প্রকাশিত:
06 NOV 2026 5:33PM by PIB Kolkata
৬ নভেম্বর, ২০২৬
বাল্যবিবাহ এখনও ভারতে একটি স্থায়ী সামাজিক চ্যালেঞ্জ হিসেবে রয়ে গিয়েছে, যা মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং ভবিষ্যতের সুযোগের ওপর প্রভাব ফেলে। তবে, ১৮ বছর বয়সের আগে বিবাহিত ২০-২৪ বছর বয়সী মহিলাদের মধ্যে বাল্যবিবাহের হার NFHS-5 (২০১৯-২১)-এর ২৩.৩ শতাংশ থেকে কমে NFHS-6 (২০২৩-২৪)-এ ২০.১ শতাংশ হয়েছে। ২০২৪ সালের ২৭ নভেম্বর চালু হওয়া বাল বিবাহ মুক্ত ভারত অভিযান আইনি সুরক্ষা, জনসচেতনতা এবং সমাজের অংশগ্রহণের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে সহায়তা করছে। এই অভিযানের আওতায় ৬.৮৫ লক্ষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে, ১২.৪৭ কোটি মানুষের কাছে পৌঁছানো হয়েছে এবং ৪২.০১ লক্ষ অঙ্গীকার নথিভুক্ত হয়েছে। দুই বছর পূর্ণ করার এই পর্যায়ে, ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহমুক্ত ভারত গড়ার জাতীয় লক্ষ্য পূরণের পথে অভিযানটি নিরন্তর এগিয়ে চলেছে।
বাল্যবিবাহমুক্ত ভারত গড়ার লক্ষ্যে
আইন দ্বারা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বাল্যবিবাহ ভারতে এখনও একটি স্থায়ী সামাজিক চ্যালেঞ্জ হিসেবে রয়ে গিয়েছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS-6), ২০২৩-২৪ অনুযায়ী, ২০-২৪ বছর বয়সী মহিলাদের মধ্যে ২০.১ শতাংশের ১৮ বছর বয়সের আগে বিবাহ হয়েছিল। NFHS-5 (২০১৯-২১)-এ এই হার ছিল ২৩.৩ শতাংশ। অর্থাৎ, এই হার ৩.২ শতাংশ পয়েন্ট হ্রাস পেয়েছে।
এই প্রথার ফলে মেয়েরা গুরুতর স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হয়, বিশেষত অল্প বয়সে গর্ভধারণের কারণে। পাশাপাশি, এটি পারিবারিক হিংসার শিকার হওয়ার ঝুঁকি বাড়ায়, শিক্ষাজীবনে বাধা সৃষ্টি করে এবং দারিদ্র্য ও লিঙ্গবৈষম্যের চক্রকে দীর্ঘস্থায়ী করে।
তাই ভারত একাধিক স্তরে এই সমস্যার মোকাবিলা করছে: বাল্যবিবাহ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য করার জন্য আইন, মেয়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে একটি প্রকল্প এবং ২০২৪ সালের নভেম্বর থেকে বাল বিবাহ মুক্ত ভারত (BVMB) নামে একটি জাতীয় অভিযান, যা এই দুই উদ্যোগকে সমাজের সম্মিলিত পদক্ষেপের সঙ্গে যুক্ত করেছে।
বাল্যবিবাহ নিষেধ আইন, ২০০৬ (PCMA)
এই সমস্যার মোকাবিলায় আইনি ব্যবস্থা হল বাল্যবিবাহ নিষেধ আইন, ২০০৬, যা বাল্যবিবাহের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আইনি ভিত্তি। এই আইনটি বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯ (সারদা আইন)-এর পরিবর্তে কার্যকর হয়। এর ফলে, বাল্যবিবাহকে শুধুমাত্র নিয়ন্ত্রণ করার পরিবর্তে সম্পূর্ণ নিষিদ্ধ করার আইনি দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে এবং ক্ষতিগ্রস্তদের আরও শক্তিশালী সুরক্ষা ও প্রতিকারের ব্যবস্থা করা হয়।
‘বাল্য’ বলতে কাকে বোঝায়:
২১ বছর বয়স পূর্ণ করেননি এমন পুরুষ এবং ১৮ বছর বয়স পূর্ণ করেননি এমন মহিলাকে ‘বাল্যে'র পর্যায়ে গণ্য করা হয়। বিবাহের কোনও এক পক্ষ শিশু হলে সেই বিবাহকে বাল্যবিবাহ বলা হয়।
বিবাহের আইনি অবস্থান:
বাল্যবিবাহে যে পক্ষটি ‘বাল্য’ পর্যায়ে ছিল, তার ইচ্ছানুযায়ী সেই বিবাহ বাতিলযোগ্য। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সাধারণত দুই বছরের মধ্যে ওই পক্ষ জেলা আদালতে আবেদন করতে পারে। তবে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এই বিবাহ বাতিল বলে গণ্য হয়। যেমন, বালিকাকে পাচার করা হলে, বলপ্রয়োগ বা প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়া হলে অথবা অনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে।
অপরাধ ও শাস্তি:
এই আইনের অধীনে অপরাধগুলি আমলযোগ্য এবং জামিন-অযোগ্য। কোনও প্রাপ্তবয়স্ক পুরুষ কোনও বালিকাকে বিবাহ করলে এবং যাঁরা বাল্যবিবাহ সম্পন্ন করেন, আয়োজন করেন, প্ররোচনা দেন, উৎসাহিত করেন বা তাতে অংশগ্রহণ করেন (অভিভাবক ও পিতামাতা-সহ), তাঁদের দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং/অথবা ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তবে, মহিলা অপরাধীদের কারাদণ্ড দেওয়ার বিধান নেই।
ক্ষতিগ্রস্তদের জন্য প্রতিকার:
এই আইনে ভরণপোষণ, বাসস্থান এবং সন্তানের হেফাজত-সংক্রান্ত ব্যবস্থার বিধান রয়েছে। এই ধরনের বিবাহের ফলে জন্ম নেওয়া সন্তানদের বৈধতা বজায় থাকে।
নিষেধাজ্ঞার মাধ্যমে প্রতিরোধ:
আসন্ন বাল্যবিবাহ বন্ধ করতে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটরা নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতাপ্রাপ্ত। বিশেষত গণবিবাহের অনুষ্ঠান এবং অক্ষয় তৃতীয়ার মতো উৎসবের সময় বাল্যবিবাহ প্রতিরোধে জেলাশাসক ও বাল্যবিবাহ নিষেধ আধিকারিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সময়মতো হস্তক্ষেপ, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাঁরা এই কাজ করেন।
বাল্যবিবাহ নিষেধ আধিকারিক (CMPOs):
এই আইনের ১৬ নম্বর ধারা অনুযায়ী, রাজ্য সরকারগুলি সরকারি গেজেটে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বাল্যবিবাহ নিষেধ আধিকারিক (CMPOs) নিয়োগ করতে পারে। তাঁদের আইননির্ধারিত দায়িত্বের মধ্যে রয়েছে বাল্যবিবাহ সম্পন্ন হওয়া প্রতিরোধ করা, বিচারের জন্য প্রমাণ সংগ্রহ করা, ব্যক্তি ও সমাজকে পরামর্শ প্রদান, সচেতনতা সৃষ্টি, সমাজের বিভিন্ন স্তরে সংবেদনশীলতা বৃদ্ধি এবং নির্দিষ্ট সময় অন্তর প্রতিবেদন ও পরিসংখ্যান জমা দেওয়া। তাই এই আইনের কার্যকর বাস্তবায়নের জন্য শুধু আইন লঙ্ঘনের পর ব্যবস্থা গ্রহণই যথেষ্ট নয়; বিবাহ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক প্রচার, সামাজিক নজরদারি এবং দ্রুত হস্তক্ষেপও জরুরি।
সুপ্রিম কোর্টের নির্দেশিকা: সোসাইটি ফর এনলাইটেনমেন্ট অ্যান্ড ভলান্টারি অ্যাকশন ও অন্য একজন বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া ও অন্যান্য (রিট পিটিশন (সিভিল) নং ১২৩৪/২০১৭) মামলায় ২০২৪ সালের ১৮ অক্টোবর প্রদত্ত রায়ে মাননীয় সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য একটি বিস্তারিত কাঠামো নির্ধারণ করে। জেলাস্তর ও মহকুমা স্তরে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত পূর্ণকালীন বাল্যবিবাহ নিষেধ আধিকারিক (CMPO) নিয়োগের ওপর আদালত জোর দেয়। পাশাপাশি, সমন্বয়, নজরদারি ও অভিযোগ নিষ্পত্তির জন্য বিশেষ ইউনিট গঠন, বিভিন্ন ক্ষেত্রের অংশগ্রহণে সচেতনতামূলক অভিযান এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তিনির্ভর অভিযোগ জানানোর ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলির তথ্যভান্ডার তৈরির বিষয়টিও গুরুত্ব পায়।
এই রায়ের মাধ্যমে শাস্তির পরিবর্তে প্রতিরোধ, সুরক্ষা ও ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে, শুধু আইন প্রণয়নের মাধ্যমে এই প্রথাকে টিকিয়ে রাখা সামাজিক রীতিনীতির পরিবর্তন সম্ভব নয়। এখানেই মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের গুরুত্ব সামনে আসে।
বেটি বচাও বেটি পড়াও (BBBP)
আইন যেখানে বাল্যবিবাহ নিষিদ্ধ করে, সেখানে বেটি বচাও বেটি পড়াও (BBBP) এই প্রথাকে টিকিয়ে রাখা সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনে কাজ করে। শিশু লিঙ্গ অনুপাতের সমস্যার মোকাবিলা এবং জীবনের প্রতিটি পর্যায়ে মেয়ে ও মহিলাদের সার্বিক ক্ষমতায়নের লক্ষ্যে ২০১৫ সালের ২২ জানুয়ারি এই কর্মসূচি চালু করা হয়।
মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নেতৃত্বে এই কর্মসূচি একটি বহুমুখী উদ্যোগ, যেখানে ওই মন্ত্রক নোডাল মন্ত্রক হিসেবে কাজ করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, শিক্ষা মন্ত্রক, দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। মিশন শক্তির একটি অংশ হিসেবে এই প্রকল্প কার্যকর করা হয়। সচেতনতা সৃষ্টি, প্রচার, সমাজের অংশগ্রহণ এবং আচরণগত পরিবর্তনের ওপর এতে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, কন্যাশিশুর বেঁচে থাকা, সুরক্ষা ও শিক্ষার প্রসারেও এই কর্মসূচি সহায়তা করে।
বাল্যবিবাহ প্রতিরোধের সঙ্গে এই উদ্দেশ্যগুলি ঘনিষ্ঠভাবে যুক্ত। মেয়েদের শিক্ষার প্রসার, বিদ্যালয়ছুটের সমস্যা মোকাবিলা, বৈষম্যমূলক সামাজিক রীতিনীতির পরিবর্তন এবং কন্যাসন্তানের গুরুত্ব সম্পর্কে পরিবারগুলিকে সচেতন করে তোলা- এই সমস্ত উদ্যোগই বিবাহের বয়স পিছিয়ে দিতে এবং কিশোরীদের সামনে আরও বেশি সুযোগ তৈরি করতে সহায়তা করে।
বাল বিবাহ মুক্ত ভারত (BVMB) এই ভিত্তির ওপর দাঁড়িয়েই বাল্যবিবাহ প্রতিরোধে আরও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং আইনগত ও সমাজস্তরে সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়েছে। আইন, প্রকল্প এবং সামাজিক উদ্যোগের এই সমন্বয়ের মধ্য দিয়েই জাতীয় অভিযানটির সূচনা হয়েছে।
বাল্যবিবাহ অবসানে সম্মিলিত অঙ্গীকার
আইনি কাঠামো এবং বেটি বচাও বেটি পড়াও কর্মসূচির সামাজিক অংশগ্রহণের ভিত্তিকে কাজে লাগিয়ে মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক (MWCD) ২০২৪ সালের ২৭ নভেম্বর ভারতকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে জাতীয় বাল বিবাহ মুক্ত ভারত অভিযান চালু করে।
এই অভিযানের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, তৃণমূল স্তরের কর্মী, নাগরিক সমাজের সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ, যুবসমাজ এবং নাগরিকদের একটি অভিন্ন জাতীয় অঙ্গীকারের আওতায় আনা হয়েছে। সমাজের স্তরে বাল্যবিবাহ প্রতিরোধের প্রচেষ্টা জোরদার করা, সাধারণ মানুষের কাছে বাল্যবিবাহ নিষেধ আধিকারিকদের (CMPOs) যোগাযোগের তথ্য আরও সহজলভ্য করা, বাল্যবিবাহের ঘটনা সম্পর্কে অভিযোগ জানানোর প্রবণতা বাড়ানো এবং ঝুঁকির মুখে থাকা মেয়েদের সহায়তা করাই এই অভিযানের লক্ষ্য।
এই অভিযানের লক্ষ্য হল বাল্যবিবাহের হার হ্রাস করা এবং সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) ৫.৩ নম্বর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০৩০ সালের মধ্যে ভারতকে বাল্যবিবাহমুক্ত করে তোলা। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক এই অভিযানের সম্পূর্ণ অর্থায়নের অঙ্গীকার করেছে। NFHS-5-এর তথ্যের ভিত্তিতে চিহ্নিত বাল্যবিবাহের উচ্চ হারযুক্ত ২৫৭টি জেলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে বাল্যবিবাহের হার জাতীয় গড়ের সমান বা তার বেশি।
BVMB পোর্টাল: নাগরিকদের উদ্যোগের সঙ্গে যুক্ত করা
BVMB পোর্টাল (https://stopchildmarriage.wcd.gov.in) এই অভিযানের ডিজিটাল ভিত্তি হিসেবে তৈরি করা হয়েছে। BVMB-র কার্যকর বাস্তবায়ন, নজরদারি এবং প্রচারের জন্য এটি একটি কেন্দ্রীভূত মঞ্চ প্রদান করে।
এই পোর্টালের মাধ্যমে বাল্যবিবাহ নিষেধ আধিকারিকদের (CMPOs) যোগাযোগের তথ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়েছে। এর মাধ্যমে বাল্যবিবাহের ঘটনা সম্পর্কে অভিযোগ জানানোর ব্যবস্থাও রয়েছে। রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং মাঠপর্যায়ের কর্মীরা সচেতনতামূলক কর্মসূচি ও সমাজের অংশগ্রহণমূলক উদ্যোগের তথ্যও নথিভুক্ত করতে পারেন।
এই পোর্টালে নাগরিক, প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের BVMB-র অঙ্গীকার গ্রহণেরও সুযোগ রয়েছে। MyGov-এর মাধ্যমেও এই অঙ্গীকার গ্রহণের উদ্যোগকে সহায়তা করা হচ্ছে। ফলে, পোর্টালটি একদিকে যেমন তথ্য পাওয়া ও অভিযোগ জানানোর জন্য নাগরিকদের একটি মঞ্চ হিসেবে কাজ করছে, অন্যদিকে সারা দেশে অভিযানের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যবেক্ষণের ব্যবস্থাও প্রদান করছে।
১০০ দিনের বিশেষ সচেতনতামূলক অভিযান
অভিযানের প্রথম বছরের শেষে দেশজুড়ে প্রচেষ্টাকে আরও জোরদার করার লক্ষ্যে মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক ২০২৫ সালের ৪ ডিসেম্বর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ১০০ দিনের নিবিড় সচেতনতামূলক অভিযান চালু করে। এর পাশাপাশি, দেশজুড়ে একই সময়ে অঙ্গীকার গ্রহণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
২০২৫ সালের ২৭ নভেম্বর থেকে ২০২৬ সালের ৮ মার্চ পর্যন্ত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই অভিযান বাস্তবায়িত হয়। তিনটি পর্যায়ে পরিচালিত এই অভিযানে প্রথমে সাধারণ সচেতনতা বৃদ্ধি, এরপর নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলির সঙ্গে লক্ষ্যভিত্তিক সংযোগ স্থাপন এবং সবশেষে সমাজের স্তরে অঙ্গীকারবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
|
পর্যায় ও সময়কাল
|
লক্ষ্যভিত্তিক গোষ্ঠী
|
প্রধান কার্যক্রম
|
|
প্রথম পর্যায় ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫
|
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়
|
সচেতনতা ও সংবেদনশীলতা বৃদ্ধিমূলক অধিবেশন, বিতর্ক, প্রবন্ধ প্রতিযোগিতা, মতবিনিময়মূলক কার্যক্রম এবং অঙ্গীকার গ্রহণ অনুষ্ঠান
|
|
দ্বিতীয় পর্যায় ১ থেকে ৩১ জানুয়ারি, ২০২৬
|
ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ, সমাজের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বিবাহ-সংক্রান্ত পরিষেবা প্রদানকারী সংস্থা
|
মন্দির, মসজিদ ও অন্যান্য উপাসনালয়ের সঙ্গে সংযোগ স্থাপন; ক্যাটারার, টেন্ট হাউস, ডিজে এবং অন্যান্য পরিষেবা প্রদানকারীদের কাছে পৌঁছনো; তথ্য, শিক্ষা ও যোগাযোগ (IEC) সামগ্রী প্রদর্শন
|
|
তৃতীয় পর্যায় ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ, ২০২৬
|
গ্রাম পঞ্চায়েত ও পুরসভার ওয়ার্ড
|
সমাজের বিভিন্ন স্তরে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পঞ্চায়েত/ওয়ার্ড এলাকাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করে প্রস্তাব গ্রহণে সহায়তা প্রদান
|
কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তর, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সরকার, জেলা প্রশাসন এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সমাজস্তরের অংশীদারদের সমন্বিত প্রচেষ্টায় এই অভিযান বাস্তবায়িত হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ নিষেধ আধিকারিকদের (CMPOs) ভূমিকা আরও শক্তিশালী করা, স্থানীয় প্রতিষ্ঠানগুলিকে সক্রিয় করা এবং সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সচেতনতামূলক ও জনসংযোগমূলক কর্মসূচি গ্রহণ, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং নগর স্থানীয় সংস্থাগুলিকে এই উদ্যোগে যুক্ত করা এবং জেলা ও তৃণমূল স্তরে নজরদারি আরও জোরদার করতে উৎসাহিত করা হয়েছে।
বাল বিবাহ মুক্ত ভারত: প্রধান সাফল্য
ধারাবাহিক সচেতনতা সৃষ্টি, প্রাতিষ্ঠানিক উদ্যোগ, সমাজের অংশগ্রহণ এবং প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে বাল বিবাহ মুক্ত ভারত অভিযান দেশে বাল্যবিবাহ নির্মূলের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে। এই অভিযানের প্রধান সাফল্যগুলি হল:
১. ব্যাপক সচেতনতা ও সমাজের বিভিন্ন স্তরে জনসংযোগ
দেশজুড়ে ৬.৮৫ লক্ষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সচেতনতামূলক ও জনসংযোগমূলক কর্মসূচির মাধ্যমে ১২.৪৭ কোটি মানুষের কাছে পৌঁছানো হয়েছে।
১০০ দিনের সচেতনতামূলক অভিযান শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী, ধর্মীয় নেতৃবৃন্দ, বিবাহ-সংক্রান্ত পরিষেবা প্রদানকারী সংস্থা, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান, নগর স্থানীয় সংস্থা এবং স্থানীয় সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো প্রদান করেছে।
২. প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করা
BVMB পোর্টালে ৭১,৮৮২ জন বাল্যবিবাহ নিষেধ আধিকারিকের (CMPOs) তথ্য নথিভুক্ত রয়েছে।
তৃণমূল স্তরে বাল্যবিবাহ প্রতিরোধ ব্যবস্থার পরিধি আরও বাড়াতে গ্রাম পঞ্চায়েত স্তরে ৫৯,৬৮৬ জন CMPO-কে মনোনীত করা হয়েছে।
এই পোর্টাল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে CMPO-দের তথ্য পাওয়া এবং সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রমের নজরদারির জন্য একটি কেন্দ্রীভূত মঞ্চ প্রদান করে।
৩. নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি
BVMB পোর্টাল এবং MyGov-এর মাধ্যমে ৪২.০১ লক্ষ অঙ্গীকার নথিভুক্ত হয়েছে। এর মধ্যে BVMB পোর্টালের মাধ্যমে ৪০.৯৬ লক্ষ এবং MyGov-এর মাধ্যমে ১.০৫ লক্ষ অঙ্গীকার নথিভুক্ত হয়েছে।
এই অঙ্গীকার গ্রহণের উদ্যোগ নাগরিক, প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের বাল্যবিবাহমুক্ত ভারত গড়ার লক্ষ্যে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সুযোগ করে দিয়েছে।
৪. অভিযোগ নথিভুক্তকরণ ও প্রতিরোধমূলক পদক্ষেপ
BVMB পোর্টালে ৪,৫৩৬টি বাল্যবিবাহের ঘটনা নথিভুক্ত হয়েছে।
অক্ষয় তৃতীয়ার মতো উচ্চ ঝুঁকিপূর্ণ সময়ে বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে জেলা প্রশাসন, CMPO, আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজের বিভিন্ন অংশীদারদের নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সময়মতো হস্তক্ষেপ এবং সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এই প্রচেষ্টা চালানো হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তর, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সরকার, জেলা প্রশাসন এবং তৃণমূল স্তরের প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয়ের ফলে বাল্যবিবাহ নির্মূলের লক্ষ্যে সরকার ও সমাজের সর্বস্তরের সম্মিলিত উদ্যোগ আরও শক্তিশালী হয়েছে।
এই পোর্টালের মাধ্যমে CMPO-দের তথ্যভান্ডার তৈরি ও সাধারণ মানুষের কাছে তা সহজলভ্য করা, ঘটনার প্রতিবেদন জমা, সচেতনতামূলক কার্যক্রম নথিভুক্ত করা, স্থানীয় স্তরে জনসম্পৃক্ততার নজরদারি এবং অনলাইনে অঙ্গীকার গ্রহণের ব্যবস্থা রয়েছে। এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে স্বচ্ছতা, সময়মতো ঘটনার প্রতিবেদন, তথ্যভিত্তিক নজরদারি এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণে সহায়তা করা হয়।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অগ্রগতি
NFHS-5 (২০১৯-২১)-এ দেশে বাল্যবিবাহের হার ছিল ২৩.৩ শতাংশ, যা NFHS-6 (২০২৩-২৪)-এ কমে ২০.১ শতাংশ হয়েছে। NFHS-5-এর পর অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই হার হ্রাস পেয়েছে। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে সর্বাধিক ১০.১ শতাংশ পয়েন্ট হ্রাস নথিভুক্ত হয়েছে। এরপর রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (৭.৪ শতাংশ পয়েন্ট), অসম (৬.৫ শতাংশ পয়েন্ট), বিহার (৬.২ শতাংশ পয়েন্ট) এবং ত্রিপুরা (৬.১ শতাংশ পয়েন্ট)। কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মিজোরাম এবং কেরলম-সহ ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাল্যবিবাহের হার জাতীয় গড়ের তুলনায় কম।
বাল বিবাহ মুক্ত ভারতের দুই বছর
২০২৬ সালের ২৭ নভেম্বর জাতীয় স্তরে এই দিবস পালন বাল বিবাহ মুক্ত ভারত অভিযানের দুই বছর পূর্তিকে চিহ্নিত করবে। আরও শক্তিশালী আইনি ব্যবস্থা, সমাজের ব্যাপকতর অংশগ্রহণ এবং ক্রমবর্ধমান তথ্যভান্ডারের পরিপ্রেক্ষিতে এই উপলক্ষ অভিযানের অগ্রগতি পর্যালোচনা, CMPO এবং তৃণমূল স্তরের অংশীদারদের অবদানকে স্বীকৃতি প্রদান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অনুসরণযোগ্য উদ্যোগগুলি তুলে ধরা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় অঙ্গীকার পুনর্নবীকরণের সুযোগ করে দেবে।
নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত CMPO-দের ব্যবস্থা আরও শক্তিশালী করা, পোর্টালে নথিভুক্ত তথ্যের গুণমান ও পূর্ণতা বৃদ্ধি, সচেতনতা এবং অঙ্গীকার গ্রহণের উদ্যোগ আরও প্রসারিত করা এবং সময়মতো ঘটনার প্রতিবেদন ও প্রতিরোধমূলক হস্তক্ষেপ নিশ্চিত করার ওপর ধারাবাহিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি, পঞ্চায়েত, নগর স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, ধর্মীয় নেতৃবৃন্দ, যুবসমাজ এবং নাগরিক সমাজের অংশগ্রহণ আরও নিবিড় করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
NFHS-এর পরিসংখ্যান থেকে দেখা যায়, বাল্যবিবাহের হার কমলেও বিভিন্ন রাজ্যে এই হ্রাসের মাত্রা সমান নয়। সেই কারণেই এই প্রচেষ্টা ধারাবাহিকভাবে বজায় রাখা জরুরি। ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহমুক্ত ভারত গড়ার জাতীয় লক্ষ্য এবং সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রার ৫.৩ নম্বর লক্ষ্যের সঙ্গে এই উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ।
তথ্যবিবরণী
Ministry of Women and Child Development
Click here for pdf file.
*******************
SSS/RP.......