প্রকাশিত:
09 NOV 2026 4:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ নভেম্বর, ২০২৬
আইএনএস চিলকায় অগ্নিবীরদের বৃহত্তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে চলেছে ১৩ নভেম্বর। নৌবাহিনীর অন্যতম প্রধান প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস চিলকা। অগ্নিবীরদের নবম ব্যাচ এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নাবিকদের প্রশিক্ষণ সমাপ্তি কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং কুচকাওয়াজের পর্যালোচনা আধিকারিক হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন।
এই কুচকাওয়াজের মধ্য দিয়ে ৩,৩০০-রও বেশি প্রশিক্ষণার্থীর ১৬ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হবে। এটি আইএনএস চিলকা থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে বেরিয়ে আসা সর্ববৃহৎ ব্যাচ। এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য হল তরুণ নিয়োগপ্রাপ্তদের শৃঙ্খলাবদ্ধ, শারীরিকভাবে সক্ষম, মানসিকভাবে দৃঢ় এবং পেশাগতভাবে দক্ষ সমুদ্রযোদ্ধা হিসেবে গড়ে তোলা।
প্রশিক্ষণ পাঠ্যক্রমে শিক্ষামূলক কার্যক্রম, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সাঁতার, কুচকাওয়াজের প্রশিক্ষণ, বহিরাঙ্গণ কার্যক্রম এবং শিবিরভিত্তিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনের একটি সামগ্রিক ভিত্তি তৈরি করা হয়। পাশাপাশি চরিত্র গঠন, নেতৃত্বদানের ক্ষমতা, শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য এবং দলগত কাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে নৌবাহিনীর মূল আদর্শ—কর্তব্য, সম্মান ও সাহস প্রশিক্ষণার্থীদের মধ্যে গড়ে তোলা হয়।
এই প্রশিক্ষণ সমাপ্তি কুচকাওয়াজ প্রশিক্ষণার্থীদের জীবনে গর্ব ও সাফল্যের এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে। তাঁদের পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণের সমাপ্তি এবং নতুন কর্মজীবনের সূচনালগ্নের সাক্ষী হতে পারবেন। এছাড়াও অনুষ্ঠানে নৌবাহিনীর প্রাক্তন সদস্য এবং বিশিষ্ট অতিথিরাও উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দক্ষিণ নৌ-কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল সমীর সাক্সেনা। কৃতিত্বপূর্ণ পারফরম্যান্স ও প্রশিক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মেধাবী প্রশিক্ষণার্থী, চ্যাম্পিয়ন ডিভিশন এবং সেরা প্রশিক্ষককে পুরস্কৃত করা হবে। এছাড়াও অনুষ্ঠানে দ্বিভাষিক পত্রিকা অঙ্কুর-এর আনুষ্ঠানিক প্রকাশ করা হবে।
ভারতীয় নৌবাহিনীর সরকারি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলিতে প্রশিক্ষণ সমাপ্তি কুচকাওয়াজ সরাসরি সম্প্রচার করা হবে।
SC/AB/DM..