PIB Backgrounder
azadi ka amrit mahotsav

নেশামুক্ত ভারত অভিযানের ৬ বছর

সচেতনতা থেকে গণ-আন্দোলন

প্রকাশিত: 11 NOV 2026 12:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ নভেম্বর ২০২৬

 

২০২০ সালের ১৫ আগস্ট ২৭২টি জেলায় নেশামুক্ত ভারত অভিযান (এনএমবিএ) শুরু হয়। ২০২৩ সালের ১৫ আগস্ট দেশের সমস্ত জেলায় এই অভিযান সম্প্রসারিত হয়। ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত এই প্রচারাভিযানের আওতায় এসেছেন ৩৫.৮৪ কোটিরও বেশি মানুষ। তাঁদের মধ্যে ১৪.৩৩ কোটিরও বেশি যুবক-যুবতী এবং ১১.৩২ কোটিরও বেশি মহিলা রয়েছেন। মাদকাসক্তি প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা (এনএপিডিডিআর)-এর অধীনে সহায়তা পরিষেবার দ্রুত সম্প্রসারণ ঘটেছে। চিকিৎসা ও পরামর্শের জন্য আসা মানুষের সংখ্যা ২০২০-২১ সালে ২.০৮ লক্ষ থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৯.১১ লক্ষ ছাড়িয়েছে। ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত ২ লক্ষেরও বেশি নাগরিক ‘নেশামুক্তি মিত্র’ হিসেবে নাম নথিভুক্ত করেছেন।

৩৫ কোটি মানুষের আন্দোলন

ভারতীয় সংবিধানের ৪৭ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রকে জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মাদকদ্রব্য ও নেশাজাতীয় পানীয়ের ব্যবহার নিষিদ্ধ করার জন্য উদ্যোগী হতে বলা হয়েছে। তবে চিকিৎসার প্রয়োজনে এর ব্যতিক্রম রাখা হয়েছে। ২০১৮ সালের একটি জাতীয় সমীক্ষায় দেখা যায়, ভারতে ৭ কোটিরও বেশি মানুষ মাদকাসক্তিজনিত সমস্যায় ভুগছেন। তাঁদের মধ্যে প্রায় ১.২ কোটি শিশু এবং ৫৮ লক্ষ মহিলা রয়েছেন। মাদকাসক্তি একটি জটিল মনস্তাত্ত্বিক, সামাজিক ও চিকিৎসা-সংক্রান্ত সমস্যা। এর ক্ষতিকর প্রভাব পড়ে ব্যক্তি, পরিবার এবং সমগ্র সমাজের উপর।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক ২০২০ সালের ১৫ আগস্ট নেশামুক্ত ভারত অভিযান (এনএমবিএ) শুরু করে। প্রথম পর্যায়ে মাদক ব্যবহারের সর্বাধিক ঝুঁকিপূর্ণ ২৭২টি জেলাকে এই অভিযানের আওতায় আনা হয়। মাদক ব্যবহারের মধ্যে রয়েছে অ্যালকোহল, গাঁজা, ওপিওয়েড এবং অন্যান্য মনঃপ্রভাবকারী পদার্থের ব্যবহার। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তথ্য এবং মাদক ব্যবহারের মাত্রা ও ধরন নিয়ে প্রথম জাতীয় সমীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলাগুলি চিহ্নিত করা হয়েছিল।

২০২২ সালের আগস্টে এই অভিযানের পরিসর ৩৭২টি জেলায় সম্প্রসারিত হয়। ২০২৩ সালের ১৫ আগস্ট থেকে দেশের সমস্ত জেলায় তা কার্যকর হয়। মাদকাসক্তি প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে মন্ত্রকের প্রকল্প মাদকাসক্তি প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার (এনএপিডিডিআর) অধীনে এটি প্রধান সচেতনতামূলক কর্মসূচি। মন্ত্রকের মতে, গত ছয় বছরে এই উদ্যোগে সাংগঠনিক অংশগ্রহণ থেকে জনসম্পৃক্ততার দিকে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। রাজ্য, জেলা এবং স্থানীয় স্তরের অংশীদাররা অভিযানের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছেন। এই জনসংযোগের ফলেই অভিযানটি গণ-আন্দোলনে (জন আন্দোলন) পরিণত হয়েছে।

সমস্যার ব্যাপ্তি

সংবিধানের ৪৭ নম্বর অনুচ্ছেদে জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নেশাজাতীয় পানীয় ও মাদকদ্রব্যের ব্যবহার, চিকিৎসার প্রয়োজন ছাড়া, নিষিদ্ধ করার জন্য রাষ্ট্রকে উদ্যোগী হতে বলা হয়েছে। ১৯৮৫-৮৬ সাল থেকেই মন্ত্রক মদ্যপান ও মাদকাসক্তি প্রতিরোধে একটি প্রকল্প পরিচালনা করে আসছে।

ভারতে মাদক ব্যবহারের মাত্রা ও ধরন নিয়ে প্রথম জাতীয় সমীক্ষা থেকে সমস্যার ব্যাপকতা স্পষ্ট হয়। ২০১৮ সালে নয়াদিল্লির এইমসের ন্যাশনাল ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট সেন্টার (এনডিডিটিসি) এই সমীক্ষা পরিচালনা করে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এর ফলাফল প্রকাশিত হয়।

সমীক্ষা অনুযায়ী, প্রায় ১৬ কোটি মানুষ অ্যালকোহল পান করতেন। তাঁদের মধ্যে ৫.৭ কোটিরও বেশি মানুষের ক্ষতিকর ব্যবহার বা নির্ভরশীলতার কারণে সহায়তার প্রয়োজন ছিল। প্রায় ৩.১ কোটি মানুষ গাঁজাজাতীয় পদার্থ ব্যবহার করতেন এবং ২.২৬ কোটি মানুষ ওপিওয়েড ব্যবহার করতেন। প্রায় ২৫ লক্ষ মানুষ গাঁজার উপর নির্ভরশীল ছিলেন। ওপিওয়েড ব্যবহারের জন্য প্রায় ৭৭ লক্ষ মানুষের সহায়তার প্রয়োজন ছিল। সব মিলিয়ে ৭ কোটিরও বেশি মানুষ মাদকাসক্তিজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন। তাঁদের মধ্যে প্রায় ১.২ কোটি শিশু এবং ৫৮ লক্ষ মহিলা ছিলেন।

কিভাবে পরিচালিত হয় অভিযান

মাদকাসক্তি প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা (এনএপিডিডিআর) এবং নেশামুক্ত ভারত অভিযানের অগ্রগতি পর্যালোচনায় নয়াদিল্লিতে এনসিওআরডি-র নবম শীর্ষস্তরের বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযানের সঙ্গে যুক্ত সমস্ত অংশীদারের উদ্যোগের প্রশংসা করে তিনি দেশে মাদকের চাহিদা কমানোর লক্ষ্যে তিন বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।

এই উদ্যোগগুলিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে তিন স্তরের নজরদারি ও সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। এই ব্যবস্থায় রয়েছে:

১. রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল স্তরের পরিচালনা ও নজরদারি কমিটি: মুখ্যসচিবের সভাপতিত্বে এই কমিটি প্রতি তিন মাসে একবার বৈঠক করবে। সংশ্লিষ্ট সমস্ত অংশীদার এবং বিভিন্ন দপ্তরকে নিয়ে এটি শীর্ষ সংস্থা ও উচ্চপর্যায়ের কর্মীগোষ্ঠী হিসেবে কাজ করবে। রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে মাদকের চাহিদা কমানোর সমস্ত উদ্যোগের তদারকি, সমন্বয় ও নজরদারির দায়িত্ব থাকবে এই কমিটির উপর।

২. জেলা স্তরের মাদকের চাহিদা হ্রাস কমিটি: জেলাশাসক বা ডেপুটি কমিশনারের সভাপতিত্বে এই কমিটি প্রতি মাসে বৈঠক করবে। পাশাপাশি, প্রতি তিন মাসে বাধ্যতামূলকভাবে পরিদর্শন করবে।

৩. ব্লক স্তরের মাদকের চাহিদা হ্রাস কমিটি: ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সভাপতিত্বে এই কমিটি প্রতি মাসে বৈঠক করবে এবং মাঠ পর্যায়ে পরিদর্শন চালাবে।

আধ্যাত্মিকতার শক্তি: ধর্মীয় ও আধ্যাত্মিক সংগঠনগুলির সঙ্গে সমঝোতা স্মারক

সমাজের মানুষের মধ্যে প্রভাব ও গ্রহণযোগ্যতার কারণে ধর্মীয় ও আধ্যাত্মিক সংগঠনগুলিকে নেশামুক্ত ভারত অভিযানের অন্যতম প্রধান অংশীদার হিসেবে বিবেচনা করা হয়েছে। মাদক সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এই সংগঠনগুলির নেটওয়ার্ককে কাজে লাগানোর লক্ষ্যে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক ব্রহ্মাকুমারী, দ্য আর্ট অফ লিভিং, সন্ত নিরঙ্কারি মিশন, অল ওয়ার্ল্ড গায়ত্রী পরিবার, ইসকন, শ্রী রামচন্দ্র মিশন, পতঞ্জলি বিশ্ববিদ্যালয়, শিবানন্দ যোগ বেদান্ত ধন্বন্তরি আশ্রম, অধ্যাত্ম বিজ্ঞান সৎসঙ্গ কেন্দ্র, চিন্ময় মিশন, দিব্য জ্যোতি জাগৃতি সংস্থান, হরে কৃষ্ণ মুভমেন্ট এবং বসকোনেট (ডন বস্কো)-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সামাজিক অনুষ্ঠান, বিদ্যালয়ে সচেতনতামূলক অধিবেশন, বাইক র‍্যালি, প্রতিযোগিতা, ভ্রাম্যমাণ গাড়ি, সচেতনতামূলক পদযাত্রা, পরামর্শদান এবং ধ্যানের মাধ্যমে এই সংগঠনগুলি দেশের ৭.৭২ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। আরও কয়েকটি সংগঠনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।

ষষ্ঠ বছর: লক্ষ্য, উপকরণ ও তথ্য

২০২৫ সালের আগস্টের পর মন্ত্রক অভিযানের জন্য ছয়টি বিষয়ে ফলাফলভিত্তিক লক্ষ্য নির্ধারণ করেছে। সেগুলি হল:

নেশামুক্তি মিত্রদের প্রশিক্ষণ ও পারদর্শিতা বৃদ্ধি।

তথ্যপ্রমাণভিত্তিক তথ্য, শিক্ষা ও যোগাযোগের উপকরণ তৈরি।

ঝুঁকিপূর্ণ ও বিপন্ন গোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক উদ্যোগ।

নতুন ধর্মীয় ও আধ্যাত্মিক অংশীদারদের অন্তর্ভুক্তি।

সংশ্লিষ্ট মন্ত্রকগুলির সঙ্গে সমন্বয়।

মানসম্মত মাদকাসক্তি নিরাময়, চিকিৎসা, পুনর্বাসন ও টেলিমেডিসিন পরিষেবা।

এনএমবিএ ২.০ অ্যাপ

অভিযানের বিভিন্ন কর্মসূচির তথ্য সংগ্রহ এবং জেলা, রাজ্য ও জাতীয় স্তরে এনএমবিএ ড্যাশবোর্ডে তা তুলে ধরার জন্য প্রথম এনএমবিএ মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছিল। এনএমবিএ ওয়েবসাইটে অভিযান সম্পর্কিত তথ্য, জনসংযোগের ড্যাশবোর্ড, নেশামুক্তি মিত্র হিসেবে নাম নথিভুক্তির ব্যবস্থা এবং ই-শপথের সুবিধা রয়েছে।

চিকিৎসা পরিষেবার নজরদারি

এনএপিডিডিআর-এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে সহায়তাপ্রাপ্ত কেন্দ্রগুলিতে প্রত্যেক ভোক্তার তথ্য নথিভুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে নাম নথিভুক্তি, চিকিৎসা সংক্রান্ত মূল্যায়ন, মাদক ব্যবহারের ধরন, রোগ নির্ণয়, চিকিৎসা এবং পরবর্তী পর্যায়ের পর্যবেক্ষণ।

প্রকল্প নজরদারি ইউনিট আকস্মিক পরিদর্শনের মাধ্যমে কেন্দ্রগুলির কাজ খতিয়ে দেখে। সন্তোষজনক পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতেই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং অনুদান মঞ্জুরির সিদ্ধান্ত নেওয়া হয়। অনুদানপ্রাপ্ত প্রতিটি সংস্থাকে নীতি আয়োগের এনজিও দর্পণ পোর্টালে নাম নথিভুক্ত করতে হয়। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সুপারিশও বাধ্যতামূলক। অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলির স্বীকৃতি প্রদানের কাজ জাতীয় হাসপাতাল স্বীকৃতি পর্ষদের মাধ্যমে চলছে।

লক্ষ্য নির্ধারণে তথ্য

২০১৯ সালে প্রকাশিত ‘ম্যাগনিটিউড অফ সাবস্ট্যান্স ইউজ ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রথম জাতীয় সমীক্ষায় জাতীয় ও রাজ্য স্তরে মাদক ব্যবহারের পরিসংখ্যান তুলে ধরা হয়। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৮৬টি জেলায় প্রায় ২ লক্ষ পরিবারকে এই সমীক্ষার আওতায় আনা হয়েছিল। ১০ থেকে ৭৫ বছর বয়সী ৪.৭৩ লক্ষেরও বেশি মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়।

দ্বিতীয় পদ্ধতি হিসেবে উত্তরদাতা-নির্ভর নমুনা সমীক্ষার মাধ্যমে ১২৩টি জেলার নিষিদ্ধ মাদকে নির্ভরশীল ৭০ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছনো হয়।

দ্বিতীয় জাতীয় সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে এনডিডিটিসি-কে। এই সমীক্ষায় প্রথমবারের মতো জেলা স্তরে মাদক ব্যবহারের পরিসংখ্যান পাওয়া যাবে। ২০২৭ সালে সমীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

চিকিৎসা ও পুনরুদ্ধার

এনএপিডিডিআর-এর অধীনে মন্ত্রক পাঁচ ধরনের পরিষেবা কেন্দ্রের একটি ব্যবস্থাকে সহায়তা করে। এর মধ্যে রয়েছে:

মোট ৩৪৪টি নেশামুক্তি বিষয়ক সমন্বিত পুনর্বাসন কেন্দ্র (আইআরসিএ)।

মোট ৭১টি আউটরিচ অ্যান্ড ড্রপ-ইন সেন্টার (ওডিআইসি)।

মোট ৪৫টি কমিউনিটি-বেসড পিয়ার-লেড ইন্টারভেনশন কেন্দ্র (সিপিএলআই)।

মোট ১৯৮টি জেলা নেশামুক্তি কেন্দ্র (ডিডিএসি)।

সরকারি হাসপাতালগুলিতে ১৫৫টি আসক্তি নিরাময় কেন্দ্র (এটিএফ)।

জম্মু ও কাশ্মীর: অন্যত্র অনুসরণযোগ্য একটি মডেল

জম্মু ও কাশ্মীরে এই অভিযানের আওতায় ১.২৬ কোটিরও বেশি মানুষ এসেছেন। তাঁদের মধ্যে ৭২.২৬ লক্ষ যুবক-যুবতী এবং ৫৪.০৪ লক্ষ মহিলা রয়েছেন। এবছর ২ নভেম্বর পর্যন্ত ১১,১৫২ জন নেশামুক্তি মিত্র হিসেবে যুক্ত হয়েছেন।

কেন্দ্রশাসিত অঞ্চলটিতে মন্ত্রকের সহায়তায় একটি নেশামুক্তি সমন্বিত পুনর্বাসন কেন্দ্র, তিনটি ওডিআইসি, দুটি সিপিএলআই, ছয়টি ডিডিএসি এবং ২১টি এটিএফ পরিচালিত হচ্ছে। সেখান থেকে হেল্পলাইনে ১১ হাজারেরও বেশি ফোন এসেছে।

আগামী দিনের পথ

মাদক ব্যবহারের মাত্রা ও ধরন নিয়ে দ্বিতীয় জাতীয় সমীক্ষায় প্রথমবারের মতো জেলা স্তরের পরিসংখ্যান পাওয়া যাবে। ২০২৭ সালে এর ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

চিন্তন শিবির এবং রাজ্য সরকার, বেসরকারি সংস্থা, অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, স্বাস্থ্য, শিক্ষা ও কারা দপ্তরের সংশ্লিষ্ট মন্ত্রকগুলির সঙ্গে আঞ্চলিক পরামর্শমূলক বৈঠকের পর এনএপিডিডিআর প্রকল্পের পুনর্গঠনের কাজ চলছে। একটি বিশেষজ্ঞ কমিটি প্রকল্পের নির্দেশিকা সংশোধন করছে।

এবছর সেপ্টেম্বর মাসে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদকবিরোধী টাস্ক ফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৯ সালের ৩ ডিসেম্বরের মধ্যে দেশ সম্মিলিতভাবে মাদক ব্যবসার শিকড় উপড়ে ফেলবে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের সঙ্গে তিনি যুবসমাজের সুরক্ষার বিষয়টিকে যুক্ত করেন।

এই প্রতিশ্রুতির চাহিদা-নিয়ন্ত্রণ সংক্রান্ত দিকটি বাস্তবায়নে নেশামুক্ত ভারত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মূল লক্ষ্য সচেতন সমাজ গঠন, প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ, সহজলভ্য চিকিৎসা এবং মর্যাদার সঙ্গে সমাজের মূল স্রোতে পুনরায় অন্তর্ভুক্তি।

ছয় বছরে ২৭২টি জেলার প্রচারাভিযান থেকে নেশামুক্ত ভারত অভিযান ৩৫ কোটি মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। ২ লক্ষেরও বেশি নেশামুক্তি মিত্র এতে নাম নথিভুক্ত করেছেন। সারা দেশে পাঁচ ধরনের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক গড়ে উঠেছে। সাহায্যের প্রয়োজন হলে হেল্পলাইন নম্বর ১৪৪৪৬-এ যোগাযোগ করা যেতে পারে।

তথ্যসূত্র

Ministry of Social Justice and Empowerment:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326763

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247770

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282425

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191297

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281067

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293976

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273549

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237623

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2255464

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291282

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155555

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261469

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291288

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2307945

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274105

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278199

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295740

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2327570

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326852

https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=188688

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285464

https://www.dosje.gov.in/organisation/nasha-mukt-bharat-abhiyaan/

https://www.dosje.gov.in/schemes-and-services/national-action-plan-for-drug-demand-reduction/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897001

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334758

 

Ministry of Home Affairs:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146784

 

Ministry of Women and Child Development:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247567

 

Ministry of Finance:

https://www.indiabudget.gov.in/doc/eb/sbe93.pdf

Click here to see pdf

 

*****
SSS/S Saha


(রিলিজ আইডি: 2336401) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: Tamil , English , Urdu , हिन्दी , Gujarati