PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ভারতীয় মানক ব্যুরোর হলমার্কিং

প্রকাশিত: 05 NOV 2026 2:07PM by PIB Kolkata

৫ নভেম্বর, ২০২৬

 

সোনা ও রুপোর গয়নার বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চয়তা প্রদানের মাধ্যমে হলমার্কিং গ্রাহকদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। নির্ধারিত মানদণ্ড, ডিজিটাল ট্রেসেবিলিটি এবং নিয়ন্ত্রক যাচাইয়ের মাধ্যমে ভারতীয় মানক ব্যুরো (BIS) এই ব্যবস্থার তত্ত্বাবধান করে। ২০২১ সালে বাধ্যতামূলকভাবে সোনার হলমার্কিং চালু হওয়ার পর, এবছর ১৫ অক্টোবর পর্যন্ত ৬৫ কোটিরও বেশি সোনার সামগ্রীতে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (HUID) নম্বর দেওয়া হয়েছে। একই সময়ে, BIS-নিবন্ধিত গয়না ব্যবসায়ীর সংখ্যা ৪৩,১৫৩ থেকে বেড়ে ২,৩৬,৬২৪ হয়েছে। রুপোর ক্ষেত্রে হলমার্কিং এখনও স্বেচ্ছামূলক হলেও, ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে হলমার্কযুক্ত সমস্ত রুপোর সামগ্রীতে HUID-ভিত্তিক চিহ্নিতকরণ বাধ্যতামূলক হয়েছে। এখনও পর্যন্ত ৯০ লক্ষেরও বেশি রুপোর সামগ্রীতে HUID-সহ হলমার্কিং করা হয়েছে। BIS CARE অ্যাপের মাধ্যমে ডিজিটাল যাচাই এবং ধারাবাহিক নজরদারি গ্রাহকদের গয়নার বিবরণ পরীক্ষা করতে সাহায্য করে এবং বাজারে আরও স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়ক হয়।

গ্রাহকের আস্থার প্রয়োজনীয়তা

প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় পরিবারগুলিতে সোনার বিশেষ স্থান রয়েছে। এটি একদিকে যেমন মূল্যবান সম্পদ, অন্যদিকে তেমনই সঞ্চিত মূল্যের একটি মাধ্যম। পরিবারগুলি প্রায়শই মুদ্রাস্ফীতির প্রভাব থেকে সুরক্ষিত থাকতে এবং জরুরি প্রয়োজনে গয়না বন্ধক রেখে ঋণ পাওয়ার সুবিধার্থে সোনা কেনে। তবে সোনার গয়নার বিশুদ্ধতা সবসময় সহজে নির্ধারণ করা যায় না।

সোনা অত্যন্ত নরম হওয়ায় দৈনন্দিন ব্যবহারের ক্ষয় সহ্য করতে পারে না। তাই গয়না তৈরির জন্য এর সঙ্গে অন্যান্য ধাতু মেশানো হয়। এই প্রক্রিয়া প্রয়োজনীয় হলেও, এর ফলে, ভেজাল মেশানো এবং বিশুদ্ধতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তাছাড়া, একাধিক সংযোগস্থলযুক্ত জটিল নকশার গয়না কিংবা সোনার প্রলেপ দেওয়া সামগ্রীতে প্রকৃত সোনার পরিমাণ নির্ধারণ করা আরও কঠিন হয়ে পড়ে। এ ধরনের অনিয়ম থেকে ভোক্তাদের সুরক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার দেশে সোনার পণ্যের মান নির্ধারণ এবং হলমার্কিং চালুর লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করে।

হলমার্কিং কি?

হলমার্কিং ভোক্তা-সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, যার মাধ্যমে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী মূল্যবান ধাতুর সামগ্রীর বিশুদ্ধতা প্রত্যয়িত হয়। এটি ভোক্তাদের সচেতনভাবে কেনাকাটার সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং যে বিশুদ্ধতার সোনা তাঁরা পাচ্ছেন, তার চেয়ে বেশি বিশুদ্ধতার জন্য মূল্য দেওয়ার ঝুঁকি কমায়।

হলমার্কিং প্রকল্প: স্বেচ্ছা ব্যবস্থা থেকে ব্যাপকতর পরিসরে

ভারতের সোনার বাজারে নিয়ন্ত্রক ব্যবস্থার ঘাটতি দূর করার লক্ষ্যে ২০০০ সালে স্বেচ্ছামূলক হলমার্কিং প্রকল্প চালু করা হয়। ভারতে হলমার্কিং প্রকল্প পরিচালনার একমাত্র সংস্থা হিসেবে ভারতীয় মানক ব্যুরো (BIS)-কে চিহ্নিত করা হয়। ভোক্তাদের প্রতারণা থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব BIS-কে দেওয়া হয়। পাশাপাশি, রপ্তানি-প্রতিযোগিতা বৃদ্ধি এবং ভারতকে সোনার গয়নার একটি অগ্রণী বৈশ্বিক বাজার হিসেবে গড়ে তোলার দায়িত্বও সংস্থাটিকে দেওয়া হয়।

রুপোর সামগ্রীর জন্য হলমার্কিং প্রকল্প ২০০৫ সালে চালু হয়। বর্তমানে ভারতে হলমার্কিং প্রকল্পের আওতায় সোনা ও রুপো—উভয়ই অন্তর্ভুক্ত।

সোনার গয়নার ক্ষেত্রে, ২০২১-এর ২৩ জুন থেকে ২৫৬টি জেলায় হলমার্কিং বাধ্যতামূলক করা হয়। অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টারগুলির সম্প্রসারণের ফলে বর্তমানে এই আওতা বেড়ে ৩৯২টি জেলায় পৌঁছেছে। IS 1417 অনুযায়ী হলমার্কিং ব্যবস্থায় সোনার ৭টি ক্যারেটের মান (প্রতি হাজারে বিশুদ্ধতার অংশ) অন্তর্ভুক্ত রয়েছে: 9K (375), 14K (585), 18K (750), 20K (833), 22K (916), 23K (958) এবং 24KS (995)।

রুপোর হলমার্কিং স্বেচ্ছামূলক থাকলেও, ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে BIS প্রকল্পের আওতায় হলমার্ক করা যেকোনও রুপোর সামগ্রীতে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (HUID) কোড থাকা বাধ্যতামূলক হয়েছে। HUID প্রতিটি হলমার্কযুক্ত গয়নায় চিহ্নিত একটি ছয়-সংখ্যার অনন্য আলফানিউমেরিক কোড, যার মাধ্যমে সামগ্রীটির গতিপথ অনুসরণ করা যায়। সংশোধিত IS 2112:2025 মান অনুযায়ী, রুপোর গয়না ও শিল্পসামগ্রীতে বিশুদ্ধতার আটটি মানে (প্রতি হাজারে) হলমার্কিং করা যায়: 800 (800.0), 835 (835.0), 900 (900.0), 925 (925.0), 958 (958.0), 970 (970.0), 990 (990.0) এবং 999 (999.0)।

হলমার্কযুক্ত গয়না কিভাবে যাচাই করবেন

হলমার্কযুক্ত গয়না বা শিল্পসামগ্রী কেনার সময় তিনটি গুরুত্বপূর্ণ চিহ্ন দেখে নেওয়া উচিত:

সোনার গয়না/শিল্পসামগ্রীর ক্ষেত্রে:

- BIS স্ট্যান্ডার্ড মার্ক: এই চিহ্নে BIS-এর লোগো থাকে।
- বিশুদ্ধতা/ফাইননেস মার্ক: গয়নার বিশুদ্ধতা নির্দেশ করে; যেমন, 22K916।
- HUID (Hallmark Unique Identification) কোড: গয়নার জন্য নির্ধারিত অনন্য ছয়-সংখ্যার যাচাইকরণ নম্বর।

রুপোর গয়না/শিল্পসামগ্রীর ক্ষেত্রে:

- ‘SILVER’ শব্দ-সহ BIS স্ট্যান্ডার্ড মার্ক
- বিশুদ্ধতা/ফাইননেস মার্ক: সামগ্রীর বিশুদ্ধতা নির্দেশ করে; যেমন, 925।
- HUID (Hallmark Unique Identification) কোড: সামগ্রীর জন্য নির্ধারিত অনন্য ছয়-সংখ্যার যাচাইকরণ নম্বর।

এই তিনটি চিহ্ন একত্রে কেনা গয়নার বিষয়ে আরও বেশি নিশ্চয়তা প্রদান করে। কারণ, প্রকৃত সৌন্দর্যের সঙ্গে বিশুদ্ধতার নিশ্চয়তাও থাকা জরুরি।

বাস্তবে হলমার্কিং: আবেদন থেকে যাচাই পর্যন্ত

গয়না ব্যবসায়ীর নিবন্ধন, বিশুদ্ধতা নিরূপণ, ডিজিটাল যাচাইকরণ এবং নিয়ন্ত্রক তত্ত্বাবধান—এই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করে BIS হলমার্কিং-এর জন্য একটি সুসংগঠিত প্রক্রিয়া গড়ে তুলেছে।

১. নিবন্ধন ও পরীক্ষাকেন্দ্র

হলমার্কযুক্ত গয়না বিক্রি করতে ইচ্ছুক গয়না ব্যবসায়ীরা BIS-এ নিবন্ধন করার মাধ্যমে হলমার্কিং প্রক্রিয়া শুরু করেন। গয়না ব্যবসায়ীরা ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম (NSWS) পোর্টালে অনলাইনে আবেদন করতে পারেন: "https://www.nsws.gov.in/" (https://www.nsws.gov.in/)। পোর্টালটি সরাসরি অথবা BIS-এর পোর্টাল "https://www.manakonline.in" (https://www.manakonline.in/) থেকে ব্যবহার করা যায়। নিবন্ধন তাৎক্ষণিকভাবে, বিনামূল্যে প্রদান করা হয় এবং এর বৈধতা আজীবন থাকে।

এরপর গয়না ব্যবসায়ীদের তাঁদের গয়না BIS-স্বীকৃত অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টারে (AHC) জমা দিতে হয়। AHC-গুলি সেই পরীক্ষাকেন্দ্র, যেখানে গয়নার পরীক্ষা করা হয়। পরিকাঠামো, পরীক্ষার সুযোগ-সুবিধা এবং যোগ্য কর্মীদের যাচাইয়ের পর BIS এই কেন্দ্রগুলিকে স্বীকৃতি প্রদান করে।

২. ডিজিটাল পোর্টালের মাধ্যমে হলমার্কিং-এর আবেদন

হলমার্কিং-এর জন্য গয়না জমা দিতে গয়না ব্যবসায়ীদের পোর্টালের মাধ্যমে আবেদন শুরু করতে এবং AHC-তে গয়না পাঠানোর সুবিধা ব্যবহার করতে উৎসাহিত করা হয়। নিবন্ধিত গয়না ব্যবসায়ীরা "www.manakonline.in" (http://www.manakonline.in/) পোর্টালে লগ ইন করে হলমার্কিং বিকল্পটি নির্বাচন করতে পারেন এবং আবেদন শুরু করতে পারেন। আবেদন জমা দেওয়ার আগে তাঁরা গয়নার শ্রেণী, পরিমাণ, ওজন, ঘোষিত বিশুদ্ধতা এবং নির্বাচিত AHC-র মতো বিবরণ উল্লেখ করেন।

বিকল্পভাবে, পোর্টাল ব্যবহার না করে গয়না জমা দেওয়া ব্যবসায়ীদের পক্ষেও AHC-র কর্মীরা আবেদন শুরু করতে পারেন। এই ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি চালানের নথি তৈরি হয় এবং হলমার্কিং-এর সম্পূর্ণ প্রক্রিয়ায় সামগ্রীর গতিপথ অনুসরণ করা সম্ভব হয়।

৩. পরীক্ষা ও HUID তৈরি

গয়না অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টারে (AHC) পৌঁছানোর পর নির্ধারিত সরঞ্জাম ও পদ্ধতি ব্যবহার করে তার ওজন এবং বিশুদ্ধতা নিরূপণ করা হয়।

হলমার্কিং প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রপাতি—যার মধ্যে ওজন মাপার ভারসাম্য রক্ষাকারী, এক্স-রে ফ্লুরোসেন্স (XRF) মেশিন এবং লেজার মার্কিং মেশিন অন্তর্ভুক্ত—কেন্দ্রীভূত সফটওয়্যারে সরাসরি তথ্য স্থানান্তরের সুবিধাযুক্ত হতে হবে। এর ফলে, প্রক্রিয়ার সময় উৎপন্ন প্রাসঙ্গিক তথ্য বৈদ্যুতিনভাবে নথিভুক্ত করা যায় এবং হাতে তথ্য প্রবেশ করানোর প্রয়োজন কমে।

২০২৪-এর ১ সেপ্টেম্বর থেকে XRF মেশিনের API-ভিত্তিক সংযুক্তিকরণ কার্যকর করা হয়, যাতে হাতে তথ্য প্রবেশ করানোর সম্ভাবনা দূর করা যায়। এর পাশাপাশি, সংযুক্ত ওজন-পরিমাপ ব্যবস্থা ভারসাম্য রক্ষা করা থেকে সরাসরি ওজনের পাঠ সংগ্রহ করে।

পরীক্ষা সম্পন্ন হওয়ার পর, BIS সার্ভার প্রতিটি গয়নার জন্য একটি অনন্য ছয়-সংখ্যার আলফানিউমেরিক HUID কোড তৈরি করে। এরপর HUID, BIS স্ট্যান্ডার্ড মার্ক এবং প্রযোজ্য বিশুদ্ধতার চিহ্ন গয়নার গায়ে খোদাই বা চিহ্নিত করা হয়।

AHC-গুলিকে গয়না এবং তার হলমার্ক—HUID-সহ—ছবিও তুলতে হয়। এ বছর ৮ জুন থেকে কার্যকর হওয়া ব্যবস্থার অধীনে এই ছবিগুলি এবং ওজন সরাসরি Manak Online-এ আপলোড করা হয়।

৪. ডিজিটাল নজরদারি ও ট্রেসেবিলিটি

BIS-এর পোর্টালে AHC-তে সম্পাদিত কার্যকলাপের তারিখ ও সময় নথিভুক্ত করার ব্যবস্থা রয়েছে। এই টাইমস্ট্যাম্পগুলি কার্যক্রমের রিয়েল-টাইম নজরদারিতে সহায়তা করে এবং হলমার্কযুক্ত গয়না গ্রহণ থেকে তা পাঠানো পর্যন্ত কত সময় লাগছে, তা মূল্যায়নে সাহায্য করে। পরীক্ষার কাজ লেজার মার্কিং-এর আগে সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করতেও এগুলি সহায়ক।

এছাড়া, স্বয়ংক্রিয় ওজন সংগ্রহ এবং Transfer HUID সুবিধার মতো ডিজিটাল উদ্যোগগুলি হলমার্কিং সরবরাহ-শৃঙ্খলে শুরু থেকে শেষ পর্যন্ত ট্রেসেবিলিটি আরও শক্তিশালী করে। Transfer HUID সুবিধার মাধ্যমে গয়না ব্যবসায়ী বা বিক্রয়কেন্দ্রের মধ্যে সোনার গয়নার মালিকানা পরিবর্তিত হলে BIS প্ল্যাটফর্ম ব্যবহার করে সংশ্লিষ্ট HUID ডিজিটালভাবে স্থানান্তর করা যায়। এ বছর ১ জুন থেকে বাস্তবায়িত প্রথম পর্যায়ে, কর্পোরেট গয়না ব্যবসায়ীদের মধ্যে অথবা কোনও গয়না ব্যবসায়ীর কাছ থেকে কর্পোরেট সংস্থায় সোনা স্থানান্তরের ক্ষেত্রে HUID স্থানান্তরের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে একই সামগ্রীতে একাধিকবার বা জালিয়াতির মাধ্যমে হলমার্কিং-এর ঘটনা প্রতিরোধে সহায়তা হয়।

৫. নিয়ন্ত্রক তত্ত্বাবধান: বিক্রয়কেন্দ্রের বাইরেও যাচাই

ডিজিটাল নজরদারির পাশাপাশি, BIS-এর বাস্তবকালীন নজরদারি এবং নিয়ন্ত্রক যাচাইও কার্যকর রয়েছে। BIS নিয়মিতভাবে গয়না বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে এবং প্রাসঙ্গিক ভারতীয় মান অনুযায়ী পরীক্ষা করার জন্য হলমার্কযুক্ত সামগ্রীর নমুনা এলোমেলোভাবে সংগ্রহ করে। AHC-গুলি নির্ধারিত শর্তাবলি পূরণ করে চলেছে কি না, তা যাচাই করতে BIS নিয়মিত নজরদারি নিরীক্ষাও পরিচালনা করে।

হলমার্কের অপব্যবহার সংক্রান্ত অভিযোগ বা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংস্থা অভিযান-সহ বিভিন্ন প্রয়োগমূলক পদক্ষেপ গ্রহণ করে। এই পদক্ষেপগুলি গ্রাহকদের সুরক্ষা এবং হলমার্কিং ব্যবস্থার প্রতি আস্থা সুদৃঢ় করতে সহায়তা করে। ২০২৫-২৬ সালে এই ধরনের লঙ্ঘনের জন্য গয়না ব্যবসায়ীদের বিরুদ্ধে ৩০টিরও বেশি প্রয়োগমূলক অভিযান পরিচালিত হয়।

৬. কেনার আগে যাচাই করুন: BIS CARE অ্যাপ

তথ্য বাক্স: BIS CARE অ্যাপ

BIS CARE অ্যাপের মাধ্যমে ভোক্তারা হলমার্কযুক্ত সোনা ও রুপোর গয়নার বিবরণ স্বাধীনভাবে ডিজিটাল পদ্ধতিতে যাচাই করতে পারেন। কোনও হলমার্কযুক্ত সামগ্রী যাচাই করার জন্য গ্রাহককে তার অনন্য হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (HUID) নম্বর প্রবেশ করাতে হয়।

অ্যাপটি সামগ্রীর বিশুদ্ধতা, পণ্যের ধরন, গয়না ব্যবসায়ী এবং অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টারের মতো তথ্য প্রদান করে। এছাড়া, এ বছর ৮ জুন থেকে চালু হওয়া ডিজিটাল উন্নয়নের ফলে অ্যাপে সামগ্রীর ছবি, তার গায়ে চিহ্নিত হলমার্ক এবং স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত ওজন দেখার সুবিধা রয়েছে। এর মাধ্যমে ক্রেতারা কেনাকাটা সম্পন্ন করার আগে হাতে থাকা সামগ্রীর সঙ্গে সরকারি নথিতে থাকা তথ্য মিলিয়ে নিতে পারেন। BIS CARE অ্যাপটি Android ও iOS-এ বিনামূল্যে উপলব্ধ এবং ১২টি ভাষায় ব্যবহার করা যায়।

ডিজিটাল ট্রেসেবিলিটি, যন্ত্রপাতির সংযুক্তিকরণ এবং সরেজমিন নজরদারি—এই তিনটির সমন্বয় হলমার্কিং ব্যবস্থার প্রতিটি স্তরে জবাবদিহিতা আরও শক্তিশালী করে।

এক নজরে হলমার্কিং: প্রসার ও সচেতনতা বৃদ্ধি

নিবন্ধিত গয়না ব্যবসায়ী এবং অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টারের ক্রমবর্ধমান নেটওয়ার্কের পাশাপাশি, গ্রাহক-সচেতনতা উদ্যোগের মাধ্যমে BIS হলমার্কিংয়ের আওতা সম্প্রসারিত করেছে।

২০২১ সালে বাধ্যতামূলক সোনার হলমার্কিং চালু হওয়ার পর, এ বছর ১৫ অক্টোবর পর্যন্ত ৬৫ কোটিরও বেশি সোনার সামগ্রীতে HUID-সহ হলমার্কিং করা হয়েছে। এই সময়ে BIS-নিবন্ধিত সক্রিয় গয়না ব্যবসায়ীর সংখ্যা ৪৩,১৫৩ থেকে বেড়ে ২,৩৬,৬২৪ হয়েছে। একইসঙ্গে স্বীকৃত অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টারের (AHC) সংখ্যা ৯৪৮ থেকে বেড়ে ১,৫৬৫ হয়েছে।

রুপোর ক্ষেত্রে, স্বেচ্ছামূলক হলমার্কিং প্রকল্পের আওতায় জমা দেওয়া সামগ্রীর জন্য ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে HUID-ভিত্তিক চিহ্নিতকরণ চালু করা হয়। এর ফলে, ৯০ লক্ষেরও বেশি রুপোর সামগ্রীতে HUID-সহ হলমার্কিং করা হয়েছে।

ভোক্তা-সচেতনতা এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বছর ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত BIS-এর আঞ্চলিক ও শাখা কার্যালয়গুলি দেশজুড়ে ১,৫৮২টি গ্রাহক-সচেতনতা কর্মসূচি আয়োজন করেছে। এই কর্মসূচিগুলির মধ্যে বাধ্যতামূলক শংসাপত্র প্রদানের আওতায় মানদণ্ড সম্পর্কে সচেতনতা কর্মসূচি, হলমার্কিং এবং গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতামূলক কর্মসূচি প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল।

আরও বেশি আস্থা ও স্বচ্ছতার পথ প্রশস্ত করা

মূল্যবান ধাতুর বিশুদ্ধতার সঙ্গে গয়না কেনার সময় গ্রাহকদের প্রয়োজনীয় আস্থার সংযোগ স্থাপন করে হলমার্কিং। বছরের পর বছর ধরে বিস্তৃত পরিসর, প্রযুক্তির ব্যবহার এবং আরও শক্তিশালী ট্রেসেবিলিটি বা সন্ধানযোগ্যতার মাধ্যমে এই ব্যবস্থা সম্প্রসারিত হয়েছে। অনন্য চিহ্নিতকরণ কোড গয়নার বিবরণ যাচাই করতে সাহায্য করে, অন্যদিকে সরেজমিন নজরদারি ও নিয়ন্ত্রক যাচাই জবাবদিহিতা নিশ্চিত করে। গ্রাহক-সচেতনতা উদ্যোগগুলি ক্রেতাদের হলমার্কযুক্ত সামগ্রী চিনতে এবং সচেতন সিদ্ধান্ত নিতে আরও সহায়তা করে। প্রযুক্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতার সমন্বয়ের মাধ্যমে BIS প্রতিটি হলমার্কের সঙ্গে আস্থাকে এক অপরিহার্য উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করে চলেছে।

তথ্যবিবরণী:

Ministry of Consumer Affairs, Food and Public Distribution

https://www.bis.gov.in/wp-content/uploads/2020/12/brief-on-Hallmarking.pdf

https://www.bis.gov.in/hallmarking-overview/?lang=en

https://www.bis.gov.in/case-studies/bis-hallmark-green-tests-for-yellow-metal/?utm_

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239540&reg=48&lang=2

https://www.bis.gov.in/hallmarking-overview/hallmarking-faqs/hallmarking-faq/?lang=en

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1904262&reg=48&lang=2

https://www.bis.gov.in/wp-content/uploads/2026/07/GuidelinesForAHCs.pdf

https://www.bis.gov.in/wp-content/uploads/2026/06/Guidelines-for-recognition-operation-of-AHCs.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2088051&lang=2&reg=48

https://sansad.in/getFile/annex/271/AU2602_qHfqdj.pdf?source=pqars

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211859&reg=48&lang=2

PIB Releases/Backgrounders

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1912343&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284432&lang=2&reg=48

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207673&reg=3&lang=1

Click here to see pdf

 

*******

SSS/PK...


(রিলিজ আইডি: 2333203) ভিজিটরের কাউন্টার : 13
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil