প্রকাশিত:
10 NOV 2026 5:27PM by PIB Kolkata
কলকাতা, ১০ নভেম্বর, ২০২৬
সারা দেশে চলা 'ক্ষেত বাঁচাও অভিযান’-এর অংশ হিসেবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের সুভাষনগরে এক কর্মসূচিতে অংশ নেন। ICAR-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ICAR-NINFET) এই কর্মসূচির আয়োজন করে।
এই কর্মসূচিতে কৃষিজমি রক্ষা, মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনা এবং সুস্থায়ী কৃষির জন্য প্রাকৃতিক চাষের প্রসারে ভারত সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরা হয়। মাটির সম্পদ সংরক্ষণ, রাসায়নিক উপকরণের অতিরিক্ত ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
কৃষকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রী রামনাথ ঠাকুর প্রাকৃতিক চাষে ফিরে আসা এবং রাসায়নিক সারের ব্যবহার যতটা সম্ভব কমানোর ওপর জোর দেন। তিনি বলেন, মাটির স্বাস্থ্য ভালো রাখতে এবং উর্বরতা বজায় রাখতে প্রাকৃতিক চাষ গুরুত্বপূর্ণ। এই পদ্ধতি পরিবেশের ভারসাম্য রক্ষাতেও সহায়ক।
তিনি কৃষকদের জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতি, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান। এর ফলে, দীর্ঘমেয়াদে কৃষির উৎপাদনশীলতা বজায় রাখা সম্ভব হবে।
মন্ত্রী মাটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে সংরক্ষণের কথাও বলেন। প্রয়োজন অনুযায়ী সুষমভাবে কৃষি উপকরণ ব্যবহারের ওপর তিনি জোর দেন। সারের সঠিক ব্যবহার, পুষ্টি উপাদানের কার্যকর প্রয়োগ এবং মাটির উর্বরতা বজায় রাখতে কৃষকদের সয়েল হেলথ কার্ড ব্যবহারের পরামর্শ দেন তিনি।
এ প্রসঙ্গে কৃষকদের কারিগরি পরামর্শ, ব্যবহারিক প্রদর্শন এবং কৃষি সম্প্রসারণ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেন তাঁর বক্তব্যে। প্রাকৃতিক ও সুস্থায়ী কৃষি পদ্ধতি গ্রহণে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি কৃষকদের সহায়তা করে।
শ্রী রামনাথ ঠাকুর কৃষকদের প্রাকৃতিক কৃষি পদ্ধতির দিকে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহারেও উৎসাহ দেন। তাঁর মতে, এর মাধ্যমে প্রাকৃতিক চাষের প্রসার ঘটবে এবং স্বাস্থ্যকর ফসল উৎপাদনে সহায়তা হবে।
এ বছর ২২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সারা দেশে রবি ফসলের জন্য ক্ষেত বাঁচাও অভিযান চলছে। এই অভিযানের মূল বার্তা হল, সুস্থ মাটিই স্বাস্থ্যকর ফসল, সুস্থায়ী কৃষি এবং কৃষকদের সমৃদ্ধির ভিত্তি। মাটির উর্বরতা রক্ষা, প্রাকৃতিক চাষের প্রসার এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি গ্রহণের মাধ্যমে কৃষিজমি ও কৃষি সম্পদ সংরক্ষণ করা- এই বিষয়গুলি অভিযানে অন্তর্ভুক্ত হয়েছে। দীর্ঘমেয়াদে খাদ্য ও জীবিকার সুরক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা যায়।

***************
SSS/AS/Kol/10.11.26...