তি আমরা তৈরি করেছি, নাকি অন্য কেউ, কিন্তু আমরা ঘরে বসে পুজো করছি।

 

বন্ধুগণ,

বিশ্বের চাহিদা অনুযায়ী মানদণ্ড পূরণ করা এবং সেই বাজারগুলিতে সরবরাহ ও বিতরণ ব্যবস্থা গড়ে তোলার জন্য বিনিয়োগ করা আমাদের অত্যন্ত জরুরি। আমাদের পণ্য এমন হওয়া উচিত, যা আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আস্থা অর্জন করবে এবং তাঁদের ভারতের সঙ্গে যুক্ত করবে।

এই আহ্বান জানিয়ে, বন্ধুগণ, আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত খোলাখুলি কথা বলেছি। মন খুলে আমার সমস্ত কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আমি আশা করব, ১০০ বছরের এই যাত্রা আপনাদের অনেক কিছু দিয়েছে। আগামী ১০০ বছর আর অপেক্ষা করবেন না। আগামী ১০ বছরে দেশকে কী দিতে পারেন, তা নিয়ে ভাবুন। ১৯২৭ সালে আপনাদের প্রতিষ্ঠা হয়েছিল এবং তার ২০ বছরের মধ্যে দেশ স্বাধীন হয়েছিল। ২০২৭ সালে আপনারা ১০০ বছর পূর্ণ করবেন। তাহলে পরবর্তী ২০ বছরের মধ্যে ভারতকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলবই—এই সংকল্প নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

 

আর বন্ধুগণ,

স্বাধীনতা কোনও স্লোগান ছিল না। স্বাধীনতা ছিল একটি অঙ্গীকার। বিকশিত ভারতও কোনও স্লোগান নয়। এটিও একটি অঙ্গীকার। এই অঙ্গীকার ১৪০ কোটি দেশবাসীকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে। আর আমরা যদি সেই অঙ্গীকার পালন করি, তাহলে জয় আমাদেরই হবে।

এই ভাবনা নিয়ে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

অনেক অনেক ধন্যবাদ।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2338588) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Gujarati