PIB Backgrounder
azadi ka amrit mahotsav

আদি বাণী

ভারতের আদিবাসী ভাষাকে ডিজিটাল যুগের সঙ্গে সমন্বিত করা

প্রকাশিত: 15 NOV 2026 9:55AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ নভেম্বর, ২০২৬

 

আদি বাণী আদিবাসী বিষয়ক মন্ত্রকের কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর একটি মঞ্চ। অনুবাদ ও বিভিন্ন ডিজিটাল সরঞ্জামের মাধ্যমে আদিবাসী ভাষার ব্যবহার আরও সহজ করে তোলাই এর লক্ষ্য। এবছর ১৫ অক্টোবর পর্যন্ত এই মঞ্চে নয়টি আদিবাসী ভাষায় লিখিত অনুবাদের সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবস্থায় এটি ৩৫,০০০-এরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। মডেলগুলিকে প্রশিক্ষণ দিতে রাজ্যগুলির Tribal Research Institutes প্রায় ১৩.৯ লক্ষ বাক্য এবং প্রায় ৩০০ ঘণ্টার কথ্য ভাষার তথ্য সরবরাহ করেছে। এবছর ১৫ অক্টোবর প্রথমবার বৈঠকে বসা Tribal Languages Working Group আদি বাণীকে National Tribal Language Repository হিসেবে গড়ে তোলার প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। ভাষাগত বাধা কমিয়ে মাতৃভাষায় শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যোগাযোগ, সরকারি পরিষেবায় প্রবেশাধিকার এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এই মঞ্চ সহায়তা করতে পারে।

জনজাতীয় গৌরব দিবস

আদিবাসী বিষয়ক মন্ত্রক এবছর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে জনজাতীয় গৌরব পক্ষ পালন করছে। ১৫ নভেম্বর ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে জনজাতীয় গৌরব দিবস পালনের মধ্য দিয়ে এই পক্ষের সমাপ্তি ঘটবে। ২০২১ সালে ভারত সরকার ১৫ নভেম্বর তারিখটিকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে ঘোষণা করে।

মন্ত্রকের প্রধান কর্মসূচিগুলির গতি বাড়ানো এবং সেগুলির সুফল আদিবাসী পরিবারগুলির কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে। জনজাতীয় গৌরব দিবসে বিভিন্ন রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের জন্য ৩০০টিরও বেশি প্রকল্পের কাজ হাতে নেওয়া হচ্ছে। এর মধ্যে ২২৮টি প্রকল্প উদ্বোধনের জন্য প্রস্তুত এবং ৭৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। দুটি জাতীয় ডিজিটাল উদ্যোগ, Jan-HIT Portal এবং National FRA Digital Platform-ও শুরু করা হচ্ছে। উল্লেখ্য ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে Tribal Research Institutes ১৬০টিরও বেশি কর্মসূচির পরিকল্পনা করেছে।

ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়। একটি সম্প্রদায়ের ইতিহাস, পরিচিতি এবং জ্ঞানের ধারক হল ভাষা। ভারতের বিভিন্ন আদিবাসী ভাষার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে লোককথা, গান এবং বনজ সম্পদ, কৃষিকাজ ও চিকিৎসা সংক্রান্ত মূল্যবান জ্ঞান সংরক্ষিত হয়ে এসেছে। কিন্তু এই ভাষাগুলির অনেকগুলিই স্বল্প-সম্পদসম্পন্ন ভাষা। তুলনামূলকভাবে ছোট জনগোষ্ঠীর মানুষ এই ভাষায় কথা বলেন। মূলত, মৌখিক ঐতিহ্যের মাধ্যমেই এগুলি প্রজন্মান্তরে ছড়িয়ে পড়েছে। লিখিত নথি এবং ডিজিটাল পাঠ্য ও কথ্য ভাষার তথ্যের অভাবে আধুনিক ভাষা প্রযুক্তির সুবিধা থেকে এই ভাষাগুলি অনেকাংশে বঞ্চিত থেকেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে এই ব্যবধান কমাতে চায় আদি বাণী। আদিবাসী ভাষার নথিভুক্তকরণ, অনুবাদ এবং প্রসারে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এর ফলে ভাষাগুলির সংরক্ষণ, শিক্ষা এবং দৈনন্দিন ব্যবহারের নতুন সুযোগ তৈরি হচ্ছে।

আদি বাণী: ভাষা ও প্রযুক্তির সংযোগ

আদি বাণী হল কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর একটি অনুবাদ ও ভাষা মঞ্চ। আদিবাসী সম্প্রদায়ের জন্য এবং তাঁদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এটি গড়ে তোলা হয়েছে। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর আদিবাসী বিষয়ক মন্ত্রক এই মঞ্চের সূচনা করে। IIT Delhi-র নেতৃত্বে একটি জাতীয় কনসোর্টিয়াম এটি তৈরি করেছে। এই উদ্যোগে যুক্ত রয়েছে BITS Pilani, IIIT Hyderabad, IIIT Nava Raipur এবং ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও মেঘালয়ের Tribal Research Institutes (TRIs)। পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্যের আরও কয়েকটি Tribal Research Institute এই উদ্যোগে যুক্ত হয়েছে। এর ফলে, সারা দেশে সহযোগিতার পরিসর আরও বিস্তৃত হয়েছে।

ডিজিটাল বিভাজন কমানো: লক্ষ্য ও ভাবনা

কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অনুবাদের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ডিজিটাল বিভাজন কমানোই আদি বাণীর লক্ষ্য। ভাষাগত বাধার কারণে কোনও নাগরিক যাতে পিছিয়ে না পড়েন, এমন একটি ডিজিটাল অন্তর্ভুক্তিমূলক ভারত গড়ে তোলাই এর ভাবনা। সম্মান, সহযোগিতা, নির্ভরযোগ্যতা, উদ্ভাবন এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষমতায়নের নীতির ভিত্তিতে এই উদ্যোগ পরিচালিত হচ্ছে।

ভাষার পরিসর ও ডিজিটাল ব্যবহার বৃদ্ধি

সাঁওতালি, ভিলি, মুন্ডারি এবং গোন্ডি ভাষা দিয়ে যাত্রা শুরু করে এবছর ১৫ অক্টোবর পর্যন্ত আদি বাণীতে নয়টি আদিবাসী ভাষায় লিখিত অনুবাদের সুবিধা যুক্ত হয়েছে। পাশাপাশি রয়েছে কথ্য ভাষার অনুবাদ, Optical Character Recognition (OCR), ভিডিওতে সাবটাইটেল সংযোজন এবং ৩০০-রও বেশি ভাষা-শিক্ষার প্রাথমিক পাঠ্যসামগ্রী ব্যবহারের সুযোগ। নতুন শিক্ষার্থীদের আদিবাসী ভাষা সহজে বুঝতে ও অনুশীলন করতে সাহায্য করার জন্য এই পাঠ্যসামগ্রী তৈরি করা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবস্থায় এই মঞ্চ ৩৫,০০০-এরও বেশি বার ডাউনলোড হয়েছে। প্রতি মাসে প্রায় ৬,৫০০ জন ব্যবহারকারী এই মঞ্চ ব্যবহার করছেন। এর মাধ্যমে ডিজিটাল ক্ষেত্রে আদি বাণীর ক্রমবর্ধমান প্রসার স্পষ্ট।

আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ

আদি বাণীর বিশেষত্ব হল, সম্প্রদায়ভিত্তিক পদ্ধতিতে এর বিকাশ। স্থানীয় ভাষাভাষীরা TRIs এবং AdiKosh-এর মাধ্যমে শব্দ, বাক্য এবং কণ্ঠস্বরের নমুনা সরবরাহ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণে ব্যবহারের আগে ভাষা বিশেষজ্ঞরা এই তথ্য যাচাই করেন। প্রতিটি ভাষার জন্য প্রায় ১ লক্ষ বাক্যের জোড়া এবং ১০০ ঘণ্টার কথ্য ভাষার নমুনা সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে। এবছর ১৫ অক্টোবর পর্যন্ত রাজ্যগুলির TRIs দশটি ভাষায় প্রায় ১৩.৯ লক্ষ লিখিত বাক্য এবং প্রায় ৩০০ ঘণ্টার কথ্য ভাষার তথ্য সরবরাহ করেছে।

এই পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্প্রদায়ের নিজস্ব জ্ঞানের সমন্বয় ঘটানো হয়েছে। এর মাধ্যমে আদিবাসী ভাষার সংরক্ষণ, শিক্ষা এবং দৈনন্দিন ব্যবহারকে উৎসাহ দেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহ থেকে শুরু করে মঞ্চে সংযুক্ত করা পর্যন্ত প্রতিটি ভাষার জন্য পাঁচটি পর্যায় রয়েছে। সম্প্রদায়ের কাছ থেকে নতুন তথ্য আসার সঙ্গে সঙ্গে মডেলগুলিকে পুনরায় প্রশিক্ষণ দেওয়া হয়।

এই মঞ্চের প্রধান বৈশিষ্ট্যগুলি হল:

- লিখিত পাঠ্যের অনুবাদ: সমর্থিত আদিবাসী ভাষা এবং হিন্দি ও ইংরেজির মতো ভাষার মধ্যে লিখিত পাঠ্য অনুবাদ করা যায়।
- কথ্য ভাষাকে লিখিত পাঠ্যে রূপান্তর: কথ্য শব্দকে লিখিত পাঠ্যে রূপান্তর করে। এর মাধ্যমে মৌখিক ভাষার নথিভুক্তকরণে সহায়তা মেলে।
- কথ্য ভাষার অনুবাদ: কথার স্বীকৃতি, অনুবাদ এবং কৃত্রিমভাবে কণ্ঠস্বর তৈরির প্রযুক্তির সমন্বয়ে কথ্য ভাষার অনুবাদ করা হয়।
- Optical Character Recognition (OCR): ছবি ও স্ক্যান করা নথি থেকে লেখা শনাক্ত করে অনুবাদের উপযোগী করে তোলে।
- ভিডিওতে সাবটাইটেল সংযোজন: ভিডিওর বিষয়বস্তু এবং জনসচেতনতামূলক তথ্য আদিবাসী ভাষায় অনুবাদে সহায়তা করে।
- ডিজিটাল অভিধান ও প্রাথমিক পাঠ্যসামগ্রী: শব্দভাণ্ডার, শব্দের অর্থ এবং ভাষা শেখার প্রাথমিক উপকরণ সরবরাহ করে।

আদিবাসী ভাষা: জ্ঞান ও পরিচিতির সংরক্ষণ

২০১১ সালের জনগণনা অনুসারে, ভারতে তফসিলি জনজাতিভুক্ত মানুষের সংখ্যা প্রায় ১০.৪৫ কোটি। দেশের মোট জনসংখ্যার প্রায় ৮.৬ শতাংশ তাঁরা। এই সম্প্রদায়গুলির নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। কয়েক শতাব্দীর লোককথা, ঐতিহ্যবাহী জ্ঞান এবং সম্প্রদায়ের পরিচিতি বহন করে আদিবাসী ভাষাগুলি। তাই এই ভাষাগুলির সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা এবং বনজ সম্পদ, কৃষিকাজ, চিকিৎসা ও জীববৈচিত্র্য সংক্রান্ত জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতেও এই ভাষাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষাগুলিকে ডিজিটাল মাধ্যমে সহজলভ্য করে তুললে ভাষাগত বাধা কমবে। শিক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এবং সরকারি পরিষেবায় প্রবেশাধিকারও বাড়বে।

আদি বাণীর অন্তর্গত আদিবাসী ভাষা

ভারতের বিভিন্ন অঞ্চলের মোট ১৩টি আদিবাসী ভাষা নিয়ে আদি বাণী কাজ করছে। প্রতিটি ভাষার ক্ষেত্রে প্রকল্পের পোর্টালে উল্লেখিত রাজ্য, তথ্যভাণ্ডারের পরিমাণ এবং ব্যবহৃত লিপি সারণিতে দেখানো হয়েছে। আদি বাণী প্রকল্পে নির্দিষ্ট করা রাজ্যের বাইরেও কয়েকটি ভাষা একাধিক রাজ্যে প্রচলিত।

মাতৃভাষায় শিক্ষায় সহায়তা

National Education Policy 2020-তে যথাসম্ভব বাড়ির ভাষা, মাতৃভাষা অথবা স্থানীয় ভাষায় শিক্ষাদানের সুপারিশ করা হয়েছে। অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং সম্ভব হলে অষ্টম শ্রেণি ও তার পরেও এই ব্যবস্থার কথা বলা হয়েছে।

আদি বাণীতে Tribal Research Institutes-এর তৈরি ৩০০-রও বেশি ভাষা-শিক্ষার প্রাথমিক পাঠ্যসামগ্রী, ২৪টি অভিধান এবং অন্যান্য শিক্ষামূলক উপকরণ ব্যবহারের সুযোগ রয়েছে।

স্বাস্থ্য পরিষেবায় যোগাযোগের উন্নতি

জনস্বাস্থ্য কর্মসূচিতে ভাষার সহজলভ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে রোগ, রোগ চিহ্নিতকরণের পদ্ধতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে মানুষকে বোঝানোর ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে।

বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত সিকল সেল রোগ সম্পর্কে সচেতনতামূলক অনুবাদ করা উপকরণ আদি বাণীতে রয়েছে।

অর্থনৈতিক ক্ষমতায়ন: বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি

ভাষাগত বাধার কারণে বাজার সংক্রান্ত তথ্য, ডিজিটাল পরিষেবা এবং ব্যবসার সুযোগ সম্পর্কে জানা কঠিন হয়ে পড়তে পারে। আদিবাসী ভাষায় অনলাইন তথ্য সহজলভ্য করে এই ব্যবধান কমাতে চায় আদি বাণী। এর অনুবাদ সরঞ্জাম আদিবাসী উদ্যোগপতিদের বাজার সংক্রান্ত তথ্য এবং সরকারি সহায়তা কর্মসূচি বুঝতে সাহায্য করতে পারে।

সরকারি পরিষেবা: সরকারি তথ্য সহজলভ্য করা

ভাষাগত বাধার কারণে সরকারি প্রকল্প, সরকারি নথি এবং জনপরিষেবা সম্পর্কে জানা কঠিন হতে পারে। আদিবাসী ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অনুবাদের মাধ্যমে এই সমস্যা সমাধানে সহায়তা করছে আদি বাণী।

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ: আদিবাসী পরম্পরাকে জীবন্ত রাখা

আদিবাসী ভাষা, লোকগান, গল্প এবং মৌখিক ঐতিহ্যের নথিভুক্তকরণে প্রযুক্তির সঙ্গে সম্প্রদায়ের নিজস্ব জ্ঞানের সমন্বয় ঘটিয়েছে আদি বাণী। স্থানীয় ভাষাভাষী, প্রবীণ ব্যক্তি এবং ভাষাবিদরা ভাষা সংক্রান্ত তথ্য সরবরাহ করেন। স্থানীয় ভাষার ব্যবহার ও যথার্থতা বজায় রাখতে বিশেষজ্ঞরা সেই তথ্য যাচাই করেন।

জাতীয় আদিবাসী ভাষা তথ্যভাণ্ডার গড়ে তোলা

আদি বাণীকে শুধু অনুবাদের মঞ্চ হিসেবে সীমাবদ্ধ না রেখে আদিবাসী ভাষার বৃহত্তর জাতীয় সম্পদ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ করছে আদিবাসী বিষয়ক মন্ত্রক।

এবছর ১৫ অক্টোবর আদিবাসী বিষয়ক মন্ত্রক Tribal Languages Working Group-এর প্রথম বৈঠক আয়োজন করে। মন্ত্রকের সচিব শ্রীমতী রঞ্জনা চোপড়া এই বৈঠকে পৌরোহিত্য করেন। Central Institute of Indian Languages, IIT, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ভাষা সংস্থা এবং বিপন্ন ভাষা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা এই গোষ্ঠীর সদস্য।

এই কার্যকরী গোষ্ঠীর সামনে যে প্রস্তাবগুলি রাখা হয়েছে, সেগুলি হল:

- আদিবাসী ভাষা এবং উপলব্ধ সম্পদের একটি জাতীয় ভিত্তি-তথ্যভাণ্ডার তৈরি।
- ডিজিটাল আর্কাইভ এবং বহুভাষিক শিক্ষামূলক উপকরণ তৈরি।
- প্রশিক্ষিত আদিবাসী যুবকদের নিয়ে জেলা স্তরে সম্প্রদায়ভিত্তিক সম্পদ গোষ্ঠী গঠন।
- TRIs, শিক্ষা প্রতিষ্ঠান এবং ভাষা বিশেষজ্ঞদের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করা।
- প্রতি তিন মাস অন্তর পর্যালোচনার মাধ্যমে দুই বছরের কর্মপরিকল্পনা কার্যকর করা।

আরও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভারতের পথে

অনুবাদ সরঞ্জাম, শিক্ষামূলক উপকরণ এবং সম্প্রদায়ের সরবরাহ করা ভাষার তথ্যের মাধ্যমে আদিবাসী ভাষাগুলির জন্য প্রাথমিক ডিজিটাল ভিত্তি তৈরি করেছে আদি বাণী। প্রতিটি ভাষার তথ্যভাণ্ডার যত সমৃদ্ধ হবে, মডেলগুলিকে তত বেশি প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। এর ফলে, অনুবাদের যথার্থতাও বাড়বে।

বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে এগিয়ে চলার পথে ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে ডিজিটাল অন্তর্ভুক্তির বৃহত্তর লক্ষ্যকে যুক্ত করেছে এই উদ্যোগ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আদিবাসী ভাষাকে সহজলভ্য করে তোলা হলে সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি, শিক্ষা ও সরকারি পরিষেবায় অংশগ্রহণের সুযোগও বাড়বে।

পরবর্তী পদক্ষেপ হল, এই ডিজিটাল সম্পদগুলিকে সংশ্লিষ্ট ভাষাভাষী সম্প্রদায়ের দৈনন্দিন জীবনে কার্যকর ব্যবহারের উপযোগী করে তোলা।

তথ্যসূত্র

Ministry of Tribal Affairs

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162846

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2323661

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302927

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298077

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298790

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241811

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287698

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1994794

https://adivaani.tribal.gov.in/

https://adivaani.tribal.gov.in/about-us

https://adivaani.tribal.gov.in/resources/dictionary

https://adivaani.tribal.gov.in/gallery/scd-awareness

https://tritribal.gov.in/

Ministry of Education

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291329

Prime Minister’s Office

https://pmindia.gov.in/en/news_updates/pm-launches-national-sickle-cell-anaemia-elimination-mission-in-shahdol-madhya-pradesh/

 

Click to see pdf

 

*****
SSS/S Saha......


(রিলিজ আইডি: 2336849) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati