PIB Backgrounder
azadi ka amrit mahotsav

জাতীয় উদ্যোগপতি দিবস

প্রকাশিত: 09 NOV 2026 6:12PM by PIB Kolkata

৯ নভেম্বর, ২০২৬

 

৯ নভেম্বর পালিত জাতীয় উদ্ভাবক বা ণ উদ্যোগপতি দিবস, বিকশিত ভারত @ ২০৪৭-এর লক্ষ্যে ভারতের অগ্রগতির যাত্রায় উদ্ভাবক তথা উদ্যোগপতিদের ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্ব তুলে ধরে। ডিপিআইআইটি (DPIIT)-স্বীকৃত ২.৬২ লক্ষেরও বেশি স্টার্টআপ নিয়ে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ব্যবস্থায় পরিণত হয়েছে। এই স্টার্টআপগুলি কর্মসংস্থান সৃষ্টি করছে এবং দেশের যুবসমাজের জন্য নতুন সুযোগের প্রসার ঘটাচ্ছে। স্টার্টআপ ইন্ডিয়া, ফান্ড অফ ফান্ডস ফর স্টার্টআপস, সিজিএসএস (CGSS), এসআইএসএফএস (SISFS), অটল ইনোভেশন মিশন এবং পিএমইজিপি (PMEGP)-এর মতো সরকারি উদ্যোগ উদ্ভাবন, অর্থায়নের সুযোগ, পরামর্শদান এবং নতুন উদ্যোগ গড়ে তুলতে সহায়তা করছে। স্বীকৃত স্টার্টআপগুলির প্রায় অর্ধেক সারি-২ ও সারি-৩ শহর থেকে উঠে আসার পাশাপাশি, গ্রামীণ উদ্যোগপতিদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে, ভারতের ‘অমৃত প্রজন্ম’ ক্রমশ নতুন নতুন ভাবনাকে উদ্যোগে রূপান্তরিত করছে, জীবিকার সুযোগকে শক্তিশালী করছে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখছে।

 

জাতীয় উদ্ভাবক বা উদ্যোগপতি দিবস: বিকশিত ভারতের লক্ষ্যে যুবসমাজের ক্ষমতায়ন

 

উদ্যোগপতি হতে আগ্রহী ব্যক্তিদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এমন একটি দেশের কাছে এই অগ্রগতির বিশেষ তাৎপর্য রয়েছে, যেখানে জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের কম। এই জনমিতিক সুবিধার সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে সরকার উদ্ভাবন-সহ বিভিন্ন ক্ষেত্রে তরুণ ভারতীয়দের ক্ষমতায়নের লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।

 

আপনি কি জানেন?

 

দক্ষতা উন্নয়ন ও উদ্যোগপতিত্ব মন্ত্রক ৯ নভেম্বর, ২০১৪-তে প্রতিষ্ঠিত হয়। ভারতের উন্নয়নযাত্রায় উদ্যোগপতিত্বের গুরুত্বকে তুলে ধরতে এই দিনটি জাতীয় উদ্ভাবক তথা উদ্যোগপতি দিবস হিসেবে পালিত হয়।

 

গত এক দশকে যুবসমাজ ক্রমশ কেবল সরকারি সুযোগ-সুবিধার সুবিধাভোগীর ভূমিকা থেকে বেরিয়ে এসে জাতীয় উন্নয়নে সক্রিয় অবদানকারীর ভূমিকা গ্রহণ করেছে। বর্তমানে ‘অমৃত প্রজন্ম’ বিকশিত ভারত @ ২০৪৭-এর স্বপ্ন বাস্তবায়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে উঠে আসছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে উদ্যোগপতিত্ব, যা তরুণ ভারতীয়দের নতুন ভাবনাকে উদ্যোগে রূপান্তরিত করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে এবং অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম করছে।

 

ভারতের উন্নয়নযাত্রায় উদ্যোগপতিত্বের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে ৯ নভেম্বর, ২০১৪-তে দক্ষতা উন্নয়ন ও উদ্যোগপতিত্ব মন্ত্রক প্রতিষ্ঠা করা হয়। এই দিনটি জাতীয় উদ্যোগপতি দিবস হিসেবে পালিত হয়।

 

ভারতের উদ্যোগপতিত্বের সমগ্র ব্যবস্থায় অগ্রগতির সূচক

 

আপনি কি জানেন?

 

২০২৫-২৬ অর্থবর্ষে সরকার ৫৫,২০০-রও বেশি স্টার্টআপকে স্বীকৃতি দিয়েছে, যা ২০১৬ সালের পর থেকে কোনও এক বছরে স্বীকৃত স্টার্টআপের সর্বোচ্চ সংখ্যা!

 

চাকুরিপ্রার্থী থেকে কর্মসংস্থান সৃষ্টিকারী হয়ে ওঠার এই পরিবর্তন ভারতের ক্রমবর্ধমান উদ্যোগপতিত্বের মানসিকতার প্রতিফলন।

 

ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ব্যবস্থা-কেন্দ্রিক দেশ। ২০১৪ সালে স্টার্টআপের সংখ্যা ৫০০-রও কম থাকলেও ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত ডিপিআইআইটি (DPIIT)-স্বীকৃত স্টার্টআপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে ২.৬২ লক্ষ ছাড়িয়েছে। ভারতীয় স্টার্টআপগুলি ক্রমশ আইপিও (IPO) বাজারে আনছে, কর্মসংস্থান সৃষ্টি করছে এবং বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করছে।

 

উল্লেখযোগ্যভাবে, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই স্টার্টআপের উপস্থিতি রয়েছে। এবছর ৩১ মার্চ পর্যন্ত স্বীকৃত স্টার্টআপের সংখ্যা এবং প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টির নিরিখে মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি ও গুজরাট এগিয়ে রয়েছে।

 

এবছর অক্টোবর পর্যন্ত স্টার্টআপগুলি ২৫ লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় ২০২৫-২৬ অর্থবর্ষে স্বীকৃত স্টার্টআপের সংখ্যা বছরওয়ারি ৫১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টির হার বেড়েছে ৩৬.১ শতাংশ।

 

এছাড়াও, ১.০৭ লক্ষেরও বেশি স্বীকৃত স্টার্টআপে অন্তত একজন মহিলা পরিচালক বা অংশীদার রয়েছেন। ২০২৬ সালের মার্চ পর্যন্ত এই স্টার্টআপগুলির সংখ্যা মোট স্বীকৃত স্টার্টআপের প্রায় ৪৮ শতাংশ।

 

ভারতের উদ্যোগপতিত্বের ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার বিভিন্ন প্রকল্প

 

সরকারের নীতিগত সহায়তা, উদ্ভাবন-কেন্দ্রিক উদ্যোগ, সহজে অর্থায়নের সুযোগ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতের সর্বত্র উদ্যোগপতিত্বের প্রসার অব্যাহত রয়েছে।

 

দ্য স্টার্টআপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ

 

স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগটি ২০১৬ সালে চালু করা হয়। এই উদ্যোগটি নীতিনির্ভর কাঠামো থেকে ক্রমশ একটি সামগ্রিক ও বহুমাত্রিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা নতুন ভাবনার উদ্ভব থেকে শুরু করে ব্যবসায়িক কার্যক্রমের প্রসার পর্যন্ত প্রতিটি পর্যায়ে স্টার্টআপগুলিকে সহায়তা করে। উদ্ভাবন-নির্ভর উদ্যোগপতিত্বের প্রসার ত্বরান্বিত করতে স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের আওতায় অর্থায়ন, পরামর্শদান এবং স্টার্টআপের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও ডিজিটাল প্ল্যাটফর্ম সহায়তা প্রদান করছে।

 

ফান্ড অফ ফান্ডস ফর স্টার্টআপস (FFS):

 

ফান্ড অফ ফান্ডস ফর স্টার্টআপস (FFS) হল স্টার্টআপ ইন্ডিয়া অ্যাকশন প্ল্যানের আওতায় ডিপিআইআইটি (DPIIT)-এর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SIDBI) পরিচালনা করে। বস্তুত, ১০,০০০ কোটি টাকার তহবিল নিয়ে গঠিত এই প্রকল্পের মাধ্যমে সেবি (SEBI)-নিবন্ধিত অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস (AIFs)-এর মাধ্যমে স্টার্টআপগুলিতে বিনিয়োগ করা হয়। এই ব্যবস্থার লক্ষ্য হল দেশের অভ্যন্তরীণ ঝুঁকিবহুল মূলধনের সুযোগ বৃদ্ধি করা এবং ভারতের উদ্ভাবপ-কেন্দ্রিক ব্যবস্থাকেকে আরও বলিয়ান করা। এ বছর এপ্রিল মাসে স্টার্টআপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস ২.০ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, যার জন্য পৃথকভাবে ১০,০০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল বিশেষত ডিপ-টেক, উদ্ভাবনী উৎপাদন শিল্প এবং প্রাথমিক বৃদ্ধির পর্যায়ে থাকা স্টার্টআপগুলির জন্য ভেঞ্চার ও গ্রোথ ক্যাপিটাল সংগ্রহ করা। এই উদ্যোগের আওতায়, এবছর

 অক্টোবর পর্যন্ত সিডবি (SIDBI) ১৬৬টি এআইএফ-কে ১২,৬২৩ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এই তহবিলগুলি ১,৪৭৫টি স্টার্টআপে ২৮,২৫৪ কোটি টাকা বিনিয়োগ করেছে।

 

ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর স্টার্টআপস (CGSS):

 

ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর স্টার্টআপস (CGSS) ২০২৩ সালের এপ্রিল থেকে চালু রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আর্থিক প্রতিষ্ঠানের সাহায্যে উপযুক্ত স্টার্টআপগুলিকে জামানতবিহীন ঋণের সুযোগ করে দেওয়া হয়। মূলধন সংগ্রহের সুযোগ বাড়াতে ২০২৫-২৬ অর্থবর্ষে এই প্রকল্পের আওতায় ঋণগ্রহীতা পিছু গ্যারান্টির পরিমাণ ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকা করা হয়েছে। এছাড়াও, মহাকাশ ও প্রতিরক্ষা, জৈবপ্রযুক্তি, রেল, পর্যটন ও আতিথেয়তা পরিষেবা এবং আর্থিক পরিষেবা-সহ ২৭টি চ্যাম্পিয়ন সেক্টরের ক্ষেত্রে বার্ষিক গ্যারান্টি ফি কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। এবছর অক্টোবর পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৫৩২টি ঋণের জন্য ১,৬৬২.৭১ কোটি টাকার গ্যারান্টি প্রদান করা হয়েছে। এই ঋণপ্রাপ্ত স্টার্টআপগুলিতে ৪১,৬৩৭ জন কর্মরত রয়েছেন।

 

স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম (SISFS):

 

৯৪৫ কোটি টাকার তহবিল নিয়ে গঠিত স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম (SISFS) স্টার্টআপগুলিকে ধারণার কার্যকারিতা যাচাই, প্রোটোটাইপ সৃষ্টি, পণ্যের পরীক্ষামূলক ব্যবহার, বাজারে প্রবেশ এবং বাণিজ্যিকীকরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। একটি বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটি (EAC) এই প্রকল্পের বাস্তবায়ন, পরিচালনা ও নজরদারির দায়িত্বে রয়েছে। এই প্রকল্পের আওতায়, ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২৪৪টি ইনকিউবেটরের মাধ্যমে ৪,১৯৪টি স্টার্টআপের জন্য ৭৭৫.৬৭ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ২,১৪৭টি মহিলা পরিচালিত স্টার্টআপ এবং সারি-২ ও সারি-৩ শহরের ২,৩৫৬টি স্টার্টআপ রয়েছে।

 

স্টার্টআপ ইন্ডিয়া হাব:

 

২০১৭ সালে চালু হওয়া স্টার্টআপ ইন্ডিয়া অনলাইন হাব একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা ভারতের উদ্ভাবনীমূলক ব্যবস্থার বিভিন্ন অংশীদারকে পরস্পরের সঙ্গে পরিচিত হতে, যোগাযোগ স্থাপন করতে এবং যৌথভাবে কাজ করতে সাহায্য করে। এই প্ল্যাটফর্মটি উদ্যোগপতি হতে আগ্রহীদের সঙ্গে বিনিয়োগকারী, পরামর্শদাতা ও ইনকিউবেটরদের সংযোগ স্থাপন করে। পাশাপাশি, তহবিল, শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা এবং সরকারি সংস্থাগুলিকে একত্রিত করে একটি সংযুক্ত ও সহায়ক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সাহায্য করে।

 

ন্যাশনাল মেন্টরশিপ পোর্টাল (MAARG):

 

মেন্টরশিপ, অ্যাডভাইজরি, অ্যাসিস্ট্যান্স, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ (MAARG) কর্মসূচির মাধ্যমে অভিজ্ঞ পরামর্শদাতাদের সঙ্গে উদ্যোগপতিদের সংযুক্ত করে স্টার্টআপগুলির জন্য সহজে পরামর্শদানের সুযোগ তৈরি করা হয়। বিভিন্ন ক্ষেত্র, পর্যায় এবং ভৌগোলিক অঞ্চলের স্টার্টআপগুলির জন্য এই পরামর্শদানের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে কৌশলগত দিশা প্রদানের পাশাপাশি, ব্যবসায়িক বৃদ্ধিতে সহায়তা করা এবং ভারতের এহেন ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

 

স্টার্টআপ ইন্ডিয়া ইনভেস্টর কানেক্ট পোর্টাল:

 

সিডবি (SIDBI)-র সহযোগিতায় তৈরি স্টার্টআপ ইন্ডিয়া ইনভেস্টর কানেক্ট পোর্টাল (২০২৩) স্টার্টআপ, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এবং বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপনে সহায়তা করে। বিশেষত প্রাথমিক পর্যায়ের উদ্যোগগুলিকে এই পোর্টাল সহায়তা প্রদান করে। এর মাধ্যমে উদ্যোগপতিরা একটি মাত্র আবেদনের সাহায্যে একাধিক বিনিয়োগকারীর কাছে পৌঁছতে পারেন। ফলে তাঁদের ব্যবসায়িক ভাবনা উপস্থাপন এবং সম্ভাব্য অর্থায়নের সুযোগ পাওয়ার প্রক্রিয়া সহজ হয়। ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত এই পোর্টালে ১১,৫৮২টি স্টার্টআপ নিবন্ধিত হয়েছে।

 

অটল ইনোভেশন মিশন (AIM)

 

নীতি আয়োগের উদ্যোগে ২০১৬ সালে চালু হওয়া অটল ইনোভেশন মিশন (AIM) হল স্কুল, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং শিল্পক্ষেত্রে উদ্ভাবন ও উদ্যোগপতিত্বের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এআইএম উদ্ভাবনমূলক কর্মসূচি তৈরি, অংশীদারিত্ব গড়ে তোলা এবং ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য একটি সমন্বিত কাঠামো প্রদান করে। ২০২৪ সালের নভেম্বর মাসে অনুমোদিত এআইএম ২.০-এর জন্য ২০২৮ সালের মার্চ পর্যন্ত ২,৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আরও বেশি মানুষের অংশগ্রহণ, স্টার্টআপগুলিকে শক্তিশালী সহায়তা প্রদান এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই কর্মসূচি তার ভিত্তিকে আরও প্রসারিত করছে।

 

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY)

 

২০১৫ সালে চালু হওয়া প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PMMY) মাধ্যমে অ-কর্পোরেট ও অকৃষি ক্ষেত্রে আয়বর্ধক কাজের জন্য ক্ষুদ্র ও ছোট উদ্যোগগুলিকে ২০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করা হয়। ঋণগ্রহীতাদের আর্থিক চাহিদা এবং তাঁদের ব্যবসার বৃদ্ধির পর্যায়ের ভিত্তিতে এই প্রকল্পে চারটি শ্রেণিতে ঋণ দেওয়া হয়।

 

 

ঋণের শ্রেণী

ঋণের পরিমাণ

শিশু (Shishu)

৫০,০০০ টাকা পর্যন্ত

কিশোর (Kishor)

৫০,০০০ টাকার বেশি এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত

তরুণ (Tarun)

৫ লক্ষ টাকার বেশি এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত

তরুণ প্লাস (Tarun Plus)

১০ লক্ষ টাকার বেশি এবং ২০ লক্ষ টাকা পর্যন্ত

 

 

 

এই ঋণ উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও পরিষেবা ক্ষেত্রের উদ্যোগগুলির মেয়াদি অর্থায়ন এবং কার্যকরী মূলধনের চাহিদা পূরণ করে। পাশাপাশি, পোলট্রি, দুগ্ধ উৎপাদন এবং মৌমাছি পালনের মতো কৃষি-সহায়ক কর্মকাণ্ডেও এই ঋণ সহায়তা প্রদান করে।

 

২০২৬ সালের ৩০ অক্টোবর পর্যন্ত, ২০২৬-২৭ অর্থবর্ষে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PMMY) আওতায় ২.৪৪ কোটিরও বেশি ঋণ মঞ্জুর করা হয়েছে, যার পরিমাণ ৩.৩ লক্ষ কোটি টাকারও বেশি।

 

মেইটিওয়াই স্টার্টআপ হাব (MSH)

 

২০১৬ সালে প্রতিষ্ঠিত বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) অধীন মেইটিওয়াই স্টার্টআপ হাব (MSH) প্রযুক্তি-নির্ভর উদ্ভাবনের প্রসার ঘটায় এবং ভারতের স্টার্টআপ ব্যবস্থাকে শক্তিশালী করে। উদ্ভাবন ও প্রযুক্তি-নির্ভর অর্থনৈতিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে এটি একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইনকিউবেশন সেন্টার, উদীয়মান প্রযুক্তির উৎকর্ষ কেন্দ্র এবং মেইটিওয়াই-এর সহায়তাপ্রাপ্ত অন্যান্য উদ্যোগের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত, এমএসএইচ সারা দেশে ৬,১৪৯টিরও বেশি স্টার্টআপ, ৫১৮টি ইনকিউবেটর এবং ৩২৯টিরও বেশি ল্যাবরেটরির ক্রমবর্ধমান ইকোসিস্টেমকে সহায়তা করছে।

 

টেকনোলজি ইনকিউবেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এন্ট্রাপ্রেনারস (TIDE) ২.০ স্কিম

 

২০১৯ সালে চালু হওয়া টেকনোলজি ইনকিউবেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এন্ট্রাপ্রেনারস (TIDE) ২.০ স্কিমের লক্ষ্য হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) নির্ভর স্টার্টআপগুলিকে সহায়তাকারী ইনকিউবেটরগুলিকে শক্তিশালী করে প্রযুক্তি-নির্ভর উদ্ভাবনী কর্মকান্ডের প্রসার ঘটানো। এই স্টার্টআপগুলি ইন্টারনেট অফ থিংস (IoT), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ব্লকচেন এবং রোবোটিক্সের মতো উদীয়মান প্রযুক্তি ব্যবহার করে। এই প্রকল্পের আওতায় স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষি, আর্থিক অন্তর্ভুক্তি (ডিজিটাল পেমেন্ট-সহ), পরিকাঠামো ও পরিবহণ এবং পরিবেশ ও পরিচ্ছন্ন প্রযুক্তির মতো ক্ষেত্রে সামগ্রিক সহায়তা প্রদান করা হয়। সারা দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং জাতীয় গবেষণা সংস্থায় অবস্থিত ৫১টি ইনকিউবেটরের মাধ্যমে এই প্রকল্প পরিচালিত হয়।

 

জেনেসিস (GENESIS) (জেন-নেক্সট সাপোর্ট ফর ইনোভেটিভ স্টার্টআপস)

 

জেনেসিস (GENESIS) উদ্যোগের লক্ষ্য হল ভারতের বিভিন্ন সারি-২ ও সারি-৩ শহরের প্রযুক্তি-নির্ভর প্রায় ১,৬০০টি স্টার্টআপের প্রসার ঘটানো। ২০২২ সালে চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে ডিপ-টেক উদ্ভাবনের প্রসার এবং উদীয়মান স্টার্টআপ ব্যবস্থাকে শক্তিশালী করতে অর্থায়ন ও সহায়তা প্রদান করা হয়। পাঁচ বছর মেয়াদি এই উদ্যোগের জন্য ৪৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্টার্টআপ, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্পোরেট সংস্থাগুলির মধ্যে সহযোগিতার মাধ্যমে ভারতের প্রযুক্তি-নির্ভর স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করাই এর লক্ষ্য।

 

এবছর আগস্ট মাসে জেনেসিস এন্ট্রাপ্রেনার-ইন-রেসিডেন্স (EIR) কোহর্ট ৩ চালু করা হয়। এটি একটি জাতীয় স্তরের কর্মসূচি, যার মাধ্যমে উদ্যোগপতি হতে আগ্রহী ব্যক্তি, উদ্ভাবক, গবেষক, শিক্ষার্থী এবং প্রাথমিক পর্যায়ের স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের উদ্ভাবনী ভাবনাকে প্রযুক্তি-নির্ভর উদ্যোগে রূপান্তরিত করতে সহায়তা করা হয়। উল্লেখযোগ্যভাবে, নির্বাচিত উদ্ভাবকরা ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার পাশাপাশি, ইনকিউবেশন, পরামর্শদান এবং পণ্য উন্নয়নের ক্ষেত্রে সহায়তা পেতে পারেন।

 

নিধি (NIDHI) (ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ডেভেলপিং অ্যান্ড হারনেসিং ইনোভেশনস)

 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (DST) উদ্যোগে ২০১৬ সালে চালু হওয়া নিধি (NIDHI) হল একটি ছত্রছায়া কর্মসূচি, যার মাধ্যমে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তি-নির্ভর ভাবনা এবং উদ্ভাবনকে সফল স্টার্টআপে রূপান্তরিত করতে সহায়তা করা হয়। সম্পদ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক উদ্ভাবন-নির্ভর উদ্ভাবনমূলক ব্যবস্থা গড়ে তোলাই এর লক্ষ্য। ভারতের স্টার্টআপ ব্যবস্থা সমপর্কিত নিধি উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই কর্মসূচির আওতায় ১২,০০০টিরও বেশি স্টার্টআপ এবং ২০০টিরও বেশি টেকনোলজি বিজনেস ইনকিউবেটর (TBI)-কে সহায়তা করা হয়েছে, যার ফলে ১,৩০,০০০-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়াও, ১,১৫০টিরও বেশি মেধাস্বত্ব (IP) সম্পদ তৈরিতে এই কর্মসূচি অবদান রেখেছে (১১ অক্টোবর ২০২৬)।

 

অ্যাসপায়ার (ASPIRE) (এ স্কিম ফর প্রোমোশন অফ ইনোভেশন, রুরাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ)

 

অ্যাসপায়ার (ASPIRE) গ্রামীণ ও অনগ্রসর এলাকায় উদ্ভাবন এবং উদ্যোগপতিত্বের প্রসারে সহায়তা করে। ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলা, দক্ষতা বৃদ্ধি ও পুনর্দক্ষতা অর্জনের সুযোগ তৈরি এবং শিল্প ক্লাস্টারগুলিতে কর্মী সরবরাহের লক্ষ্যে এই প্রকল্পের আওতায় লাইভলিহুড বিজনেস ইনকিউবেটর (LBI) স্থাপনের উপর গুরুত্ব দেওয়া হয়। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ১০৯টি এলবিআই (LBI) অনুমোদিত হয়েছে এবং ১ লক্ষেরও বেশি সুবিধাভোগীকে প্রশিক্ষিত করা হয়েছে।

 

প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (PMEGP)

 

প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (PMEGP)-এর মাধ্যমে অকৃষি ক্ষেত্রে নতুন ক্ষুদ্র উদ্যোগ স্থাপনে সহায়তা করে স্বনিযুক্তির প্রসার ঘটানো হয়। এই প্রকল্পের আওতায়, উদ্যোগ স্থাপনের খরচ মেটাতে সুবিধাভোগীদের ব্যাঙ্ক ঋণের সঙ্গে সংযুক্ত মার্জিন মানি ভর্তুকি প্রদান করা হয়।

 

ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের অধীনে খাদি ও গ্রামোদ্যোগ কমিশন (KVIC) এই প্রকল্পটি বাস্তবায়ন করে। এর ফলে, প্রকল্পটির ব্যাপক প্রসার এবং সুবিধাভোগীদের কাছে শেষ পর্যায় পর্যন্ত কার্যকরভাবে সহায়তা পৌঁছে দেওয়া নিশ্চিত হয়।

 

প্রকল্পের ব্যয়ের ঊর্ধ্বসীমা:

 

উৎপাদন ক্ষেত্রের জন্য ৫০ লক্ষ টাকা এবং পরিষেবা ক্ষেত্রের জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্পগুলিকে এই প্রকল্পের আওতায় সহায়তা করা হয়।

 

এই প্রকল্পের আওতায় সাধারণ ও বিশেষ- এই দুই শ্রেণীতে সহায়তা প্রদান করা হয়। বিশেষ শ্রেণির অন্তর্ভুক্ত হলেন তফসিলি জাতি (SC), তফসিলি জনজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC), সংখ্যালঘু সম্প্রদায়, মহিলা, প্রাক্তন সেনাকর্মী, বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং রূপান্তরকামী আবেদনকারীরা। এছাড়াও, উত্তর-পূর্বাঞ্চল, পার্বত্য ও সীমান্তবর্তী এলাকা এবং আকাঙ্ক্ষী জেলাগুলির সুবিধাভোগীরাও এই শ্রেণির অন্তর্ভুক্ত।

 

 

সুবিধাভোগীর শ্রেণী

গ্রামীণ অঞ্চলে ভর্তুকি

শহরাঞ্চলে ভর্তুকি

সাধারণ শ্রেণী

প্রকল্পের ব্যয়ের ২৫%

প্রকল্পের ব্যয়ের ১৫%

বিশেষ শ্রেণী

প্রকল্পের ব্যয়ের ৩৫%

প্রকল্পের ব্যয়ের ২৫%

 

 

পিএম স্ট্রিট ভেন্ডরস আত্মনির্ভর নিধি (পিএম স্বনিধি)

 

২০২০ সালের জুন মাসে চালু হওয়া প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডরস আত্মনির্ভর নিধি (পিএম স্বনিধি) পথবিক্রেতাদের জন্য একটি ক্ষুদ্র ঋণ প্রকল্প।

 

ঋণ ও ঋণসুবিধা:

 

সুদে ভর্তুকি ও ঋণের গ্যারান্টির সহায়তায় এই প্রকল্পের মাধ্যমে পথবিক্রেতাদের জামানতবিহীন ঋণ দেওয়া হয়। ঋণের পরিমাণ প্রথমে ১৫,০০০ টাকা, পরে ২৫,০০০ টাকা এবং তার পর ৫০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। দ্বিতীয় ঋণ পরিশোধকারীরা ৩০,০০০ টাকা ঋণসীমা-সহ ইউপিআই-সংযুক্ত রুপে ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যও হতে পারেন।

 

ডিজিটাল লেনদেনে অংশগ্রহণ:

 

খুচরো ও পাইকারি লেনদেনে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের জন্য পথবিক্রেতারা সর্বোচ্চ ১,৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পান।

 

কল্যাণমূলক প্রকল্পের আওতায় সুবিধা:

 

‘স্বনিধি সে সমৃদ্ধি’ কর্মসূচির আওতায় আর্থ-সামাজিক প্রোফাইলিং-এর ভিত্তিতে পথবিক্রেতা ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য নির্বাচিত আটটি কেন্দ্রীয় কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার ব্যবস্থা করা হয়।

 

৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত, এই প্রকল্পের আওতায় ৮০.৭ লক্ষেরও বেশি সুবিধাভোগী অন্তর্ভুক্ত হয়েছেন এবং ২০,৪০০ কোটি টাকারও বেশি ঋণ মঞ্জুর করা হয়েছে।

 

স্বাবলম্বিনী প্রকল্প

 

২০২৫ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে উদ্যোগপতিত্বের প্রশিক্ষণ, আর্থিক ও বাজার সংক্রান্ত দিশা এবং আইনি সহায়তা প্রদানের মাধ্যমে তরুণীদের ব্যবসায়িক ধারণা তৈরি থেকে শুরু করে উদ্যোগ প্রতিষ্ঠা পর্যন্ত সহায়তা করা হয়। নির্বাচিত অংশগ্রহণকারীরা সুস্থায়ী উদ্যোগ গড়ে তুলতে ২১ সপ্তাহের পরামর্শদান ও ধারাবাহিক সহায়তা পান। উল্লেখযোগ্যভাবে, স্বাবলম্বিনী প্রকল্পের পাইলট পর্যায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

 

মহানগরের বাইরেও উদ্যোগপতিত্ব: সারি-২, সারি-৩ শহর এবং গ্রামীণ ভারত

 

ভারতের উদ্যোগপতিত্বের পরিবেশ প্রথাগত মহানগরকেন্দ্রিক পরিসর ছাড়িয়ে ক্রমশ বিস্তৃত হচ্ছে। স্বীকৃত স্টার্টআপগুলির ৫২ শতাংশই অ-মহানগর শহর থেকে উঠে এসেছে, যা উদ্ভাবনের ক্রমবর্ধমান ভৌগোলিক বিস্তারকে প্রতিফলিত করে। কম খরচ, দক্ষ মানবসম্পদ, শক্তিশালী শিল্পগুচ্ছ এবং উন্নততর পরিকাঠামোর কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি ক্রমশ সারি-২ ও সারি-৩ শহরগুলিকে বেছে নিচ্ছে। ভারতজুড়ে উদ্ভাবনের প্রসারের সঙ্গে সঙ্গে উদীয়মান শহরগুলি উদ্যোগপতিত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়কে এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্দিষ্ট জীবিকাভিত্তিক ও উদ্যোগের বিকাশমূলক কর্মসূচির মাধ্যমে গ্রামীণ উদ্যোগপতিত্বও গতি লাভ করছে।

 

এ বছর আগস্ট মাসে সরকার দীনদয়াল অন্ত্যোদয় যোজনা–ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন (DAY-NRLM)-এর আওতায় ন্যাশনাল ক্যাম্পেইন অন এন্ট্রাপ্রেনারশিপ-II আরও তিন মাসের জন্য, অর্থাৎ এবছর ২১ নভেম্বর পর্যন্ত চালু করে। এই অভিযানের লক্ষ্য গ্রামীণ মহিলাদের উদ্যোগপতিত্বকে শক্তিশালী করা এবং ৬ কোটি লাখপতি দিদি গড়ে তোলার লক্ষ্যে অবদান রাখা।

 

স্টার্ট-আপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম (SVEP)-এর লক্ষ্য হল গ্রামীণ পরিবারগুলিকে স্থানীয় উদ্যোগ প্রতিষ্ঠা ও সম্প্রসারণে সক্ষম করে গ্রামীণ উদ্যোগপতিত্বের প্রসার ঘটানো। ২০২৬ সালের জুন মাসের মধ্যে, এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে ৪.৩২ লক্ষ গ্রামীণ উদ্যোগকে সহায়তা করা হয়েছে। সামাজিক অন্তর্ভুক্তি এবং উদ্ভাবনের সুযোগের ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করার ওপর এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্যোগপতিদের প্রায় ৮৬ শতাংশই তফসিলি জাতি, তফসিলি জনজাতি, সংখ্যালঘু এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত।

 

এই উদ্যোগগুলি সম্মিলিতভাবে স্থানীয় উদ্যোগ প্রতিষ্ঠাকে শক্তিশালী করছে, জীবিকার সুযোগ প্রসারিত করছে এবং ভৌগোলিকভাবে আরও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে উদ্যোগপতিত্বের অবদান নিশ্চিত করছে।

 

বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে ভারতের অগ্রযাত্রাকে শক্তিশালী করা

 

ভারতের স্টার্টআপ পরিমণ্ডল দ্রুত সম্প্রসারণের পর্যায় থেকে সুস্থায়ী প্রবৃদ্ধি এবং প্রকৃত অর্থনীতির সঙ্গে আরও গভীর সংহতির দিকে এগিয়ে চলেছে। ২০৩০ সালের মধ্যে ৭.৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যমাত্রা এবং বিকশিত ভারত ২০৪৭-এর স্বপ্নপূরণের দিকে দেশের অগ্রগতির সঙ্গে সঙ্গে উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করার ক্ষেত্রে স্টার্টআপগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। তাদের ক্রমবর্ধমান অবদান ভারতের উদ্যোগপতিত্বের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উদ্ভাবননির্ভর উদ্যোগগুলির সম্ভাবনাকে প্রতিফলিত করে।

 

তথ্যবিবরণী

 

Prime Minister’s Office (PMO)

https://www.pmindia.gov.in/en/news_updates/pm-inaugurates-digital-india-week-2022-in-gandhinagar

Ministry of Labour & Employment

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179001&reg=3&lang=1

Ministry of Commerce and Industry

https://www.investindia.gov.in/team-india-blogs/public-private-partnerships-driving-economic-growth

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215334&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127843&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253019&reg=48&lang=2

https://www.startupindia.gov.in/content/sih/en/credit-guarantee-scheme-for-startups.html

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2227597&reg=3&lang=1

https://seedfund.startupindia.gov.in/about

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1886031&reg=48&lang=2

https://investorconnect.startupindia.gov.in/

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328842&reg=6&lang=1

https://www.dpiit.gov.in/static/uploads/2025/07/93101e3d9cc67f0dea0ae0c93f6e8854.pdf

Ministry of Finance

https://www.mudra.org.in/

Ministry of Electronics and Information Technology

https://msh.meity.gov.in/assets/GENESIS_Admin%20Approval.pdf

https://msh.meity.gov.in/schemes/genesis

Ministry of Skill Development and Entrepreneurship

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155057&reg=3&lang=1

World Bank

https://ppp.worldbank.org/country-profile-india

International Monetary Fund

https://www.imf.org/external/pubs/ft/fandd/2001/09/gerrard.htm

Niti Aayog

https://www.niti.gov.in/divisions/division/ppp

Others

https://x.com/rashtrapatibhvn/status/2088271329133031425

PIB Archives

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199237&reg=3&lang=1

Click here to see pdf

 

*******************

SSS/RP.......


(রিলিজ আইডি: 2334664) ভিজিটরের কাউন্টার : 12
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Nepali , हिन्दी , Gujarati