যোগাযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

আগরতলা ডাক বিভাগের উদ্যোগে আদালত দিবস অনুষ্ঠিত হবে ৬ই নভেম্বর

পোস্ট করার দিনক্ষণ: 02 NOV 2026 2:14PM by PIB Agartala

আগরতলা, ২ নভেম্বর,২০২৬: ডাক পরিষেবা, পেনশন সংক্রান্ত সমস্যা, ডাক বিভাগের কর্মচারী এবং গ্রামীণ ডাক সেবকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৬ নভেম্বর, শুক্রবার, আগরতলা ডাক বিভাগে ‘আদালত দিবস’ পালন করা হবে। ডাক বিভাগের নির্দেশিকা অনুসারে আগরতলা ডাক বিভাগের সুপারিনটেনডেন্টের কার্যালয়ে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে।

এই উপলক্ষে একই দিনে চারটি পৃথক আদালত- ডাক আদালত, পেনশন আদালত , কর্মচারী আদালত  এবং গ্রামীণ ডাক সেবক আদালত অনুষ্ঠিত হবে। প্রতিটি আদালতের জন্য এক ঘণ্টা করে সময় নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডাক আদালত অনুষ্ঠিত হবে। ডাক পরিষেবা সংক্রান্ত সাধারণ গ্রাহকদের অভিযোগ ও সমস্যাগুলি এই আদালতে বিবেচনা করা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে পেনশন আদালত। পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের পেনশন সংক্রান্ত যোগ্য অভিযোগগুলি এখানে বিবেচনা করা হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কর্মচারী আদালত। ডাক বিভাগের কর্মচারীদের বিভিন্ন চাকরিসংক্রান্ত অভিযোগ এই আদালতে গ্রহণ করা হবে। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রামীণ ডাক সেবক আদালত। গ্রামীণ ডাক সেবকদের  চাকরি ও পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলি এই আদালতে বিবেচনা করা হবে।

অভিযোগ জমা দেওয়ার নিয়ম ও সময়সীমা

চারটি আদালতে অভিযোগ জানাতে ইচ্ছুক ব্যক্তিদের নির্দিষ্ট নিয়ম মেনে লিখিত আবেদন জমা দিতে হবে। আবেদনের উপরে স্পষ্টভাবে ‘আদালত দিবস'  লিখতে হবে এবং কোন আদালতের জন্য আবেদন করা হচ্ছে, তা উল্লেখ করতে হবে। আবেদনে আবেদনকারীর নাম, সম্পূর্ণ ডাক ঠিকানা, যোগাযোগের বিবরণ, সংশ্লিষ্ট ডাকঘর বা দপ্তরের নাম, প্রাসঙ্গিক অ্যাকাউন্ট, পলিসি, ডাক প্রেরণের রসিদ নম্বর অথবা কর্মচারী সংক্রান্ত তথ্য, অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় সহায়ক নথির প্রতিলিপি সংযুক্ত করতে হবে। বিশেষভাবে চাওয়া না হলে আবেদনের সঙ্গে কোনও মূল নথি জমা দেওয়ার প্রয়োজন নেই।

ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে ডাক সামগ্রী বা পার্সেলের সমস্যা জানাতে সংশ্লিষ্ট আর্টিকেল বা রসিদ নম্বর এবং সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে। পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অথবা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা পলিসি নম্বর এবং আমানতকারী বা পলিসিধারীর বিবরণ দিতে হবে।

পেনশন আদালতে দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা পেনশন সংক্রান্ত সমস্যার বিষয়ে পেনশনভোগী, পারিবারিক পেনশনভোগী এবং যোগ্য আত্মীয় বা নির্ভরশীল ব্যক্তিরা আবেদন করতে পারবেন। 

ডাক বিভাগের কর্মচারীরা তাঁদের প্রকৃত চাকরিসংক্রান্ত অভিযোগ কর্মচারী আদালতে জানাতে পারবেন। গ্রামীণ ডাক সেবকরা বকেয়া পাওনা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান, জিডিএস গ্র্যাচুইটি বা চাকরি অবসানজনিত পাওনা, এসডিবিএস এবং জিডিএস-জিআইএস সহ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন।

আগরতলা ডাক বিভাগের অধীন চারটি আদালতের জন্য লিখিত অভিযোগ আগামী ৩ নভেম্বর, মঙ্গলবার, বিকেল ৪টার মধ্যে আগরতলা ডাক বিভাগের সুপারিনটেনডেন্টের কার্যালয়ে, আগরতলা-৭৯৯০০১ ঠিকানায় পৌঁছাতে হবে। ই-মেল মারফতও অভিযোগ পাঠানো যাবে। ই-মেল ঠিকানা: superintendentagartala[at]gmail[dot]com।

নির্ধারিত সময়ের পরে পাওয়া আবেদনগুলি সাধারণ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে বিবেচনা করা হতে পারে।

এদিকে, নর্থ ইস্ট সার্কেল স্তরেও আগামী ৬ নভেম্বর ডাক আদালত, পেনশন আদালত, কর্মচারী আদালত এবং গ্রামীণ ডাক সেবক আদালত অনুষ্ঠিত হবে। সার্কেল স্তরে অভিযোগ বিবেচনার জন্য আবেদনকারীদের তাঁদের লিখিত আবেদন শিলংয়ে অবস্থিত চিফ পোস্টমাস্টার জেনারেল, নর্থ ইস্ট সার্কেলের কার্যালয়ে পাঠাতে হবে। সেক্ষেত্রেও আবেদন ৩ নভেম্বর ২০২৬ ইং তারিখের মধ্যে সংশ্লিষ্ট সার্কেল কার্যালয়ে পৌঁছাতে হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমেও অংশগ্রহণের সুযোগ

যেসব যোগ্য আবেদনকারী ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে পারবেন না, তাঁরা অভিযোগ জমা দেওয়ার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণের ইচ্ছা জানাতে পারবেন। সম্ভব হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিডিও কনফারেন্সে অংশগ্রহণের বিস্তারিত তথ্য ৫ নভেম্বর জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আদালতগুলিতে অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছামূলক। এতে অংশগ্রহণের জন্য কোনও যাতায়াত ভাতা (টিএ /ডিএ) অথবা বিশেষ  ক্যাজুয়াল লিভ প্রযোজ্য হবে না।

ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযোজ্য নিয়ম ও নির্দেশিকা অনুসারে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে। আদালতের দিনেই কোনও অভিযোগের নিষ্পত্তি সম্ভব না হলে নির্ধারিত সময়সীমার মধ্যে তা প্রক্রিয়াকরণ করা হবে এবং চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

পেনশন আদালতের আবেদনের নির্দিষ্ট ছক

পেনশন আদালতে অভিযোগ জানাতে আবেদনপত্রে পেনশনভোগী অথবা পারিবারিক পেনশনভোগীর নাম, পিতা বা স্বামীর নাম, পেনশন পেমেন্ট অর্ডার (PPO/FPPO) নম্বর, সর্বশেষ কর্মরত দপ্তর ও কর্মস্থলের নাম, পদবির বিবরণ, অবসর গ্রহণের তারিখ, অভিযোগের বিস্তারিত বিবরণ (আগে কোনও আবেদন করা হয়ে থাকলে তার বিবরণসহ), সম্পূর্ণ ডাক ঠিকানা ও যোগাযোগ নম্বর, ই-মেল ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রের শেষে আবেদনকারীর স্বাক্ষর থাকা আবশ্যক।

বি:দ্র: তবে সহানুভূতিমূলক নিয়োগ, নীতিগত বিষয় এবং বেতন সংক্রান্ত অসংগতি বা বৈষম্যের মতো বিষয়গুলি পেনশন আদালতের আওতাভুক্ত নয়।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2331592) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English