প্রকাশিত:
16 NOV 2026 8:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ নভেম্বর, ২০২৬
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব বিশ্বজুড়ে ন্যায়সংগত রূপান্তরের কর্মসূচিকে কেবল আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের স্তরে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী এবং দেশ-নির্ভর বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামোগত কনভেনশনের COP31 সম্মেলনে সংযুক্ত আরব আমিরশাহির ন্যায়সংগত রূপান্তর কর্মসূচির আওতায় আয়োজিত চতুর্থ বার্ষিক উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কাউকে পিছনে না ফেলে এক অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত বিশ্বব্যাপী রূপান্তর নিশ্চিত করতে ভারত অঙ্গীকারবদ্ধ।
শ্রী যাদব জোর দিয়ে বলেন, ন্যায়সংগত রূপান্তরের ক্ষেত্রে সমগ্র অর্থনীতি ও সমগ্র সমাজকে অন্তর্ভুক্ত করে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। এর আওতায় কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, দারিদ্র্য দূরীকরণ, জ্বালানির সহজলভ্যতা এবং সুস্থিত উন্নয়নের মতো বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে। উন্নয়নশীল দেশগুলি যাতে নিজেদের জাতীয় অগ্রাধিকার অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, সেজন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
শ্রীযাদব বলেন, সব দেশের জন্য একই ধরনের নীতি বা পদ্ধতি কার্যকর হতে পারে না। এই প্রসঙ্গে তিনি ভারতের রাজ্য ও স্থানীয় স্তরে গৃহীত তাপপ্রবাহ মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার উদাহরণ তুলে ধরেন। এই পরিকল্পনাগুলিতে শ্রমিক ও বিভিন্ন জনগোষ্ঠীর ঝুঁকি ও অসহায়ত্বের বিষয়গুলি বিবেচনায় রাখা হয়েছে। পাশাপাশি, তিনি ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসারের উদ্যোগের কথাও উল্লেখ করেন।
মন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর ন্যায়সংগত রূপান্তর কর্মসূচি এবং প্রস্তাবিত ন্যায়সংগত রূপান্তর প্রক্রিয়ার মধ্যে সুস্পষ্ট ও পরস্পর-পরিপূরক ভূমিকা নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ন্যায়সংগত রূপান্তর কর্মসূচির কাজ হওয়া উচিত আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি উপযুক্ত মঞ্চ প্রদান করা। অন্যদিকে, প্রস্তাবিত প্রক্রিয়াটির মাধ্যমে কারিগরি সহায়তা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাস্তবমুখী সহায়তা নিশ্চিত করতে হবে। এর ফলে চলতি আলোচনা থেকে অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষাকে বাস্তব পদক্ষেপে রূপান্তরিত করা সম্ভব হবে।
দ্বিস্তরীয় এবং রাষ্ট্রের নির্দেশনা-নির্ভর ন্যায়সংগত রূপান্তর প্রক্রিয়া কার্যকর করার বিষয়ে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে শ্রী যাদব বলেন, এই প্রক্রিয়াকে উন্নয়নশীল দেশগুলির চাহিদার প্রতি সংবেদনশীল হতে হবে এবং জাতীয় সার্বভৌমত্ব ও বিভিন্ন দেশের স্বতন্ত্র জাতীয় পরিস্থিতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে সব দেশের জন্য অভিন্ন ক্ষেত্রভিত্তিক রূপান্তরের পথ নির্ধারণ করা যাবে না কিংবা নতুন কোনও বাধ্যবাধকতা আরোপ করা যাবে না। বরং প্রতিটি দেশ যাতে নিজস্ব জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের ন্যায়সংগত রূপান্তরের পথ নির্ধারণ ও অনুসরণ করতে পারে, সেই সুযোগ করে দিতে হবে। একই সঙ্গে শ্রমিক, বিভিন্ন জনগোষ্ঠী এবং সমাজের ঝুঁকিপূর্ণ অংশের মানুষ যাতে এই রূপান্তরের প্রক্রিয়ায় কোনওভাবেই পিছিয়ে না পড়েন, তা নিশ্চিত করতে হবে।
শ্রী যাদব বলেন, অভিজ্ঞতা বিনিময়ের পর্যায় থেকে বাস্তবমুখী ও দেশ-নির্ভর উদ্যোগের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে COP31 একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। উন্নয়নশীল দেশগুলির উন্নয়নমূলক অগ্রাধিকারগুলি সুরক্ষিত রেখে ন্যায়সংগত রূপান্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ভারত সব রাষ্ট্রের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত বলে তিনি জানান।
SC/SD/SKD