প্রকাশিত:
15 NOV 2026 10:23AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ নভেম্বর, ২০২৬
পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে গড়ে ওঠা ভারতের সভ্যতার ইতিহাস শিল্প, স্থাপত্য, জ্ঞানচর্চা, ঐতিহ্য ও সাংস্কৃতিক রীতিনীতির এক সমৃদ্ধ ধারাকে তুলে ধরে। এই ঐতিহ্য সংরক্ষণ ও মানুষের সামনে তুলে ধরতে নয়াদিল্লির ঐতিহাসিক নর্থ ও সাউথ ব্লক কমপ্লেক্সে গড়ে তোলা হচ্ছে যুগে যুগীন ভারত সংগ্রহশালা।
মানুষের সংগ্রহশালা হিসেবে পরিকল্পিত এই প্রতিষ্ঠান ভারতের সভ্যতার ধারাবাহিকতা, বৈচিত্র্য ও সমৃদ্ধিকে দেশের দৃশ্যমান ও অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে তুলে ধরবে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রথম ২০২৩-এর ১৮ মে, এই প্রকল্পের কথা ঘোষণা করেন। এ বছর ১১ নভেম্বর, কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি প্রকল্পটি অনুমোদন দেয়। প্রকল্পটির আনুমানিক মোট ব্যয় ৩,২৩০ কোটি টাকা।
সংস্কৃতি মন্ত্রক এই সংগ্রহশালা গড়ে তুলছে। ঐতিহাসিক নর্থ ও সাউথ ব্লকের স্থাপত্যগত বৈশিষ্ট্য ও ঐতিহ্য সংরক্ষণ করে এই ভবনগুলিকে সাধারণ মানুষের জন্য সাংস্কৃতিক পরিসরে রূপান্তরিত করা হবে। এখানে ঐতিহাসিক সংগ্রহ, বিষয়ভিত্তিক গ্যালারি এবং আধুনিক প্রদর্শনী প্রযুক্তির মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য দেশ ও বিদেশের দর্শক, গবেষক এবং সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
ঐতিহাসিক ভবন থেকে আন্তর্জাতিক মানের সংগ্রহশালা
নয়াদিল্লির নর্থ ও সাউথ ব্লক দীর্ঘদিন দেশের প্রশাসনিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এখন এই ঐতিহাসিক ভবন দুটিকে সাধারণ মানুষের জন্য সাংস্কৃতিক পরিসরে রূপান্তরিত করা হবে।
ভবনগুলির মূল স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব বজায় রেখে আধুনিক গ্যালারি, প্রদর্শনী পরিসর এবং দর্শকদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা তৈরি করা হবে।
ঐতিহ্য সংরক্ষণে নতুন ব্যবহার
ঐতিহাসিক গুরুত্ব : সাউথ ব্লক উদ্বোধনের প্রায় ৯৫ বছর পর, এ বছর ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নর্থ ও সাউথ ব্লক দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। স্বাধীনতার পর থেকে সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দপ্তর ছিল এবং ১৬ জন প্রধানমন্ত্রীর আমলে এখানে মন্ত্রিসভার বৈঠক হয়েছে।
সাধারণ মানুষের জন্য নতুন পরিসর : সরকারি দপ্তরগুলি সেবা তীর্থ, নতুন প্রধানমন্ত্রীর দপ্তর এবং কর্তব্য ভবনে স্থানান্তরের পর নর্থ ও সাউথ ব্লককে যুগে যুগে ভারত সংগ্রহশালার অংশ হিসেবে নতুনভাবে ব্যবহার করা হবে।
স্থাপত্য সংরক্ষণ : ভবনের ঐতিহাসিক বৈশিষ্ট্য, বাইরের নকশা এবং স্থাপত্যগত স্বকীয়তা বজায় রাখা হবে।
বর্তমান পরিসরের নতুন ব্যবহার : ভবনের আঙিনা, করিডর ও বিভিন্ন কক্ষকে গ্যালারি এবং প্রদর্শনী স্থানে রূপান্তরিত করা হবে।
পরিবেশবান্ধব ও সকলের জন্য সহজলভ্য নকশা : প্রকল্পে সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সকলের সহজ প্রবেশাধিকারের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে।
আন্তর্জাতিক মানের বৃহৎ সংগ্রহশালা
প্রস্তাবিত সংগ্রহশালাটি প্রদর্শনীর পরিসরের নিরিখে বিশ্বের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
🔹 প্রস্তাবিত নির্মিত এলাকা : নর্থ ও সাউথ ব্লক মিলিয়ে প্রায় ১,৭৮,৫০৯ বর্গমিটার।
🔹 বিশ্বের বৃহত্তম প্রদর্শনী পরিসর : এখানে ১ লক্ষ বর্গমিটারের বেশি প্রদর্শনী এলাকা থাকার পরিকল্পনা রয়েছে। এটি ল্যুভর সংগ্রহশালার ৭৩,০০০ বর্গমিটার, ব্রিটিশ মিউজিয়ামের ৭০,০০০ বর্গমিটার এবং হার্মিটেজের ৬৬,৮০০ বর্গমিটার প্রদর্শনী এলাকার চেয়েও বেশি হবে।
🔹 দর্শক ধারণক্ষমতা : প্রতিদিন প্রায় ৩০,০০০ দর্শক এবং বছরে ১ কোটি দর্শক আসার উপযোগী করে এটি তৈরি করা হবে।
🔹 দর্শক ব্যবস্থাপনা : নির্দিষ্ট সময়ে প্রবেশ এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে।
🔹 জনসাধারণের সুবিধা : শিশুদের জন্য বিশেষ এলাকা, খাবারের ব্যবস্থা, স্মারক সামগ্রীর দোকান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসর থাকবে।
ভারতের সভ্যতার দীর্ঘ যাত্রা তুলে ধরবে সংগ্রহশালা
যুগে যুগীন ভারত সংগ্রহশালায় বিষয়ভিত্তিক গ্যালারি, ঐতিহাসিক সংগ্রহ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভারতের সভ্যতার দীর্ঘ পথচলা তুলে ধরা হবে।
পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়ন
সংগ্রহশালাটি ধাপে ধাপে গড়ে তোলা হবে।
🔹 বাস্তবায়নের সময়কাল : ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত।
🔹 প্রথম গ্যালারি : নর্থ ব্লকে ‘অলংকরণ’ বিষয়ের প্রথম গ্যালারিটি ২০২৭ সালের শেষের দিকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
🔹 পরবর্তী পর্যায়ে আরও বিভিন্ন বিষয়ের গ্যালারি যুক্ত করা হবে।
এই সংগ্রহশালা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি, শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক চর্চা ও পর্যটনের নতুন সুযোগ তৈরি করবে।
বিষয়ভিত্তিক গ্যালারি ও প্রদর্শনী
সংগ্রহশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গ্যালারি থাকবে। এর মধ্যে রয়েছে :
- স্থাপত্য ও নগরচিত্র
- গণিত ও জ্যোতির্বিজ্ঞান
- ভাষা ও লিপি
- বিশ্বাস ও আধ্যাত্মিকতা
- ‘ভারত সংযোগ : বাণিজ্য ও ভাবনার আদান-প্রদান’
পরবর্তী পর্যায়ে আরও বিষয়ভিত্তিক গ্যালারি যুক্ত করা হবে।
ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের বিপুল সংগ্রহ
সংগ্রহশালায় প্রদর্শনের জন্য প্রায় ১৮ লক্ষ বস্তু চিহ্নিত করা হয়েছে।
এই সংগ্রহগুলি আসবে :
- জাতীয় সংগ্রহশালা
- সংস্কৃতি মন্ত্রকের অধীন অন্যান্য সংগ্রহশালা
- ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের ৫২টি স্থানভিত্তিক সংগ্রহশালা
- বিভিন্ন রাজ্যের সংগ্রহশালা
- ব্যক্তিগত সংগ্রহ থেকে
কোন বস্তু কিভাবে প্রদর্শন করা হবে, তা নিয়ে বর্তমানে বিশ্লেষণ ও পরিকল্পনার কাজ চলছে। সংগ্রহ সংরক্ষণের জন্য বিশেষ সংরক্ষণাগার ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও থাকবে।
প্রযুক্তির মাধ্যমে আরও আকর্ষণীয় অভিজ্ঞতা
দর্শকদের আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় অভিজ্ঞতা দিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে।
🔹 AR, VR ও AI : অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
🔹 ডিজিটাল নথিভুক্তকরণ : এ বছর ৫ নভেম্বর, সংস্কৃতি মন্ত্রক ও গুগল আর্টস অ্যান্ড কালচারের সহযোগিতার ঘোষণার মাধ্যমে ঐতিহাসিক ভবন ও সংগ্রহের ডিজিটাল নথিভুক্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
🔹 আধুনিক সংগ্রহশালা পরিকাঠামো : আধুনিক প্রদর্শনী প্রযুক্তি, স্মার্ট বিল্ডিং ব্যবস্থা এবং সংরক্ষণ সংক্রান্ত সুবিধা থাকবে।
আগামী প্রজন্মের প্রয়োজনে এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান
যুগে যুগীন ভারত সংগ্রহশালা শুধু ভারতের সভ্যতার ঐতিহ্য সংরক্ষণ ও প্রদর্শনই করবে না, এটি সাংস্কৃতিক পর্যটন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষাবিদ, সংস্কৃতি অনুরাগী, শিল্পী এবং দেশ-বিদেশের পর্যটকরা ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবেন।
প্রকল্পের নির্মাণ ও পরিচালনার সময় প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। কারিগর, শিল্পী, গবেষক, সংগ্রহশালা বিশেষজ্ঞ, নকশাবিদ, শিল্পী এবং অন্যান্য সৃজনশীল পেশার মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। আতিথেয়তা ও পর্যটন ক্ষেত্রও এর মাধ্যমে উপকৃত হবে।
মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে উৎসাহ দিতে আন্তর্জাতিক মানের সংগ্রহশালা সামগ্রী ও প্রযুক্তি দেশে তৈরির ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হবে।
টিকিট বিক্রি, খাদ্য ও পানীয় পরিষেবা, বিভিন্ন অনুষ্ঠান, স্থান ভাড়া, ডিজিটাল অভিজ্ঞতা, গাইডেড ট্যুর এবং স্মারক সামগ্রী বিক্রির মাধ্যমে এই সংগ্রহশালা আয়ের সুযোগও তৈরি করবে।
বছরে প্রায় ১ কোটি দর্শক আসার উপযোগী এই সংগ্রহশালা ভারতের সভ্যতার ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করবে এবং দেশ ও বিদেশের মানুষের কাছে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় তুলে ধরবে।
তথ্যসূত্র
Ministry of Culture
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334964&utm®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333271&utm®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029510
Prime Minister’s Office
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=1952361®=48&lang=1
Cabinet
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228026&utm®=48&lang=2
Click here to see pdf
***
SSS/AS......